জুলাই গণঅভ্যুত্থানেরও আগে থেকে রাষ্ট্র সংস্কারের দাবি এ দেশে জনপ্রিয়তা পেয়েছে। ২০১৮ এর কোটা সংস্কার আন্দোলন কিংবা কিশোর-কিশোরীদের নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের একটা শ্লোগান সমাদৃত হয়েছিলো, 'রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দু:খিত!'

চব্বিশের জুলাই-আগস্টে রাষ্ট্র সংস্কার বা সাংবিধানিক পুণর্গঠনের সেই দাবি আবাল-বৃদ্ধ-বনিতার গণদাবিতে পরিণত হয়। সেই জন-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়েই বিদ্যমান সবগুলো দল মিলে শাসনতান্ত্রিক আমূল সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ডাকে দিনের পর দিন আলাপ করেছে। একটা পর্যায়ে ঐকমত্য কমিশনে টানা আট মাস আলাপ-আলোচনা করে তারা ঐকমত্যে পৌঁছে। সেই ঐকমতের নামই জুলাই সনদ। তারপর এই সম্মতিতে জনগণের প্রত্যক্ষ সমর্থন আছে কিনা তা যাচাই করবার একটা তরিকা হিসেবে গণভোট হয়। উল্লেখ করা দরকার গণভোটের তরিকার অন্যতম প্রস্তাবক আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সংবিধানে না থাকলেও কেনো গণভোট বৈধ সেই তরিকা যারা বাতলে দিয়েছেন, তাদের মধ্যেও তিনি অগ্রগণ্য।

গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে? সংবিধান সংশোধনের মাধ্যমে নাকি গণপরিষদের মাধ্যমে- এনিয়ে বিস্তর বিতর্কের সূত্রপাত ঘটে ঐকমত্য কমিশনে। উল্লেখ করা দরকার, অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই এনসিপির আদি সংগঠন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয় যে, কন্সটিটিউয়েন্ট এসেম্বলির মাধ্যমে দ্বিতীয় রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক প্রণয়ন করা হোক। জানাক এবং পরবর্তীতে এনসিপির পরিষ্কার দাবি ছিলো, একমাত্র দ্বিতীয় রিপাবলিকের মাধ্যমেই ৫৫ বছরের শাসনতান্ত্রিক জটিলতা নিরসন করা সম্ভব।

যে সংবিধান গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, সে সংবিধান বলবৎ রাখবার কোন যৌক্তিকতা থাকতে পারে না-মর্মে তারা অনড় ছিলো। কিন্তু বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তখন নানাভাবে সাংবিধানিক পরিষদ এবং দ্বিতীয় রিপাবলিকের বিরোধিতা করেন। ঐকমত্য কমিশনে আলোচনা এগিয়ে গেলে এক পর্যায়ে বিএনপিসহ সব দল বিকল্প একটা পয়েন্টে একমত হয় যে, গণপরিষদ নির্বাচন না করেও জন-আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি আদায় সম্ভব। এক্ষেত্রে যদি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত এমপিগণের দুই দিকে ভূমিকা থাকে– অর্থাৎ যদি তারা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, তবে তা কার্যকর হতে পারে।

সেই ফর্মুলা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আদেশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়, এমপিরা দুইটা শপথ নিবেন এবং একই দিনে পরিচালনা কর্তৃপক্ষ এমপিদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবেও শপথ পাঠ করাবেন। কিন্তু ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনের পর সংস্কারের ব্যাপারে সরকারের বিস্ময়কর প্রবণতা দেখা দেয়। দেশের মানুষের মনে এখন এই আশংকাই ফিরে এসেছে যে, জুলাই সনদও তাহলে ৯১-এর তিনজোটের রূপরেখার পরিণতি ভোগ করতে যাচ্ছে?

এরইমধ্যে এটা পরিষ্কার হলো যে, বিএনপি সংবিধান সংস্কার চায় না, সংবিধান সংশোধন চায়। সংবিধান ৫৫ বছরে ১৭ বার সংশোধিত হয়েছে। গুটিকয়েক ছাড়া অধিকাংশ সংশোধনী দলীয় স্বার্থে সংশোধিত হয়েছিলো। অনুচ্ছেদ ৭এর (১) ও (২) এর কারণে টু-থার্ড মেজরিটি দিয়ে জুলাই সনদে বর্ণিত মৌলিক কোন পরিবর্তন সাধন করা যাবে না। গুটিকয়েক সংশোধনী আনয়ন করা গেলেও তা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হলে বাতিল হয়ে যাবে, যার বড় উদাহরণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনিত ৫ম সংশোধনী যেখানে ৭২ এর সংবিধানের মৌলিক পরিবর্তন আনিত হয়েছিলো।

তাহলে রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের ফসল জুলাই সনদ বাস্তবায়নের উপায় কী? একটাই উপায়- সংবিধান সংস্কার পরিষদ গঠন। কারণ, এমপিদের সংবিধান সংস্কারের এখতিয়ার নাই, আছে সংশোধনের ক্ষমতা। পক্ষান্তরে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের থাকবে গাঠনিক ক্ষমতা, যে ক্ষমতার বদৌলতে তারা যে কোন মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তন আনতে পারবেন এবং যা কোন আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হবে না। কারণ, গণভোটের মধ্যদিয়ে তা ইতোমধ্যেই ফায়সালা হয়ে গেছে। তাহলে বিএনপি কী চায়? এ সংবিধান সরকারি দলকে, প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেয়, তা মর্তের পৃথিবীতে আর কোন রাজা বাদশাহরও নাই। সংবিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা ভয়াবহ কর্তৃত্ববাদী শাসকে পরিণত হয়েছিলো, বিএনপি কি সে দিকে এগুতে চাইছে? এই প্রশ্ন এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

যে দলের হেভিওয়েট অনেক নেতা গুমের শিকার হয়েছিলো, ইলিয়াস আলী, চৌধুরী আলম কি বেঁচে আছেন না মারা গেছেন এখনো সেই হদিস জানে না তাদের পরিবার; সেই ইলিয়াস আলী-চৌধুরী আলমের দল সরকারে এসে অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করেছে। বাতিল করেছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশসহ ১৩টি জনগুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক উদ্যোগ।

চৌদ্দশ মানুষের শাহাদাৎ আর অর্ধ-লক্ষ আহত মানুষের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ কি তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে সেই পুরানা এস্টাবলিশমেন্ট বা ক্ষমতার বলয়ের খপ্পরে পড়ে গেলো? সাংবিধানিক বাধ্যবাধ্যতার দোহাই দিয়ে ১৭ বছরের সাংবিধানিক স্বৈরতন্ত্র পেরিয়ে আলোর মুখ দেখার অপেক্ষায় ছিলো জাতি। গুম-খুনের দিনগুলো পার হয়ে গণতন্ত্র ও মুক্তির সুবাতাস এক আকাশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশায় বেধে ছিলো বুক।

রাষ্ট্র সংস্কার কোনো আংশিক প্রক্রিয়া নয়; এটি একটি গভীর ও কাঠামোগত পরিবর্তনের নাম। গণঅভ্যুত্থানের চেতনাকে সম্মান জানিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন অপরিহার্য।

মোহাম্মদ ওমর ফারুক: সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ