বাংলাদেশের বহু পরিবারেরই দারিদ্র্যসীমার নিচে বসবাস। তাদের কষ্টের সীমারেখা নেই। সেসব পরিবারের নারীরই কষ্ট বেশি। প্রজনন স্বাস্থ্যে ঘাটতি, অর্থাভাবে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত এসব নারী উদয়াস্ত পরিশ্রম করেন সংসার সচল রাখার জন্য। অথচ মানসিক পীড়নের পাশাপাশি শারীরিক যাতনা স্বীকার করেই তাদের বেঁচে থাকা। দরিদ্র পরিবারের অপুষ্টির শিকার নারী অন্তঃসত্ত্বা হলে স্বাভাবিক কারণেই তার পুষ্টির চাহিদা বাড়ে। কিন্তু সেই পুষ্টির ঘাটতি তার পক্ষে পূরণ করা সম্ভব হয় না। স্বাস্থ্যসেবা থেকে সেই নারী অনেকটা বঞ্চিত হন। সন্তান জন্মদানের পর নবজাতকের সঠিক পরিচর্যাও সম্ভব হয় না। ফলে একদিকে শিশু থাকে স্বাস্থ্যঝুঁকিতে, অন্যদিকে প্রসূতি থাকেন অপুষ্টিতে। দুটোই বিপদ।
ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিক্স) ২০২৫-এ উঠে এসেছে এমন এক উদ্বেগজনক চিত্র, যা দেশের দরিদ্র নারী ও তার সন্তানদের বাস্তবতা তুলে ধরেছে। বাংলাদেশের দরিদ্র পরিবার দুই দিক দিয়েই বৈষম্যের শিকার। একদিকে পাঁচ বছরের আগেই শিশুমৃত্যুর ঝুঁকি প্রায় দ্বিগুণ, অন্যদিকে প্রসূতি মায়েরা ধনীদের তুলনায় তিন ভাগের এক ভাগ স্বাস্থ্যসেবা পান। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্য দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-মৃত্যুর ব্যবধানে সরাসরি ভূমিকা রাখছে। জরিপে দেখা গেছে, দরিদ্রতম পরিবারের পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার প্রতি ১ হাজারে ৩৯ জন, যেখানে সবচেয়ে ধনী পরিবারে তা মাত্র ২২।\r\nগর্ভকালীন সেবায় ধনী-দরিদ্র ব্যবধান আরও স্পষ্ট।
ধনী পরিবারের ৯৯ শতাংশ গর্ভবতী নারী অন্তত একবার এ সেবা পেয়েছেন। কিন্তু দরিদ্র পরিবারের ক্ষেত্রে এই হার অনেক কম। জরিপ অনুযায়ী, দরিদ্রতম পরিবারের ৩২ শতাংশ শিশু খর্বাকৃতির। ধনীদের মধ্যে এ হার মাত্র ১৬ শতাংশ। দরিদ্র পরিবারের ১৫ শতাংশ শিশু দুর্বলতা বা স্বল্পমেয়াদি অপুষ্টিতে ভোগে। বিশেষজ্ঞদের মতে, দরিদ্র ও কম শিক্ষিত শ্রেণির নারী-শিশুরা প্রায় সব সূচকেই পিছিয়ে। সাম্প্রতিক দশকগুলোতে দেশের উন্নয়ন সবার মাঝে সমানভাবে পৌঁছায়নি। সরকারি খাতে স্বাস্থ্য ও পুষ্টি সেবার অবদান তুলনামূলক কম থাকায় মানুষ বেসরকারি সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যেখানে দরিদ্রদের প্রবেশাধিকার সীমিত। কোভিড-পরবর্তী অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি আর খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়াও দরিদ্র পরিবারের পুষ্টি ও স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে।\r\nরাষ্ট্রকেই দরিদ্র নারীর কল্যাণে নতুন বন্দোবস্ত নিতে হবে। দরিদ্র পরিবারের কোনো নারী সন্তানসম্ভবা হলে তার স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিতে হবে বিশেষ উদ্যোগ। গরিব পরিবারের নারীরা অবহেলিত, তবে তারা কর্মক্ষম ও প্রাণবন্ত। এই মানব সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর সুদূরপ্রসারী পরিকল্পনা দেশের স্বার্থেই জরুরি।
