প্রায় দুদিন হাজত, আদালত আর কারাগারে কাটিয়ে মুক্ত হলো কাইফা ইসলাম সিমরান। মেয়েটির বয়স মোটে এক মাস ১৬ দিন। ৪৬ দিন বয়সেই তাকে ‘কোর্ট দেখিয়ে’ দেওয়া হয়েছে। সিমরানের মা শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুব মহিলা লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেত্রী। শিশুটির দুর্ভোগের কারণ এটিই। গত ৪ মার্চ মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করেন শিল্পী বেগম। কয়েকদিন হাসপাতালে কাটিয়ে ফেরেন তেজগাঁও এলাকার বাসায়। তাঁর সিজারের কাটার ঘা এখনও শুকায়নি। এরই মধ্যে পুলিশ ‘গোপন সূত্রে’ খবর পায় আসামি বাসায় অবস্থান করছেন। কোটাবিরোধী আন্দোলনের শুরুতেই ২০২৪ সালের ১৬ জুলাই এক শিক্ষার্থী পুরান ঢাকার চানখাঁরপুলে গুলিবিদ্ধ হন। সেই ঘটনার ছয় মাস পর ২০২৫ সালের ২৫ জানুয়ারি দায়ের করা এক মামলায় বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর তাঁর বাসায় হামলা ও ভাঙচুর হয়। হামলাটি হয় ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের নির্দেশে।

২১ এপ্রিল মঙ্গলবার বিকেলেই আদালতের বারান্দায় দেড় মাসের শিশু কোলে কান্নায় ভেঙে পড়া শিল্পী বেগমের ছবি ভাইরাল হয়ে যায়। অনলাইন সংবাদমাধ্যমগুলো খবর ছাপে, সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। একজন আসামিকে গ্রেপ্তারে সমালোচনা হওয়ার কথা নয়। একে তো আসামি আওয়ামী লীগের নেত্রী, তার ওপর মামলা জুলাই আন্দোলনসংশ্লিষ্ট। তবু সমালোচনা হয়েছে। কারণ, সমালোচনার উপাদান হাতে ধরে উৎপাদন করা হয়েছে। যারা এমনটি করেছেন, তারা কি ‘অতি উৎসাহী’, ভেবে দেখাটা সরকারের জন্য আগামীতে ভালো ফল দেবে।

সোমবার সন্ধ্যায় তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তারা তাঁকে আদালতে নেয়। বেলা ৩টায় শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় কান্নায় ভেঙে পড়েন এই নতুন মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘সিজারের কাটা জায়গায় এখনও ব্যথা করে। বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারি না। ও তো মরে যাবে। আমার বাচ্চা মরে যাবে। আমার হাতে সমস্যা, বাচ্চা পালতে পারি না। ওকে আমি আমার সাথে নেব না।’ হাজতখানায় নেওয়ার সময়ও শিল্পী কাঁদতে থাকেন।

এ সময় আদালতের চতুর্থ তলায় শিশুটিকে তাঁর কোলে দেওয়া হয়। তিনি তাকে বুকের দুধ খাওয়ান। তাঁর স্বজনরা জানান, কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে হাত ভেঙেছে শিল্পীর। অস্ত্রোপচারজনিত দুর্বলতাও রয়ে গেছে। তিনি শিশুটির দেখাশোনা ঠিকমতো করতে পারেন না।

মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন আবেদন নামঞ্জুর করে দেড় মাসের শিশুসহ শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ৪ ঘণ্টার ব্যবধানে ওইদিন রাত সোয়া ৭টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ‘মানবিক বিবেচনায়’ তাঁর জামিন মঞ্জুর করেন। তবে ততক্ষণে মাকে নিয়ে কারাগারে ঠাঁই হয়ে যায় দেড় মাসের সিমরানের। বুধবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এই মা জামিনে মুক্তি পেয়ে মেয়েকে নিয়ে বের হন। স্বজনেরা ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেন।

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর সংক্রান্ত বিধান রয়েছে। সেখানে স্পষ্ট বলা আছে, ১৬ বছরের কম বয়সী বা নারী বা গুরুতর অসুস্থ অক্ষম হলে জামিন দেওয়া যায়। এমনকি অপরাধ যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ হলেও। শিল্পী বেগমের কোলে তো ৪৬ দিনের একটি শিশুও ছিল।

পুলিশও বলিহারি, মুখস্থবিদ্যার মতো সব মামলায় সব ঘটনায় তারা একই স্ক্রিপ্ট কপি করে চলেছে যেন। বরাবরের মতোই এবারও তারা গোপন সূত্রে জানতে পেরেছে আসামি বাসায় অবস্থান করছেন। সিজারিয়ান অপারেশনের ব্যথায় কাতর, হাত ভাঙা, দেড় মাস বয়সী শিশুর মাকে কারাগারে আটকে রাখার আবেদন না করার মতো মানবিক আর কবে হবে আমাদের পুলিশ! তাদের কি শুধু পোশাকই পাল্টাবে?

বিএনপি সবসময় সুশাসন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ছিল। তারা ক্ষমতায় আসার পরও ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের বেসামাল মামলার ধারা বহাল থাকাটা দুঃখজনক। পাঁচটি মামলা থেকে জামিন পাওয়ার পর খায়রুল হককে গত মার্চে আদাবর ও যাত্রাবাড়ীর দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকেও গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। যদিও চার দিনের মাথায় তিনি জামিনে মুক্ত হয়েছেন। নারী, বয়স এবং অপরাধের বিশ্বাসযোগ্যতা বিবেচনায় কি তাঁকে আদালতে হাজির করার পরই জামিন দেওয়া যেত না? একজন ষাটোর্ধ্ব নারীকে আজিমপুরের একটি হত্যাচেষ্টায় জড়িতের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় না। বরং সরকারকে আন্তর্জাতিক সংস্থাগুলোর নানা প্রশ্নের মুখে পড়তে হয়। আওয়ামী লীগ ২০১৪, ১৮ ও ২০২৪ সালের নির্বাচন কেন্দ্র করে যে গায়েবি মামলার রেকর্ড গড়েছে, সেই ঢিলের পাটকেলই এখন পোহাতে হচ্ছে তার নেতাকর্মীদের।

আশার কথা হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির প্রচেষ্টা যে রয়েছে, তা লক্ষণীয়। শিরীন শারমিন চৌধুরী বা শিল্পী বেগমের দ্রুত জামিনে মুক্তি এটিই দেখাচ্ছে যে, অতি উৎসাহীদের তৎপরতা সরকারের কর্তাব্যক্তিদের দৃষ্টিগোচর হলে তার সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। হয়তো অনেক ঘটনা তাদের নজরে আসেও না। মাকে নিয়ে এক দিনের মধ্যই শিশুটির মুক্তিলাভে সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ। একই সঙ্গে কারা অতিসক্রিয়তা দেখিয়ে বিপত্তির সৃষ্টি করছেন তাদের ব্যাপারে সতর্ক থাকারও আবেদন থাকল।

আদনান মনোয়ার হুসাইন: সহকারী বার্তা সম্পাদক, সমকাল adnanshovon@gmail.com