সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই), বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই তালিকার প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের একটিতেও বিভিন্ন সূচকের গড় মান নিয়ে, আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। ৮০০ থেকে ১০০০ ক্রমান্বয়ের মধ্যে মাত্র পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। ১২০০-১৫০০ ক্রমান্বয়ে আছে ১২টি বিশ্ববিদ্যালয়, ১৫০০+ তালিকায় আছে দুটির নাম। আর সর্বশেষ তালিকায় ক্রমান্বয় ছাড়া নাম আছে, আরও নয়টি বিশ্ববিদ্যালয়ের। স্বাধীনতার দীর্ঘ সময় পর, ১৮ কোটি জনসংখ্যার একটি দেশের জন্য এই চিত্র শুধু হতাশাজনক নয় প্রশ্নবিদ্ধও।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে র‌্যাংকিংয়ে প্রথম স্থান অধিকার করে, সেখানে একসময় ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় আজ কেন এমন অবস্থানে এসে দাঁড়াল? এই প্রশ্ন কেবল একটি প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র দেশের উচ্চশিক্ষা কাঠামোর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এমন বেহাল দশা, আসলে দীর্ঘদিনের শিক্ষাগত কাঠামোগত ব্যর্থতারই প্রতিফলন। এরপরও আমাদের কোনো হেলদোল নেই। টাইমস হায়ার এডুকেশনের তালিকা প্রকাশের আগের দিন (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার খ-ইউনিটের ফল প্রকাশিত হলো। যেখানে এক লাখ সাত হাজারের বেশি শিক্ষার্থীর আবেদনের বিপরীতে উক্ত ইউনিটে পাসের হার ছিল মাত্র ৭ দশমিক ২৯ শতাংশ। এই তীব্র প্রতিযোগিতা পেরিয়ে আসা দেশসেরা শিক্ষার্থীরা, পরবর্তীকালে জাতিকে কেন আন্তর্জাতিক মানের অর্জন দিতে পারছে না এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতায়।

বাংলাদেশে ‘একাডেমিয়া’ বলতে যা বোঝায়, তার প্রকৃত উপস্থিতি এখনো গড়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি কিংবা বিদ্যমান তত্ত্ব যাচাইয়ের চেয়ে, মুখস্থনির্ভর পরীক্ষা ও সরকারি চাকরিমুখী প্রস্তুতিই মুখ্য। পাস করার পর শিক্ষার্থীরা বেকারত্বে ভোগে। আর শেষ পর্যন্ত বিসিএসের জন্য বই মুখস্থ করাই হয়ে ওঠে চূড়ান্ত লক্ষ্য। তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে, বাস্তব পরিবেশ ও ইন্ডাস্ট্রির কোনো কার্যকর সংযোগ বিশ্ববিদ্যালয়গুলো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই দেশের সবচেয়ে সম্ভাবনাময় মানবসম্পদ হতাশায় নিমজ্জিত রয়েছে। এখন আসা যাক, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বৈশি^ক পর্যায়ে এত পিছিয়ে থাকার কারণ সম্পর্কে। এর প্রধান কারণ হচ্ছে, টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিং পদ্ধতি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই সূচকের অন্যতম প্রধান মানদণ্ড হলো শিক্ষাদানের সুনাম, শিক্ষার্থী ও স্টাফের অনুপাত, ডক্টোরাল ও স্নাতক শিক্ষার্থীর অনুপাত এবং প্রাতিষ্ঠানিক আয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এসব বিষয়ে কোনো কার্যকর গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটি জটিল ও তীব্র রাজনৈতিক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। শিক্ষার্থী অনুপাতে, শিক্ষকের সংখ্যা অত্যন্ত কম। আর শিক্ষাদানের মান নিয়েও রয়েছে বিস্তর বিতর্ক। দ্বিতীয় বড় সূচক, গবেষণার পরিবেশ। বাংলাদেশে, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ছাড়া সামগ্রিকভাবে আমাদের গবেষণা এখনো প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে।

গবেষণার বিষয় নির্ধারণে রাজনৈতিক ছত্রছায়া, সরকারি অনুদানে রাজনৈতিক সম্পৃক্ততার বিবেচনা এবং ক্ষমতার পালাবদলে গবেষণার পরিবেশ বদলে যাওয়াই বাস্তবতা। গবেষণার মান যাচাইয়ের অন্যতম সূচক গবেষণা কর্মের উদ্ধৃতি হলেও, বাংলাদেশের অধিকাংশ গবেষণা দেশের ভেতরের জার্নালেই সীমাবদ্ধ থাকে এবং অনেক কাজ বাংলা ভাষায় হওয়ায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটি গ্রহণযোগ্যতা পায় না। দেশব্যাপী কলা ও সামাজিক বিজ্ঞানে লাখ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করলেও, বাংলাদেশে কোনো স্কোপাস ইনডেক্সড আন্তর্জাতিক মানের জার্নাল নেই শিক্ষাক্ষেত্রে। টাইমস হায়ার এডুকেশনের এই র‌্যাঙ্কিংয়ে সহযোগিতা করেছে, স্কোপাস ইনডেক্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এলসেভিয়ার। অথচ আমাদের গবেষণা সেই পরিমণ্ডলে প্রবেশই করতে পারছে না।

পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থী, আন্তর্জাতিক শিক্ষক ও গবেষণায় আন্তর্জাতিক সহলেখক এই সূচকগুলোর পথ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নীতিগতভাবেই সংকুচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার নৈতিক মানদ- যাচাইকারী প্রতিষ্ঠান, এখনো আমলাতান্ত্রিক জটিলতায় নিমজ্জিত। বিদেশি শিক্ষক নিয়োগ কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে সুযোগ প্রায় বন্ধ। ফলে একাডেমিয়া নামক যে বৈশি^ক পরিসর, সেখানে বাংলাদেশের অবস্থান প্রান্তিকই থেকে যাচ্ছে। আর যদিও বা কোনো শিক্ষক বা গবেষক তাদের পরিচয় তুলে ধরছেন, তখন তাদের বৈশি^ক অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে গৃহীত উচ্চতর ডিগ্রির খাতিরে সেসব প্রতিষ্ঠানের নাম ব্যবহার করছে। এ তো গেল আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যাগুলোর খ- কথা। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নামে আমাদের দেশে যা বিদ্যমান, সেখানে বহু ক্ষেত্রে রাজনীতিই মুখ্য হয়ে উঠেছে, একাডেমিয়া সেখানে গৌণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের বড় একটি অংশ বিশ্ববিদ্যালয়ে এসে জ্ঞানচর্চার পরিবর্তে বাসস্থান, খাবারের ন্যূনতম মান ও বেঁচে থাকার মৌলিক অধিকার নিয়েই সংগ্রামে লিপ্ত থাকে। যখন দেশে অস্থায়ী ভবন ভাড়া করে পারিবারিক নিয়ন্ত্রণের আওতায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যায়; তখন এই বাস্তবতা আমাদের উচ্চশিক্ষার কাঠামোর গভীর সংকটকেই নির্দেশ করে। মাধ্যমিক মানের প্রতিষ্ঠানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে উচ্চশিক্ষার সনদ বিতরণ করা হয়। আবার নীতিগতভাবে বৈরী পরিবেশে ‘সাত কলেজ’ নামক ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা পরিচালিত হয়। এ ধরনের কাঠামোতে পৃথিবীর কোথাও ‘একাডেমিয়া’ নামক মহান সত্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।

যেখানে শিক্ষার্থীদের যুক্তিশীল চিন্তা, প্রশ্ন করার সাহস এবং ভিন্নমতকে ভয় পায় শিক্ষক, সহপাঠী ও প্রতিষ্ঠান সেখানে জ্ঞানচর্চা বিকশিত হওয়ার সুযোগ থাকে না। চিন্তা ও দর্শনের কারণে অকালে প্রাণ ঝরে যাওয়ার ঘটনা এই ব্যবস্থার চরম পরিণতির দিকেই ইঙ্গিত করে। একাডেমিয়া যেখানে মুক্ত বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র হওয়ার কথা, সেখানে তা পরিণত হয়েছে ভয়, নিয়ন্ত্রণ ও টিকে থাকার লড়াইয়ের এক নিষ্ঠুর পরিসরে। এই সংকট থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া কোনো বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক চক্র থেকে মুক্ত করা জরুরি। গবেষণাকে মুখ্য করে বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং শিক্ষক নিয়োগ ও গবেষণা অনুদানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করলে এর বৈশি^ক গ্রহণযোগ্যতা বাড়বে।

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান না বানিয়ে, জ্ঞান উৎপাদনের কেন্দ্রে রূপান্তর করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা, ডক্টোরাল গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের প্রশ্ন ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত না করলে, এই বেহাল দশা কাটবে না। আমাদের প্রতিবেশী দেশগুলোর অভিজ্ঞতা থেকে, উপযুক্ত শিক্ষা নেওয়ার সময় এসেছে। কয়েক দশক আগেও চীনের শিক্ষার হার ও মান ছিল বিশ্বের তলানিতে। অথচ সুস্পষ্ট পরিকল্পনা, রাষ্ট্রীয় অগ্রাধিকার ও একাডেমিক বিনিয়োগের মাধ্যমে এক দশকের মধ্যেই চীন বিশ্বব্যাপী ঘুরে দাঁড়িয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজেদের স্বর্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অবস্থাও প্রায় একই ছিল; কয়েক দশক আগেও সেসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের মান বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে খুব একটা এগিয়ে ছিল না। কিন্তু সময়ের স্রোতে তারা এগিয়েছে আর আমরা নানাবিধ অদৃশ্য শক্তির হাতে বন্দি হয়ে সময় পার করছি। তবু এ বাস্তবতায় অসম্ভবকে সম্ভব করা অসম্ভব নয়, যদি আমরা শিক্ষা ও একাডেমিয়াকে সত্যিকার অর্থে অগ্রাধিকার দিই। না হলে দেখা যাবে সেখানে শুধু বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য রয়েছে, কোনো দক্ষ প্রজা নেই।

এত সব সীমাবদ্ধতার মধ্যেও, আশার জায়গা তৈরি হচ্ছে শিক্ষার্থীদের হাত ধরেই। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মতো উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিচালিত ‘গবেষণা সংসদ’ গড়ে উঠছে। শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার মাধ্যমে গবেষণায় যুক্ত হতে চাইছে। একই সঙ্গে দেশের সেরা অনেক শিক্ষক বিদেশি প্রতিষ্ঠানের আরামদায়ক অবস্থান ছেড়ে দেশীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। এসব উদ্যোগ ইতিমধ্যে কিছু ক্ষেত্রে বিশ্বমানের গবেষণা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিয়েছে। এই প্রবণতা প্রমাণ করে, সঠিক পরিবেশ ও নীতিগত সহায়তা পেলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাবনা এখনো নিঃশেষ হয়ে যায়নি। একটি জাতি তখনই অগ্রসর হয়, যখন সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। উচ্চশিক্ষার কাঠামোগত পরিবর্তন কোনো জাদুর কাঠি নয়, তবে এটি অতি দীর্ঘকালীনও নয়। প্রযুক্তি, আত্মবিশ্বাস ও পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রতিবেশীরা এগিয়ে যাচ্ছে। আমাদের আর বসে থাকার সময় নেই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে পারলেই, এই দেশের শিক্ষিত মানবসম্পদ একদিন বৈশি^ক পরিসরে নিজের অবস্থান তৈরি করবে।

লেখক

গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ

hajrathaniaratul@gmail.com