আমরা ২০১৮ সালে নিরাপদ সড়কের জন্য তুমুল আন্দোলনের সাক্ষী। তখন আমার স্ত্রী ও কন্যার নিষেধ সত্ত্বেও ঈশ্বরদীর রূপপুর যেতে হয়েছিল। অ্যাসাইনমেন্ট হলো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের শুটিং। উদ্বেগ-উৎকণ্ঠায় ঈশ্বরদী যাত্রাও যেন সেদিন ছিল সুদীর্ঘ। সেলফোনে পূর্বপরিচিত তরুণ ব্যবসায়ী রাহুল মালিথাকে বলে রেখেছি, আপনার রোহান হোটেলে দুপুরে খাব। অবশেষে বেলা ৩টা নাগাদ ঈশ্বরদী পৌঁছে আহার সেরেছি সেদিন। রোহান হোটেল অতি সাদামাটা। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। সেদিন অবাক হয়ে দেখেছিলাম, রোহান হোটেলের সাইনবোর্ডের রুশ ভাষায়ও রোহান হোটেল লেখা ছিল। পার্শ্ববর্তী অনেক মুদি, মনোহারী ও কনফেকশনারি দোকানের সাইনবোর্ডেও বাংলা, ইংরেজির সঙ্গে রুশ ভাষা জুড়ে ছিল।

২০২৫ সালের ৫ নভেম্বর ঈশ্বরদীর হেলদি ফুড রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছি। আধুনিক মানের চেয়ার-টেবিলসহ বিশাল ওই রেস্টুরেন্টের ডিনারে অংশ নেওয়া বেশির ভাগই রাশিয়ান নারী-পুরুষ। অবস্থা দেখে মনে হয়েছিল, ঈশ্বরদী বুঝি রাশিয়ার কোনো শহর। উল্লেখ্য, ২০১৮ সালের পর নানা কারণে ওই জনপদে যাওয়া হয়নি। তাই ২০২৫ সালে ঈশ্বরদীর আর্থসামাজিক পরিবর্তন দেখে আমি বিস্মিত হয়েছিলাম।

রাহুল মালিথার জবানিতেই ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে উন্নয়নের বহু কথা শুনেছি, কীভাবে একটা জনপদ অর্থনৈতিকভাবে এতটা গতিশীল হয়ে উঠল। মানে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণ পর্ব থেকে কমিশনিংয়ে আশা পর্যন্ত। উন্নয়ন ও অগ্রগতির ছোঁয়া পুরো জনপদের ওপর প্রভাব ফেলেছে। রাহুল মালিথার ভাষায় ‘মামা, রোহান হোটেল ছিল ভাতের হোটেল। সেখান থেকে যাত্রা শুরু করে আমি আজ পাঁচতলা বাড়ির মালিক। এখানেই নির্মাণ করেছি প্রগতি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। উল্লেখ্য, ওই হাসপাতালে রাশিয়ানদের চিকিৎসায় সহযোগিতার জন্য রুশ ভাষায় দক্ষ দোভাষীসহ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আরও প্রতিষ্ঠিত হয়েছে গ্রীন সিটি হসপিটাল ও মেডিপাস্ট নামে আরও একটি চিকিৎসাকেন্দ্র। এর ফলে চিকিৎসাসেবা স্থানীয় জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যবসা অর্থনীতিতে দিয়েছে নতুন গতি। গড়ে উঠেছে বিশ্বাস শপিং কমপ্লেক্স, অ্যামিনেন্ট ভবনের মতো বহুতল বাণিজ্যিক কেন্দ্র। সুপারশপ স্বপ্নেরও দুটি শাখা স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক মানের রিসোর্ট-কাম হোটেল স্বপ্নদ্বীপ রিসোর্ট অ্যান্ড হোটেল।

ঈশ্বরদী জনপদের উন্নয়নে আরেকটি প্রমাণ হলো, হাজার-বারোশ বর্গফুটের বাসা ভাড়া ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। এর কারণ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডসহ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের প্রায় এক হাজার আটশ কর্মকর্তা-কর্মচারী পরিবার-পরিজন নিয়ে ঈশ্বরদীতেই বসবাস করছেন। এসব কর্মকর্তা-কর্মচারী বাসা ভাড়াসহ যদি গড়ে প্রতি মাসে ষাট হাজার টাকা খরচ করে, তাহলে ঈশ্বরদীর অর্থনীতিতে প্রতি মাসে ১০ কোটি ৮০ লাখ টাকা প্রবেশ করে। বার্ষিক এই টাকার পরিমাণ ১২৯ কোটি ৬০ লাখ টাকা। এই নগদ অর্থের প্রভাব ঈশ্বরদী জনপদের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা সহজেই অনুমেয়। উপরন্তু রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণ-সংশ্লিষ্ট প্রায় পাঁচ হাজার রাশিয়ান নাগরিক এবং নির্মাণ শ্রমিক ও ঠিকাদারকর্মী ব্যবস্থাপকও ঈশ্বরদীর অর্থনীতিতে বিশাল প্রভাবের অনুঘটক।

লেখার শেষে আবার হেলদি ফুড রেস্টুরেন্টে ফিরে যাই। ডিনারে রাশিয়ার নাগরিক নয় শুধু, ঈশ্বরদীর স্থানীয়রাও ছিল। এতেই প্রমাণিত, স্থানীয়দের ক্রয়ক্ষমতা কোথায় গিয়ে ঠেকেছে। তাই তো কিউবিস্টো প্লাস, গ্রীন থাই চায়নিজ রেস্টুরেন্ট, ফ্যালকনসহ ২০টি আধুনিক থাই চায়নিজ রেস্টুরেন্ট দেদার ব্যবসা করে যাচ্ছে। বস্তুত রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কমিশনিংয়ের আগে ঈশ্বরদী জনপদের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আর এই বাস্তবতা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কী ধরনের প্রভাব রাখতে পারে, সেই বার্তাই দিচ্ছে।

রুশো তাহের: বিজ্ঞানবিষয়ক লেখক, নির্মাতা ও যোগাযোগবিষয়ক পরামর্শক