‘বুক তার বাংলাদেশের হৃদয়’– একটি দেশের হৃদয় হয়ে ওঠার মতো ব্যাপ্তি যে মানুষের থাকে, সে সময়কে অতিক্রম করে; তেমনি এক নাম শহীদ নূর হোসেন। কবি শামসুর রাহমান কথাটি তাঁকে নিয়েই লিখেছেন।

শহীদ নূর হোসেনের কথা শুনলেই মানসপটে ভেসে ওঠে তাঁর পিঠ, যেখানে লেখা– গণতন্ত্র মুক্তি পাক। বুকে লিখেছিলেন– স্বৈরাচার নিপাত যাক। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অবিস্মরণীয় নূর হোসেন শহীদ হয়েছিলেন আজকের দিনে ১৯৮৭ সালে। ওই সময়ে রাষ্ট্রপতি এইচএম এরশাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। নূর হোসেনের রক্ত বৃথা যায়নি। তাঁর শাহাদাতের পরই স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পায়। দেশের গণতন্ত্রকামী মানুষের বিক্ষোভে স্বৈরাচারবিরোধী আন্দোলন ত্বরান্বিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এইচএম এরশাদ।

প্রায় চার দশক আগের নূর হোসেনের আত্মত্যাগ আজও অমলিন। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনেও প্রেরণার অন্যতম উৎস ছিলেন নূর হোসেন। তাঁর আত্মত্যাগের ধারাবাহিকতায়ই আমরা দেখি শহীদ আবু সাঈদকে। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তিনি দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। স্বৈরাচারের পুলিশ বাহিনী যেমন নূর হোসেনকে গুলি করে হত্যা করে, তেমনি আবু সাঈদকে সেই পুলিশই হত্যা করে। উভয়ের শহীদের ঘটনাই আন্দোলনে নতুন গতি এনে দিয়েছিল। নূর হোসেন শহীদ হয়েছিলেন ঢাকার প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে। এটি তাঁর স্মরণে নূর হোসেন চত্বর করা হলেও আমরা অনেকেই জানি না। তাঁরই পাশে পল্টনের ঐতিহাসিক মুক্তাঙ্গনও আজ সেই সংগ্রামের রূপ হারিয়ে ফেলেছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে একসময় যে জায়গাটি গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রতিবাদের প্রধান কেন্দ্র ছিল, তা আজ দখল, অবহেলা ও বাণিজ্যিক ব্যবহারে শ্রীহীন। জিরো পয়েন্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পোস্টার বয় নূর হোসেনের স্মৃতিস্মারক পোস্টার–ব্যানারে ঢাকা থাকে কিংবা থাকে ধূলি-ধূসরিত। যে কারণে মানুষ এ চত্বরটি আর তাঁর নামে চিনে না। এমনকি দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রেও এটি নূর হোসেন চত্বর নামে সেভাবে লেখাও হয় না। সবাই একে জিরো পয়েন্ট হিসেবেই চিনে।

নূর হোসেন সাধারণ শ্রমিক ছিলেন। তারপরও তিনি গণতন্ত্রের মুক্তির আন্দোলনে যোগ দিয়েছিলেন। স্বৈরাচারের পতনে তাঁর ভূমিকা আমরা আজ প্রায় চার দশক পরও স্মরণ করছি। নূর হোসেনের শাহাদাত নিঃসন্দেহে ওই সময়ের গণতন্ত্রের পথে যাত্রায় বাঁক বদলের ভূমিকা পালন করেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, গণতন্ত্র পুনরুদ্ধারের পর আমরা কি সেটা ধরে রাখতে পেরেছি? আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়; পছন্দের দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনে। বলা চলে, জনগণ মাত্র এক দিনই তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা দেখেছি, জনগণ এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বারবার বাধাগ্রস্ত হয়েছে। জাল ভোট, কারচুপি, ভুয়া ভোটার প্রভৃতি অনিয়মের আশ্রয় নিয়েছে রাজনৈতিক দলগুলো। অনেক ক্ষেত্রে ভোটও তারা প্রয়োগ করতে পারেনি।

নূর হোসেনের আত্মত্যাগ যদি আমরা সত্যিকার অর্থেই আমলে নিতাম, তবে নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর চব্বিশে এসে আরেকটা গণঅভ্যুত্থান ও এত মানুষের প্রাণহানি হয়তো দেখা লাগত না। সে জন্য নূর হোসেন দিবস কেবল স্মরণের উপলক্ষই নয়; আত্মসমালোচনারও মাধ্যম হোক। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা পাক এবং আর কোনো স্বৈরাচারের জন্ম যেন এ জনপদে না হয়।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com