এই যুদ্ধের শেষ কোথায়। কোথায় গিয়ে থামবে। সামরিক শক্তি বিবেচনায় আমেরিকা জিতবে। কিন্তু যে অর্থে বিজয় বোঝায় আমেরিকা কি তা অর্জন করবে? বোধহয় না। সারা বিশ্বে আরও বহু বছর আমেরিকা পর রাজ্য গ্রাসী হিসেবে পরিচিত থাকবে। বিশ্ব অর্থনীতিতে দেখা দেবে মন্দা এবং পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে। যার প্রথম শিকার হবে তৃতীয় বিশ্বের সাধারণ মানুষ। আর ইরান পরিণত হবে ধ্বংসস্তূপে। আবারও পেছনের পথে হাঁটতে শুরু করবে।\r\nমধ্যপ্রাচ্যের যে সকল দেশ ইরানের পরিবর্তে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে, তারাও শঙ্কিত। কেননা, ইরানের প্রজাতন্ত্র ভেঙে পড়লে উগ্র ডানপন্থি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ভেঙে পড়তে পারে তাদের রাজতন্ত্র। এই দেশগুলো হয়তো ইরানের দুর্বল নেতৃত্ব দেখতে আগ্রহী।
কিন্তু এদের জন্য প্রধান দুশ্চিন্তা হচ্ছে অনিশ্চয়তা, বিশৃঙ্খলা এবং আরও উগ্র উপাদান ক্ষমতায় আসার সম্ভাবনা। তাই যুদ্ধের দীর্ঘস্থায়ীত্ব নিয়ে দেশগুলোর চিন্তায় নতুন মোড় দেখা দেবে।\r\nজানুয়ারির পর থেকে সৌদি আরব, কাতার, ওমান, পাশাপাশি তুরস্ক ও মিসর, ওয়াশিংটন এবং তেহরানকে যুদ্ধ থেকে ফিরিয়ে আনার জন্য তীব্র কূটনৈতিক প্রচেষ্টা চালায়। তবে এটি তেহরানের প্রতি সহানুভূতিশীল হয়ে এই উদ্যোগ নেয়নি। তারা বুঝতে পারছে যে, ইরানের প্রতিশোধের সরাসরি শিকার হবে এই দেশগুলো। ইরানের প্রজাতন্ত্র ভেঙে গেলে পরবর্তী পরিস্থিতি কি হবে তা নিয়ে আশঙ্কায় আছে তারা।\r\nঅর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলে ইসরায়েল এক শক্তি হিসেবে প্রকাশ পেয়েছে। ইরানের পতন হলে ইসরায়েল হয়ে উঠবে অপ্রতিরোধ্য।
তাই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ঝুঁকি হলো, মার্কিন সম্প্রসারণ এবং আগ্রাসী ইসরায়েল। পাশাপাশি ভেঙে পড়া ইরানে ক্ষমতার ভাগবাটোয়ারা নিয়ে দেখা দিবে বিশৃঙ্খলা।\r\nইরানে প্রজাতন্ত্র ভেঙে পড়লে দেখা দেবে শরণার্থী সংকট। ইরানের আব্বাস বন্দর দুবাই থেকে মাত্র কিছুক্ষণের নৌপথ। যুদ্ধ ইরানের অর্থনীতি ধ্বংস করে দেবে। হাজার হাজার মানুষ মধ্যপ্রাচ্যেসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাবে। যা নতুন সংকটের সৃষ্টি করবে। \r\nপৃথিবীর এক-পঞ্চম অংশ তেল হরমুজ প্রণালি দিয়ে পারাপার হয়। ইরান ইতোমধ্যে এই পথ বন্ধ করে দিয়েছে। এর ফলে জ্বালানি তেলের ট্যাংকারগুলে অনেক পথ ঘুরে যেতে হবে। যুদ্ধের কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাঁদের প্রিমিয়াম বাড়িয়ে দেবে। এর ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে বহুগুণ। এই দুই কারণে দেখা দেবে মুদ্রাস্ফীতি।\r\nসৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, সৌদি আকাশসীমা ব্যবহার করে ইরান আক্রমণ করা যাবে না। আরব আমিরাতের অবস্থানে-ও একই। অবশেষে বলতে হয়, ইরানের পতন ইরাক, সিরিয়া বা ইয়েমেনের ক্ষমতা পরিবর্তন নয়। ইরানের মধ্য দিয়ে আঞ্চলিক ভারসাম্য বিনষ্ট হবে। গোটা বিশ্ব অর্থনৈতিক সঙ্কটে পড়ে যাবে। তাই এর ভয়াবহতা বহুগুণ বেশি, যা কল্পনারও বাইরে।\r\nলেখক : সাংবাদিক
