২০২৪-এর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুটি ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার দুপুর ১২টায় শুরু হয়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।\r\nরায় ঘোষণার পর সারাদেশের বিভিন্ন স্থানে শোকরানা নামাজ আদায় করেছে জনগণ ও ছাত্র-জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ সেজদা কর্মসূচি পালন এবং কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয়েছে। শাহবাগে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ইনকিলাব মঞ্চ।
অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তারা আপিল করবেন না।\r\nগত ১৬ বছরের শাসনকালে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে একক আধিপত্য চালিয়ে ভিন্ন মত দলন করে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। তার নিয়ন্ত্রিত দল ফ্যাসিবাদী আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে ট্যাগিং রাজনীতির মাধ্যমে বিরোধী মত দমন ও দলন করেছে বিরামহীনভাবে। বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে প্রতিপক্ষের রাজনীতিকদের ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডে অনুত্তীর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদকেও তোয়াক্কা করেননি শেখ হাসিনা।
দেশের সামরিক বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসৎ সদস্য দিয়ে গুম ও খুনের মহোৎসব চলেছে। শেখ হাসিনার শাসনকালে দেশের আনাচেকানাচে, পথেঘাটে, মাঠে-প্রান্তরে, নদী-নালা ও খাল-বিলে প্রায়ই যুবক-তরুণদের লাশ ভেসে উঠত, যাদের অধিকাংশের কোন খোঁজ পাওয়া যায়নি আজও। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে কণ্ঠ চেপে ধরায় বাংলাদেশ পরিণত হয়েছিল নরকে। রাষ্ট্র ছিল স্বৈরাচারী ব্যবস্থায় নিমজ্জিত। ভারতের পররাষ্ট্রনীতির স্বার্থ মাথায় রেখে বাংলাদেশের ভৌগোলিক, রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে শেখ হাসিনা পরিণত হন এক অসম শক্তিধর শাসকে। তিনি জানতেন, তার পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পারমাণবিক রাষ্ট্রের অকুণ্ঠ সমর্থন। প্রতিবেশী অশুভ শক্তিই শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন রেখেছে। তার মনস্তত্ত্বে স্বৈরতান্ত্রিক প্রবণতা গঠনের পেছনে যে বহিরাগত শক্তির প্রভাব ছিল, তা অস্বীকার করার উপায় নেই। ভারতীয় আধিপত্যবাদী স্বার্থ ও ভূরাজনৈতিক হিসাব-নিকাশের যাতাকলে বাংলাদেশ ধীরে ধীরে ফ্রন্টিয়ার গভর্নরশীপ -এর মুখে দাঁড়ায়। এই দুর্বল অবস্থানেই শেখ হাসিনা হয়ে ওঠেন এক অচিন্তনীয় ও অকল্পনীয় রাষ্ট্রীয় দানব। আগামী দিনে আমরা আশা করব, যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা যেন জনবান্ধব হয়। না হলে সকলকে একই পরিণতি ভোগ করতে হবে।
