বিশ্বকাপের ডামাডোল বেশ ভালোভাবেই শুরু হয়েছে। বাকি বিশ্বের মতো বাংলাদেশেও তার প্রচ্ছন্ন প্রভাব বিদ্যমান। আমাদের ব্যক্তিগত আর্থিক খাত যথেষ্ট চাপের ভেতর থাকলেও আমরা প্রিয় দলের জার্সি কিনছি– ব্রাজিল-আর্জেন্টিনা বা অন্য কোনো দলের। কেউ কেউ আবার প্রিয় দল যে দেশের, তার বিশালাকৃতির পতাকা বানাচ্ছেন। বাড়িতে সেই পতাকার রং করার ঘটনাও ঘটেছে। কনটেন্ট ক্রিয়েটররা তো আরও আগেই নেমে পড়েছেন। মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে নিচ্ছেন। নাটকও নির্মিত হচ্ছে বিশ্বকাপ ঘিরে। ফলে বিশ্বকাপের যোজন যোজন দূরে থেকেও বিশ্বের ফুটবলের কাছে থাকে বাংলাদেশ। বাংলাদেশের দর্শকদের উন্মাদনা নিয়ে বিশ্ব মিডিয়ায় খবর হয়। ফিফাসহ আরও বহু প্রতিষ্ঠান সে ‘পাগলামো’ প্রচার করে। কিন্তু আমরা এর কতটা সুফল ঘরে তুলতে পারছি?
গত কয়েক মাস থেকেই পণ্যের প্রচারের অনেকটা জায়গাজুড়ে বিশ্বকাপ ফুটবল। সংবাদপত্র বা অনলাইনের অনেকটা জায়গা এখন বিশ্বকাপ ফুটবলের দখলে। সাত সমুদ্র তেরো নদীর ওপারের বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে দল বেঁধে সাংবাদিকরা যাচ্ছেন। সবই তো টাকা-পয়সার হিসেবের ওপর দাঁড়ানো।
কিছুদিন আগে জানলাম, বাংলাদেশের কিশোরগঞ্জের এক তরুণ রবিন মিয়ার সঙ্গে নেইমার জুনিয়র পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই তরুণ সপরিবারে ব্রাজিলেই বসবাস করছেন। নেইমার জুনিয়রের বাবা নেইমার সিনিয়রের সঙ্গেই তাঁর নাকি বেশি সখ্য। সম্প্রতি একটি পডকাস্টে রবিনকেও আফসোস করতে দেখা গেল ফুটবলের প্রতি আমাদের তীব্র ভালোবাসার বিপরীতে ফুটবলকেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলতে না পারা নিয়ে।
বিশ্বকাপে যোগ্যতার বিচারে আমাদের অবস্থান নিয়ে আলোচনা অবান্তর। কিন্তু অন্য কোনো খেলা বা সৃষ্টিশীলতার অন্য কোনো জায়গাতেও কি আমরা আর্থিক পরিকাঠামোর লেন্সে চিন্তা করছি? সিনেমা, সংগীত, ফ্যাশন, গেমিং, বিনোদন, শিল্প-সাহিত্যের কোনো শাখায় আমাদের এই অবস্থান আছে?
ফুটবলে ব্রাজিল বা আর্জেন্টিনা প্রতিবছর শুধু খেলোয়াড় রপ্তানি করে কত টাকা আয় করছে– এই তথ্যটা আমাদের জানা দরকার অন্তত অন্য কোনো খেলায় আমরা একই কাজ করতে পারি কিনা সেটা বোঝার জন্য। কিন্তু আমাদের পরিকল্পনায় কি আদৌ তেমন কিছু আছে?
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কেবল ব্রাজিল একাই ইউরোপের বিভিন্ন ক্লাবে ফুটবলার বিক্রি করে বছরে ৫০০ মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলার আয় করে। এই এক বিলিয়ন কিন্তু গার্মেন্টসের ৪০ বিলিয়নের চেয়ে কম নয়। কারণ ওই এক বিলিয়নের প্রায় পুরোটাই ভ্যালু অ্যাডিশন। এ জন্য বিদেশ থেকে তাদের আরও কয়েকশ মিলিয়ন ডলারের পণ্য আয় করতে হয় না।
বাদ দিলাম ব্রাজিলের কথা। আগরতলা আর চৌকিরতলাকে এক করার দরকার নেই। যেখানে আমরা মোটামুটি ভালো, সেই ক্রিকেটের কথা ধরুন। গোটা মধ্যপ্রাচ্য, ইংল্যান্ডকে বাদ রেখে বাকি ইউরোপ, এমনকি উত্তর আমেরিকায়ও ভারতীয় আর পাকিস্তানি ক্রিকেটারের ছড়াছড়ি। আমরা তো এই বাজারকেও টার্গেট করতে পারি। ফুটবলের মতো না হলেও নতুন বাজারে ক্রিকেট কিন্তু পসরা সাজাচ্ছে। হঠাৎ কোথাও শোনা যায়, বাংলাদেশের অমুক ক্রিকেটার তমুক দেশে গিয়ে ক্রিকেট নিয়ে কাজ করছেন। জাতীয় দলের দুই সাবেক তারকা আফতাব আহমেদ বা গোলাম নওসের প্রিন্স এ ক্ষেত্রে পরিচিত নাম হতে পারেন। তারা বিদেশে গিয়ে সেই দেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়েছেন। সেসব দেশের প্রতিনিধিত্বও তারা করছেন এখন নানা পর্যায়ে।
প্রিন্স বা আফতাবের মতো একইভাবে আরও অনেক ক্রিকেটার, হোক তারা উদীয়মান বা সাবেক, তাদের তো বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারি। অন্তত আর্থিক অবস্থার বিচারেও তো আমরা একটা ভ্যালু চেইন গড়ে তুলতে পারি, যা অর্থনীতিতে সামান্য হলেও অবদান রাখতে পারে। রেমিট্যান্স কেন শুধু নীল কলারের কর্মীরাই আনবেন? সাদা কলারের লোকরাও তো দেশে বৈদেশিক মুদ্রা আনতে পারেন! আফতাব-প্রিন্সরা গেছেন স্রেফ নিজেদের চেষ্টায়, দেশে তাদের আর কোনো সম্ভাবনা না দেখে। কিন্তু বিষয়টা যদি প্রাতিষ্ঠানিকভাবে এবং সুষ্ঠু পরিকল্পনার ভেতর দিয়ে করা যায় তাহলে ফুটবলে ব্রাজিল বা আর্জেন্টিনা যেটা করছে তার কিছুটা তো আমরা অন্তত ক্রিকেটের মাধ্যমে করতে পারি।
সৃজনশীল অর্থনীতির এসব বিষয়-আশয় নিয়ে গত শতকের মাঝামাঝি থেকে গোটা বিশ্বে আলোচনা শুরু হয়েছে। অনেক জায়গায় অর্থনীতির একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়েছে খেলাধুলাসহ সৃষ্টিশীলতার এই দিকগুলোকে। বছর ২৫ আগে এ বিষয়ে বইও বেরিয়ে গেছে। যেখানে বলা হচ্ছে, সৃজনশীল আইডিয়া থেকে বা বিনোদনের মাধ্যমে বিভিন্ন মানুষ কীভাবে অর্থনীতিকে তৈরি করবে। কিন্তু আমাদের কতজন এ বিষয়ে খোঁজ রাখেন?
আমাদের বিনোদন শিল্প-সংগীত বা সিনেমা বিশ্বদরবারে ততটা জায়গা এখনও করে নিতে পারেনি। আমাদের সাহিত্যের অবস্থানও বিশ্বদরবারের ধারেকাছে না। ফুটবলে আমাদের কেবল অন্যের সাফল্যে খুশি হওয়া। ক্রিকেটে যা একটু অবস্থান আছে; হয়তো খুব বেশি দেশ বা মানুষ এই খেলাটা খেলে না, কিন্তু সেখানেও আমাদের লবডঙ্কা অবস্থা।
খেলার পরিকাঠামোকে যদি আমরা অর্থনীতির সঙ্গে জুড়ে দিতে পারি, কত কিছুই না করা সম্ভব এখানে! কে বলতে পারে, দক্ষিণ আমেরিকার ব্রাজিল-আর্জেন্টিনায় যেমন আট বছর থেকে ১২-১৩ বছর পর্যন্ত একজন প্রতিভাকে গড়ে তোলা হয়। ১৪ বছরের ভেতর তাকে ইউরোপের কোনো ক্লাবের কাছে ভালো দামে বিক্রি করা হয়। তেমনটা হতে পারে বাংলাদেশ থেকেও। বাংলাদেশে ফুটবলের যে উন্মাদনা সেটাকে কাজে লাগাতে পারলে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়। বিশেষ করে ইউরোপ-আমেরিকা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী বা সুমিতরা দেশে এসে যেভাবে ফুটবল উন্মাদনার জন্ম দিয়েছেন, সেটিকে কাজে লাগানোর এখনই সময়। বাংলাদেশের লাখো-কোটি শিশু-কিশোর যখন জামাল বা হামজা হওয়ার স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নের বাস্তব আবাদটা করা গেলে ফসল ঘরে তোলা অবশ্যই সম্ভব।
মুহাম্মদ জাহিদুল ইসলাম: গণমাধ্যমকর্মী ও সংবাদ বিশ্লেষক
