বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির ইতিহাস আসলে ক্ষমতার পালাবদলের সরল কাহিনি নয়; এটি একটি পুনরুৎপাদিত ট্র্যাজেডি, যা বারবার ফিরে এসেছে অলিগার্কির সপ্তভূজ লৌহ কাঠামো, মানব পুঁজির কাঠামোগত অপচয় এবং স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্যের রূপ ধরে। এই ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে আছেন বেগম খালেদা জিয়া; ব্যক্তিগত শোক ও রাষ্ট্রীয় নিপীড়নে ক্ষতবিক্ষত একজন নিঃসঙ্গ মানুষ, কিন্তু একই সঙ্গে সার্বভৌমত্বের আপোসহীন প্রতীক ও ভঙ্গুর গণতন্ত্রের শেষ কার্যকর নৈতিক মেরুদ-। ব্যর্থ রাষ্ট্র ও বিশ্বাসঘাতক রাজনীতির ধ্বংসস্তূপ থেকে বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতা তাকে এক ধরনের ‘নিঃসঙ্গ ফিনিক্স’-এ পরিণত করেছে; তাঁর লড়াই এখনো শেষ হয়নি। তা সত্ত্বেও তিনি মুক্তির স্পষ্ট প্রতীক। এই ট্র্যাজেডির কাঠামো দ্বিমুখী।
একদিকে শেখ মুজিবুর রহমানের রোমান্টিক আদর্শবাদ থেকে বাকশাল হয়ে শেখ হাসিনার পরিণত কর্তৃত্ববাদ ও ফ্যাসিস্ট শাসনপ্রবণতা; অন্যদিকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে ইনক্লুসিভ রাষ্ট্রগঠনের প্রচেষ্টা, যা শেষ পর্যন্ত নিষ্কাশনমূলক প্রাতিষ্ঠানিক ফাঁদের ভেতরে আটকে গেছে (এসেমগলু ও রবিনসন, ২০১২)। এই নিবন্ধ সেই ফাঁদের ভেতরে জিয়া-খালেদা অধ্যায়ের অবস্থান, বিশেষ করে বেগম জিয়ার আপোসহীন নেতৃত্বকে, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনীতির সংকটের সঙ্গে তাত্ত্বিকভাবে যুক্ত করে পড়তে চায়। তাত্ত্বিক কাঠামো ও নিঃসঙ্গ ফিনিক্স ব্রিটিশ আমলের শোষণ ব্যবস্থা স্বাধীন বাংলাদেশে সপ্তভূজ লৌহ কাঠামো বা অলিগার্কিক জোটে রূপান্তরিত হয়েছে।
রাজনীতি, আমলাতন্ত্র, মিডিয়া ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত এই শক্তি কেবল রাষ্ট্রকে জিম্মিই করে রাখেনি, বরং নাগরিকদের সময়, তথ্য ও মেধা হাইজ্যাক করে মানব পুঁজির কাঠামোগত অপচয় ঘটিয়েছে। এর ফলে জনমানসে তৈরি হয়েছে স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য; এমন এক বিশ্বাস যে, এদেশে আর কিছুই বদলাবে না। এই সর্বগ্রাসী নিরাশার বিপরীতে বেগম খালেদা জিয়াই একমাত্র তাত্ত্বিক ব্যতিক্রম বা ‘নিঃসঙ্গ ফিনিক্স’। তিনি তিনটি সুনির্দিষ্ট উপায়ে এই অলিগার্কিক ফাঁদকে আঘাত করেছেন: (১) অ্যান্টি-ক্লায়েন্টেলিজম: সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রশ্নে আপস না করে তিনি অলিগার্কির মক্কেলতন্ত্র প্রত্যাখ্যান করেছেন। (২) নৈরাশ্যের পাল্টা বয়ান: চরম ঝুঁকি ও অসুস্থতা সত্ত্বেও দেশত্যাগ না করে তিনি জনগণের অর্জিত অসহায়ত্ব ও নৈরাশ্যকে চ্যালেঞ্জ করেছেন।
(৩) নৈতিক পুঁজির সংরক্ষণ: রাষ্ট্রীয় চরিত্রহননের মুখেও রাজনৈতিক শালীনতা বজায় রেখে প্রমাণ করেছেন যে, একজন নেতার নৈতিক পুঁজি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। তিনি দেখিয়ে দিয়েছেন, কাঠামোগত পক্ষাঘাতের মধ্যেও নৈতিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। জিয়া: ইনক্লুসিভ প্রজেক্ট ও প্যারাডাইম শিফট বাংলাদেশের দীর্ঘ নিষ্কাশনমূলক রাজনৈতিক ধারায় জিয়াউর রহমানের শাসনকাল ছিল এক বিরল ব্যতিক্রম এবং প্রকৃত ‘প্যারাডাইম শিফট’। রসায়নবিদ পিতা ও সংগীতানুরাগী মায়ের সন্তান এই সমরনায়ক ১৯৬৫ সালের যুদ্ধে ‘হিলাল-ই-জুরাত’ এবং মহান মুক্তিযুদ্ধে ‘বীর উত্তম’ খেতাব অর্জন করেন; কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি আসীন হন ‘জাতীয় বীর’-এর মর্যাদায়।
পরবর্তীতে ১৯৭৫-এর চরম অস্থিরতায় ঐতিহাসিক ‘সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি’র মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন। সামরিক পটভূমি সত্ত্বেও, বিশ্ব ইতিহাসে তুলনামূলকভাবে বিরল ব্যতিক্রম হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি ভৌগোলিক সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও সাংস্কৃতিক বাস্তবতাকে সমন্বিত করে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর একটি অন্তর্ভুক্তিমূলক ভিত্তি গড়ে তোলেন। অর্থনীতিতে তিনি ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ ঘুচিয়ে খাদ্য নিরাপত্তা, কৃষি বিপ্লব, জনশক্তি রপ্তানি ও গার্মেন্টস খাতের সূচনার মাধ্যমে উৎপাদনমুখী অর্থনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মানবপুঁজি উন্নয়ন, শিক্ষা সংস্কার এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণের মাধ্যমে তিনি যে মেধাতান্ত্রিক, স্বজনপ্রীতিমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাষ্ট্রপরিচালনার মডেল গড়তে চেয়েছিলেন, তা পরবর্তীকালের অগ্রগতির ‘বীজতলা’ হয়ে দাঁড়ায়। অলিগার্কিক স্বার্থগোষ্ঠীর ষড়যন্ত্র ও তাঁর নির্মম হত্যাকা-ে এই ইনক্লুসিভ প্রকল্প অসমাপ্ত থেকে গেলেও, তাঁর রেখে যাওয়া সততা ও উন্নয়ন-দর্শনই পরবর্তীকালে বেগম খালেদা জিয়া ও বিএনপির রাজনীতির মূল নৈতিক ভিত্তি রচনা করে। গৃহবধূ থেকে ইস্পাতদৃঢ় নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান কোনো সাধারণ ক্ষমতার পালাবদল নয়; বরং এটি গভীর ব্যক্তিগত ট্রমা থেকে একজন স্বতন্ত্র রাজনৈতিক সাবজেক্টে রূপান্তরিত হওয়ার দীর্ঘ প্রক্রিয়া।
কিশোরী বয়সে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে শীর্ষস্থান অধিকারী পেশাদার সামরিক অফিসার জিয়াউর রহমানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই স্বামীর সামরিক ক্যারিয়ার ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের ব্যস্ততায় তাকে একা হাতে সংসার ও সন্তান লালন-পালনের গুরুদায়িত্ব নিতে হয়। মুক্তিযুদ্ধ চলাকালে দুই নবজাতক সন্তানকে নিয়ে শত্রুবেষ্টিত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর হাতে নয় মাস বন্দি থাকা ছিল তাঁর জীবনের এক চরম অধ্যায়। এ সময় লাগাতার জিজ্ঞাসাবাদ, মানসিক নির্যাতন এবং স্বামীর সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা; সব মিলিয়ে তিনি এক স্থায়ী ট্রমা বহন করেছেন। লক্ষণীয় বিষয় হলো, এই অবর্ণনীয় অভিজ্ঞতার বয়ান তিনি পরবর্তী জীবনে প্রায় কখনোই জনসমক্ষে উচ্চারণ করেননি।
তাঁর এই ‘ইচ্ছাকৃত নীরবতা’ই এক ধরনের ‘নীরব প্রতিরোধ’, যা তাকে এক ট্র্যাজিক কিন্তু ইস্পাতদৃঢ় রাজনৈতিক সত্তায় রূপান্তরের মনস্তাত্ত্বিক ভিত্তি জুগিয়েছে। এই নীরব সংগ্রামের ইতিহাসই পরবর্তীকালে তাঁর রাজনৈতিক চরিত্রের নৈতিক কঠোরতার মূল উৎস হয়ে ওঠে। শোক, বিশ্বাসঘাতকতা এবং ক্যারিশমাটিক অথরিটি ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকা-ের পর কফিন আঁকড়ে ধরা সাদা শাড়ি পরিহিত এক তরুণী বিধবার নিঃশব্দ কান্না কেবল ব্যক্তিগত শোক ছিল না; তা পরিণত হয় জাতীয় ট্র্যাজেডির এক শক্তিশালী ভিজ্যুয়াল ন্যারেটিভে। মুক্তিযুদ্ধকালীন বন্দিত্ব থেকে ১৯৭৫-এর ক্যু-পাল্টা ক্যু; এই দীর্ঘ ও পুঞ্জীভূত ট্রমা শেষ পর্যন্ত স্বামীর নির্মম হত্যাকা-ে রূপ নিলে, তা অসমাপ্ত রাষ্ট্রগঠন প্রকল্পের ওপর এক চরম আঘাত হিসেবে জনগণের মনে গেঁথে যায়।
জিয়ার মৃত্যুর পরপরই যখন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা সামান্য ক্ষমতার লোভে সামরিক শাসক এরশাদের সঙ্গে আপস করে, তখন বাংলাদেশের এলিট রাজনীতির ‘ক্লায়েন্টেলিস্ট’ বা তোষণমুখী চরিত্র নগ্নভাবে উন্মোচিত হয়। একই সমান্তরালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীও বিভিন্ন পর্যায়ে এরশাদ সরকারের সঙ্গে কৌশলগত সমঝোতায় লিপ্ত হয়ে স্বৈরশাসনকে দীর্ঘায়িত হতে সহায়তা করে। নিজ দলের বিশ্বাসঘাতকতা এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর এই সুবিধাবাদী স্রোতের বিপরীতে খালেদা জিয়ার ‘আপোসহীন’ অবস্থান তাঁকে এক অনন্য নৈতিক উচ্চতায় আসীন করে। তিনি সমঝোতার সব ‘শর্টকাট’ প্রত্যাখ্যান করে গণআন্দোলনের চাপ এমনভাবে অক্ষুণœ রাখেন যে, স্বৈরশাসনের আয়ুষ্কাল কমে আসতে বাধ্য হয়।
চতুর্পাশের এই আপোসের মুখে তাঁর ইস্পাতদৃঢ় অবস্থান ম্যাক্স ওয়েবারের (১৯২২) ‘ক্যারিশমাটিক অথরিটি’র ধ্রুপদী উদাহরণ, যেখানে প্রাতিষ্ঠানিক কাঠামোর চেয়ে নেত্রীর ব্যক্তিগত সততা, শোক-সহনশীলতা ও নৈতিক দৃঢ়তাই জনগণের আস্থার প্রধান ভিত্তি হয়ে ওঠে। এই আস্থার প্রতিফলন দেখা যায় তাঁর রাষ্ট্র পরিচালনায় ও সংকট মোকাবিলার দক্ষতায়। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই সুপার সাইক্লোনের মতো মহাদুর্যোগ মোকাবিলায় তিনি দ্রুত অপারেশন সি এঞ্জেলের মাধ্যমে কার্যকর পুনর্বাসন পরিচালনা করেন। তাঁর আমলে জেএমবি ধরনের সন্ত্রাসী নেটওয়ার্ক সামরিক ও আইনি উভয় ফ্রন্টে প্রায় সম্পূর্ণভাবে নিউট্রালাইজ হয়।
পরবর্তীতে ২০০৭-এর ওয়ান-ইলেভেন সেনাসমর্থিত সরকারের তীব্র চাপ সত্ত্বেও তিনি দেশত্যাগ করেননি; যেখানে প্রতিদ্বন্দ্বী নির্বিঘেœ বিদেশে অবস্থান নিয়েছেন, সেখানে তিনি ও তাঁর দল দেশেই থেকে রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হয়েছেন। ডিসেন্সি, সিভিক সেন্স এবং নৈতিক হেজিমনি বাংলাদেশের কলুষিত রাজনৈতিক সংস্কৃতিতে বেগম খালেদা জিয়া কেবল বিএনপির শীর্ষ নেত্রী নন, বরং রাজনৈতিক শালীনতার এক বিরল প্রতীক। জিয়াউর রহমানের সততা ও মিতব্যয়িতার যে ব্র্যান্ড ইমেজ দলটির প্রাথমিক পুঁজি ছিল, তিনি সেই লিগ্যাসি ধারণ করে রাজনীতিকে সংঘাতের বদলে সংযমের পথে নিতে চেয়েছেন। ব্যক্তিগত অপমান ও রাষ্ট্র-সমর্থিত চরিত্রহননের মুখেও তিনি কখনো প্রতিপক্ষকে অশ্লীল ভাষায় আক্রমণ করেননি; এই সংযত ‘ডিসেন্ট পলিটিক্স’ ছিল তাঁর প্রধান নৈতিক বর্ম।
একইসাথে তিনি পরিবারিক শোককে রাজনৈতিক পুঁজিতে রূপ না দিয়ে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রেখেছেন; যা বাংলাদেশে তাঁর প্রতিদ্বন্দ্বী হাসিনার শোক-কেন্দ্রিক রাজনীতির বিপরীতে এক স্পষ্ট ‘রিপাবলিকান ডিপারচার’। একজন গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার যাত্রায় তিনি নিজের প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার সীমাবদ্ধতা অকপটে স্বীকার করে অভিজ্ঞদের সহায়তা চেয়েছেন, যা দুর্বলতা নয়, বরং রাষ্ট্রনায়কোচিত বিনয়ের লক্ষণ। তবে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে যে উচ্চ নৈতিক মান ও রিপাবলিকান সিভিক সেন্সের চর্চা করেছেন, তাঁর দলের সাংগঠনিক সংস্কৃতি সবসময় তার সমকক্ষ হতে পারেনি। সুবিধাবাদী অংশের কারণে নেত্রীর নৈতিক অবস্থান অনেক সময় মাঠপর্যায়ে প্রতিফলিত হয়নি।
তবুও, দুর্নীতিমুক্ত থাকার সাহস এবং চরম উসকানিতেও শালীনতা বজায় রাখার সক্ষমতা তাঁকে এমন এক ‘নৈতিক হেজিমনি’ বা আধিপত্যে আসীন করেছে, যা অলিগার্কি নিয়ন্ত্রিত মিডিয়া ও বুদ্ধিজীবীদের চরিত্রহনন সত্ত্বেও অটুট রয়েছে। জেন্ডার্ড ভায়োলেন্স ও বডি পলিটিক্স বেগম জিয়ার বিরুদ্ধে পরিচালিত লিঙ্গভিত্তিক সহিংসতা দক্ষিণ এশীয় নারীনেতৃত্বের ইতিহাসে এক চরম ট্র্যাজিক অধ্যায়। রাষ্ট্রীয় পিতৃতন্ত্র ও রাজনৈতিক প্রতিপক্ষ মিলে তাঁর রাজনৈতিক বৈধতা খর্ব করতে এক অশ্লীল জোট গঠন করেছিল। তথাকথিত প্রগতিশীল মহল থেকে সংসদ পর্যন্ত তাঁকে লক্ষ্য করে ধারাবাহিক ‘সøাট-শেইমিং’ চালানো হয়েছে। ‘মুক্তিযুদ্ধের পর জিয়া তাঁকে ঘরে তুলতে চাননি’ কিংবা ‘অন্য কোনো কর্মকর্তার সঙ্গে সম্পর্ক ছিল’; এমন জঘন্য গুজব খোদ রাষ্ট্রীয় পর্যায় থেকে ছড়ানো হয়েছে।
এমনকি তাঁর জীবন-সংশয়ী অসুস্থতা নিয়েও হাসিনা প্রকাশ্যে যে কুরুচিপূর্ণ মন্তব্য (‘কি খেলে লিভার পচে...’) করেছিলেন, তা প্রমাণ করে রাষ্ট্রযন্ত্র একজন নারীনেত্রীকে অমানবিকীকরণের কতটা নিচে নামতে পারে। চরিত্রহননের এই দীর্ঘমেয়াদী প্রকল্প ব্যর্থ হওয়ার পর শাসকের ক্রোধ বডি পলিটিক্সে রূপ নেয়। উন্নত চিকিৎসা থেকে বঞ্চনা, দীর্ঘ কারাবাস ও আইনি টানাপোড়েনের মাধ্যমে তাঁর অসুস্থ শরীরকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার করা হয়েছে। তবুও তিনি নিরাপদ নির্বাসন বা দেশত্যাগ না করে এই নাজুক শরীর নিয়েই দেশে থাকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, তা নারীর শরীরকে অপমানের মাধ্যম বানানোর রাজনীতিকে অকার্যকর করে দিয়েছে। ফলত, তিনি বর্তমানে ‘শারীরিকভাবে নাজুক কিন্তু রাজনৈতিকভাবে কেন্দ্রীয়’ এক অবিসংবাদিত প্রতীকে পরিণত হয়েছেন।
ব্যক্তিগত ট্র্যাজেডি ও রাজনৈতিক প্রতীক বেগম খালেদা জিয়ার জীবনের ট্র্যাজেডি মূলত দ্বিমুখী: একটি দিক কাঠামোগত, অন্যটি একান্তই ব্যক্তিগত। রাষ্ট্রীয় অলিগার্কি আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ব্যাংক লুট ও হাজার হাজার কোটি টাকা পাচারের মহোৎসবের বিপরীতে তাঁর বিরুদ্ধে নগণ্য অর্থের কথিত অনিয়মের মামলা ছিল স্পষ্টত ‘সিলেক্টিভ জাস্টিস’। এর লক্ষ্য দুর্নীতি দমন ছিল না; বরং বিরোধী নেতৃত্বকে কলঙ্কিত করে ‘সবাই দুর্নীতিগ্রস্ত’; এমন ধারণা ছড়িয়ে ক্ষমতাসীনদের লুণ্ঠন বৈধ করাই ছিল মূল উদ্দেশ্য। এই কাঠামোগত নিপীড়নের সমান্তরালে চলেছে ব্যক্তিগত নিঃস্বকরণ। সন্তান, মা-ভাই, স্মৃতিবিজড়িত বাসভবন থেকে নাতনিদের সান্নিধ্য; সব হারিয়েছেন তিনি।
কারাগারের স্যাঁতসেঁতে কক্ষ, জরাজীর্ণ শরীর আর তিনটি কম্বলের নিঃসঙ্গতা তাঁকে আজ জাতির সামনে এক ‘মাদার ফিগার’-এ পরিণত করেছে; যার নিজের আর পাওয়ার কিছু নেই, কিন্তু জাতির কাছে নৈতিক পাওনা অনেক। তবু ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদী শাসনের পতন তাঁর জীবদ্দশায় এক বিরল ঐতিহাসিক প্রাপ্তি। এই চরম ক্ষমতার পালাবদলেও তিনি প্রতিহিংসাহীন ও শালীন রাজনীতির যে নজির রেখেছেন, তা তাঁকে এক ‘নিঃসঙ্গ ফিনিক্স’-এ পরিণত করেছে; যিনি বারবার ছাই থেকে উঠে দাঁড়িয়েছেন। অসমাপ্ত মুক্তি ও নৈতিক রিজার্ভ আজ যখন বেগম খালেদা জিয়ার জীবন-সংকটাপন্ন, তখন দলমত নির্বিশেষে লাখো মানুষের দোয়া এবং রাজনৈতিক প্রতিপক্ষের শ্রদ্ধা প্রমাণ করে যে, একজন রাজনীতিকের জীবদ্দশায় এ মাত্রার সম্মান ইতিহাসে বিরল।
এই গণ-অনুভূতি তাত্ত্বিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ; এটি নির্দেশ করে যে, স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্যের ঘন অন্ধকারের মধ্যেও সমাজের গভীরে এক ধরনের ‘মোরাল রিজার্ভ’ এখনো বেঁচে আছে। খালেদা জিয়ার সুস্থতা ও রাজনীতিতে তাঁর উপস্থিতি আজ আর কেবল ব্যক্তিগত বা দলীয় স্বার্থের বিষয় নয়; বরং এটি বাংলাদেশের বৃহত্তর রিপাবলিকান স্বার্থের জন্যই জরুরি। তিনি এখন ক্ষমতার প্রচলিত সমীকরণে কেবল বিকল্প নন, বরং রাষ্ট্রের জন্য এক অপরিহার্য নৈতিক রেফারেন্স পয়েন্ট। ব্যক্তিগত শোক, রাষ্ট্রীয় নিপীড়ন ও শারীরিক ভঙ্গুরতার মাঝেও তিনি দেখিয়েছেন কীভাবে আপোসহীন গণতান্ত্রিক অবস্থান ধরে রাখা যায় এবং বিরোধীকে রাজনৈতিক শত্রু ভাবলেও কখনো ‘শত্রু-মানব’ হিসেবে গণ্য না করে মানবিক মর্যাদা দেওয়া যায়। এমনকি তাঁর চরম শত্রুরাও কখনো তাঁর নামের আগে ‘স্বৈরাচার’ শব্দটি যুক্ত করতে পারেনি; যা তাঁর গণতান্ত্রিক নিষ্ঠার এক অবিসংবাদিত দলিল। লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক।
Email: hhafij@yahoo.com
