ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) করা মামলায় নিষ্পত্তির খবর সবারই জানা। তিনি ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। প্রদত্ত রায়ের বিষয়ে আইনজ্ঞরা বক্তব্য দিচ্ছেন। অন্যরাও পিছিয়ে নেই। বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী এই প্রথম মৃত্যুদণ্ড পেলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটা বড় খবর।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠবে, সেটাই স্বাভাবিক। নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার হাতবদল হলেও বিগত সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে; মামলা হয়। আর শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে নজিরবিহীন গণঅভ্যুত্থানে। ক্ষমতা টিকিয়ে রাখতে অল্প সময়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর জন্যও তাঁর সরকার অভিযুক্ত। এর আগেও বিভিন্ন পর্যায়ে বিরোধীপক্ষের ওপর নির্বিচারে দমন-পীড়ন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নাজুক করে তোলা এবং নজিরবিহীন আর্থিক অপরাধের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।

যে কোনো অভিযোগেরই নিষ্পত্তি প্রয়োজন। রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত অপরাধের নিষ্পত্তি তো জরুরি। শেখ হাসিনা ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে রীতিমতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। জুলাই আন্দোলন দমনে তাঁর নেতৃত্বে দিনের পর দিন রাজপথে রক্ত ঝরানোর স্মৃতি এখনও তাজা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিক থেকে এর বিচারিক নিষ্পত্তির চাপ রয়েছে। এটা জুলাই আন্দোলনের নেতৃত্বেরও প্রাথমিক দাবি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারও হত্যাকাণ্ডের বিচারকে নিয়েছে অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে। এ সংক্রান্ত মামলার প্রথম রায় সেদিক থেকে তাৎপর্যবহ। সরকার অন্তত বলতে পারবে, বিচার প্রক্রিয়াটি ইতোমধ্যে দৃশ্যমান। নির্বাচিত সরকার এটা এগিয়ে নেবে।

এখন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ সরকারের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। সংস্কার আলোচনার ফল হিসেবে এর আগে গৃহীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটেরও ব্যবস্থা হয়েছে। এটা ঘিরে রাজনৈতিক দলগুলোর বিভেদও কিছুটা কমেছে মনে হয়। দেশ নির্বাচনের দ্বারপ্রান্তে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় বিশ্বসম্প্রদায়ের কাছেও নতুন বার্তা দেবে।

জুলাই আন্দোলন দমনে হাসিনা সরকারের নৃশংস ভূমিকা জাতিসংঘ মানবাধিকার কমিশনের নিজ উদ্যোগে প্রণীত প্রতিবেদনেও স্পষ্ট। তারপরও অভিযোগ ও মামলা নিষ্পত্তির মান নিয়ে কিছু প্রশ্ন হয়তো থাকবে। একই আদালতে দেওয়া রায় জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়ার ঘটনাও রয়েছে। অনেকে তাই বলছিলেন, শেখ হাসিনা ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নিষ্পত্তির ব্যবস্থা করাই ভালো। তাতে ন্যায়বিচার প্রশ্নে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়ানোর সুযোগ বাড়বে। ঘৃণ্য অপরাধীরও ন্যায়বিচার লাভের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর যে কোনো স্থানে সংঘটিত অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা গেলে তাতে গোটা বিশ্বেই ন্যায়বিচারের ধারা জোরদার হয়।

ভারতে অবস্থান করায় শেখ হাসিনার পক্ষে আপিলের সুযোগ গ্রহণ সম্ভব নয় বলেই মনে হচ্ছে। একই কারণে রায় বাস্তবায়নের সম্ভাবনাও কম। এটা ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের আরও অবনতি ঘটে কিনা, সেদিকেও দৃষ্টি থাকবে। নির্বাচিত সরকার এলেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাব্যতা নিয়ে সংশয় রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ তাঁর অন্য সহকর্মীদের ফিরিয়ে আনা সম্ভব কিনা, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনে দলটি অংশ নিতে পারছে না– এটা মোটামুটি স্পষ্ট। রাজনীতিতে ফিরতে পারলেও আইসিটিতে রায় হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বে দলটি আর পরিচালিত হতে পারবে কিনা– এ প্রশ্নও এখন প্রাসঙ্গিক। রায় হওয়ার আগে বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এর যে জবাব দিয়েছেন, তাতে দলটির নেতৃত্ব দিয়ে যাওয়ার বিষয়ে তাঁর অবস্থান আগেকার মতো দৃঢ় নয়। কর্মী-সমর্থকরা অবশ্য এখনও তাঁর নামেই রাজনীতিতে সক্রিয় থাকতে চাইছে। আইসিটিতে রায় হওয়ার আগে-পরে দেশে থাকা তাঁর কিছু কর্মী-সমর্থকের বেপরোয়া তৎপরতাও চোখে পড়ে।

ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কিছু ঝটিকা মিছিল করতে দেখো গেছে; কিছু ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্যও দলটিকে দায়ী করা হচ্ছে। এসব কাজে বিগত শাসনামলে লুটপাট করে আহরিত অর্থ ব্যয়ের অভিযোগ তোলা হচ্ছে। তবে যে কোনো পরিস্থিতিতে দলের পক্ষে কাজ করা কর্মী-সমর্থক আওয়ামী লীগে কম নেই। সমালোচকরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে পুনরুজ্জীবিত দলটি টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে সংঘবদ্ধ গোষ্ঠী বা ‘কাল্ট’-এ পরিণত হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাই শেখ হাসিনা ও তাঁর পরিবারের বাইরের কাউকে দলের হাল ধরায় এগিয়ে আসতে দেখা যায়নি। গুরুতর ফৌজদারি ও আর্থিক অপরাধের বাইরে থাকা আওয়ামী লীগার কেউ নেই, তা তো নয়। কিন্তু চরম বিপর্যয়ের সময়েও তাদের কাউকে ‘পরিশুদ্ধ আওয়ামী লীগ’ গঠনে সচেষ্ট দেখা যাচ্ছে না। ‘শেখ হাসিনা ফিরবে/ বাংলাদেশ হাসবে’– এটাই এখন পর্যন্ত তাদের স্লোগান।

শেখ হাসিনা তো বটেই; তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের ফেরাটাও এখন প্রায় অসম্ভব। তিনি তো মৃত্যুদণ্ডে দণ্ডিত। যে আদালতে তাঁর সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার করে শাস্তির ব্যবস্থা করেছিল, সেই আদালতেই তিনি এখন দণ্ডিত। এটা কেউ কল্পনা করতে পেরেছিল বলে মনে হয় না। নজিরবিহীন গণঅভ্যুত্থানে তিনি ও তাঁর সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা দেশত্যাগ করবেন, এটাও অকল্পনীয় ছিল। এর প্রেক্ষাপট তাঁর নেতৃত্বেই তৈরি হয়েছে, এটা অবশ্য স্বীকার করতে হবে।

সাড়ে ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনা তাঁর দল ও দেশকে যেভাবে পরিচালনা করেছেন এবং সেটা করতে গিয়ে বিরোধী দল-মতের মানুষকে যেভাবে মোকাবিলা করেছেন, তাতে এমন পরিণতিই তাঁর জন্য অপেক্ষা করছিল, বলা চলে। ইতিহাসে এ ধরনের পরিণতির অনেক উদাহরণ থাকলেও তিনি কেন একই পথ বেছে নিয়েছিলেন, তার কারণ বিশ্লেষণ চলবে অনেক দিন। কিন্তু এতে তাঁর ফিরে আসার পথ প্রশস্ত হবে বলে মনে হয় না। ৫ আগস্ট গণভবন ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাতেই সে বাস্তবতা সামনে এসেছিল। এতে নতুন উপাদান যুক্ত করল আইসিটির রায়।

ক্ষমতা মানুষকে সুযোগ দেয় ইতিবাচক কিছু করার। নেতিবাচক কাজেও একে ব্যবহারের অজস্র উদাহরণ রয়েছে। তাঁর শাসনামলের শেষ দিকে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ‘অ্যাবসলিউট পাওয়ার’ চেয়েছিলেন। ততদিনে সেটা অর্জনও করে ফেলেছিলেন তিনি। এর যথেচ্ছ প্রয়োগও ঘটিয়েছিলেন। তাতে দেশের সিংহভাগ মানুষ ছিল অসন্তুষ্ট, ক্ষুব্ধ। সেটা নিজেও জানতেন বলে হয়তো তিনি বঞ্চিত করেছিলেন জনগণকে– ভোটাধিকার থেকে। এটা ছিল তাঁর সরকারের যাবতীয় অপরাধের মূলে। ভোটবিহীন ক্ষমতার চর্চা তাঁকে প্ররোচিত করেছে স্বেচ্ছাচারী হতে। তাঁর নেতৃত্বাধীন দল আর বিভিন্ন পর্যায়ের সমর্থকদেরও এর বিষময় ফল ভোগ করতে হচ্ছে। এরা সবাই বাংলাদেশের মানুষ। দেশের জন্যও এটা সুখকর অভিজ্ঞতা নয়। দেশ তো এ কারণে লাভবান হয়নি।

হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক