আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের ঋণ কর্মসূচি বাতিল করে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। সংবাদমাধ্যমের খবর, দুই থেকে তিন মাস ধরে এই আলোচনা চলছে। এই কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৪৫০ কোটি ডলার ঋণ পেতে পারে বাংলাদেশ। গত সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক যৌথ সভার সময় এক সাইডলাইন বৈঠকে আইএমএফ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে এ প্রাথমিক আলোচনা হয়।

তবে ৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন করতে গিয়ে অর্থমন্ত্রীই বলেছিলেন, আইএমএফের দেওয়া শর্ত গ্রহণযোগ্য নয় বলে আওয়ামী লীগ সরকারের আমলে সংস্থাটির সঙ্গে স্বাক্ষরিত ঋণচুক্তিটি তারা বাতিল করে দিয়েছেন। তখন তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে– (১) আমরা আর আইএমএফ, বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক ঋণদান সংস্থার ওপর নির্ভর করতে পারি না, (২) আমাদের নিজেদের উদ্যোগে পুঁজিবাজার থেকে নিজস্ব তহবিল সংগ্রহ করতে হবে, (৩) বছরে ৫০ বিলিয়ন ডলার দেশের পুঁজিবাজার থেকে সংগ্রহ করার প্রয়োজন আছে, (৪) আগামী ২০৩৪ সাল নাগাদ দেশের অর্থনীতির আকার হবে এক ট্রিলিয়ন ডলার। মাঝখানে এমন কী ঘটল যে, দ্রুতই তাঁকে আইএমএফ প্রশ্নে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরতে হলো? কারণ দেশের অর্থনীতি একটি সংকটকাল অতিক্রান্ত করছে, তাই সরকারের ওপর প্রয়োজনীয় অর্থ সংগ্রহের একটা চাপ আছে। বিশেষত অন্তর্বর্তী সরকারের শাসনামলে অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, উল্টো অর্থনীতির বারোটা বাজিয়ে ফেলা হয়েছে। দেশের বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের এমন ক্ষতি করা হয়েছে, যা খুব সহজে পূরণ হওয়ার নয়। এর প্রমাণ পাওয়া যায় দেশের জিডিপি ৬ শতাংশের ওপর থেকে ৩ শতাংশে নেমে আসার ঘটনায়। অর্থনীতির এই দুরবস্থা কাটিয়ে দেশের অর্থনীতি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষ করে এর জন্য যে শতাধিক বিলিয়ন ডলার প্রয়োজন, সামনের দিনগুলোতে তা জোগাড় হওয়ার কোনো সম্ভাবনা নেই।

অর্থমন্ত্রী দেশের পুঁজিবাজার থেকে ৫০ বিলিয়ন ডলার সংগ্রহের কথা বলেছেন। এটা কীভাবে সম্ভব, তা আমরা মোটেই বুঝে উঠতে পারছি না। আবার এই পরিমাণ অর্থ যদি আন্তর্জাতিক বা আঞ্চলিক পুঁজিবাজার থেকে উত্তোলনের কথা ভেবে থাকেন, তাহলেও কাজটা প্রায় অসম্ভব। এ অবস্থায় প্রয়োজনের তুলনায় যৎসামান্য হলেও আইএমএফের কাছে যাওয়ার কোনো বিকল্প নেই। সাময়িক ব্যবস্থা হিসেবে এ রকম উদ্যোগ দোষের কিছু নয়। এ জন্য আইএমএফের কিছু শর্তও মেনে নেওয়ার প্রয়োজন আছে। সেগুলো নিয়ে কথা বলাই বরং এখন জরুরি।

প্রথমেই বলে রাখি, আইএমএফ থেকে ঋণ গ্রহণ করলে তাদের দেওয়া শর্ত মানতে হবে, এটি জানা কথা। আবার আইএমএফের শর্ত মানার কাজটি মোটেও সহজ নয়। দ্বিতীয়ত, আইএমএফের সঙ্গে ঋণ আলোচনায় কী ধরনের শর্ত দেওয়া হয়েছে, তা আমাদের জানা নেই। তবে দুটো শর্তের বিষয় আলোচনায় এসেছে, যার মধ্যে একটি হচ্ছে, ব্যাংকিং খাতের সংস্কার এবং আরেকটি হচ্ছে জিডিপি ও রাজস্বের মধ্যকার অনুপাত বাড়ানো। এ দুই সংস্কার শুধু আইএমএফের শর্ত মানার উদ্দেশ্যে নয়, আমাদের নিজেদের স্বার্থেই করা প্রয়োজন।

আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে, দেশের ব্যাংকিং খাতকে খারাপ অবস্থায় রেখে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তো অনেক পরের কথা, অর্থনীতিতে গতি সঞ্চার করাই সম্ভব নয়। একইভাবে দেশের রাজস্ব আহরণের পরিমাণ বাড়ানোর কোনো বিকল্প নেই। ১৮ কোটি জনসংখ্যার দেশে এক কোটি লোকও কর দেয় না। অথচ অর্থনীতি স্বাভাবিক অবস্থায় থাকলে কমপক্ষে পাঁচ কোটি বা তার বেশি মানুষের কর দেওয়ার কথা। এ জন্য দেশের মানুষ যত না দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী দেশের কর আদায় এবং করব্যবস্থাপনা পদ্ধতি। ফলে ব্যাংকিং এবং রাজস্ব খাতের সংস্কার নিয়ে আইএমএফের শর্তে আপত্তির কিছু নেই।

কিন্তু এই সংস্কার আইএমএফের সুপারিশ অনুযায়ী করলে কতটা কাজে আসবে, তা নিশ্চিত করে বলা কঠিন। কেননা, আইএমএফ সাধারণত আন্তর্জাতিক মানসম্পন্ন কিছু পদক্ষেপের সুপারিশ করে, যা আমাদের দেশের বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ হতে পারে। যেমন, বাংলাদেশের ব্যাংকিং খাত, যেখানে মানেরই কোনো বালাই নেই, সেখানে আন্তর্জাতিক মান হজম করবে কীভাবে? এখানে অন্তর্বর্তী সরকারের সময়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কিছু কার্যক্রমের কথা উল্লেখ করা যেতে পারে। তিনি বাংলাদেশের এক বিশৃঙ্খল ব্যাংকিং খাতে উন্নত দেশের আদলে কঠোর ঋণব্যবস্থাপনা পদ্ধতি চাপিয়ে দিলেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। দেশের খেলাপি ঋণ এক লাফে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে, যার খেসারত এখন দেশের ব্যাংকিং খাতকে দিতে হচ্ছে। সেই গভর্নরের আমলেই দেশের ব্যাংকিং খাতে গ্রাহকের অর্থ ফেরত না দিতে পারার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে।

এসব সংস্কারের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং কীভাবে তা ধাপে ধাপে করতে হবে, সেটাও বিস্তারিত তুলে ধরেছি অনেক লেখায়। কিন্তু সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো বিবেচনায় নিতে চায় না। তাই এইএমএফের শর্ত হিসেবে দেশের ব্যাংকিং খাত এবং রাজস্ব বিভাগের সংস্কারের বিষয়টি মেনে নেওয়া উচিত। এসব সংস্কার হতে হবে দেশের বাস্তব অবস্থার ভিত্তিতে আমাদের মতো করে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আইএমএফ শর্ত দেওয়ার আগেই সেসব সংস্কারের কাজ শুরু করে তাদের বোঝানো হয়, তারা যে সংস্কারের কথা বলছে, তা আমরা শুরু করে দিয়েছি। এ দুই শর্তের বাইরে অন্য যেসব শর্ত আছে, সেগুলো গভীরভাবে বিচার-বিশ্লেষণ করে নির্ধারণ করা প্রয়োজন। মোটকথা, আইএমএফের দেওয়া শর্ত মানা উচিত সতর্কতার সঙ্গে।

নিরঞ্জন রায়: সার্টিফায়েড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার Nironjankumar_roy@yahoo.com