প্রায় দুই বছর তথ্য কমিশন নেতৃত্বশূন্য ও অকার্যকর অবস্থায় থাকার পর সম্প্রতি নতুন কমিশন গঠন করা হয়েছে। নতুন তথ্য কমিশন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অবরুদ্ধ তথ্য অধিকার আইন, ২০০৯-কে পুনরুজ্জীবিত করার একটি আশাব্যঞ্জক পথ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যায়, একটি নতুন বা পুনর্গঠিত তথ্য কমিশন কীভাবে তাদের অগ্রাধিকার ঠিক করে প্রাতিষ্ঠানিক চর্চা ও তথ্য অধিকারের সংস্কৃতির পরিবর্তন এনেছে।

উদাহরণস্বরূপ, ভারতে যখনই কেন্দ্রীয় বা রাজ্যস্তরের তথ্য কমিশনগুলোতে আপিলের জট তৈরি হয়েছে, তখন তথ্য অধিকারকর্মীরা আইনি লড়াইয়ের মাধ্যমে বিশেষ শুনানির ব্যবস্থা করে ঝুলে থাকা লাখ লাখ মামলার নিষ্পত্তি করেছেন। নাগরিকের তথ্য অধিকারের চর্চায় অগ্রগামী রাষ্ট্রগুলোর ইতিবাচক চর্চা সামনে রেখে বাংলাদেশের নতুন তথ্য কমিশনকে তাদের কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন দেশে মুক্ত ও অনুসন্ধানী সংবাদমাধ্যমের বিকাশে প্রধানতম অনুঘটক হিসেবে কাজ করতে পারে। সংবাদমাধ্যম যখন কোনো প্রাতিষ্ঠানিক অনিয়ম বা দুর্নীতির গভীরে পৌঁছাতে চায়, তখন তথ্যের দাপ্তরিক অস্বচ্ছতা এবং কর্মকর্তাদের অসহযোগিতা সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। একটি সক্রিয় তথ্য কমিশন সাংবাদিকদের জন্য সেই দেয়াল ভাঙার আইনি হাতিয়ার।

নতুন কমিশনকে প্রথমত ঝুলে থাকা শত শত অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি করতে হবে। দীর্ঘ ২৩ মাস ধরে কমিশনের শুনানি বন্ধ থাকায় বর্তমানে আট শতাধিক নাগরিকের অভিযোগ জমা রয়েছে। এই বিপুল সংখ্যক ফাইল ও আপিল নিষ্পত্তি করা নতুন কমিশনের জন্য প্রথম ও প্রধান চ্যালেঞ্জ। বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ক্রমান্বয়ে দৈনিক একাধিক শুনানির আয়োজন করে এই ব্যাকলগ বা জট শূন্যে নামাতে হবে। নাগরিকরা যখন দেখবেন, কমিশনে গিয়ে দ্রুত বিচার পাচ্ছেন, তখনই এ প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ফিরে আসবে। দ্বিতীয়ত, মাঠ পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোয় জবাবদিহির পরিকাঠামো পুনর্গঠন করতে হবে।

তৃতীয়ত, শাস্তিমূলক বিধানের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তথ্য অধিকার আইনের মূল সৌন্দর্য ছিল এর শাস্তিমূলক ব্যবস্থা। কিন্তু দীর্ঘদিন কোনো জরিমানা বা বিভাগীয় ব্যবস্থা না থাকায় কর্মকর্তাদের মনে আইনি ভীতি পুরোপুরি দূর হয়ে গেছে। নতুন কমিশনকে আইন অমান্যকারী, তথ্য গোপনকারী বা আবেদনকারীকে হয়রানি করা অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অর্থদণ্ড এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কড়া বার্তা দিতে হবে। চতুর্থত, ইতোমধ্যে তথ্য অধিকার আইনের যে সংস্কার ও পরিমার্জন প্রস্তাব করা হয়েছে, তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কমিশনের অগ্রাধিকার হওয়া উচিত। বিশেষ করে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলার কাজ বেগবান করতে হবে যেন নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তথ্যের আবেদন ও আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

পেশাদার সাংবাদিকদের জনগুরুত্বপূর্ণ ও অনুসন্ধানী তথ্যের আবেদন দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য একটি ‘ফাস্ট ট্র্যাক’ বা অগ্রাধিকারমূলক সেল গঠন করা যেতে পারে। জনস্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অন্যায্য গোপনীয়তার সংস্কৃতি বা ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর ঢালাও অপব্যবহার রুখতে কমিশনকে কঠোর তদারকি ও জবাবদিহি ব্যবস্থা চালু করতে হবে। সাংবাদিকদের তথ্য চাওয়ার প্রক্রিয়া সহজতর করতে ডিজিটাল প্ল্যাটফর্মের আধুনিকায়ন এবং প্রতিবছর গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা প্রয়োজন।

তথ্য কমিশনের এসব অগ্রাধিকার বাস্তবায়নের পাশাপাশি এর প্রকৃত কার্যকারিতা ও স্বাধীনতা নিশ্চিত করতে তথ্য কমিশনকে সর্ম্পূণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। কোনো ধরনের ‘স্বার্থের দ্বন্দ্ব’ বা রাজনৈতিক বিবেচনা ছাড়াই একটি স্বয়ংসম্পূর্ণ সক্রিয় তথ্য প্রদান ব্যবস্থা গড়ে তুলতে হবে।

হোজ্জাতুল ইসলাম: ডেপুটি কো-অর্ডিনেটর, সিভিক এনগেজমেন্ট; বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ