গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে প্রথম বক্তব্যে বলেছিলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। তবে এ কথাটি বলেননি, দীর্ঘ দেড় যুগ ধরে দেশান্তরী হয়ে থাকা তিনি কবে দেশে ফিরবেন। দীর্ঘ দেড় যুগ ধরেই বিএনপির নেতাকর্মীরা তার ফেরার অপেক্ষায় ছিলেন। তাদের প্রত্যাশা ছিল, তিনি শিঘ্রই দেশে ফিরবেন। ৫ আগস্টের পর তাদের মধ্যে তার ফেরার আকাক্সক্ষা প্রবল হয়ে ওঠে। দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সময় মতো তিনি দেশে ফিরবেন। দেশের মাটিতে তারেক রহমানের পা রাখার অপেক্ষায় প্রহর গুণছে তারা। তাদের এই অপেক্ষা একজন নেতার দেশে ফেরার জন্য।
দলটির নেতাকর্মীরা সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় থেকেই আন্দোলন-সংগ্রামে, মিছিলে-শ্লোগানে বলে আসছে, ‘তারেক রহমান ফিরবে দেশে, বীরের বেশে’। দলটির নেতাকর্মীদের এই শ্লোগান এখন দেশের মানুষেরও শ্লোগানে পরিণত হয়েছে। তারা তারেক রহমানকে ‘বীর’ বলেই মনে করছে। কারণ, তিনিই ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে শত নিপীড়ন-নির্যাতন, গুম-খুন, অপহরণ, হামলা-মামলার মধ্যে বিএনপির নেতাকর্মীদের বীরের মতোই শক্তি-সাহস ও প্রেরণা যুগিয়েছেন, আগলে রেখেছেন। সীমাহীন দুঃখ-কষ্টের মধ্যে সাত-সমুদ্র তের নদী দূরে থেকেও তিনি তাদের টিকে থাকার, ঐক্যবদ্ধ থাকার ‘নিউক্লিয়াস’ হয়ে আছেন। তারা মার খেয়েছে, জীবন দিয়েছে, তবুও তাকে ছেড়ে যায়নি। নেতাকর্মীরা তার উপর অসীম আস্থা রেখেছে। যিনি দূর দেশে থেকেও দল এবং দেশের মানুষের অধিকার আদায়ে ও রক্ষায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তিনি তো বীরই। এই বীর ফিরছেন। এ মাসেই ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার এই ফেরা কি সহজ বা কুসুমাস্তীর্ণ হবে? এ শঙ্কা নিয়েও তার ফেরার সংবাদে বিএনপির নেতাকর্মী ও দেশের মানুষের মধ্যে আনন্দ বইছে।
দুই. হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে একজন সত্যিকারের গ্রহণযোগ্য জাতীয় নেতার তীব্র অভাব অনুভূত হয়েছে। সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে সশরীরে নেতৃত্ব দেয়ার মতো নেতা ছিল না। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের মানুষের সাথে সর্বক্ষণ সম্পৃক্ত থেকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলেছেন। বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণে কী করা হবে, তা অনবরত জনগণকে বলে গেছেন। বলার অপেক্ষা রাখে না, ভার্চুয়ালি বড় পর্দায় বা টেলিভিশনের মাধ্যমে জনগণের সামনে আসা, আর সশরীরে তাদের সামনে কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ কাছ থেকে তাদের প্রিয় নেতাকে স্বচক্ষে দেখতে চায়। তার সামনে বসে কথা শুনতে চায়। সুযোগ হলে হাত মিলিয়ে ধন্য হতে চায়।
যেমনটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেলায়। এখনো এমন অনেক সাধারণ মানুষ রয়েছে, যারা জিয়াউর রহমানের সাথে হ্যান্ডসেক করার স্মৃতিচারণ করে। এই হ্যান্ডসেক তাদের জীবনে আনন্দের স্মৃতি হয়ে আছে। তারা বিএনপির সাপোর্টার হয়ে গেছে। একইভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সামনা সামনি দেখে মানুষ তাঁর ভক্ত হয়েছে, তাঁকে ভালোবেসে দেশনেত্রী হিসেবে আখ্যায়িত করেছে। তিনিই এখন দেশের জনপ্রিয়তম জাতীয় নেত্রী। তিনি এমনই একজন নেত্রী, যিনি অসুস্থতাজনিত কারণে ঘর থেকে বের হয়ে জনগণের সামনে আসতে না পারলেও জনগণ তাঁকে ভোলেনি। বরং তার একটু কথা শোনার জন্য উদগ্রীব হয়ে থাকে। তাদের আশা, তিনি সুস্থ হয়ে আবার তাদের সামনে আসবেন, কথা বলবেন। এ অপেক্ষায় তারা রয়েছে। একইভাবে তারেক রহমানের জন্যও তারা অপেক্ষায় রয়েছে।
তিনি কবে ফিরবেন, এই ক্ষণ গণনা করছে। প্রশ্ন হচ্ছে, তার ফেরা কি সহজ? ফেরার পথে কি বাধাবিঘ্ন নেই? এসব প্রশ্নের জবাবে বলা যায়, তার ফেরার পথে যথেষ্ট বাধাবিপত্তি ও হিসাব-নিকাষ রয়েছে। দেশি-বিদেশি অপশক্তি কোনোভাবেই চাচ্ছে না, তিনি দেশে ফিরুন। কারণ, তিনি দেশে ফিরলে দেশের রাজনীতির খোলনলচে বদলে যাবে। আমূল পরিবর্তন হয়ে যাবে। অস্থিতিশীল রাজনীতিকে কেন্দ্র করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, নির্বাচন বানচাল ও পিছিয়ে দিয়ে ক্ষমতা উপভোগ করতে চায়, তাদের সে খায়েশ পূরণ হবে না। আবার বাংলাদেশকে যারা স্থিতিশীল দেখতে চায় না, আধিপত্যবাদ কায়েম করতে চায়, সেই বিদেশি শক্তির খবরদারি বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে তার ফেরার পথে সবচেয়ে বড় বাধা ভারত। ভারত কখনোই চায় না, তারেক রহমান বাংলাদেশে ফিরুক।
তার কলের পুতুল ফ্যাসিস্ট হাসিনাকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা ও জেল দিয়ে দেশে ফেরা বন্ধ করে রেখেছিল। এর কারণ হচ্ছে, ভারত কখনোই জিয়াউর রহমান ও বিএনপির ভারতের আধিপত্যবাদী মনোভাব পছন্দ করে না। হাসিনা ও আওয়ামী লীগের মতো তার কথা মতো চলে না। তার কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বন্দক দেবে না। বিএনপি চায়, ভারতের সাথে সম্পর্ক থাকবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমানে সমান। ভারতের কোনো অন্যায় আচরণ মেনে নেয়া হবে না। গত মাসের (অক্টোবর) প্রথম দিকে বিবিসির সাথে তারেক রহমানের বহুল আলোচিত এবং জনপ্রিয়তা পাওয়া দুই পর্বের সাক্ষাৎকারে ভারত প্রশ্নে তিনি বলেছেন, ‘অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে, আরেক ফেলানী ঝুলে আছে।
অবশ্যই আমরা এটা মেনে নেবো না।’ তার এই বক্তব্যে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ফুটে উঠেছে। ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে। ফলে তার এ বক্তব্য ভারতের পছন্দ হওয়ার কথা নয়। এতে তার ও বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা ও নির্ভরতা দৃঢ় হয়েছে। তাদের কাছে, তারেক রহমান জাতীয় নেতায় পরিণত হয়েছেন, যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরেছেন। এ প্রশ্নে তিনি কোনো রাখঢাক করেননি। ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলেননি। অন্যদিকে, ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর এবং ক্ষমতায় চলে যাচ্ছে, এমন হাইপ তোলা জামায়াতে ইসলামীর ভারতবিরোধী কোনো অবস্থান নেই। ক্ষমতায় যাওয়ার জন্য সে এখন যেকোনো কিছু করতে পারে, তার আচরণে এমন প্রবণতা রয়েছে। প্রয়োজনে ভারতের দ্বারস্থ হতেও দ্বিধা করবে না।
তার কর্মকা-েও তা প্রকাশিত হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, দুর্গা পূজায় জামায়াতের নেতাকর্মীদের মোনাজাত করা, গীতা পাঠ করা, নৃত্য করা, রোজা ও পূজা মুদ্রার এপিঠ-ওপিঠ বলা, হিন্দু শাখা খোলা ইত্যাদি কর্মকা- করেছে এবং করছে শুধুমাত্র হিন্দুত্ববাদী ভারতকে খুশি করার জন্য, যাতে ভারত তাকে ক্ষমতায় যেতে সহায়তা করে। অন্যদিকে, বিএনপি সম্প্রতি রংপুর বিভাগের পাঁচটি জেলায় একযোগে ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ শিরোনামে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করে। দেশে-বিদেশে এবং সামাজিক মাধ্যমে এই কর্মসূচি বিপুলভাবে প্রশংসিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দেশ ও দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে বিএনপির এই কর্মসূচি বিএনপিকে জনমানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারাও ভারতের অন্যায্য আচরণের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। বিএনপি যে, ভারতের আধিপত্যবাদবিরোধী ও অন্যায্য আচরণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে, তা পরিস্কার। তারেক রহমান ও বিএনপি দেশের মানুষকে এই বার্তাই দিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার মতো ভারতের সহযোগিতার প্রয়োজন নেই। তার কাছে দেশের স্বার্থ ও দেশের মানুষ সবার আগে। জনগণ বিএনপিকে ক্ষমতায় আনলে আসবে, না আনলে আসবে না। দেশের স্বার্থে কোনো আপোস করা হবে না। তারেক রহমানের এই নীতিই তাকে জাতীয় নেতায় পরিণত করেছে।
তিন. দেশের ৫৪ বছরের ইতিহাসে যে কয়টি সরকার ক্ষমতায় এসেছে, তার মধ্যে একমাত্র বিএনপিই ভারতের অন্যায় ও অন্যায্য আচরণের সাথে আপোস না করে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছে। আগে দেশের স্বার্থ, তারপর অন্যকিছু। বলা হয়ে থাকে, বিএনপির জন্মই হয়েছে ভারতবিরোধী মনোভাব নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে ভারতবিরোধী অবস্থান নিয়েছিলেন। তিনি ভারতের সাথে কোনো আপোস করেননি। এ কারণে, দেশের মানুষও জিয়াউর রহমান ও বিএনপিকে অকুণ্ঠচিত্তে সমর্থন পেয়েছে। এ কথাও প্রচলিত, জিয়াউর রহমানের ভারতবিরোধী মনোভাবের কারণে ভারতের চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে। এই জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন।
তাঁর সারাজীবনই অতিবাহিত হয়েছে, দেশের প্রতি মায়া-মমতা ও দায়-দায়িত্বের মধ্য দিয়ে। জীবনও দিয়েছেন দেশের জন্য। আজকে যে, বিএনপি এত বড় জনপ্রিয় দলে পরিণত হয়েছে এবং একাধিকবার ক্ষমতায় গিয়েছে, তার মূলভিত্তি জিয়াউর রহমানের নিখাদ দেশপ্রেম। দেশপ্রেমের কারণে তিনি যেমন ’৭১-এ স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, একইভাবে স্বাধীনতার পর প্রেসিডেন্ট হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভারতবিরোধী অবস্থান নিয়েছিলেন। তার চেতনায় শুধুই ছিল বাংলাদেশ। এমন দেশপ্রেমিকের রক্ত যার ধমনীতে বইছে, সেই তারেক রহমান ভারতের কোনো অন্যায়-অন্যায্য আচরণের বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। ফলে ভারত কোনোভাবেই চাইবে না, তিনি বাংলাদেশে ফিরে নির্বাচন করে বিজয়ী হয়ে দেশের নেতৃত্বের ভার হাতে নিক। সঙ্গতকারণেই, তিনি যাতে দেশে ফিরতে না পারেন, এই পরিকল্পনা তার থাকবে। শুধু ভারতই নয়, পতিত আওয়ামী লীগ ও ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের দলালে পরিণত হওয়া একটি দলও চাইবে তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে। কারণ, তিনি দেশে ফিরলে এই ত্রিচক্রের সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। তিনি জাতীয় নেতায় পরিণত হবেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। ফলে দেশ ও বিদেশের স্বার্থান্বেষী এবং ষড়যন্ত্রকারিরা এখন এই মিশন নিয়ে নেমেছে, তারেক রমান ঠেকাও, বিএনপি ঠেকাও, নির্বাচন ঠেকাও। এ কারণেই তারেক রহমানের দেশে ফেরা বিলম্ব হচ্ছে। ষড়যন্ত্রকারিরা তার ফেরার পথে কাঁটা বিছাচ্ছে। এত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কি তারেক রহমান দেশে ফিরতে পারবেন, জাতীয় নেতা হিসেবে টালমাটাল দেশের হাল ধরতে পারবেন? এ প্রশ্নের জবাব পাওয়া যাবে, যেদিন তিনি দেশের মাটিতে পা রাখবেন।
চার. বিএনপির নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানের দেশে ফেরার যেমন অপেক্ষা রয়েছে, তেমনি তাদের মধ্যে উদাসীনতাও রয়েছে। তাদের মধ্যে গা ছাড়া ভাব পরিলক্ষিত হচ্ছে। অথচ তারেক রহমানের দেশে ফেরার পথ যাতে মসৃণ হয়, সে ব্যাপারে যার যার অবস্থান থেকে সচেতন হওয়া জরুরি। তার দেশে ফেরার ক্ষেত্রে জনগণ যাতে ঐক্যবদ্ধ হয় এবং তাকে বরণ করে নিতে স্বতঃস্ফূর্ত পরিস্থিতির সৃষ্টি হয়, এমন পরিকল্পনা ও কর্মসূচি দলটির নেতাকর্মীদের নেয়া উচিৎ। বাস্তবতা হচ্ছে, ষড়যন্ত্রকারিদের কারণে তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন, তাহলে বিএনপির নির্বাচনও হবে না, রাজনীতিও থাকবে না। দেশ এক গভীর সংকটে নিপতিত হবে। সবার আগে বাংলাদেশ, শেষের দিকে যাবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপদের মুখে পড়বে। ফ্যাসিস্ট শাসনের পতনের পরপর কেন তারেক রহমান দেশে ফিরতে পারেননি, কেন তার ফিরতে দেরি হচ্ছে, সমস্যা কোথায়, এ প্রশ্নগুলো দলের নেতাকর্মীদের মনে জেগে থাকা দরকার। গোটা দেশ অপেক্ষায় প্রহর গুনছে। তার দেশে ফেরার বিকল্প নেই। darpan.journalist@gmail.com
