সীমান্তে পুশ ইন ঠেকানোসহ শত কাজের ব্যস্ততার মাঝেও বন্যাকবলিত ও দুর্গম অঞ্চলে ত্রাণ কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এবার নতুন এক অভিযাত্রা শুরু হয়েছে। চোখে পড়ার মতো তৎপরতা। প্রযুক্তির ব্যবহার ও চিকিৎসা সহায়তায় যুগান্তকারী নতুনত্ব এনেছে বাহিনীটির টপ টু বটম নেতৃত্ব। একজন সৈনিক থেকে বাহিনী প্রধান ও মাঠ কর্মকর্তা কাজে একাট্টা। গহীন বা পানিবন্দি এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছাতে ড্রোনের মাধ্যমে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণের মতো অত্যাধুনিক পদ্ধতি চালু করা এক নতুনত্ব। অনেকের কাছে ধারণাতীত। সেইসাথে বন্যার্তদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে বিজিবির নিজস্ব মেডিকেল টিম। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি রয়েছেন নারী চিকিৎসকেরাও। একদিকে মূল কাজ সীমান্ত সুরক্ষা, আরেকদিকে ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিত অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান চলছে।

এর মাঝেই সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী-বিএসএফের পুশ ইনের নিত্য কুচেষ্টা; তাও রুখতে হচ্ছে। বিএসএফ এতে দমে না। আজ এ সীমান্তে, কাল আরেক সীমান্তে পুশ ইনের চেষ্টা চালায় ভারত। খুচরা-উটকা যন্ত্রণাও পাকায়। সেদিন একজন ভারতীয় পাসপোর্টধারী ভারতীয় এক নারীকে বেনাপোলে আটকে দিয়েছে ভারতের ইমিগ্রেশন পুলিশ। গত ১৫ জুন ভারতীয় পাসপোর্টধারী লিপিকা পাল বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর ১২ জুলাই তিনি বাংলাদেশের ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃক তার পাসপোর্ট যাচাইর নামে আটকে দেয়। রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পাকে আপদের ওপর বিপদ। এ ধরনের ভেজাল পাকিয়ে বাংলাদেশকে একটা ঝামেলা-যন্ত্রণায় ব্যস্ত রাখার নানান ফন্দির মাঝেও বিজিবি তার সীমান্ত কাজের সমান্তরালে দুর্গম ও পানিবদ্ধ এলাকায় ত্রাণসামগ্রী বহন করছেন ও বিতরণও করছেন। সেইসাথে চিকিৎসা, উদ্ধার পুনর্বাসনসহ কাজের বিশাল ভলিউম।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় বিজিবির কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কাজ চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটির পুরো কমান্ড। দুর্যোগের এই সময়ে বিজিবির কর্মকর্তা ও সদস্যরা একযোগে কাজ করে বন্যাদুর্গত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেয়ার পেছনে নেতৃত্ব ও সদস্যদের এই সম্মিলিত প্রচেষ্টা বিজিবির পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং মানবিক অঙ্গীকারের এক নতুনত্ব। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটে জনগণের পাশে দাঁড়ানোর এক নতুন রেকর্ড। বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরসহ বন্যাকবলিত ১১ জেলায় এ কর্মতৎপরতার খবর গণমাধ্যমে অনেকটাই বেখবরে।

বাহিনীটির মধ্যে খবর হওয়ার প্রবণতাও কম। বেশি প্রবণতা কাজে ব্যস্ত থাকায়। নানা সূত্রে জানা গেছে, ১১ জেলার শতখানেক পয়েন্টে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মনিটরিং করছে বিজিবি। সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তাও দিচ্ছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে ছুটে গেছে বিজিবি। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া শত-শত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার দিয়েছে। করেছে সুপেয় পানির ব্যবস্থাও। নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে বিজিবি সদস্যদের ওই কর্মতৎপরতায় মুগ্ধ দুর্গতরা। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে বিজিবি কর্মকর্তাদের দুর্গতদের খোঁজ-খবর নেয়ার ধরন, পানিবাহিত রোগ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ উপকারভোগীদের কাছে চরম দিনে পরম পাওয়া।

দুর্যোগ মোকাবিলাসহ বিশ্বশান্তি রক্ষা ও মানবাধিকার রক্ষায় অনবদ্য অবদানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাজের ধরনকে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অনেক আগেই। জাতিসংঘ মিশনে বিশ্বশান্তি রক্ষার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগকবলিত বিভিন্ন দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জরুরি উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ তৎপরতাসহ মানবিক সেবার ধরন বিশ্বকে তাক লাগিয়েছে। এজন্য অসংখ্যবার জাতিসংঘ পদক ও সম্মাননায় ভূষিত করা হয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশের এ সন্তানদের। দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধির জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম মহড়া ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ নিয়মিতভাবে বাংলাদেশে আয়োজিত হয়, যেখানে সশস্ত্র বাহিনী বিশ্বমঞ্চে তাদের সক্ষমতার প্রমাণ দেয়। প্রতিবেশী দেশ মিয়ানমার ও নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সফলভাবে জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা মিশন পরিচালনা করে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত। নিজ দেশে সিডর, আইলা, করোনা মহামারিসহ নানা দুর্যোগে জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনায় তাদের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন গবেষণা সংস্থার কাছে বিশেষভাবে সমাদৃত। সাম্প্রতিক বিপর্যয়ে যার আরেক ঝলক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনার এ কাণ্ডারিদের। সেখানে এবার মাত্রা যোগ করলো বিজিবি। তা শুধু বস্তুগত নয়, এক অনন্য আন্তরিক-মানবিক সংযোগও। দুর্দশাগ্রস্ত মানুষকে নিরাপদে উদ্ধারের পাশাপাশি অভুক্তদের আহারের বন্দোবস্ত কিংবা বেঁচে থাকাদের সান্ত্বনা সবই যোগ হয়েছে তাদের সিলেবাসে।

বাংলাদেশ বিশ্বে দুর্যোগপ্রবণ দেশগুলোর অন্যতম। উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর বাংলাদেশকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগের মোকাবিলা করতে হয়। ভৌগোলিক অবস্থান, উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশটিতে দুর্যোগ অনেকটা নিয়তির মতো। তা কখনো প্রাকৃতিক, কখনো মনুষ্যসৃষ্ট। সশস্ত্র বাহিনী সেই তফাৎ দেখতে যায় না। হোক প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ দুর্যোগই তাদের কাছে। দুর্যোগ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানো এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম করা। এ কঠিন বাস্তবতায় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বিজিবির আগোয়ান ও ভরসার জায়গা হয়ে ওঠা গোটা দেশের জন্যই একটা বার্তা।

পৃথিবীর দীর্ঘতম প্রায় ৪ হাজার ১৫৬ কিলোমিটার পাহারায় সীমিত নয় বিজিবির কাজ। জরুরি দরকারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা, মাদক দমনসহ নানা সামাজিক কাজেও তাদের সারথী হতে হয়। মাদকমুক্ত সমাজ গঠনে তাদের বহুমাত্রিক কার্যক্রম কখনো কখনো বেখবরেই থাকছে। গত এক বছরে সীমান্তে তাদের অভিযানে ৯২৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি গত ১ বছরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ১৪ হাজার ৮০৮টি মতবিনিময় সভা আয়োজন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে প্রায় ২ লাখ ৮৮ হাজার মানুষের কাছে মাদকের ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে এখন নতুন মাত্রা দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলায় নতুনত্ব। সেনা বাহিনীর দায়িত্ব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা।

বিজিবির প্রধান দায়িত্ব সীমান্ত সুরক্ষা। প্রয়োজনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা তাদের উভয়েরই অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিণত হয়েছে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং জাতি গঠনমূলক কর্মকাণ্ডে। দুর্যোগ মোকাবিলার এ কাজটি করতে গিয়ে প্রায় সব ক্ষেত্রেই অগ্রভাগে থাকে। ভবন ধস, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে নিজ জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর কর্মতৎপরতা বরাবরই সাহসের গৌরব গাঁথা। দুর্গম এলাকায় পৌঁছাতে নৌযান, বিশেষায়িত অনুসন্ধান দল এবং আধুনিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ছুটে যায় তারা। পাশাপাশি সেনাবাহিনীর মেডিক্যাল টিম আহতদের তাৎক্ষণিক চিকিৎসা, নিরাপদে হাসপাতালে স্থানান্তর এবং প্রয়োজন হলে সম্মিলিত সামরিক হাসপাতালে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় তারা সর্বদা নিজেদের প্রস্তুত রাখতে অভ্যস্ত হয়ে এখন ভরসার সমান্তরালে কাণ্ডারির ভূমিকায়, যার সর্বশেষ ছাপ এখন দেশের দুর্যোগপীড়িত এলাকায়। বেশ কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক কাজ এ সময়ের অন্যতম ঘটনা। বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুরে বন্যাকবলিত এলাকায় তাদের কাজে কেবল উপকারভোগী নয়, স্থানীয় প্রশাসনও বিজিবেকে যেন নতুন করে চিনছে। সৈনিক ও নেতৃত্বের অবিচ্ছেদ্য ধারাবাহিক কর্মতৎপরতায় দেখছে নতুনে এক বিজিবি।

লেখক : সাংবাদিক-কলামিস্ট, ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন