বৃহস্পতিবার জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে। ইরান যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের কৌশলগত পরিবেশকে নতুনভাবে রূপ দিচ্ছে এবং অঞ্চলটি কয়েক দশকের মধ্যে ভয়ানক এক সংকটের মুখোমুখি। সৌদি আরব ও জিসিসি তথা উপসাগরীয় দেশগুলোতে সংঘাত ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই অনিশ্চিত পরিস্থিতিতে সৌদি ও পাকিস্তানি নেতৃত্বের নিয়মিত পরামর্শ ও বৈঠক রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের গভীরতারই ইঙ্গিতবহ। সৌদি ও পাকিস্তানের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সংঘাতের আরও বিস্তার ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ এবং দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে।
বর্তমান সংকট দুই দেশের জন্যই নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরান যুদ্ধ জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, সমুদ্রপথে বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধি থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত লক্ষ লক্ষ পাকিস্তানির নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির গুরুত্ব নতুন করে সামনে এসেছে। যদিও এই চুক্তি বর্তমান সংঘাতের আগে স্বাক্ষরিত হয়েছিল, তবু এখন এটি সময়োপযোগী বলে মনে হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ঘিরে যখন অনিশ্চয়তা বাড়ছে, তখন এই চুক্তি প্রতিরোধ ক্ষমতা জোরদার করার পাশাপাশি দুই দীর্ঘদিনের অংশীদারের মধ্যে আস্থাও দৃঢ় করছে।
সম্প্রতি পাকিস্তানের ফিল্ড মার্শাল ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের বৈঠক এই কাঠামোর বাস্তব গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। পাকিস্তান আবারও সৌদি আরবের প্রতিরক্ষায় তার দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে—যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কয়েক দশকের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। আঞ্চলিক উত্তেজনার সময়ে এই স্পষ্ট কৌশলগত বার্তা একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ভূমিকা পালন করে এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারত্বের বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করে।
তবে আজ যে সংহতি দেখা যাচ্ছে, তা কোনো একক সংকটের ফল নয়। এটি এমন এক সম্পর্কের প্রতিফলন, যা বহু দশক ধরে গড়ে উঠেছে, যার ভিত্তি যৌথ ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা এবং দুই সমাজের গভীর মানবিক বন্ধন। এই অংশীদারত্বের ভিত্তি কয়েক দশক আগে স্থাপিত হয়েছিল। পাকিস্তানের স্বাধীনতার আগেই আরব উপদ্বীপ ও ভারতীয় উপমহাদেশের জনগণের মধ্যে বাণিজ্য, ধর্মীয় বন্ধন এবং জ্ঞান-বিনিময়ের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠেছিল। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর সৌদি আরব দ্রুতই মুসলিম বিশ্বের মধ্যে তার অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হয়ে ওঠে।
সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক কূটনীতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্বকে অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত কৌশলগত সম্পর্কের রূপ নেয়। প্রতিরক্ষা সহযোগিতা এর অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। ১৯৬০-এর দশকের শেষের দিকে পাকিস্তান ও সৌদি আরব সামরিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, যার মাধ্যমে পাকিস্তানি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ ও আধুনিকায়নে অবদান রাখেন।
দুই দেশের মধ্যে মানবিক বন্ধনও সম্পর্ককে শক্তিশালী করেছে। লক্ষ লক্ষ পাকিস্তানি সৌদি আরবে বসবাস ও কাজ করেন। তারা সৌদি আরবের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি নিজেদের মাতৃভূমির সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখেন। পাকিস্তানে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় আমি পাকিস্তানের জনগণের সৌদি আরবের প্রতি আন্তরিকতা, বিশ্বস্ততা ও উষ্ণতা সরাসরি প্রত্যক্ষ করেছি। সরকারি নেতাদের থেকে সাধারণ নাগরিক—সবার মধ্যেই সৌদি আরবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তাই আমি বলতে পারি, সৌদি-পাকিস্তান সম্পর্কের শক্তি কেবল কূটনীতি বা কৌশলে নয়; বরং দুই দেশের জনগণের আন্তরিক বন্ধুত্বেও নিহিত।
ভবিষ্যতের পানে তাকিয়ে বলা যায়, সৌদি আরব ও পাকিস্তানের অংশীদারত্ব মুসলিম বিশ্বের স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবেই থাকবে। আরব ও ইসলামি বিশ্বে সৌদি আরবের নেতৃত্ব এবং পাকিস্তানের কৌশলগত সক্ষমতা এই সম্পর্ককে গভীর ও স্থিতিশীল করেছে।
সংকটে পড়লেই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রকৃত মূল্য বুঝা যায়। জেদ্দার বৈঠকটি স্মরণ করিয়ে দিয়েছে যে, সৌদি আরব ও পাকিস্তান এমন একটি সম্পর্ক গড়ে তুলেছে, যা ভূরাজনীতির চাপ এবং আঞ্চলিক অস্থিরতার ধাক্কা সহ্য করতে সক্ষম।
যৌথ ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তি ও স্থিতিশীলতার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে সৌদি আরব ও পাকিস্তান কঠিন সময়েও একসঙ্গে থাকবে। কেবল নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য নয় বরং বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্যও কাজ করে যাবে।
ড. আলী আওদ আসেরি: ডেপুটি চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ইরানিয়ান স্টাডিস এবং সৌদি আরবে পাকিস্তানের সাবেক অ্যাম্বাসেডর; আরব নিউজ থেকে ঈষৎ সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
