বাংলাদেশের কৃষি খাতের সংকটের ধরন ও আশঙ্কা পর্যালোচনার আগে অর্থনীতি ও সমাজবিজ্ঞানের তাত্ত্বিক ফ্রেমে বাংলাদেশের কৃষির গতিপথ বিশ্লেষণ করলে দেখা যায়, এটি টমাস ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে ভুল প্রমাণ করে এস্টার বোসারাপের জনসংখ্যা ও প্রযুক্তিগত উদ্ভাবন তত্ত্বের প্রমাণ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ম্যালথাস বলেছিলেন, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, যার ফলে দুর্ভিক্ষ অনিবার্য। কিন্তু বাংলাদেশের কৃষক ও কৃষিবিজ্ঞানীরা সীমিত জমি এবং অস্তিতা চর্চা ও বিকাশের সীমাদ্ধতাার সত্ত্বেও অধিক ফলন ফলিয়ে বোসারাপের তত্ত্ব অনুযায়ী প্রমাণ করেছেন যে, জনসংখ্যার চাপই প্রযুক্তিগত উদ্ভাবন ও নিবিড় চাষাবাদকে ত্বরান্বিত করে।
কৃষি অর্থনীতির ধ্রুপদী তত্ত্ব ল অব ডিমিনিশিং রিটার্নস বা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যেখানে কার্যকর হওয়ার কথা, সেখানে বাংলাদেশের অ্যাগ্রোনমি বা কৃষিতত্ত্ববিদরা উন্নত জাত ও সার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা ধরে রেখেছেন। তবে বাজার ব্যবস্থাপনায় কবওয়েব থিওরি বা মাকড়শার জালের তত্ত্বের নেতিবাচক প্রভাব স্পষ্ট। এই তত্ত্ব অনুযায়ী চলতি বছরের দামের ওপর ভিত্তি করে কৃষকরা আগামী বছরের উৎপাদনের সিদ্ধান্ত নেন। ফলে যে বছর আলুর দাম বাড়ে, পরের বছর সবাই আলু চাষ করে এবং দাম পড়ে যায়। বাংলাদেশের কৃষি বাজারের এই অস্থিতিশীলতা মূলত রাষ্ট্র পরিচালনাকারীদের সৃষ্ট তথ্যের অসামঞ্জস্য এবং অপরিপক্ব বাজার ব্যবস্থার ফল, যা দেশের কৃষি অর্থনীতির অন্যতম বড় কাঠামোগত দুর্বলতাও বটে।
এ ছাড়া সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গ্রামীণ ক্ষমতা কাঠামো এবং ভূমিস্বত্ব ব্যবস্থা এখনও ক্ষুদ্র কৃষকদের অনুকূলে নয়, যা প্রযুক্তি গ্রহণে বাধার সৃষ্টি করে। বাংলাদেশের কৃষি আজকের এই অবস্থানে আসার পেছনে রয়েছে কৃষিবিজ্ঞানীদের নীরব বিপ্লব ও অসামান্য গবেষণা, যা বিশ্ব অ্যাগ্রোনমির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে কাজী পেয়ারা র জনক ড. কাজী এম বদরুদ্দোজার নেতৃত্বে যে প্রাতিষ্ঠানিক কৃষি গবেষণার ভিত্তি স্থাপিত হয়েছিল, তা আজ হয়েছে মহীরুহ। তাঁর দেখানো পথ ধরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা শত শত উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন। বিশেষ করে প্রয়াত বিজ্ঞানী ড.
মাকসুদুল আলমের পাটের জিনোম সিকোয়েন্সিং বা জীবনরহস্য উন্মোচন বিশ্ব কৃষিবিজ্ঞানে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের পথ প্রশস্ত করেছে। লবণাক্ততা সহিষ্ণু ধান, জলমগ্নতাসহিষ্ণু বা স্কুবা রাইস এবং খরাসহিষ্ণু গমের জাত উদ্ভাবনে বাংলাদেশি বিজ্ঞানীদের সাফল্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বের কাছে এক রোল মডেল। হরিপদ কাপালীর মতো তৃণমূলের উদ্ভাবক থেকে শুরু করে গবেষণাগারের বিজ্ঞানী- সবার সম্মিলিত প্রচেষ্টায় জিংকসমৃদ্ধ ধান বা গোল্ডেন রাইসের মতো পুষ্টিকর শস্য এখন মাঠপর্যায়ে চাষ হচ্ছে।
বিজ্ঞানীদের গবেষণা কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ থাকেনি, বরং ল্যাব থেকে ল্যান্ড বা মাঠপর্যায়ে প্রযুক্তির হস্তান্তর সচল রেখেছে কৃষি অর্থনীতির চাকা।\r\nতবে উৎপাদনের এই বিশাল সাফল্যের বিপরীতে খাদ্য অপচয় ও ক্ষতি বা ফুড লস ম্যানেজমেন্টের দুর্বলতা কৃষি অর্থনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আন্তর্জাতিক কৃষি সংস্থার মতে, বাংলাদেশে উৎপাদিত শাকসবজি ও ফলের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ এবং দানাশস্যের প্রায় ১০-১৫ শতাংশ ভোক্তার কাছে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। এই পোস্ট-হারভেস্ট লস বা আহরণপরবর্তী ক্ষতির প্রধান কারণ হলো, সনাতন সংরক্ষণ পদ্ধতি, অপর্যাপ্ত হিমাগার এবং দুর্বল পরিবহন ব্যবস্থা।
সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের আধিপত্য এবং আধুনিক প্যাকেজিং না থাকায় পণ্য পরিবহনের সময় ব্যাপক ক্ষতি হয়, যা প্রকারান্তরে কৃষকের আয় কমিয়ে দেয় এবং ভোক্তার খরচ বাড়ায়। উন্নত বিশ্বে যেখানে ফুড ওয়েস্ট বা খাবার অপচয় ঘটে ভোগের টেবিলে, সেখানে বাংলাদেশে ক্ষতি হয় উৎপাদনের মাঠ থেকে বাজারের পথে। এই অপচয় রোধে কোল্ড চেইন ম্যানেজমেন্ট বা শীতলীকৃত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসার ঘটানো জরুরি।
কিন্তু স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হতে চললেও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে যে কেবল উৎপাদন বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং উৎপাদিত ফসলের প্রতিটি দানার সঠিক ব্যবহার নিশ্চিত করতে যথাযথ ফুড সিস্টেম বা খাদ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে সুপরিকল্পিত কোনো উদ্যোগ দেখা গেল না।\r\nএমন এক প্রেক্ষাপটে সর্বশেষ তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান বিশ্লেষণ করলে বাংলাদেশের কৃষি খাতের বর্তমান সংকটের একটি উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে। বর্তমানে দেশের মোট জিডিপিতে কৃষি খাতের অবদান দাঁড়িয়েছে প্রায় ১১.৫৫ শতাংশে। অথচ মোট শ্রমশক্তির প্রায় ৪৪.৪২ শতাংশই এখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।
শিল্প ও সেবা খাতে শ্রমশক্তির সামান্য অংশ থাকলেও সর্বদা সর্বাধিক মুনাফাকামী সংখ্যাস্বল্প মালিক-ব্যবসায়ী শ্রেণি সরকার ও প্রশাসনকে উৎকোচ ও মদদ দিয়ে শিল্প-সেবা ও কৃষি খাতের বিশাল জনগোষ্ঠীর জীবিকাকে নানামুখী চাপে জর্জরিত করে রেখেছে। এর মধ্যে আবার জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে দেশের শস্য ভাণ্ডারখ্যাত বরিশাল অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে ধানের উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে, যেখানে প্রতি হেক্টরে ফলন এখন উত্তরাঞ্চলের জেলাগুলোর তুলনায় নগণ্য। পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর প্রায় ০.৩ থেকে ১ শতাংশ হারে কৃষিজমি হ্রাস পাচ্ছে, যা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেওয়াকে দিন দিন কঠিন করে তুলছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি; সার ও বীজের ওপর সরকারি ভর্তুকি প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে জ্যামিতিক হারে, যার ফলে কৃষকরা চাষাবাদে আগ্রহ হারাচ্ছে। এ ছাড়া, দেশের কৃষি পরিবারের প্রায় ৮৩ শতাংশই ক্ষুদ্র কৃষক, যাদের অর্ধেকেরই নিজস্ব কোনো জমি নেই। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া সত্ত্বেও পরিবহন খাতের চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। \r\n২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে অর্থনৈতিক অস্থিরতার ফলে খাদ্য মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে, যা বাংলাদেশকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে নিয়ে এসেছে। এ ছাড়া শ্রমবাজারের ক্রমবর্ধমান বৈষম্য সংকটকে আরও ঘনীভূত করেছে।
পশ্চিমাঞ্চলে কৃষিশ্রমিকের আধিক্য থাকলেও পূর্বাঞ্চলে তীব্র সংকট দেখা দিচ্ছে, যা শ্রমের মজুরিতে অসামঞ্জস্য তৈরি করছে। প্রতিবেশী দেশ ভারত বা ভিয়েতনাম যখন প্রযুক্তির ব্যবহারে উৎপাদন খরচ কমিয়ে রপ্তানি বাজার দখল করছে, তখন বাংলাদেশ উচ্চ উৎপাদন খরচ ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। সব মিলিয়ে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি স্তরেই কাঠামোগত দুর্বলতা কৃষি খাতকে এক নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।\r\nইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, কৃষি ও খাদ্যনিরাপত্তাকে উপেক্ষা করে কেবল শিল্পায়নের দিকে ধাবিত হওয়া রাষ্ট্রগুলো বারবার ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী ব্রিটেনে কৃষি উৎপাদনে গুরুত্ব না দেওয়ায় ১৯৫০-এর দশক পর্যন্ত খাদ্য রেশনিং চালু রাখতে হয়েছিল।
সাব-সাহারান আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে শিল্পায়নের মোহ কৃষি খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার পরিণতিতে ১৯৭০-এর দশক থেকে কয়েক বছর পরপর ইথিওপিয়া ও সাহেল অঞ্চলে দুর্ভিক্ষে লাখো মানুষের প্রাণহানি ঘটে। এশিয়ার প্রেক্ষাপটে ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষ এবং ১৯৫৮-১৯৬২ সালে চীনের গ্রেট লিপ ফরোয়ার্ড -এর ফলে সৃষ্ট দুর্ভিক্ষ প্রমাণ করে যে, খাদ্য সরবরাহের ভারসাম্য নষ্ট হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও খাদ্য সংকটের সঙ্গে ক্ষমতার পটপরিবর্তনের নিবিড় সম্পর্ক দেখা গেছে। সাম্প্রতিক সময়ে কোভিড-পরবর্তী মুদ্রাস্ফীতি এবং ২০২৪ সালের আর্থ-সামাজিক-রাজনৈতিক সংকট আবারও প্রমাণ করেছে, পেটের ক্ষুধা ও খাদ্যের অভাব মানুষকে কতটা বিদ্রোহী করে তুলতে পারে।
ঐতিহাসিকভাবেই প্রমাণিত যে, শান্তিপ্রিয় এই জনপদ খাদ্যের সংকটে পড়লে কোনো শাসনব্যবস্থাকেই শাস্তি দিতে পিছপা হয়নি। তাই কৃষি খাতের অবহেলা কেবল অর্থনৈতিক ভুল নয়, এটি একটি বড় ধরনের রাজনৈতিক জুয়াও বটে, যা রাষ্ট্রের স্থিতিশীলতাকে মুহূর্তেই তছনছ করে দিতে পারে।\r\nতবে আশার কথা হলো, বিদ্যমান সংকট ও শঙ্কাগুলো দূর করা গেলে বাংলাদেশের কৃষি খাতের সামনে এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। সরকার বর্তমানে কৃষিকে আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী করার লক্ষ্যে যে ২৫ বছরের মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে, তা বাস্তবায়িত হলে পরিস্থিতির আমূল পরিবর্তন সম্ভব হতে পারে। নেদারল্যান্ডসের মতো প্রযুক্তিনির্ভর কৃষি মডেল অনুসরণ করে সীমিত জমিতেও উৎপাদন দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি করা সম্ভব।
বিশ্বব্যাপী ৪ ট্রিলিয়ন ডলারের কৃষি-প্রক্রিয়াকরণ বাজারে বাংলাদেশের বর্তমান অংশ মাত্র ১ বিলিয়ন ডলার। অথচ অনেক কৃষিপণ্যের উৎপাদনে বাংলাদেশ ১ থেকে শুরু করে শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে। এটি নির্দেশ করে যে, সঠিক নীতি ও বিনিয়োগের মাধ্যমে এখানে বিশাল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে পাট শিল্পের পুনরুজ্জীবনে চীনা বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার পাটকে আবারও সোনালী আঁশ হিসেবে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে পারে। এ ছাড়া কৃষি যান্ত্রিকীকরণে জাপান ও শ্রীলঙ্কার সহায়তায় স্থানীয়ভাবে যন্ত্রপাতি উৎপাদনের উদ্যোগ উৎপাদন খরচ ও শ্রমসংকট কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে রপ্তানি বাড়াতে ১৮টি সংস্থার অনুমোদনের জটিলতা কমিয়ে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক মানের বেশকিছু গবেষণাগার স্থাপন করা জরুরি। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে খরা ও লবণাক্ততাসহিষ্ণু জাত উদ্ভাবন এবং সংরক্ষণাগার সংখ্যা বৃদ্ধি করলে ফসলের অপচয় রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। কৃষিকে কেবল জীবিকা নয়, বরং একটি লাভজনক ও সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে পারলে লাখো-কোটি শিক্ষিত তরুণরাও এই খাতে যুক্ত হবে, যা অর্থনীতির চেহারাই বদলে দেবে।\r\nপরিশেষে বলা যায়, বাংলাদেশের কৃষি খাত কেবল অত্যধিক জনসংখ্যার বাংলাদেশের খাদ্যের মূল জোগানদাতাই নয়, এটি জাতীয় নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতারও প্রতীক। মনে রাখতে হবে, বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা ও ভূ-রাজনৈতিক সমীকরণে টিকে থাকতে হলে নিজস্ব খাদ্যভান্ডার সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই। কৃষিব্যবস্থার আধুনিকায়ন হলে এবং মৌলিক কর্তব্য বিবেচনায় কৃষকের মুখে হাসি ফোটানো গেলে আগামীর বাংলাদেশ অবশ্যই সমৃদ্ধ ও স্থিতিশীল হবে।
