বাংলাদেশের উন্নয়নযাত্রা আজ এক নতুন মোড়ে দাঁড়িয়েছে- যেখানে সংস্কার, জবাবদিহি এবং ন্যায়বিচারের প্রশ্নগুলো ক্রমেই রাষ্ট্রীয় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এই দীর্ঘ সংস্কার অভিযাত্রার সবচেয়ে বড় বাধা আইন প্রণয়নের ঘাটতি নয়; বরং, এক অর্থে বলা যায়, সমস্যার মূল নিহিত রয়েছে আইনের আধিক্য এবং এর অপ্রতুল বাস্তবায়নে। আমরা বহু আইন প্রণয়ন করেছি- অর্থনীতি, শ্রম, প্রশাসন, এমনকি নাগরিক অধিকারের ক্ষেত্রেও, কিন্তু সেগুলোর কার্যকর বাস্তবায়ন আজও কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছেনি। ফলস্বরূপ, আইনের অস্তিত্ব কাগজে আছে, বাস্তবে নয়। আইনের ভাষা আছে, কিন্তু তার প্রাণশক্তি প্রয়োগ অনুপস্থিত।\r\nবস্তুত, রাষ্ট্রের আইন ব্যবস্থায় পরিমাণ নয়, প্রয়োজন গুণগত দৃঢ়তা। কোনো দেশে শত শত আইন থাকলেও সেই দেশ আইনের শাসনে উন্নত হয় না।

বরং আইনগুলো কতটা ন্যায্য, কতটা বাস্তবসম্মত এবং কতটা নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে, তা-ই প্রকৃত সূচক। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের কিছু গুরুত্বপূর্ণ আইন, বিশেষত অপরাধ, শ্রম, অধিকার ও প্রশাসন সংক্রান্ত ক্ষেত্রগুলোতে, এখনো নানা ফাঁকফোকর ও প্রশ্নবিদ্ধ ধারা বহন করছে, যা নাগরিক আস্থা দুর্বল করে এবং ন্যায়বিচারের পথকে জটিল করে তোলে। এই প্রেক্ষাপটে শুধু আইন প্রণয়ন বা সংশোধনই যথেষ্ট নয়; বরং প্রয়োজন সঠিক প্রয়োগ, কার্যকর তদারকি এবং রাজনৈতিক সদিচ্ছার নিশ্চয়তা।

আইন তখনই জীবন্ত হয়, যখন তা মাঠপর্যায়ে মানুষের জীবনে স্পর্শ ফেলে, অন্যায়কে ঠেকাতে পারে এবং ন্যায়কে রক্ষা করে।\r\nসম্প্রতি বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের পুরনো ও অমীমাংসিত সমস্যাগুলো আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। বলা যায়, এটি বাংলাদেশের শ্রম ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই অধ্যাদেশ শুধু একটি আইন সংশোধন নয়, বরং একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন- রাষ্ট্র, শ্রমিক ও মালিকপক্ষের সম্পর্ককে আরও মানবিক, ন্যায্য এবং আন্তর্জাতিক মানদণ্ডসম্মত কাঠামোতে নিয়ে যাওয়ার দৃঢ় পদক্ষেপ। নতুন আইনে মোট ১৮৪টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা কাগজে-কলমে এক বৃহৎ সংস্কার কর্মসূচির প্রতিফলন।

এই পরিবর্তনগুলো শুধু প্রশাসনিক নয়; এতে নিহিত রয়েছে শ্রমিক শ্রেণির মর্যাদা, নিরাপত্তা এবং ন্যায্যতার নতুন সংজ্ঞা। দীর্ঘদিন ধরে যে শ্রেণিগুলো আইনের বাইরে থেকে গেছে তাদের মধ্যে অন্যতম হলো গৃহকর্মী, নাবিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীরা। এই সংশোধিত আইনের মাধ্যমে প্রথমবারের মতো তারা আইনগত স্বীকৃতি ও সুরক্ষা পেয়েছেন, যা নিঃসন্দেহে বাংলাদেশের শ্রম আইন ইতিহাসে এক মাইলফলক।\r\nগৃহকর্মীরা এতদিন সমাজের এক অদৃশ্য কর্মশক্তি হিসেবে থেকে গেছেন- অসংগঠিত, অনিরাপদ এবং প্রায়ই নির্যাতনের শিকার। কিন্তু এই আইন তাদের শ্রমকে স্বীকৃতি দিয়েছে, মর্যাদার আসনে বসিয়েছে এবং তাদের ওপর হওয়া যে কোনো অবিচারকে আইনের আওতায় এনেছে।

একইভাবে, নাবিকদের পেশাগত ঝুঁঁকি, আন্তর্জাতিক কর্মপরিবেশ ও নিরাপত্তা মানদণ্ডে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও এখন থেকে শ্রম আইনের পরিধির মধ্যে আসবেন, যা এ খাতে কর্মরত লক্ষাধিক মানুষের জন্য নতুন ন্যায়বিচারের ভিত্তি তৈরি করবে। ফলত, এই অধ্যাদেশ শুধু শ্রম কাঠামোকে আধুনিক করছে না- একই সঙ্গে রাষ্ট্রীয় দায়বদ্ধতার পরিসরও প্রসারিত করছে। বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়েছে, যেখানে শ্রমজীবী মানুষকে আর অদৃশ্য শক্তি হিসেবে দেখা হবে না; বরং তাদের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা শ্রমনীতির কেন্দ্রবিন্দু হবে।\r\nনতুন শ্রম আইন সংশোধনে এমন কিছু সংযোজন আনা হয়েছে, যা দীর্ঘদিন ধরে শ্রমিক শ্রেণির জীবনে এক অদৃশ্য শৃঙ্খল হিসেবে কাজ করছিল।

এর মধ্যে অন্যতম হলো, কালো তালিকা বা ব্ল্যাকলিস্টিং প্রথার অবসান, যা অতীতে অনেক পরিশ্রমী ও ন্যায্য শ্রমিককে অন্যায়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল। এতদিন কোনো শ্রমিক যদি তার কর্মস্থলে অন্যায়, বৈষম্য বা বকেয়া মজুরি নিয়ে অভিযোগ তুলতেন, তখন অনেক মালিকপক্ষই তাকে চাকরি থেকে বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ পাওয়ার পথও বন্ধ করে দিত। এই ব্ল্যাকলিস্টিং ছিল এক নিঃশব্দ প্রতিশোধ প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ শ্রমিকদের ছিল না। নতুন আইনে এই অনৈতিক প্রথাকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা শ্রমিকের কণ্ঠকে আইনি স্বীকৃতি এবং সুরক্ষা দিয়েছে।\r\nসংশোধিত আইনে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত হয়েছে, যা নারী শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ নিরাপত্তাবলয় তৈরি করবে।

দেশের শ্রমবাজারে নারী অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। কিন্তু তাদের অনেকেই কর্মক্ষেত্রে লাঞ্ছনা ও ভয়ভীতির পরিবেশে কাজ করতে বাধ্য হন। নতুন আইন তাদের জন্য ন্যায়বিচারের বাস্তব পথ খুলে দিয়েছে, যেখানে ভুক্তভোগী শুধু অভিযোগই তুলবেন না, বরং রাষ্ট্রীয় সুরক্ষারও দাবিদার হবেন। এছাড়া আইনটি মাতৃত্বকালীন সুবিধার পরিধি ও সময়কাল বাড়িয়েছে, যা নারী কর্মীদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে আর্থিক ও মানসিক নিশ্চয়তা দেবে। একই সঙ্গে লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে- এটি কেবল অর্থনৈতিক নয়, এক গভীর সামাজিক সংস্কারের বার্তাও বহন করে। কারণ, শ্রমক্ষেত্রে নারীর মূল্যায়ন আর সহায়ক কর্মী হিসেবে নয়, বরং সমান অবদানকারী হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

অধিকন্তু দুর্ঘটনায় আহত বা অক্ষম শ্রমিকদের জন্য নতুনভাবে ক্ষতিপূরণ ও পুনর্বাসন তহবিল গঠন করা হয়েছে, যাতে শ্রমিক এবং তার পরিবার কোনো দুর্ঘটনার পর আর্থিক অনিশ্চয়তার মধ্যে না পড়ে। এই তহবিল কেবল মানবিক সহায়তা নয়, এটি শ্রমের মর্যাদা রক্ষার প্রতীক।\r\nঅবশেষে, বেসরকারি খাতে কর্মরতদের জন্য প্রভিডেন্ট ফান্ড বা সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপ শ্রমিকজীবনের নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত এবং অবসরোত্তর জীবনে স্থিতিশীলতা নিশ্চিত করবে। সব মিলিয়ে, এই পরিবর্তনগুলো একসঙ্গে শ্রমক্ষেত্রে ন্যায্যতা, মর্যাদা এবং মানবিকতার নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি শুধু আইনি সংস্কার নয়, বরং বাংলাদেশের শ্রমবাজারে একটি নৈতিক ও সামাজিক পুনর্জাগরণের সূচনা।

এছাড়া ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, ছোট ছোট কারখানায়ও মাত্র ২০ জন শ্রমিক থাকলেই তারা নিজস্ব ইউনিয়ন গঠন করতে পারবে। এই পদক্ষেপ শ্রমিকদের সংগঠিত হওয়া এবং নিজেদের অধিকার যথাযথভাবে দাবি করার পথকে অনেক বেশি উন্মুক্ত করেছে। এর আগে অন্তর্র্বর্তী সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুমোদন করেছিল, যা পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে সহিংসতা থেকে মুক্তি নিশ্চিত করে। \r\nফলে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ যেখানে আইএলও-এর সব দশটি মৌলিক কনভেনশন অনুমোদন করা হয়েছে। এসব পদক্ষেপ একত্রিতভাবে জাতীয় শ্রমনীতিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করে।

এই নীতিমালা কার্যকর হলে, আমাদের কর্মক্ষেত্রগুলো আরও ন্যায্য, মানবিক এবং নিরাপদ হয়ে উঠবে, যা শ্রমিকদের দীর্ঘমেয়াদি সুরক্ষা এবং মর্যাদার নিশ্চয়তা প্রদান করবে। কিন্তু আইন প্রনয়নের পরেই আসল পরীক্ষা শুরু হয় বাস্তবায়নের। এই ক্ষেত্রেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিহিত। এক্ষেত্রে বাংলাদেশ এখনো অর্ধেক পথ অতিক্রম করেছে। ফলে আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। বহু দশক ধরে বিশেষত শ্রমনির্ভর শিল্পক্ষেত্রে, শ্রমিকরা প্রায়ই অরক্ষিত থেকেছেন। অসুরক্ষিত কর্মপরিবেশ, বিলম্বিত বা আটকে রাখা মজুরি এবং অভিযোগ জানালেও ন্যায্য প্রতিকার না পাওয়া- এগুলো যেন স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। এই বাস্তবতা নির্দেশ করে যে, শুধু আইন থাকা যথেষ্ট নয়; তা কার্যকরভাবে প্রয়োগ ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

ন্যায্যতা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে নীতিমালা অনুসরণ, পর্যবেক্ষণ এবং সঠিক প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।\r\nদুঃখজনক হলেও সত্য, অন্তর্র্বর্তী সরকারের সময় শ্রমিকদের দুরবস্থা পুরোপুরি দূর হয়নি, যদিও সেই সময়ের শ্রম সংস্কার আন্দোলনের অন্যতম শক্তিশালী চালিকাশক্তি ছিলেন শ্রমিক শ্রেণি। এই বাস্তবতা একটি সতর্কবার্তা বহন করে যে, ঐতিহাসিক অধ্যাদেশটি বাস্তবায়িত হয়েছে, তা ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে যদি সরকার, শ্রম প্রশাসন, নিয়োগকর্তা এবং রাজনৈতিক দলগুলো যথাযথ আন্তরিকতা ও কঠোরতার সঙ্গে তা প্রয়োগে অঙ্গীকারবদ্ধ না হয়। এটি স্পষ্ট করে যে, আইন এবং নীতিমালা শুধু পাণ্ডুলিপি হিসেবে থাকলেই কাজ হয় না; সঠিক বাস্তবায়ন, নিয়মিত পর্যবেক্ষণ এবং দায়িত্বশীল প্রশাসনিক মনোভাবই নিশ্চিত করতে পারে যে, শ্রমিকরা প্রকৃত অর্থে তাদের অধিকার ও সুরক্ষা পায়। কারণ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি কর্মজীবী শ্রেণি- যারা শুধু পরিশ্রমী নয়, বরং সম্মানিত, সুরক্ষিত এবং ক্ষমতাসম্পন্ন। তাদের জীবনে যেন বিরাজ করে নিরাপত্তা, ন্যায্যতা এবং মর্যাদা। তাদের কণ্ঠে যেন ভয় বা অনিরাপত্তার কোনো আস্তানাই না থাকে; বরং থাকে অধিকার, মর্যাদা এবং আত্মবিশ্বাসের শক্তিশালী প্রতিধ্বনি। এক কর্মজীবী সমাজ, যেখানে শ্রমিকরা সঠিকভাবে সুরক্ষিত ও ক্ষমতাবান, সেটিই একটি সমৃদ্ধ, ন্যায়সঙ্গত এবং শক্তিশালী জাতির ভিত্তি।\r\nলেখক : আইনজীবী ও গবেষক \r\nsarkerjahangiralam78@gmail.com