বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি নিয়ে দেশে যখন ব্যাপক আলোচনা-সমালোচনা, সেই সময় দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে পারে জ্বালানি ক্ষেত্রে একটি অবিস্মরণীয় মাইলফলক। দক্ষ জনবল দিয়ে সঠিক ব্যবহারে বিদ্যুৎ সমস্যার সমাধান ঘটাতে পারে এই প্রকল্পটি। এটি বাস্তবায়ন হলে বৈশ্বয়িক চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ।

কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আজ মঙ্গলবার ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) ইউনিট-১-এ নতুন জ্বালানি লোডিং শুরু হবে।

১৯৬১ সালে নেওয়া প্রকল্প দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে ৬৭ বছর পর বাস্তবের মুখ দেখছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। জ্বালানি লোডিংয়ের তিন মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে এবং ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানো হবে।

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে কেন্দ্রটি চালু হলে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট কমাতে সাহায্য করবে এবং ব্যয়বহুল আমদানীকৃত তরল জ্বালানির ওপর নিভর্রতা হ্রাস করবে বলে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) ২০২৬ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে (বিএইসি) ইউনিট-১-এর লাইসেন্স প্রদান করে। জ্বালানি লোডিং হলো বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নির্মাণ পর্যায় থেকে পরিচালন পর্যায়ে উত্তরণের ইঙ্গিত বহন করে।

এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে নতুন জ্বালানি লোড করা হয়, যা বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগের চূড়ান্ত ধাপ প্রথম তাপ উৎপাদন এবং নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনসহ বিদ্যুৎকেন্দ্র চালুর পথ প্রশস্ত করে থাকে।

বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক জ্বালানি হলো স্বল্পসমৃদ্ধ ইউরেনিয়াম থেকে তৈরি ইউরেনিয়াম ডাইঅক্সাইড পেলেট। কয়লা বা তেলের মতো এই পেলেটগুলো তাপ উৎপন্ন করে বিদ্যুৎ তৈরি করে। প্রতিটি পেলেটের ওজন প্রায় ৪ দশমিক ৫৫ গ্রাম; কিন্তু এটি প্রায় এক টন কয়লার সমতুল্য শক্তি উৎপাদন করতে পারে। একটি জ্বালানি পেলেট শূন্য কার্বন নিঃসরণে বাংলাদেশের একটি সাধারণ পরিবারকে কয়েক মাস ধরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট।

পেলেটগুলোকে ফুয়েল রড নামক জিরকোনিয়াম শংকর ধাতুর টিউবের মধ্যে রাখা হয়, যা তেজস্ক্রিয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ফুয়েল রডগুলো প্রতিস্থাপনের প্রয়োজন না হওয়া পর্যন্ত বেশ কয়েক বছর ধরে চুল্লির কেন্দ্রে থাকে।

একত্রিত অ্যাসেমব্লিতে এই রডগুলো প্রায় ৪ দশমিক ৬ মিটার লম্বা হয় এবং প্রতিটিতে প্রায় ৫৩৪ কেজি জ্বালানি (স্বল্পসমৃদ্ধ ইউরেনিয়াম ডাইঅক্সাইড) থাকে। ইস্পাত এবং জিরকোনিয়ামসহ প্রতিটি রডের ওজন প্রায় ৭৫০ কেজি এবং প্রতিটি অ্যাসেমব্লিতে এই ধরনের ৩১২টি রড থাকে।

ইউনিট-১ এর রিঅ্যাক্টর কোরে ১৬৩টি অ্যাসেমব্লি ব্যবহার করা হবে, যা পানি দ্বারা শীতল করা হবে। ১৬৪টি অ্যাসেমব্লির প্রথম ব্যাচ (একটি অতিরিক্ত অ্যাসেমব্লিসহ) ২০২৩ সালের অক্টোবরে এসে পৌঁছায়, যা জ্বালানি লোডিংয়ের আগে পরিদর্শন এবং প্রস্তুতির সুযোগ করে দেয়।

সাইটে জ্বালানি অ্যাসেমব্লিগুলোর আগেভাগে এসে পৌঁছানোর ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ পরিদর্শন পরিচালনা, কাঠামোগত অখণ্ডতা যাচাই, গুণমান নিয়ন্ত্রণ নিশ্চিত করা, নির্দিষ্ট অ্যাসেমব্লিগুলোর সঙ্গে পরিচিত হওয়া, হ্যান্ডলিং ও লোডিংয়ের পদ্ধতি এবং কৌশল শেখা এবং অবশেষে রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য প্রস্তুতি নিতে সক্ষম হন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রথম পারমাণবিক জ্বালানি লোডিংকে একটি নবনির্মিত রিঅ্যাক্টরের কোরে জ্বালানি অ্যাসেমব্লিগুলোর প্রাথমিক স্থাপন হিসেবে সংজ্ঞায়িত করে। এটি সেই মুহূর্তকে চিহ্নিত করে যখন একটি রিঅ্যাক্টর নির্মাণ পর্যায় থেকে একটি কার্যকরী বিদ্যুৎ উৎসে পরিণত হয়। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, কমিশনিং পরীক্ষাগুলোকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা হয়: প্রাক-পরিচালনা এবং পরিচালনামূলক (পারমাণবিক পরীক্ষাসহ) পরীক্ষা। প্রাক-পরিচালনা পরীক্ষার মধ্যে কোনো জ্বালানি লোড করার আগে প্লান্টের স্বতন্ত্র সরঞ্জাম, উপাদান এবং সিস্টেমগুলো পরীক্ষা করা অন্তর্ভুক্ত।

সব প্রয়োজনীয় প্রাক-পরিচালনা পরীক্ষা সম্পন্ন, পর্যালোচনা এবং পরিচালনাকারী সংস্থা কর্তৃক অনুমোদিত হওয়ার পর এবং ছাড়পত্রের জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পরই কেবল জ্বালানি লোড করার অনুমতি দেওয়া হয়। নতুন জ্বালানির প্রথম লোডিং হলো কমিশনিং-এর পরবর্তী পর্যায়ের একটি অংশ, যার মধ্যে পারমাণবিক-সম্পর্কিত কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে।

একটি পারমাণবিক বিদ্যুৎচুল্লিতে প্রথম জ্বালানি লোডিংয়ের জন্য পরিচালনামূলক প্রস্তুতি হলো চূড়ান্ত নথিভুক্ত নিশ্চিতকরণ যে জনবল, পাওয়ার ইউনিটের সরঞ্জাম, কাঠামো, প্রক্রিয়া, কর্মসূচি, কার্যপ্রণালি, সুরক্ষা প্রটোকল এবং সহায়ক অবকাঠামো ও সংস্থা ব্যবস্থাপনা ব্যবস্থা পারমাণবিক জ্বালানি সন্নিবেশের জন্য প্রস্তুত।

নিরাপত্তা, নকশা এবং নিয়ন্ত্রক মানদণ্ড অনুসারে জ্বালানি লোডিংয়ের জন্য প্রয়োজনীয় সব প্লান্ট সিস্টেমের নির্মাণ ও স্থাপন সম্পন্ন করা।পারমাণবিক চালুকরণের জন্য প্রস্তুতি নিশ্চিত করে, সব প্রাক-পরিচালন (এ-পর্যায়) কমিশনিং পরীক্ষার সমাপ্তি এবং নিয়ন্ত্রক অনুমোদন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ অক্টোবর বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এ ছাড়া নভেম্বর ২০১৭-তে মূল অবকাঠামো নির্মাণ এবং ২০২৩ সালের অক্টোবরে জ্বালানি হস্তান্তর সম্পন্ন হয়।

মঙ্গলবার বিকেল ৩টায় রূপপুর পারমাণবিক কেন্দ্রের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রনালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। স্বাগত বক্তব্য দেবেন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সম্মানিত অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ বিভাগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চেয়ারম্যান রাফায়েল গ্রসি ও রসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ।

এবিএম ফজলুর রহমান: স্টাফ রিপোর্টার, সমকাল, পাবনা অফিস এবং ২০২৫ সালে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অ্যাটোমেকি উইক’ এ অংশগ্রহণকারী বাংলাদেশি সাংবাদিক