বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসারে বাংলাদেশের মতো দেশে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ থাকতে হবে। কিন্তু বাংলাদেশে এ খাতে সাধারণত বরাদ্দ দেওয়া হয় প্রায় ১ শতাংশ। প্রতি বছর এ খাতে বাজেট বরাদ্দ বাড়তে থাকে। কিন্তু সেটা হয় জাতীয় বাজেটের আকার বৃদ্ধির কারণে। অগ্রাধিকার নির্ধারণ, অনিয়ম ও অদক্ষতার কারণে স্বাস্থ্যসেবা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ অভীষ্ট নাগরিকদের কাছে পৌঁছায় না। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দের সিংহভাগই ব্যয় হয় স্বাস্থ্য কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ব্যয়ের জন্য। ফলে সংগত কারণেই দেশে রয়েছে চিকিৎসা সংকট।\r\nফলে অনেকেই বাধ্য হয়েই নিয়মিত চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য বিদেশে যান।

চিকিৎসার জন্য তাদের পছন্দের তালিকায় রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ও ভারতের মতো দেশ। বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) ও বাংলাদেশ সোসাইটি অব প্রাইভেট হাসপাতালের তথ্যমতে, গড়ে প্রতি বছর পাঁচ লাখ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন। এতে প্রায় ৩০ হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। যারা বিদেশে চিকিৎসা নিতে যান, তাদের অভিযোগ- দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে হয়রানি, চিকিৎসকদের দুর্ব্যবহার, অতিরিক্ত ব্যয়সহ সরকারি হাসপাতালগুলোর দীর্ঘসূত্রতা এড়াতেই বিদেশের হাসপাতালগুলোতে যান তারা।\r\nবিশেষজ্ঞদের মতে, রোগীদের এই বিদেশমুখিতার কারণ হলো, দেশীয় স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা।

দেশে আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা নিশ্চিতের মাধ্যমে রোগীদের আস্থা ফিরিয়ে আনা এবং বিদেশ যাওয়ার প্রবণতা কমিয়ে বৈদেশিক মুদ্রার বড় অংশ সাশ্রয় করা সম্ভব। সরকার চিকিৎসা ব্যবস্থাকে এখনো একটি অভিন্ন ছাতার নিচে নিয়ে আসতে পারেনি। স্বাস্থ্যসেবার জন্য মোট যে ব্যয় হয়, তার প্রায় ৭০ শতাংশই আসে দেশের নাগরিকদের নিজের পকেট থেকে। এটা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। \r\nদেশের চিকিৎসকরা কোনো অংশেই অন্য দেশের চিকিৎসকদের চেয়ে কম মেধাবী নন। ভুটান-নেপালসহ নানা দেশের রোগীরা বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন। মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুরোদমে কাজ করা জরুরি। যদিও রাতারাতি কোনো কিছুর পরিবর্তন করা সম্ভব নয়, তারপরও জোরালো প্রচেষ্টা অত্যাবশ্যক। রোগীকে জটিল সমস্যার কথা বললে রোগীসহ পুরো পরিবারই মুষড়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের একজন অধ্যাপক জনকণ্ঠকে বলেছেন, প্রতি বছর বাজেটে স্বাস্থ্য খাতের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো হচ্ছে। তবে বরাদ্দের পরিমাণ বাড়লেই যে খাতে উন্নয়ন হবে, তা নয়। মূল সমস্যা হলো এই বরাদ্দ কোথায় কিভাবে, কী উদ্দেশ্যে ব্যয় হবে সে বিষয়ে বাজেটে কোনো স্পষ্ট পরিকল্পনা বা দিকনির্দেশনা থাকে না। একটি সুস্থ জাতি গড়ে তুলতে, এসডিজির গোল শতভাগ অর্জন করতে, সর্বোপরি নির্বিঘ্নে প্রত্যেক নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চাই আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত আদর্শ ব্যবস্থাপনা।