আন্তঃনগর ট্রেনে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সী যাত্রীদের ২৫% ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবরটি শুনতে ভালো লাগলেও, সিদ্ধান্তটি রেলকে কার্যত ক্ষতিগ্রস্ত করার শামিল। এতে রেলের লোকসানের পাল্লা বহুগুণ ভারী হবে। এই মুহূর্তে রেলের প্রতি বছর গড় লোকসান ২ হাজার কোটি টাকা। বিপুল এই লোকসান কমাতে ইতোমধ্যেই ভাড়া সমন্বয়ের ভাবনা ছিল রেলের। ভাড়া বাড়ানো সংক্রান্ত সব পর্যালোচনাও শেষ করেছে রেলওয়ে। সরকারের এই সিদ্ধান্ত রেলের জন্য বাড়তি চাপ তৈরি করবে।
গত এক যুগে রেলে উন্নয়নের নামে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা। অথচ ইঞ্জিন সংকটে ট্রেন চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ১৯৬৯-৭০ সালে রেলওয়েতে ইঞ্জিন ছিল ৪৮৬টি। স্বাধীনতার ৫৫ বছরে তা কমে দাঁড়িয়েছে ২৮৫টিতে। এর মধ্যে ৭০% ইঞ্জিনের মেয়াদ বহুকাল আগে পেরিয়ে গেছে।
দেশে মাত্র ৩ হাজার কিলোমিটার রেলপথের ৬৫% ঝুঁকিপূর্ণ। ফলে গতি কমেছে, বেড়েছে দুর্ঘটনা। মজার ব্যাপার, এই তিন হাজার কিলোমিটার রেলপথে ২,৫০০টি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে ১,৪০০টি অবৈধ। ভাবতে পারেন!
স্বাধীনতার সময় ৫ কোটি মানুষের জন্য বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহী কোচ ছিল ১,৬৪৩টি। বর্তমানে জনসংখ্যা ১৮ কোটি হলেও কোচের সংখ্যা মাত্র ২,৭০০টি।
জনবলের অভাবে বন্ধ হতে বসেছে চট্টগ্রামের পাহাড়তলী ও নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। ফলে রেলের সামান্য মেরামতের যন্ত্রাংশও এখন বিদেশি আমদানিনির্ভর। জনবল ঘাটতি পূরণে অস্থায়ী শ্রমিক নিয়োগ করেছে রেলওয়ে; বর্তমানে বিভিন্ন বিভাগে ৮ হাজার অস্থায়ী শ্রমিক কর্মরত। টাকার অভাবে তাদের বেতনও নিয়মিত দিতে পারছে না রেলওয়ে। অস্থায়ী টিএলআর শ্রমিকদের বেতন হয় ৪-৫ মাস পরপর, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ থেকে। ঈদের আগে বেতন-ভাতার দাবিতে বহু বছর আন্দোলন করতে হয়েছে। বুঝতেই পারছেন রেলের অবস্থা!
বিপুল চাহিদা থাকা সত্ত্বেও কোচ ও ইঞ্জিন সংকটের কারণে পণ্য পরিবহনে ভয়াবহভাবে পিছিয়ে আছে রেলওয়ে। এখনও ১ টাকা আয় করতে ২ টাকা ৫০ পয়সা ব্যয় হয় রেলের।
গত এক যুগে অপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের ফলে রক্ষণাবেক্ষণ খরচ বহুগুণ বেড়েছে, কিন্তু আয় কমেছে। কারণ এসব রুটে রোলিং স্টকের অভাবে পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্মিত নতুন রেললাইনগুলোতে একটি বা দুটি ট্রেন চলছে; এতে ব্যয়ের তুলনায় আয় করতে পারছে না রেলওয়ে। ফলে এসব রেললাইন নির্মাণে নেওয়া বিদেশি ঋণের টাকা কবে শোধ হবে, তা নিয়েই বিপাকে সংস্থাটি। কোনো কোনো রুটে মাসিক জ্বালানি খরচও আয়ের সমান হয় না।
গতি ও সেবার মানের দিক থেকে বিশ্ব রেলসেবার তালিকায় বাংলাদেশের অবস্থান তলানীতে। বিদেশি ঋণে জর্জরিত রেলে যদি আবার বিশেষ দুটি শ্রেণিকে ২৫% ভাড়া ছাড় দেওয়া হয়, তার ভার কতটা সইতে পারবে রেল?
লেখক: নাজমুস সালেহী, রেল সাংবাদিক
