এপ্রিল মাসে বাংলাদেশে যখন বৈশাখী মেলা এবং নববর্ষের উৎসব শুরু হয়, ঠিক একই সময় থাইল্যান্ডে শুরু হয় তাদের ঐতিহ্যবাহী সংক্রান বা জলকেলি উৎসব। বাংলাদেশ মেতে ওঠে মেলায়, হাজার বছরের ঐতিহ্যবাহী গান, নাটক, যাত্রাপালা বা লাঠি খেলায়। একই সঙ্গে দুই দেশেই এপ্রিল থেকে ঝড়বৃষ্টির মৌসুম শুরু হয়। উৎসবের সঙ্গে আতঙ্কের এমন পাশাপাশি অবস্থান পৃথিবীর সব দেশেই ছিল এবং আগামীতেও থাকবে। পহেলা বৈশাখ ও নতুন বছরকে স্বাগত জানাতে সরকারি-বেসরকারি দুই প্রান্তেই যথেষ্ট আগ্রহ ও প্রস্তুতি থাকে। কিন্তু বৈশাখ মাস তো শুধু শুভ সূচনাই করে না, বরং নানা অশুভ-অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন– ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এই বৈশাখ মাস থেকেই আবির্ভূত হয়। এসব দুর্যোগের সঙ্গে সম্পৃক্ত হয় সমতল ভূমিতে সাগরের নোনাজল ঢুকে যাওয়া ও জলাবদ্ধতা, বাঁধ ভেঙে অপ্রস্তুত মানুষ ও গবাদি পশুর বাস্তুচ্যুত হওয়া এবং পানিবাহিত রোগের বিস্তার। অবকাঠামোগত ও আর্থিক ক্ষতির হিসাবে তা অনেক বড় এবং অবস্থার শতভাগ পুনরুদ্ধার অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন অধ্যয়নে দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণসহ দুর্যোগ সচেতন সমাজ ব্যবস্থা নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সেটি নির্মাণ করতে গেলে প্রস্তুতি পর্যায়েই অন্তর্ভুক্তিমূলক ও জনসম্পৃক্ত দুর্যোগ মোকাবিলা পদ্ধতি অবলম্বন করতে হবে। এর সঙ্গে বর্তমান বিশ্বে গবেষক ও বিশেষজ্ঞরা পূর্বাভাসভিত্তিক পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে ইতোমধ্যে। সাগরের বায়ুচাপও স্যাটেলাইটে ভিন্ন চিত্র উপস্থাপন করছে। এমন অবস্থায় আমরা কতটুকু প্রস্তুত, তা নিয়ে আলোচনা করা প্রয়োজন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার নীতি ও বাস্তবায়নের উপকরণগুলো কী এবং সেগুলো কীভাবে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে মিথস্ক্রিয়ার মাধ্যমে কাজ করে, তা জানা যেমন জরুরি, তেমনি গুরুত্বপূর্ণ নিজেদের ভূমিকা পালন করছি কিনা, তা যাচাই করা।

নদীগুলো দখলমুক্ত করাও একটি তাৎপর্যপূর্ণ প্রস্তুতিমূলক কাজ। পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য এর জলস্রোত হতে হয় ন্যায্য ও বাধাহীন। বিভিন্ন পয়েন্টে ক্ষমতাশালী ব্যক্তিরা ইচ্ছামতো দখল করে মাছ চাষ, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন, আবার কোথাও নদীর মাঝে বড় বড় অবকাঠামো গড়ে তুলেছে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে শহর ও গ্রামগুলো জলাবদ্ধ উপত্যকায় পরিণত হওয়াই স্বাভাবিক। বিশ্বব্যাপী দুর্যোগ মোকাবিলার যত নিয়ামক রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় সরকারকে শক্তিশালী এবং আরও ব্যাপকভাবে টেকসই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা। বর্তমান পৃথিবীর সকল ডেল্টা রাষ্ট্র একত্রিত হচ্ছে তাদের পরিবেশবিষয়ক ঝুঁকিগুলো নিয়ে একসঙ্গে কাজ করার জন্য। আমরাও আছি সেই দলে। জাপান আমাদের প্রতিবেশী অঞ্চলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ, যারা একই সঙ্গে ঝড়, ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের আতঙ্কে বসবাস করে। জাপানকে বলা হয় ‘টাইফুন বেল্টের দেশ’ এবং ‘কান্ট্রি অব রিং অব ফায়ার’। তাদের দুর্যোগ মোকাবিলার পরিকল্পনাপত্র দেখে যেটা মনে হয়, জাপান স্থানীয় সরকারকে ‘জরুরি অবস্থা’ মোকাবিলায় যথেষ্ট সক্ষম করে গড়ে তুলেছে।

অন্যদিকে থাইল্যান্ড হয়ে উঠছে দুর্যোগ মোকাবিলার অন্যতম উদাহরণ। তারা তথ্যনির্ভর আর্লি ওয়ার্নিং সিস্টেম এমনভাবে উন্নত করেছে, সব পর্যায়ের মানুষের কাছে দুর্যোগের সংবাদ, করণীয় এবং সরকারি সেবার কথা দ্রুত পৌঁছে দিতে পারে। দুর্যোগ সহনশীল বীজ, ক্ষতিপূরণ বরাদ্দ, অভিযোজনমূলক পরিবেশ বরাদ্দ ইত্যাদি বিষয় জাপান বা থাইল্যান্ডে এখন থেকেই আলোচনায় চলে এসেছে; তারা শুধু সংক্রানের জলকেলি উৎসব নিয়ে ব্যস্ত নেই। ঠিক এ কারণেই পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি। সচেতন দেশগুলো এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা প্রস্তুত হচ্ছি তো?

মো. সুমন জিহাদী: পিএইচডি গবেষক, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড; পরামর্শক, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার, ব্যাংকক