বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা, উসকানি ও হত্যার ঘটনা ঘটছে, তা শুধু প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চাপ সৃষ্টি করছে না, বরং সীমান্তবাসীর জীবনযাপনকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বিশেষত মিয়ানমারের আরাকান অঞ্চলে চলমান সংঘাত এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাগুলো আজ নতুন করে জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৩০ নভেম্বর মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশি যুবক ইব্রাহিম রিংকু ও মমিন মিয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে নিক্ষেপ করার অভিযোগ উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক।
এর আগে ২০২২ সালের আগস্টে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তুমব্রুবাজার এলাকায় মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের প্রায় আধা কিলোমিটার ভেতরে ঘুমধুম সীমান্তে এসে পড়ে। মর্টার দুটি অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে স্থানীয় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। সেই ঘটনার পর বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিলেও মিয়ানমার সীমান্তে উসকানি থামায়নি। ওই বছর ১৬ ও ১৭ সেপ্টেম্বর আরও নয়টি মর্টারের গোলা বাংলাদেশের ভূমিতে এসে পড়ে একটি স্বাধীন দেশের সীমান্তে এমন ঘটনা সমগ্র বাংলাদেশের জন্যই উদ্বেগজনক। যদিও মিয়ানমার সরকার এগুলোকে ইচ্ছাকৃত নয় বলে দাবি করে এবং দায় চাপায় আরাকান আর্মি ও রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার ওপর, তবুও এ ধরনের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা ধারাবাহিক রাখতে হবে যদিও পরবর্তীতে উত্তেজনা খানিকটা শান্ত হয়।\r\nকিন্তু দুঃখজনক সত্য হলো-আমাদের সীমান্তে মানুষ হত্যা এখনো অব্যাহত। ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। কিন্তু তাদের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা কোনভাবেই কাম্য নয়। দুই দেশের উচ্চপর্যায় থেকে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি বহুবার এলেও বাস্তবে এর কার্যকারিতা নেই বললেই চলে। সাধারণ নাগরিকের পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষীরাও হত্যার শিকার হচ্ছেন। চলতি বছরের ২২ জানুয়ারি বিএসএফের গুলিতে বিজিবির এক সিপাহির মৃত্যুর পর যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা তৈরি হয় এবং সীমান্তবাসী আতঙ্কের মধ্যে পড়ে। ঘটনার পর পতাকা বৈঠক হলেও হত্যাকাণ্ডের তদন্ত ও সঠিক বিচারের কোনো খবর পাওয়া যায় নি।
এমনকি আমরা বিচার দাবি করছি কিনা-তা নিয়েও সমাজে নানা সমালোচনা রয়েছে। অতীতে মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। এ হত্যাকাণ্ড রীতিমতো ফেলানীর নির্মম মৃত্যুকে মনে করিয়ে দেয়। ফেলানীর গুলিবিদ্ধ লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য আজও দেশবাসীকে নাড়া দেয়। কিন্তু তবুও সীমান্তে গুলিবর্ষণ বন্ধ হয়নি। এক সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত গত ৯ বছরে বিএসএফ কর্তৃক ২৪৫ জন মানুষ হত্যা করা হয়। কিন্তু একটি হত্যাকাণ্ডেরও সুষ্ঠু তদন্ত বা বিচার সম্পন্ন হয়নি। বিচারহীনতার সংস্কৃতি এবং ভারতের আন্তরিকতার অভাব সীমান্ত হত্যার অন্যতম কারণ বলে অনেকেই মনে করেন।
২০২২ সালের সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দিলেও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। আসলে সমস্যাটা কোথায়? সদিচ্ছার ঘাটতি নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য? সাধারণ মানুষের প্রশ্ন-ভারত সত্যিই কি আমাদের বন্ধু রাষ্ট্র, নাকি নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করে?\r\nঅতীতে বেনাপোলের যে ঘটনা ঘটেছে-ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে দায়িত্বরত বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে ভারতের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করতে গিয়ে ঘন কুয়াশায় দলের সঙ্গী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন এবং এরপর তিনি ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হন। বিস্ময়কর হলো চোরাকারবারিদের কেউই আহত হয়নি বরং আমাদের একজন সশস্ত্র বাহিনীর সদস্য প্রাণ হারালেন।
তার শরীরে সরকারি পোশাক থাকা সত্ত্বেও তাকে লক্ষ্য করে গুলি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় লোকজনের মতে, সীমান্ত এলাকায় প্রায়ই চোরাকারবারীরা দায়িত্বরত বাহিনীকে ম্যানেজ করে অবৈধভাবে যাতায়াত করে। নজরদারি বাড়লে বিএসএফ সন্দেহভাজন কাউকে দেখলেই গুলি করতে দ্বিধা করে না। ফলে সীমান্তে হত্যার সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক সময় গণমাধ্যমে দেখা যায়, গুলি করে মানুষ হত্যা করার পর লাশও নিয়ে যায় বিএসএফ। সীমান্তের জেলাগুলোতে দালালচক্র থাকায় এসব অপকর্ম আরও জটিল পরিস্থিতি তৈরি করে। মাঝে মাঝে অপহরণের ঘটনাও ঘটে। অথচ আশ্চর্যের বিষয়,আমাদের বাহিনী কর্তৃক ভারতীয় নাগরিক হত্যার কোনো ঘটনা আমরা সচরাচর দেখি না। এতে পরিষ্কার, বাংলাদেশি বাহিনী অনেক বেশি সুশৃঙ্খল। তাহলে ভারতীয় বাহিনী কেন আমাদের নাগরিকদের হত্যা করবে?
আমরা ছোট দেশ বলেই কি? নাকি আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্য?\r\nসমস্যার মূল খুঁজে বের করা প্রয়োজন। সীমান্ত হত্যা বন্ধে আমাদের আরও সতর্ক হতে হবে যাতে কেউ চোরাচালান বা মাদক পাচারের মতো অপরাধে জড়াতে না পারে। তাহলে হত্যার হার কমবে। বিশেষ করে বিএসএফ কর্তৃক বিজিবির সদস্য নিহতের ঘটনার পর সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, যাতে ভারতীয় কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়। সাধারণত সীমান্ত হত্যার মূলে রয়েছে চোরাকারবারি ও মাদক পাচার। তাই বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা উচিত। কারণ সীমান্ত হত্যাকাণ্ডে মারা যাওয়া অধিকাংশ মানুষ গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত। অর্থাৎ বাজারে গরু এলে যে ব্যক্তি তা নিয়ে এসেছে তাকে আইনের আওতায় আনতে হবে।
পাশাপাশি ভারত থেকে সীমান্ত হত্যা বন্ধে আদায় করতে হবে কার্যকর প্রতিশ্রুতি। শুধু প্রতিশ্রুতি আদায় নয়, বাস্তবায়নও জরুরি। সীমান্ত এলাকার মানুষ বহু বছর ধরেই ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে বসবাস করছে। রাতের আঁধারে গুলির শব্দ, অপহরণ, জোরপূর্বক আটক- এসব ঘটনা মানুষকে স্বাভাবিক জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে। সীমান্তে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা দেওয়া একটি রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। তাদের জীবন শুধু পরিসংখ্যান নয়, তাদের প্রতিটি মৃত্যু একটি পরিবারের স্বপ্নভঙ্গ, একটি সমাজের বেদনা, একটি দেশের সীমান্ত-সার্বভৌমত্বের প্রশ্ন।\r\nসীমান্ত হত্যা রোধে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি, যেমন-ড্রোন, স্মার্ট নজরদারি সিস্টেম, ব্যবহারের সম্প্রসারণ করা প্রয়োজন।
তাছাড়া মোবাইল চেকপোস্টের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা বাড়ানো যেতে পারে। গরু ও অন্যান্য পণ্য চোরাচালান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি কার্যকর করা চাই। চোরাচালানের চক্র নির্মূল হলে সীমান্ত হত্যা অনেকাংশে কমতে পারে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত যৌথ প্রশিক্ষণ কার্যকর করতে পারলে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও উত্তেজনা কমবে এবং মানবিক আচরণ নিশ্চিত হবে। যা সীমান্ত হত্যা বন্ধেও কার্যকার ভূমিকা রাখতে পারে। প্রতিটি সীমান্ত হত্যার স্বাধীন তদন্ত প্রয়োজন। বিচার না হলে অপরাধী নিরপরাধ নির্ধারণ করা সম্ভব নয়। বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক বজায় থাকুক এটাই আমাদের প্রত্যাশা। আর সেই সম্পর্কের টেকসই ভিত্তি হবে পরস্পরকে সম্মান করা এবং সীমান্ত হত্যার অবসান ঘটানো।\r\nযদি কেউ সীমান্তে অবৈধ কাজ করে থাকে, তাহলে প্রাণঘাতী গুলির পরিবর্তে রাবার বুলেট ব্যবহার করা বা হাঁটুর নিচে গুলি করার মতো নন-লিথাল পদ্ধতি গ্রহণ করা যেতে পারে যাতে প্রাণহানি না ঘটে। অবৈধ কাজে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বিচারবহির্ভূত হত্যা কোনোভাবেই মানবাধিকারসম্মত নয়। সীমান্তে হত্যার বিষয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা আবশ্যক। তবে সবচেয়ে বেশি প্রয়োজন সীমান্ত হত্যা বন্ধে আমাদের বর্তমান সরকারের আরও সক্রিয়, দৃঢ় ও কার্যকর অবস্থান।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
