নতুন করে সৌদি-হুতি সংঘাত তীব্র হওয়ার পর যে প্রশ্নটি জোরালো হয়ে উঠেছে, তা হলো–সামরিক খাতে ব্যয়ের দিক থেকে বিশ্বে শীর্ষস্থানীয় হয়েও সৌদি আরব ইয়েমেনের হুতিদের হাতে কেন এতটা নাস্তানাবুদ হচ্ছে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে, ২০২৫ সালে সৌদি আরবের সামরিক ব্যয় ছিল ৮৩.২ বিলিয়ন ডলার, যেখানে ফ্রান্সের ব্যয় ছিল ৬৮ বিলিয়ন ডলার। সৌদি আরবের রয়েছে আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও বিপুল সামরিক সরঞ্জাম।

আসলে অস্ত্রের পরিমাণ আর কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা এক বিষয় নয়। সৌদি আরবকে বিশাল ভূখণ্ড, বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে হয়। অন্যদিকে হুতিরা তুলনামূলক কম খরচের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। একটি সস্তা ড্রোন প্রতিহত করতে অনেক বেশি ব্যয়বহুল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে। অর্থাৎ হুতিদের কৌশল শুধু সামরিক ক্ষয়ক্ষতি ঘটানো নয়; সৌদি আরবের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি করা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করাও এর অংশ। হুতিদের সামরিক সক্ষমতা বেড়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমত, ইরানের রেভল্যুশনারি গার্ড এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক চর্চার পাশাপাশি অস্ত্র, প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তা তাদের সক্ষমতা বাড়াতে ভূমিকা রেখেছে। দ্বিতীয়ত, স্থানীয়ভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কিছু উপাদান রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা। তৃতীয়ত, বাণিজ্যিক যন্ত্রাংশসহ বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলা। চতুর্থত, ২০১৪ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধ এবং পরবর্তী আঞ্চলিক সংঘাতের দীর্ঘ অভিজ্ঞতা। পঞ্চমত, লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলার অভিজ্ঞতা তাদের কৌশলগত আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই সমন্বয় হুতিদের সামরিকভাবে শক্তিশালী করে তুলেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। এই অঞ্চলে হুতিরা নিয়ন্ত্রণের মাধ্যমে সামরিক তৎপরতা বাড়ালে জাহাজ চলাচল, জ্বালানি পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে।

যদিও কোনো কোনো সূত্র বলছে, প্রণালির আশপাশে সামরিক অবস্থান শক্তিশালী করা আর পুরো প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া এক নয়। নতুন করে যুদ্ধ শুরুর পর হুতিরা পাঁচটি কৌশলগত অঞ্চলের দখল নিয়েছে, রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। কোনো কোনো সংবাদমাধ্যম সৌদি রাজপরিবারের সদস্যদের গোপন বাংকারে আশ্রয় নেওয়ার দাবিও করছে। সৌদি জাতীয় নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রনির্ভর; দশকের পর দশক সৌদি আরব, তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল অস্ত্র কিনেছে। কিন্তু অস্ত্র কেনা মানেই কোনো যুদ্ধে সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপের নিশ্চয়তা নয়, তা আবারও প্রমাণিত হলো। বিপদের সময় যুক্তরাষ্ট্রের এ মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাব্য কারণ সৌদি আরবের ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার মধ্যে থাকতে পারে। কিন্তু রয়টার্স জানিয়েছে, হুতিদের হামলার মুখে সৌদি আরবের অনুরোধে যুক্তরাজ্য দেশটির আকাশসীমা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান দিয়ে প্রতিরক্ষামূলক অভিযান চালাবে। এর মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি সহায়তার প্রতিশ্রুতি পেল, যদিও ব্রিটেনের এ ঘোষণা কতটা কার্যকর হবে তা সময়ই বলবে।

সৌদি যুবরাজ এবং কার্যত দেশটির প্রধান নেতা, মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য সৌদি আরবের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে পর্যটন, প্রযুক্তি, শিল্প ও আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ এই পরিকল্পনার জন্য বড় ঝুঁকি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লে বিদেশি বিনিয়োগকারীরা নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগে সতর্ক হবেন। সামরিক ব্যয়, অবকাঠামোর ক্ষয়ক্ষতি মেরামত এবং নিরাপত্তা নিশ্চিত করার খরচও বাড়বে। ফলে বড় প্রকল্প বিলম্বিত হওয়া ও অর্থনৈতিক পরিকল্পনায় চাপ সৃষ্টির আশঙ্কা আছে। সত্য, ভিশন ২০৩০ ইতোমধ্যে ব্যর্থ হয়েছে কিংবা রাজপরিবারের পতন আসন্ন এমন কথা বলার সুযোগ নেই। তবে বর্তমান সংকট বরং যুবরাজের কৌশল, নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

হুতিদের বিরুদ্ধে যুদ্ধ সৌদি আরবের জন্য শুধু সামরিক সংঘাত নয়; এটি নেতৃত্ব, অর্থনীতি ও আন্তর্জাতিক নির্ভরতারও পরীক্ষা। যুদ্ধ চালিয়ে গিয়ে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা, নাকি আলোচনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা, সৌদি নেতৃত্বকে এখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সৌদি আরবের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হুতিদের কতটা ক্ষতি করা যাবে তা নয়; বরং এই যুদ্ধ চালাতে গিয়ে নিজেদের নিরাপত্তা, অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়ন কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটি। এ প্রশ্নের উত্তরই মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মঞ্জুরে খোদা: লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক