চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ মূল পর্বে প্রবেশ করল। প্রার্থী ও দলগুলো বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দীর্ঘ অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাসন এবং পরপর তিনটি অগ্রহণযোগ্য নির্বাচনের পর চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে বড় সম্ভাবনা তৈরি করেছে, সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সামনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।\r\nদেশবাসী চায়, রাজনৈতিক অঙ্গনে সুস্থ প্রতিযোগিতা। সব দল তাদের নীতিমালা, উদ্দেশ্য, আদর্শ নিয়ে জনগণের কাছে যাবে।
মানুষ সেসব বিচার-বিবেচনা করে কোনো একটি দলকে সমর্থন জানাবে বা দলের মনোনীত প্রার্থীকে ভোট দেবে। যে দল বেশিসংখ্যক সংসদীয় আসনে জয়লাভ করতে পারবে, তারাই সরকার গঠন করবে। যেটি হবে জনতার ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এটাই প্রত্যাশিত এবং স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য।\r\nমনে রাখতে হবে বহু বছর পর দেশের নাগরিকদের সামনে সুযোগ আসছে সম্পূর্ণ নিজের পছন্দে জনপ্রতিনিধি নির্বাচনের। আশা করা যায় এবারের ভোট সত্যিকারার্থেই হয়ে উঠবে আনন্দপূর্ণ এক উৎসব। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই। নির্বাচন ভণ্ডুলের যে কোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা দেশের মানুষই রুখে দেবে। সরকারকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।\r\nসব পক্ষই চান নির্বাচন সুষ্ঠু হোক।
কেউই ত্রুটিযুক্ত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রত্যাশা করেন না, এটাই স্বাভাবিক। তাই সব পক্ষেরই দায় রয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠু হতে পারে। নিজ নিজ দায়বদ্ধতা থেকে অন্তরে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা লালন করে তাই ইতিবাচক ভূমিকাও রাখা চাই। সেটাই প্রত্যাশিত। কিছুতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না। নির্বাচন সুষ্ঠু হতে হলে নির্বাচন প্রক্রিয়ার আদ্যোপান্ত সুষ্ঠু হওয়া আবশ্যক। তবেই না গন্তব্যে সুন্দরভাবে পৌঁছানো সম্ভব হবে।\r\nউৎসবমুখর ও নিরাপদ ভোটের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যেমন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের, একই সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোরও। নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও ডিপফেকের মতো হুমকি প্রতিহত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। \r\nদেশের মানুষ শান্তি চায়। নির্বাচন চায়। নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত গ্রহণযোগ্য সরকার ক্ষমতায় আসুক এবং অর্থনীতিতে গতি ফিরুক- এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। প্রায় দেড় বছর পর নির্বাচিত সরকার পাওয়ার জন্য ভোটাভুটির আয়োজনটি হতে চলেছে। মানুষ রাজনীতির পুরানো ধারার প্রতি বীতশ্রদ্ধ। তারা সুষ্ঠু ও গঠনমূলক রাজনীতিই চায়। সংঘাত ও হানাহানি বোমাবাজির প্রতি কারও সমর্থন নেই। ফলে শুভবুদ্ধির উদয় হয়ে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে দেশ সামনের দিকে পথ চলুক, এটাই সর্বমহলের প্রত্যাশা। মানুষ মাতুক ভোট উৎসবে।
