ইরান তার বিপ্লব-পরবর্তী ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে অস্থিরতার এক নতুন ঢেউ দেখা দিয়েছে, যেখানে সহিংসতা ক্রমেই জোরালো হচ্ছে। তাছাড়া প্রকৃত মৃতের সংখ্যা এখনও যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনাগুলো একটি বহুল আলোচিত প্রশ্নকে পুনরুজ্জীবিত করেছে যে, ইরান কি আরেকটি ১৯৭৯ সালের বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে?
এই ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার প্রলোভন বোধগম্য। গণসংহতি এবং দ্রুত ফের ঘটে যাওয়া বিক্ষোভের চিত্রগুলো রেজা শাহের শাসনের শেষ মাসগুলোর স্মৃতি জাগিয়ে তোলে। তবুও তুলনাটি চূড়ান্তভাবে বিভ্রান্তিকর। ১৯৭৯ সালের বিপ্লবের সাফল্য কেবল গণসংহতি দ্বারা ব্যাখ্যা করা যায় না। বরং সে বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে সব বিরোধীকে ঐক্যবদ্ধ করা এবং আরও স্পষ্টভাবে বললে, ভিন্নমতকে কার্যকরভাবে দমন করতে শাসকগোষ্ঠীর অক্ষমতাই এর বিজয় নিশ্চিত করেছিল।
মোহাম্মদ রেজা শাহ ক্যান্সারে আক্রান্ত ছিলেন, তাঁকে প্রচুর পরিমাণে ওষুধ খাওয়ানো হয়েছিল এবং দৃশ্যত তিনি এ কারণে সিদ্ধান্তহীনতায় ভুগতেন। সংকটকালে তাঁর নেতৃত্ব ভেঙে পড়ে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি দুবার দেশ ত্যাগ করেন। প্রথমত, ১৯৫৩ সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের চ্যালেঞ্জের মুখে এবং আবার ১৯৭৯ সালের জানুয়ারিতে যখন দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এগুলোর সঙ্গে এটিও সমানভাবে গুরুত্বপূর্ণ যে, শাহের দমনমূলক ব্যবস্থা ছিল খণ্ডিত এবং সামাজিকভাবে বিক্ষিপ্ত। তখন ইরানের সেনাবাহিনী রাজনৈতিক দমনের পরিবর্তে আঞ্চলিক প্রতিরক্ষার ওপর মনোযোগ দিয়েছিল। অন্যদিকে শাহের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সাভাক ছাড়াও পুলিশ ও অন্যান্য বাহিনীকে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেয়।
এই প্রতিষ্ঠানগুলোতে নিয়মতান্ত্রিক আদর্শিক যাচাই-বাছাইয়ের ঘাটতি ছিল এবং বিভিন্ন সামাজিক ও আদর্শিক পটভূমি থেকে কর্মীদের নিয়োগ দেওয়া হয়। শাহ যখন দেশ ত্যাগ করেন, তখন পুলিশের কিছু অংশ তাদের দমনমূলক কৌশল বন্ধ করে জনশৃঙ্খলা বজায় রাখার জন্য বিক্ষোভকারীদের সহযোগিতা করে। একই সময় সিনিয়র সামরিক কমান্ডাররা ছিলেন দ্বিধাগ্রস্ত, তারা আত্মরক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত রাজতন্ত্র ত্যাগ করতে বাধ্য হন। আজকের পরিস্থিতি মৌলিকভাবে ভিন্ন। শাহের বিপরীতে আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে সংকটকালে দ্বিধা বা সিদ্ধান্তহীনতা লক্ষ্য করা যায় না। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের পর থেকে খামেনি ইসলামী প্রজাতন্ত্রের একটি গভীর রূপান্তর ঘটিয়েছেন, যা সামাজিক সম্মতির চেয়ে দমনপীড়নের ওপর বেশি নির্ভরশীল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র বলে মনে করি।
সর্বোচ্চ নেতা হিসেবে তিনি একটি অত্যন্ত প্রাতিষ্ঠানিক, সুসংহত, আদর্শিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যাপক বিনিয়োগসমৃদ্ধ জবরদস্তিমূলক ব্যবস্থার নেতৃত্ব দেন। এই কাঠামোগত বাস্তবতা কেবল জনপ্রিয় মনোভাবের বাইরে গিয়ে আজ ইরানে বিপ্লবী পরিবর্তনের সীমা চিহ্নিত করে। ইসলামী প্রজাতন্ত্রের জবরদস্তিমূলক ক্ষমতা একক কোনো প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত নয়, বরং এটি অপ্রয়োজনীয় কমান্ড শৃঙ্খলসহ একের ওপর আরেকটি সংস্থায় বিন্যস্ত। এই বাহিনীগুলো ইসলামিক বিপ্লবী গার্ড কোর, বাসিজ, পুলিশ, গোয়েন্দা পরিষেবা এবং তাদের সঙ্গে সংযুক্ত সামাজিক নেটওয়ার্কগুলোর মধ্যে মনোযোগ নিবিষ্ট করে রাখে। ইরানের জবরদস্তিমূলক প্রতিষ্ঠানগুলোর ওপর শাসকগোষ্ঠীর কট্টর সমর্থকদের জোরালো প্রভাব রয়েছে। তাদের আনুগত্য কেবল লেনদেনের নয়; এটি আদর্শিক, প্রাতিষ্ঠানিক ও প্রজন্মগত। আদর্শিক যাচাই-বাছাই এবং পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে যে, তাদের আনুগত্য কেবল চাপিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সক্রিয়ভাবে এর প্রয়োগও নিশ্চিত করা হয়।
তাদের সামাজিক গতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও পরিচয়বোধ শাসন ব্যবস্থা ও খামেনির নেতৃত্বের টিকে থাকার সঙ্গে জড়িত। তাদের কাছে শাসন ব্যবস্থার পতন কোনো রাজনৈতিক পরিবর্তন নয়; এটি একটি অস্তিত্বগত হুমকি। সংকটের মুহূর্তে এই অনুগতরা প্রতিবাদের বিস্তার থামিয়ে দেওয়ার জন্য আগাম পদক্ষেপ নেয় এবং অস্থিরতাকে বিদেশি-সমর্থিত রাষ্ট্রদ্রোহ হিসেবে চিত্রিত করে। এভাবে তারা সহিংসতার আশঙ্কাগুলো কমিয়ে আনে। ফলে ১৯৭৯ সালের তুলনায় ভৌগোলিকভাবে বৃহত্তর এবং বিস্তৃত বিক্ষোভ হওয়া সত্ত্বেও তা মূলত শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে না। পরিবর্তে তারা আরও কঠোর দমনপীড়নের দিকে চালিত করবে। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে যে, প্রতিবাদগুলো নিজে থেকে বিপ্লব ঘটিয়ে দেয় না।
যখন গণআন্দোলন অভিজাতদের বলয় ভেদ করে বা তাতে ভাঙন ধরায়, তখন বিপ্লব ঘটে। ১৯৭৯ সালে এটি ঘটলেও এখন তা সম্ভব হয়নি। এই ভারসাম্যকে যা বদলে দিতে পারে তা কেবল প্রতিবাদ নয়, বরং শাসকগোষ্ঠীর নেতৃত্ব কাঠামোর ওপর সরাসরি আঘাত। বহিরাগতদের মধ্যে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্ভবত উচ্চপদস্থ রাজনৈতিক ও নিরাপত্তা ব্যক্তিত্বদের লক্ষ্য করে আঘাতের মাধ্যমে অভিজাতদের বলয় ভেঙে দেওয়ার কাজ করবে। এই ধরনের পদ্ধতি কেবল তখনই প্রকৃত শাসন সংকট তৈরি করবে, যখন খামেনিকে অপসারণ করা যাবে। ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষমতা সর্বোচ্চ নেতার কার্যালয় এবং তার অভ্যন্তরীণ বৃত্তের মধ্যে ব্যাপকভাবে কুক্ষিগত করা হয়েছে। তার হঠাৎ অনুপস্থিতি উত্তরাধিকার নিয়ে অভিজাতদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত করতে পারে এবং তা শীর্ষস্থানীয়দের মধ্যে সংহতি দুর্বল হওয়ার কারণ হতে পারে।
কিন্তু এ ধরনের হস্তক্ষেপ শাসকের প্রতি অনুগতদের ঐক্যকে আরও শক্তিশালীও করতে পারে। খামেনি যদি বেঁচে যান, তাহলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর, বাসিজ ও গোয়েন্দা সংস্থার মূল সমর্থকদের মধ্যে প্রায় নিশ্চিতভাবেই একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে, যেমনটি তারা পূর্ববর্তী দেশের বাইরের সংঘর্ষকালে করেছিল। এই পরিস্থিতিতে অভিজাতদের দলত্যাগের আশঙ্কা থাকবে কম। এমনকি শাসন ব্যবস্থার পতনের পরেও দেশটি প্রাতিষ্ঠানিক শূন্যতার মুখোমুখি হবে না, যেমনটা হস্তক্ষেপ-পরবর্তী কিছু কিছু রাষ্ট্রে দেখা গিয়েছিল। বিশ শতকের গোড়ার দিকে গড়ে ওঠা দেশটির আধুনিক আমলাতন্ত্র সম্ভবত স্বল্প মেয়াদে হলেও কাজ চালিয়ে যাবে। রাষ্ট্রক্ষমতা, সামাজিক সংগঠন ও জাতীয় পরিচয়বোধের মাধ্যমে প্রশাসনিক ভাঙন সীমিত থাকবে।
কেউ কেউ সতর্ক করে দিচ্ছেন যে, ইসলামী প্রজাতন্ত্রের পতন অনিবার্যভাবে দীর্ঘস্থায়ী বিদ্রোহের দিকে পরিচালিত করবে। এই ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তবে ইরাক বা আফগানিস্তানের মতো ইরানে সশস্ত্র উগ্রপন্থি আন্দোলনকে অর্থায়ন, সংগঠিত ও টিকিয়ে রাখতে ইচ্ছুক এবং সক্ষম বহিরাগত রাষ্ট্রীয় শক্তি থাকবে বলে মনে হয় না। ইরানি সমাজ ধর্মীয় চরমপন্থা এবং রাজনৈতিক উগ্রপন্থার বিরুদ্ধেও জোরালো প্রতিরোধ দেখিয়েছে। এটা সম্ভব যে, শাসন ব্যবস্থার পতনের পরে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা যেতে পারে।
তাহলে আসল বিপদ এই নয় যে, ইরান ১৯৭৯ সালের পুনরাবৃত্তির দ্বারপ্রান্তে, বরং এই তুলনার ওপর অবিরাম নির্ভরতা নীতিনির্ধারকদের আজকের ইসলামী প্রজাতন্ত্র কীভাবে কাজ করে, তা বুঝতে বাধা দেয়। স্বাভাবিকভাবেই ইরানে ক্ষমতার প্রকৃতি ভুলভাবে বুঝলে শান্তিপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা বাড়বে না। এটি বরং দমন, উত্তেজনা বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মূল্য ইরানিদেরই ঘাড়ে পড়ার আশঙ্কা তীব্র করে।
সৈয়দ গোলকার: যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক; এশিয়া প্যাসিফিক রিপোর্ট থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
