বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পোন্নয়ন এবং নাগরিক জীবনের দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িয়ে থাকা সম্পদের নাম প্রাকৃতিক গ্যাস। গৃহস্থালির রান্না, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, সার কারখানা, পরিবহন ও সিএনজি খাতÑ সব ক্ষেত্রেই গ্যাস আজ অপরিহার্য জ্বালানি। অর্থনীতির প্রায় প্রতিটি স্তরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই একটি জ্বালানির ওপর নির্ভরশীল। অথচ এই গুরুত্বপূর্ণ সম্পদের উৎপত্তি, অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াকরণ, মূল্য নির্ধারণ ও বণ্টন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ম, অপচয়, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট, গ্রাহকের অনুকূলে মূল্য বিপর্যয়সহ দুর্নীতির অভিযোগ উঠেছে। এর ফলে একদিকে রাষ্ট্র বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে সাধারণ জনগণÑ বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণি—নিত্যদিনের জীবনযাত্রায় চরম ভোগান্তির শিকার হচ্ছে।
গ্যাস সংকট আজ আর কেবল একটি প্রযুক্তিগত বা সরবরাহজনিত সমস্যা নয়; এটি ক্রমেই একটি সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত সংকটে রূপ নিয়েছে। প্রায় প্রতি বছরই নির্দিষ্ট কিছু অঞ্চলে বা নির্দিষ্ট কিছু সময়ে বিশেষ করে শীতকালে লাইনে গ্যাসের সমস্যা হয় এবং এরই সূত্র ধরে সিলিন্ডার গ্যাসের উপর প্রভাব পড়ে। ঠিক তখন থেকেই গ্রাহকের অনুকূলে মূল্য বিপর্যয়ের দুর্নীতিগুলো ঘটতে থাকে। কখনো কখনো মূল্য দ্বিগুণ হয়ে যায়। এর কারণ উদঘাটনে গ্যাসের উৎপত্তিগত দিক থেকে উপলব্ধি করলে আমরা এর বহুরূপ বুঝতে পারি। বাংলাদেশের গ্যাস খাতের উৎপত্তি থেকে শুরু করে বর্তমান বাস্তবতা, মূল্য নির্ধারণের ইতিহাস, সরবরাহ কাঠামোর দুর্বলতা, সিন্ডিকেটের দৌরাত্ম্য, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো ধারাবাহিকভাবে বিশদভাবে তুলে ধরা যেতে পারে।
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ভূগর্ভস্থ খনিজ স্তর থেকে উত্তোলিত হয়। স্বাধীনতার পর থেকে ধারাবাহিক অনুসন্ধান ও আবিষ্কারের মাধ্যমে দেশে বর্তমানে প্রায় ২৯টি গ্যাসক্ষেত্র চিহ্নিত হয়েছে। এর মধ্যে তিতাস, বিবিয়ানা, জালালাবাদ, হরিপুর, সিলেট ও বাখরাবাদ অঞ্চল উল্লেখযোগ্য। বিশেষ করে বিবিয়ানা গ্যাসক্ষেত্র একসময় দেশের সর্ববৃহৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে বিবেচিত হতো এবং এটি দীর্ঘ সময় ধরে মোট দেশীয় গ্যাস উৎপাদনের একটি বড় অংশ সরবরাহ করেছে। দীর্ঘ সময় পর্যন্ত দেশীয় উৎপাদনের মাধ্যমেই বাংলাদেশের গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিত্র বদলাতে শুরু করে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ কমে যায়, সমুদ্রভিত্তিক অনুসন্ধান কার্যত স্থবির হয়ে পড়ে, আর পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এর ফলে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে একটি বড় ধরনের ফাঁক তৈরি হয়।
এই ঘাটতি পূরণের জন্য সরকারকে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পথে যেতে হয়। কিন্তু এলএনজি আমদানির ব্যয় দেশীয় গ্যাসের তুলনায় বহুগুণ বেশি। আন্তর্জাতিক বাজারমূল্য, ডলার-টাকা বিনিময় হার, পরিবহন ও রিগ্যাসিফিকেশন ব্যয়Ñ সব মিলিয়ে এটি রাষ্ট্রীয় ব্যয়ের ওপর একটি ভারী চাপ সৃষ্টি করছে। ফলস্বরূপ গ্যাস খাত আজ একদিকে আর্থিক সংকটে, অন্যদিকে জ্বালানি নিরাপত্তার ঝুঁকিতে নিপতিত।
গ্যাস উত্তোলনের পর তা প্রক্রিয়াকরণ করে পাইপলাইনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। কিন্তু এই সরবরাহ ব্যবস্থার অবকাঠামো দীর্ঘদিন ধরে যথাযথভাবে আধুনিকায়ন হয়নি। পুরোনো পাইপলাইন, প্রযুক্তিগত ত্রুটি, অবৈধ সংযোগ ও সিস্টেম লসÑ সব মিলিয়ে গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ উৎপাদনের পরও ভোক্তার কাছে পৌঁছায় না। এই কাঠামোগত দুর্বলতার ফলে পাইপলাইনে গ্যাস সরবরাহ ক্রমেই অনিয়মিত হয়ে উঠেছে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের বড় একটি অংশ চুলায় গ্যাস থাকে না। কখনো সকালে আসে, সন্ধ্যায় থাকে না; কখনো সপ্তাহে ২ দিন থাকে, ৫ দিন থাকে না। শিল্পাঞ্চলে অনেক কারখানা অর্ধেক সক্ষমতায় চলছে, কোথাও কোথাও উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। সরকার প্রায়ই এটিকে ‘সাময়িক সংকট’ বলে ব্যাখ্যা করে। কিন্তু বছরের পর বছর ধরে চলমান এই সাময়িকতা মানুষের আস্থাকে ভেঙে দিয়েছে।
পাইপলাইনে গ্যাসের স্বল্পতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ক্রমেই বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। সরকার নিয়মিতভাবে সিলিন্ডার গ্যাসের মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করছে। চলতি বছরের ডিসেম্বর মাসে সরকার ১২ কেজি সিলিন্ডার গ্যাসের খুচরা মূল্য নির্ধারণ করেছে ১,২৫৩ টাকা, যা ২ ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এর আগের মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১,২১৫ টাকা, অর্থাৎ এক মাসে দাম বেড়েছে ৩৮ টাকা। কিন্তু গ্রাহক পর্যায়ের মূল্য কোথাও কোথাও ২২০০ টাকার বেশি ছাড়িয়ে যায়। অবশেষে গ্যাসই পাওয়া যাচ্ছে না। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য, ডলার ও টাকার বিনিময় হার, আমদানি ব্যয় এবং অভ্যন্তরীণ পরিবহন খরচ বিবেচনায় এনে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসেই এই উপাদানগুলো পর্যালোচনা করে নতুন দাম ঘোষণা করা হয় এবং সর্বশেষ ঘোষিত দামই কার্যকর হিসেবে গণ্য হয়। কিন্তু গতানুগতিক বা দৈনন্দিন বাস্তব বাজারচিত্র প্রায়ই সরকারি ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। সরকারি দামের তুলনায় ৪০০ থেকে ৫০০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে।
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের সরবরাহ করা ১২.৫ কেজি সিলিন্ডারের দাম এখনও ৮২৫ টাকা অপরিবর্তিত থাকলেও এই সিলিন্ডার সাধারণ ভোক্তার জন্য প্রায় অদৃশ্য। সীমিত বিক্রয়কেন্দ্র ও অপ্রতুল সরবরাহের কারণে অধিকাংশ মানুষ বাধ্য হচ্ছে বেসরকারি কোম্পানির সিলিন্ডারের ওপর নির্ভর করতে।
বড় আকারের সিলিন্ডারের ক্ষেত্রেও সরকার নির্ধারিত মূল্য রয়েছে। ৩৫ কেজি সিলিন্ডারের দাম প্রায় ৩,৫৪৩ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম প্রায় ৪,৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাস্তবে এই দামও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না। হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রায়ই নির্ধারিত দামের চেয়ে বেশি দিতে হচ্ছে। এর ফলে উৎপাদন ব্যয় বাড়ছে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ গ্যাসের সংকট ও মূল্য অনিয়ম কেবল রান্নাঘরেই সীমাবদ্ধ নয়; এটি সামগ্রিকভাবে মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে। এই সংকটের কেন্দ্রে রয়েছে একটি সুসংগঠিত স্বার্থচক্র, যাকে সাধারণভাবে গ্যাস সিন্ডিকেট বলা হয়। সিলিন্ডার গ্যাসের আমদানি, বোতলজাতকরণ, পরিবহন, মজুত ও খুচরা বিক্রির প্রতিটি স্তরে এই গোষ্ঠীর প্রভাব রয়েছে। পাইপলাইনে গ্যাস কম থাকলে মানুষের নির্ভরতা বাড়ে সিলিন্ডারের ওপর, আর তখনই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়া হয়। সরকার মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, কিছু খুচরা বিক্রেতাকে জরিমানা করে। কিন্তু এসব অভিযান অধিকাংশ ক্ষেত্রেই ক্ষণস্থায়ী ও প্রতীকী। খুচরা বিক্রেতারা শাস্তি পেলেও মূল নিয়ন্ত্রক ও বড় মুনাফাভোগীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। নজরদারির দুর্বলতা, প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং প্রভাবশালী মহলের নীরব আশ্রয় এই সিন্ডিকেটকে আরও শক্তিশালী করে তুলেছে।
এই পরিস্থিতির সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয়ের একটি বড় অংশ এখন রান্নার জ্বালানিতেই ব্যয় হয়ে যাচ্ছে। অনেক পরিবার দিনে একবেলা রান্নায় সীমাবদ্ধ হচ্ছে। কেউ কেউ আবার কাঠ, খড় বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির দিকে ফিরে যাচ্ছে, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে শীতকালে এই ভোগান্তি আরও তীব্র হয়। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর শীত মৌসুমে দীর্ঘ সময় গ্যাস থাকে না। এটি এখন প্রায় একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে সাধারণ মানুষের জীবনে গ্যাস সংকট একটি মৌসুমি দুর্ভোগে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অভিজ্ঞতায় লক্ষ করলে, যেসব দেশে গ্যাস আমদানি নির্ভর, তারা শক্ত নিয়ন্ত্রণ, স্বচ্ছ বাজারব্যবস্থা ও কঠোর নজরদারির মাধ্যমে সংকট মোকাবিলা করে। সেখানে গ্যাসের মজুত, সরবরাহ ও বিক্রির প্রতিটি ধাপ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। ফলে কৃত্রিম সংকট তৈরির সুযোগ সীমিত থাকে। বাংলাদেশেও এই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা সম্ভব, যদি রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সংস্কার একসঙ্গে কার্যকর হয়। বাংলাদেশে গ্যাস সংকটের সমাধান অসম্ভব নয়। প্রথমত, গ্যাসের মূল্য নির্ধারণের পাশাপাশি মাঠপর্যায়ে সেই মূল্য বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, সিলিন্ডার গ্যাসের মজুত ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছ হিসাব ও শক্ত নজরদারি চালু করতে হবে। তৃতীয়ত, বড় সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। চতুর্থত, পাইপলাইন গ্যাসের অবকাঠামো আধুনিকায়ন এবং বিকল্প জ্বালানি উৎসে বিনিয়োগ বাড়াতে হবে, যাতে দীর্ঘমেয়াদে সরবরাহ নিরাপদ হয়।
গ্যাস কোনো বিলাসপণ্য নয়; এটি মানুষের ন্যূনতম জীবনযাত্রার অপরিহার্য অংশ। কেবল কাগজে-কলমে মূল্য নির্ধারণ করে দায়িত্ব শেষ করা যায় না। বাস্তব জীবনে স্বস্তি ফেরানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। তা না হলে এই সংকট শুধু রান্নাঘরের চুলায় সীমাবদ্ধ থাকবে না, এটি দেশের শিল্প, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাকেও ধীরে ধীরে দুর্বল করে দেবে। গ্যাস খাত নিয়ন্ত্রণে রয়েছে জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন, পেট্রোবাংলা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উচ্চ আদালত ও দুর্নীতি দমন কমিশন। কিন্তু বাস্তবে দুর্বল নজরদারি, দীর্ঘসূত্রতা ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে অনেক ক্ষেত্রে আইন কার্যকর হচ্ছে না। গ্যাস খাতের দুর্নীতি কেবল অর্থনৈতিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সমাজে বৈষম্য, অনাস্থা ও নৈতিক অবক্ষয়ের জন্ম দেয়। আইন মানা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর অসাধু চক্র লাভবান হয়। এর ফলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা ক্রমেই কমে যাচ্ছে।
সরকার গ্যাস ব্যবস্থাপনা উন্নয়নে প্রিপেইড মিটার স্থাপন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, গ্যাস পাইপলাইন সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগের সফলতা নির্ভর করছে বাস্তবায়নের কঠোরতা ও স্বচ্ছতার ওপর। বাংলাদেশের গ্যাস খাত আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এটি একদিকে উন্নয়নের চালিকাশক্তি, অন্যদিকে অনিয়ম ও সিন্ডিকেটের কারণে জনগণের দুর্ভোগের উৎস। স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তির ব্যবহার ও রাজনৈতিক সদিচ্ছাÑ এই চারটি ভিত্তি শক্তিশালী করা না গেলে গ্যাস খাত কখনোই জনগণের কল্যাণে পুরোপুরি কাজ করবে না।
লেখক: ব্যাংকার ও কলামিস্ট।
