কর্মময় জীবনের একঘেয়ে ব্যস্ততার ভেতর মানুষ প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে- শরীর যেমন অবসন্ন হয়, মনও তেমনি ভারাক্রান্ত হয়ে ওঠে। ঠিক তখনই মনে পড়ে মার্ক টোয়েনের কথা-ভ্রমণ কুসংস্কার, সংকীর্ণতা আর মানসিক জড়তাকে দূর করে। কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা জাগে। কিন্তু বাস্তবতা বড় কঠিন। সন্তানদের স্কুল-কলেজের ছুটি, বাবা-মায়ের অফিসের সময়সূচি, আর্থিক সামর্থ্য- সবকিছু মিলিয়ে লম্বা অবকাশ পাওয়া সবসময় সম্ভব হয় না। তবুও বছরের কিছু সময়, বিশেষ করে ঈদের ছুটিতে, সেই কাক্সিক্ষত বেড়ানোর সুযোগটা তৈরি হয়।
দেশের বাড়ি যাওয়া, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো, শৈশবের স্মৃতিমাখা পরিবেশে ফিরে যাওয়া- এসবই ঈদের ভ্রমণকে আলাদা এক আবেশে ভরিয়ে তোলে। সারাবছরের ব্যস্ততার মাঝেও অনেকেই দীর্ঘ পরিকল্পনা করে বেড়াতে বের হন। কোথায় যাবে-পাহাড়, সমুদ্র, বন কিংবা দেশের বাইরের কোনো গন্তব্য- সবকিছু আগেভাগেই ঠিক করা। টিকিট কাটা, হোটেল বুকিং, ঘোরার জায়গার তালিকা এবং এই প্রস্তুতির মধ্যে থাকে এক ধরনের আনন্দ আর উত্তেজনা। ভ্রমণের আগের সেই অপেক্ষার সময়টুকু যেন স্বপ্ন দেখার মতোই মধুর হয়। বেড়ানোর সবচেয়ে বড় প্রাপ্তি হলো মন ও শরীরের পুনরুজ্জীবন।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের নীরবতা উপভোগ করা, সমুদ্রের ঢেউয়ের ছন্দে হারিয়ে যাওয়া কিংবা গ্রামের আঁকাবাঁকা পথে হেঁটে প্রকৃতির সান্নিধ্য পাওয়া- এসব অভিজ্ঞতা মানুষকে মানসিক ক্লান্তি থেকে মুক্তি দেয়। দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা, চাপ আর হতাশা যেন কিছুক্ষণের জন্য হলেও দূরে সরে যায়। প্রকৃতিই আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না, তবুও সবকিছু ঠিক সময়েই সম্পন্ন হয়। ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শেখার সুযোগ। নতুন জায়গায় গেলে ভিন্ন সংস্কৃতি, খাবার, ভাষা ও জীবনযাত্রার সঙ্গে পরিচয় ঘটে। অচেনা মানুষের সঙ্গে অল্প কথোপকথন, স্থানীয় বাজারে ঘোরাঘুরি কিংবা ঐতিহাসিক কোনো স্থাপনার সামনে দাঁড়িয়ে অতীতের গল্প ভাবা- এসব অভিজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করে। বিশেষ করে শিশু ও তরুণদের জন্য ভ্রমণ এক ধরনের জীবন্ত পাঠশালা, যেখানে বইয়ের বাইরে বাস্তব জীবনকে কাছ থেকে দেখার সুযোগ হয়। একা ভ্রমণের রোমাঞ্চ এক রকম, আর দলবেঁধে বেড়ানোর আনন্দ অন্যরকম।
একা ভ্রমণে আমরা নিজের সঙ্গে নিজেই বেশি সময় কাটাতে পারি, নিজের ভাবনা-চিন্তাকে নতুন করে চিনতে শিখি। অন্যদিকে পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণ মানে হাসি-ঠাট্টা, গল্প আর যৌথ স্মৃতি তৈরি হওয়া। পথের কষ্ট, হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত বা ছোটখাটো বিপত্তিই পরে মনের ক্যানভাসে গল্প হয়ে ওঠে। তবে বেড়ানো শুধু স্থান পরিবর্তন নয়, এটি জীবনের এক নতুন সূচনা। ভ্রমণ শেষে কর্মময় জীবনে ফিরে এলেও মনে জমা থাকে নতুন শক্তি, নতুন দৃষ্টিভঙ্গি আর কিছু অমূল্য স্মৃতি। তাই সুযোগ পেলেই মানুষ পথে নামতে চায়, প্রকৃতির ছোঁয়ায় নিজেকে হারাতে চায়। অবশেষে বলতে হয়- শেষে মনে থাকে না কতদূর গেছি, মনে থাকে কতটা বেঁচে ছিলাম।
মৌলভীবাজার থেকে
