১৯৭৩ সালে রক্ষীবাহিনী ৫ জন নারীকে মাদারীপুরের কোনো এক এলাকা থেকে ধরে আনে। দুই সপ্তাহ তাদের ক্যাম্পে আটকে রেখে নির্যাতন চালানো হয়। প্রায় ২০ দিন পর এসব নারীকে ‘সর্বহারা পার্টির সদস্য’ উল্লেখ করে হিসেবে পুলিশের কাছে তুলে দেয়া হয়; যাদের বয়স ছিল ১৮ থেকে ২২। সরকারের বিরুদ্ধে নারীদের পক্ষে দায়েরকৃত মামলায় তিনি এসব নারীকে আদালতে হাজির করার নির্দেশ দেন এবং রক্ষীবাহিনীর নিষ্ঠুরতা ও নির্যাতনের বর্ণনা শোনেন। তিনি ‘৭১-এর হানাদার বাহিনীর ন্যায় এ নির্যাতনের কাহিনী শুনে তা রেকর্ড করেন এবং নারীদের আটকাদেশ অবৈধ ঘোষণা করেন। তিনি রক্ষীবাহিনীকে নর্মলেস বাহিনী বলে আখ্যায়িত করেন। কেননা প্রতিটি বাহিনীর নিজস্ব একটি রুলস ফোরাম থাকে, যার অধীনে তারা পরিচালিত। কিন্তু রক্ষীবাহিনীর তা ছিল না। তারা কোনো মন্ত্রণালয়ের অধীনেও ছিল না। উক্ত রায়ের পর তাকে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। কেননা, তার নৈতিক শক্তি ছিল অসাধারণ। রক্ষীবাহিনীর প্রধানকে তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় আদালতে হাজির হতে বাধ্য করেন। সত্তর দশকের মাঝামাঝি সময়ে প্রফেসর ডা. নুরুল ইসলাম (পরবর্তীতে জাতীয় অধ্যাপক) বনাম বাংলাদেশ সরকার শীর্ষক মামলায় তার প্রদত্ত রায় দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। ভারতের বহু কোর্টে তা পরবর্তীতে অনুসরণ করা হয়। সরকার পিজি হাসপাতালের পরিচালক পদ থেকে প্রফেসর ডা. নুরুল ইসলামকে অপসারণ করলে দীর্ঘ শুনানি শেষে তাকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন। উক্ত মামলায় সাংবিধানিক বহু প্রশ্ন ও বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করা হয়।

বিচারপতি চৌধুরীর প্রদত্ত রায়গুলোর মধ্যে রক্ষীবাহিনী, কিং ফিসারিজ, অধ্যাপক ডা. নুরুল ইসলাম, ডিআইটি ইত্যাদি মামলার রায় বিশেষ উল্লেখযোগ্য। তিনি জীবনে কখনো কোনো মৃত্যুদ-ের রায় দেননি কিংবা বহাল রাখেননি। কেননা বহু ক্ষেত্রে অভিজ্ঞতায় তিনি দেখেছেন সাজানো সাক্ষীর কারণে অনেকের মৃত্যুদ- হয়। তিনি বিচারের ক্ষেত্রে মানবিক দিক বেশি বিবেচনায় আনতেন। একবার ফৌজদারী আদালত থেকে দেওয়ানী আদালতে তিনি বদলি হচ্ছেন শুনে কারাগার থেকে ফাঁসির আসামীরা তাকে চিঠি লিখেন, ‘স্যার আপনার বদলির আগে আমাদের মামলাগুলো শুনে যাবেন। আপনার রায়ে আমাদের ফাঁসি হলেও আপত্তি নেই’। তবে আগেই তিনি বদলি হন। এ দুঃখ তিনি জীবনে ভুলতে পারেননি। বিচার বিভাগের স্বাধীনতার জন্য তিনি সোচ্চারকণ্ঠ ছিলেন।

বিচারপতি চৌধুরী বলে গেছেন, ‘বিশ্বে সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে কোটি কোটি নির্যাতিত মানুষকে অভিশাপ মুক্ত করতে হবে। জাতিসংঘ সনদ এবং মানবাধিকার লঙ্ঘনের অপরাধে এদেরকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে’। অনেক বিচারপতি আছেন কিংবা অনেক শীর্ষ ব্যক্তিত্ব আছেন যারা কর্মজীবনে কিংবা অবসর জীবনে গা-বাঁচিয়ে চলতে ইচ্ছুক। কর্ম জীবন কিংবা অবসর জীবনে তারা সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ অনুধান করেন না। কিন্তু বিচারপতি চৌধুরী ছিলেন এর ব্যতিক্রম। অগাধ জ্ঞান ও সুতীক্ষè বাগ্মীতার অধিকারী বিচারপতি চৌধুরী প্রচুর পড়াশোনা করতেন। আপন বলয়ের বাইরের প্রতিপক্ষের বলয়েও বিচারপতি ছিলেন সমান আলোচিত, সদালাপী সুসংস্কৃত, হাস্যেজ্জ্বল এবং বন্ধুবৎসল।

বিচারপতি চৌধুরী তার বিস্ময়কর পা-িত্যে বিচিত্র শব্দচয়নে উচ্চমানের হিউমার রচনা করে কথা বলতেন। ঘরোয়া মজলিসে কিংবা সভা সেমিনারে তিনি শ্রোতাদের যেমন উদ্দীপ্ত করতে পারতেন তেমনি হাসাতেও পারতেন সমান দক্ষতায়। গুরুগম্ভীর বক্তৃতায় হাস্যরসের মিশেল দিয়ে তিনি শ্রোতাবর্গকে ধরে রাখতে জানতেন। বিভিন্ন অনুষ্ঠানে বহু জনের নানা ধরনের বক্তব্য এর পরও সবাই ধৈর্য ধরে প্রধান অতিথি হিসেবে তার সাবলীল ভাষণের অপেক্ষায় বসে থাকতেন। তিনি বক্তৃতা-বিবৃতি দিয়ে টাকা উপার্জন করেননি। তিনি জাতীয় প্রয়োজনে জাতিসত্তা নির্মাণের মহতি কাজে যখন যেখানে ডাক পড়েছে ছুটে গেছেন। রুঢ় সত্য কথা তিনি অকপটে উচ্চারণ করতে একটুও এদিক ওদিক তাকাতেন না। রক্ষণশীল জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার সুযোগ লাভ করেছিলেন। এমনকি তার বোনেরাও উচ্চশিক্ষা লাভের অনুমতি পেয়েছিলেন পরিবার থেকে। আধুনিক শিক্ষার প্রভাব এবং পরিবারের রাজনৈতিক ঐতিহ্য বিচারপতি চৌধুরী মন মানসিকতাকে বিশাল করে তুলেছিলেন।

পারিবারিক দিক দিয়ে দক্ষিণাঞ্চলের অন্যতম ধনাঢ্য-বনেদী-সংস্কৃতিমনা, সমাজ সচেতন উলানিয়ার জমিদার বাড়ির সন্তান হিসেবে তিনি বেড়ে উঠলেও পারিপার্শ্বিকতা, সামাজিক দায়িত্ব এবং মানবিক অনুভূতি কখনো তার ব্যক্তিত্বকে টলে দেয়নি। এ অকুতোভয় বিচারপতি ছাত্রজীবন থেকে রাজনীতিবিদ, আইনজ্ঞ, বিচারক হিসেবে ছিলেন সফলতার হিমালয়শীর্ষে। আইন, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে তিনি দেশে-বিদেশে বহু সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। পরিণত বয়সে তিনি বহুবার চট্টগ্রামে আসলে লেখকের সাথে তার দেখা ও পরিচয়ের সূত্রপাত হয়। তার মৃত্যুর পর চট্টগ্রাম থেকেই প্রকাশিত হয় ‘বিচারপতি আবদুর রহমান চৌধুরী স্মারক গ্রন্থ।’ আমি ওই স্মারক গ্রন্থ ও স্মরণ সভা কমিটির একজন ক্ষুদে সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম।

১৯৯৪ সালের ১১ জানুয়ারি তিনি ঢাকার সিএমএইচে ইন্তেকালের পর তাকে বনানী গোরস্থানে দাফন করা হয়। তার স্ত্রী মিসেস সিতারা চৌধুরী সাবেক পূর্ব পাকিস্তানের এডভোকেট জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট মরহুম আলহাজ্জ মোহাম্মদ জানে আলমের একমাত্র কন্যা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, অসংখ্য আদর্শ সচেতন গুণগ্রাহী রেখে গেছেন। আবদুর রহমান চৌধুরীর সুযোগ্য সন্তান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি। তাঁর বড় কন্যা মিসেস রুসেলী রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএসসি. সম্পন্ন করেন এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশ গ্র্যাজুয়েট উইমেনস্ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেনস-এর সভাপতি এবং ‘ইনার হুইল ক্লাব’ চট্টগ্রাম মেট্রো শাখার সাবেক প্রেসিডেন্ট হিসেবে জনহিতকর কর্মকান্ডে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন।

রুসেলী রহমান চৌধুরী আমার নিজ গ্রাম হাটহাজারীর গুমানমর্দন ইউনিয়নের বরেণ্য ব্যক্তিত্ব মরহুম সিরাজুল ইসলাম মাহমুদের পুত্র বিশিষ্ট সমাজসেবী ডা. মইনুল ইসলাম মাহমুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিচারপতি চৌধুরীর অপর পুত্র প্রফেসর রিয়াজুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব একাউন্টিং-এর চেয়ারম্যান। ছোট কন্যা ওয়সিফা রহমান স্বপরিবারে আমেরিকায় বসবাস করেন। ভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিচারপতি আবদুর রহমান চৌধুরীকে ‘প্রিন্সিপাল আবুল কাসেম স্বর্ণপদক’ প্রদান করা হয়। ভাষা আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা সিটি কর্পোরেশন ধানমন্ডি আবাসিক এলাকার ২৮ নম্বর সড়কটি ‘ভাষাসৈনিক বিচারপতি আবদুর রহমান চৌধুরী সড়ক’ নামকরণ করেন। দেশ ও জাতির দুর্ভাগ্য, ভাষা আন্দোলনে অনন্য অবদান সত্ত্বেও তিনি অদ্যাবধি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। ভাষা আন্দোলনে তার গৌরবময় অবদানের জন্য তাকে মরণোত্তর বাংলা একাডেমি পুরস্কার এবং একুশ পদক প্রদান করা হোক। একজন মানবাধিকার কর্মী হিসেবে এ দেশে মানবাধিকার কর্মকা-ে সোচ্চার কণ্ঠস্বর বিচারপতি আবদুর রহমান চৌধুরীকে তার শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহ রাববুল আলামীন এই মহান ব্যক্তিত্বের সকল খেদমত কবুল করুন। (সমাপ্ত) লেখক: আইনবিদ, কলামিস্ট, সুশাসন ও মানবাধিকারকর্মী।