সমকাল অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে সোমবার পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে তার আগের দিন ৮ জেলায় ১৫ জনের প্রাণহানির খবর সমকালে প্রকাশ হয়েছে। বজ্রপাতে প্রাণহানি হাওরাঞ্চলে বেশি দেখা যায়। সুনামগঞ্জ জেলার মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দোয়ারাবাজার অঞ্চলে এমন অনেক পরিবার রয়েছে, যারা গত কয়েক বছরে বজ্রপাতে একাধিক সদস্যকে হারিয়েছে। এসব মৃত্যু ঘটে একের পর এক; প্রায় নিঃশব্দে। না থাকে কোনো বৃহৎ আলোচনা, না হয় কার্যকর তদন্ত, না দেখা যায় কোনো স্থায়ী প্রতিরোধমূলক পরিকল্পনা। মৃত্যুগুলো যেন শুধুই একটি মৌসুমি সংখ্যা। জীবনের চেয়ে পরিসংখ্যানই যেখানে বেশি দৃশ্যমান।
এই নীরব মৃত্যুর পেছনে রয়েছে হাওরাঞ্চলের অনন্য ভূপ্রকৃতি ও জলবায়ুগত বাস্তবতা, যা একই সঙ্গে জীবনদায়ী ও প্রাণঘাতী। বাংলাদেশের হাওরাঞ্চল দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং গ্রামীণ জীবিকার প্রধান ভিত্তি। কিন্তু এই বিস্তীর্ণ জলাভূমি ও খোলা কৃষিজমি একই সঙ্গে পরিণত হয়েছে বজ্রপাতের উচ্চ ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক ক্ষেত্র হিসেবে। নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে বজ্রপাতের তিনটি প্রধান হটস্পট রয়েছে– ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কঙ্গোর কিনশাসা অঞ্চল; মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশের সুনামগঞ্জ অঞ্চল এবং জুন থেকে নভেম্বর পর্যন্ত ভেনেজুয়েলার লেক মারাকাইবো অঞ্চল সর্বাধিক বজ্রপাতপ্রবণ।
এই বৈশ্বিক মানচিত্রে সুনামগঞ্জ কোনো প্রান্তিক অঞ্চল নয়। গবেষণায় দেখা যায়, মাত্র তিন মাসের মৌসুমে এখানে প্রতি বর্গকিলোমিটারে ২৫টিরও বেশি বজ্রপাত আঘাত হানে। ভারতের মেঘালয় ও খাসি পাহাড় অঞ্চলে মার্চ থেকে মে মাস পর্যন্ত ঘন মেঘের স্তর তৈরি হয়, যা ঘর্ষণের মাধ্যমে বৈদ্যুতিক চার্জ সৃষ্টি করে এবং তার প্রভাব সরাসরি পড়ে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে। দুর্ভাগ্যজনকভাবে এখনও অনেক এলাকায় বজ্রপাতকে ‘দৈব গজব’ বা ‘নিয়তির খেলা’ হিসেবে দেখা হয়। প্রতিরোধের জায়গাকে দুর্বল করে দেয় এই মানসিকতা। অথচ আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা বিজ্ঞান বলছে, বজ্রপাত একটি মিটিগেবল রিস্ক। অর্থাৎ পরিকল্পনা, প্রযুক্তি ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে এর ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
সরকার ২০১৬ সালে বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে দুর্যোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু স্বীকৃতির পরও বাস্তব অগ্রগতি সীমিত। সতর্কতা ব্যবস্থা থাকলেও তা মাঠ পর্যায়ে কার্যকরভাবে পৌঁছায় না। কিছু আশ্রয়কেন্দ্র নির্মিত হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও তার সমন্বিত ব্যবহার এখনও গড়ে ওঠেনি। এই বাস্তবতায় রাষ্ট্রীয় দায়িত্ব প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। যে দেশে প্রতিবছর একই অঞ্চলে একই ধরনের মৃত্যু ঘটে, সেখানে সেটি আর প্রাকৃতিক দুর্ঘটনা নয়। এটি কাঠামোগত ব্যর্থতার প্রতিফলন। হাওরের কৃষক যখন বজ্রপাতের ঝুঁকি নিয়ে মাঠে ধান কাটেন, তখন সেটি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অনুপস্থিতির ফল।
এই সংকট মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন সমন্বিত জাতীয় কৌশল। ঝুঁকির সুনির্দিষ্ট মানচিত্রায়ণ করতে হবে ইউনিয়ন, গ্রাম এবং ফসলি জমি পর্যায়ে। প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত বজ্র-নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। সতর্কতা ব্যবস্থা কেবল ওয়েবসাইট বা শহরকেন্দ্রিক বার্তায় সীমাবদ্ধ না রেখে মসজিদ, মোবাইল এসএমএস, কমিউনিটি রেডিও, কৃষি অফিস এবং স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে মাঠ পর্যায়ে পৌঁছে দিতে হবে।
একই সঙ্গে আচরণগত পরিবর্তন অপরিহার্য। বজ্রধ্বনি শোনামাত্র মাঠ ত্যাগ, গাছ ও পানির কাছ থেকে দূরে থাকা, নৌকায় অবস্থান না করা– এই বার্তাগুলো কেবল প্রচার নয়, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করতে হবে। পাশাপাশি বজ্রাহত ব্যক্তির জরুরি চিকিৎসা ও প্রাথমিক সহায়তা সক্ষমতা বাড়াতে হবে, যাতে প্রাণহানি কমানো যায়। তালগাছ রোপণসহ বৃক্ষায়নের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এটি কোনোভাবেই মূল সমাধান নয়। বজ্রপাত একটি জটিল বৈজ্ঞানিক ও আবহাওয়াগত প্রক্রিয়া। তাই এর সমাধানও হতে হবে প্রকৌশলভিত্তিক– নিরাপদ অবকাঠামো, গ্রাউন্ডেড লাইটনিং প্রোটেকশন সিস্টেম এবং কার্যকর সতর্কতা নেটওয়ার্ক। হাওরাঞ্চলের বজ্রনিরোধক ব্যবস্থা কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়; জাতীয় জননিরাপত্তা কাঠামোর অংশ হওয়া উচিত। যেখানে আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার, কৃষি বিভাগ এবং কমিউনিটি পর্যায়ের প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট– এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে একটি দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ না করলে প্রতিবছর আমরা একই মৃত্যুর সংবাদ পড়তে থাকব।
রাসেল আহমদ: সাংবাদিক
