হাজার বছর ধরে পৃথিবীজুড়ে হৃৎপিণ্ড বা হৃদয় ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই সুপ্রাচীন মিসরে, মানুষ বিশ্বাস করতো, হৃদয়ই মানুষের আত্মা ও অনুভূতির কেন্দ্র। গ্রিক দার্শনিকরা বলতেন, হৃদয় থেকেই জন্ম হয় আবেগের। \r\nযখন কেউ কারও প্রতি অনুরক্ত হয়, প্রেমে পড়ে অথবা প্রিয় মানুষের জন্য আবেগতাড়িত হয়, তাঁর হৃৎস্পন্দন বেড়ে যায়। আর এটা অনুভূত হয় বুকের মধ্যে। প্রাচীন মানুষ তাই ভেবেছিল, আবেগের কেন্দ্র বুঝি বুকের ভেতরে, আরও সুনির্দিষ্টভাবে বললে- বুকের বাম-পাশে। পরবর্তীতে বুকের বাম-পাশের এই অঙ্গখানা হৃদয় নামে পরিচিতি লাভ করে।
তখন তো বিজ্ঞান এত অগ্রসর হয়নি; আর তাই মানুষের জানা ছিল না যে, আবেগ কে আসলে নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক; হৃদয় শুধু তার নির্দেশে সাড়া দেয়।\r\nএকটা বিষয় লক্ষণীয়- ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত লাভ চিহ্নটা কিন্তু সত্যিকারের হৃদ্যন্ত্রের মতো নয়। এই চিহ্ন বা প্রতীক কীভাবে, কোত্থেকে উদয় হলো তা নিয়ে প্রচলিত আছে নানা গল্প :\r\nকোনো কোনো গবেষকের মতে, সিলফিয়াম (silphium) নামক একটি উদ্ভিদের বীজের আকৃতি ছিল আজকের হৃদয়ের আকৃতির মতো গোলাকার ও দু পাশে বর্ধিত। বলা হয়ে থাকে, কামাকাক্সক্ষা এবং প্রজনন সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হতো এই বীজ। গর্ভনিরোধক হিসেবেও নাকি এর বেশ কার্যকারিতা ছিল।
সম্ভবত প্রেম ও কামনার সঙ্গে এই বীজের সংশ্লিষ্টতার কারণে মানুষ এই বীজের আকৃতিকে ভালোবাসার প্রতীক রূপে ব্যবহার করতে শুরু করে।\r\nকেউ কেউ বলেন, প্রাচীন শিল্পকলায় কামনার প্রতীক হিসেবে আইভি বা ডুমুরের পাতা ব্যবহৃত হতো, যার সঙ্গে বর্তমানে ব্যবহৃত হৃদয়ের আকৃতির মিল খুঁজে পাওয়া যায়। \r\nগ্রিক ও রোমানরা হৃদয়কে আবেগের কেন্দ্র হিসেবে বিবেচনা করতেন, তবে তাঁদের হৃদয়ের চিহ্ন বর্তমান চিহ্নের মতো ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে, মধ্যযুগীয় এবং পরবর্তীকালের শিল্পীরা উদ্ভিদ এবং মানব দেহের সংশ্লিষ্ট অংশের সংমিশ্রণে হৃদয়ের একটি সরলীকৃত আকৃতির ব্যবহার শুরু করেন। মধ্যযুগের চিকিৎসা গ্রন্থগুলিতে প্রায়শই সরলীকৃত, প্রতিসম হৃদয়ের রূপরেখা দেখানো হয়েছে, যা আধুনিক আকৃতির দিকে এগিয়ে যাওয়ার ধাপ হিসাবে বিবেচনা করা হয়।
\r\nদ্বাদশ শতাব্দী থেকে, ইউরোপীয় চিত্রকলায় একটি গোলাকার, প্রতিসম হৃদয়ের মোটিফের ব্যবহার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেতে থাকে। ট্রুবাদোর কবিতা এবং সৌজন্যমূলক প্রেম সংস্কৃতি হৃদয়কে আবেগ এবং আকাঙ্ক্ষার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখে; প্রেমের জন্য দৃশ্যমান একটি প্রতীকের ধারণাকে জোরালো করে তোলে।\r\nপ্রকৃত শারীরবৃত্তীয় হৃদয় অসম এবং এর আকৃতি জটিল; শিল্পী এবং কারিগররা তাই একটি সহজ, সুষম আকৃতি চাচ্ছিলেন যা মুদ্রা, সিলমোহর, বস্ত্র ইত্যাদি শিল্পে ব্যবহার করা সহজতর হয়।
এ কারণে আকৃতির প্রতিসাম্য, নান্দনিক বাঁক, এবং পরিচিত ফুল বা বীজের আকারের সাথে সাদৃশ্য লাভ কে আবেগ, স্নেহ, এবং ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য একটি আকর্ষণীয় প্রতীক হিসেবে জনপ্রিয় করে তোলে।\r\nমধ্যযুগের শেষ থেকে আধুনিক কালে- তাস, মাদুলি ও রোমান্টিক কার্ডে হৃদয় চিহ্ন ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। মুদ্রণ শিল্পের বিকাশ, শুভেচ্ছা কার্ডের ব্যবসা এবং ১৮১৯শ শতকের বাণিজ্যিক চিত্রকলা এই প্রতীকটিকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। ভিক্টোরিয়ান যুগের ভ্যালেন্টাইন কার্ড এবং পরে গণমাধ্যম হৃদয়কে লাল রং, গোলাপ ইত্যাদির সঙ্গে বারংবার যুক্ত করে প্রেমের প্রতীক হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে। \r\nভালোবাসা নামক এই অদ্ভুত অথচ চিরন্তন ব্যাপারটির জন্য মানুষ ঐতিহাসিকভাবে হৃদয়কে দায়ী করে এসেছে।
হৃদয়ভাঙা, হৃদয় দেওয়া-নেওয়া, হৃদয়জুড়ে থাকা- এই অনুভূতিগুলোকে হৃদয় সংশ্লিষ্ট বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিজ্ঞান বলে, এগুলো মস্তিষ্কের কাজ। বিজ্ঞানের ভাষায়- ভালোবাসা হলো মস্তিষ্কের তৈরি একটি জটিল স্নায়ু-রাসায়নিক (নিউরোকেমিক্যাল) অবস্থা, যেখানে হরমোন, নিউরোট্রান্সমিটার আর আচরণ একসঙ্গে কাজ করে। প্রখ্যাত স্নায়ুবিজ্ঞানী হেলেন ফিশারের মতে, ভালোবাসার তিনটি পর্যায় রয়েছে :\r\n১) কামনা (Lust) : যখন মানুষ অন্য কাউকে তীব্রভাবে তার জীবনে পেতে চায়। টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনের কারণে এমনটা অনুভূত হয়। \r\n২) আকর্ষণ (Attraction) : এটাই সেই ক্রাশ বা প্রেমে পড়ার পর্যায়। এই সময় মস্তিষ্কে নিঃসরিত হয় ডোপামিন হরমোন, যার কারণে মানুষ আনন্দ আর উত্তেজনা অনুভব করে, আর তার মনে হয়, ওকে পেলেই সুখ ।
নোরএপিনেফ্রিন হরমোনের কারণে বুক ধড়ফড় করে, কাটে নির্ঘুম রাত আর সেরোটোনিন হরমোন বারবার তার কথা মনে করিয়ে দেয়। এ পর্যায়ে মস্তিষ্ক প্রায় নেশাগ্রস্তের মতো আচরণ করে।\r\n৩) বন্ধন (Attachment) : দীর্ঘমেয়াদি ভালোবাসা, দাম্পত্য বা গভীর সম্পর্ক কে নির্দেশ করে। গভীর সম্পর্ক স্থাপনে এবং এটিকে টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা পালন করে অক্সিটোসিন নামক হরমোন যা বিশ্বাস, মায়া, ঘনিষ্ঠতা তৈরি করে; এবং ভ্যাসোপ্রেসিন হরমোন যার কারণে বন্ধন দীর্ঘস্থায়ী হয়, তৈরি হয় দায়বদ্ধতা। এই হরমোনগুলো না থাকলে নাকি সম্পর্ক টেকে না।\r\nবলা হয়ে থাকে, ভালোবাসা অন্ধ, আসলে কি তাই? এ বিষয়ে বিজ্ঞান কী বলে? প্রেমের সময় মস্তিষ্কের যুক্তিবোধের অংশ (Prefrontal cortex) কম সক্রিয় থাকে, আর আবেগি অংশ (Reward system) থাকে অতিরিক্ত ক্রিয়াশীল।
ফলে, যুক্তি তখন ধোপে টিকে না, কেবলই মনে হয় : না না, ও আলাদা। \r\nভালোবাসা কি তবে শুধুই কেমিস্ট্রি? কথাটা আংশিক সত্য। বিজ্ঞান ব্যাখ্যা দেয় : কীভাবে অনুভূতিটা তৈরি হয় এবং কেন শরীরে এই পরিবর্তন হয়। কিন্তু কে কাকে ভালোবাসবে, ভালোবাসা কতটা গভীর হবে এবং কীভাবে তা প্রকাশ পাবে এসবের পেছনে কাজ করে ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, স্মৃতি আর সংস্কৃতি। \r\nমানবদেহে অনেক অঙ্গ-প্রত্যঙ্গ আছে, যারা চুপচাপ নিজেদের কাজ করে যায়— কিডনি বিপাকীয় বর্জ্য ছেঁকে দেয়, ফুসফুস বাতাস টানে, লিভার নীরবে বিষ পরিষ্কার করে। কিন্তু হৃদয়? সে একেবারেই আলাদা, ভীষণ অন্যরকম। সে কাজের ফাঁকে ফাঁকে প্রেমে পড়ে, কষ্ট পায়, গান শোনে, আবার মাঝেমধ্যে হঠাৎ থেমে যাওয়ার হুমকিও দেয়।\r\nডাক্তাররা হৃদয়কে খুব বৈজ্ঞানিকভাবে দেখেন- বিট, প্রেসার, ব্লক। তার মূল কাজ রক্ত পাম্প করা- ব্যাপারটা খুবই যান্ত্রিক। কিন্তু সমাজ হৃদয়কে দেখে কবিতার চোখে। কেউ বলে, আমার হৃদয় ভেঙে গেছে। যদিও, এক্স-রে করলে কিন্তু সেই ভাঙা দাগ দেখা যায় না। সবচেয়ে মজার ব্যাপার হলো- হৃদয় সারাজীবন কাজ করে, কিন্তু বিশ্রাম নেয় ভালোবাসার নামেই। একটু প্রেম পেলেই সে নরম হয়ে যায়, কাজের গতি বাড়িয়ে দেয়। আবার কষ্ট পেলে ধর্মঘট- খাওয়া বন্ধ, ঘুম বন্ধ।\r\nএ কথা স্বীকার করতেই হয়, এই অতিনাটকীয় হৃদয় না থাকলে জীবনটা ভীষণ নীরস হতো। কারণ হৃদয়ই তো আমাদের কষ্টকে গল্প বানায়, ভুলকে স্মৃতি বানায়, আর জীবনকে বানায় একটি চলমান নাটক। বিজ্ঞান মগজের দাবি রাখুক, আর প্রেম থাক হৃদয়ের দখলে।\r\nলেখক : একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত
