আমি আমার এই কলাম লিখে সাধারনত রবিবার রাত ১০টার মধ্যে সাবমিট করি। ইনকিলাবে ছাপা হয় মঙ্গলবার। এই প্র্যাক্টিসই চলছে বিগত ৩৭ বছর ধরে। গত রবিবার সকালে সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলাদেশে রাজনৈতিক রিকনসিলিয়েশন নিয়ে লিখবো। কারণ, হঠাৎ করে দেখছি, এই পলিটিক্যাল রিকনসিলিয়েশন নিয়ে একটি চেনা মুখ বেশ সোরগোল পাকিয়েছেন। বঙ্গপোসাগর নিয়ে সেমিনার করুন, আপত্তি নাই। কিন্তু বঙ্গপোসাগর কনভারসেশন বা সংলাপ নিয়ে হঠাৎ করে রিকনসিলিয়েশনের প্রশ্ন ওঠে কেনো? এর মধ্য দিয়ে ওরা কি বলতে চান বা করতে চান? বুদ্ধিমান লোকের বুঝতে অসুবিধা হয় না যে, এসব গালভরা টার্ম বা পরিভাষা কপচিয়ে ওরা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান। কিন্তু রিকনসিলিয়েশন এত সোজা নয়। আর আওয়ামী লীগের পুনর্বাসনও এত সোজা নয়। সেসব কথাই আজকের কলামে লিখতে চেয়েছিলাম।

কিন্তু দুপুরের পর পাকিস্তানের সবচেয়ে পুরাতন, ৮৫ বছরের পুরাতন, কিন্তু আজও নামকরা ইংরেজি দৈনিক ‘ডনের’ একটি খবরে আমার সিদ্ধান্ত পাল্টাতে হলো। উত্তর-পশ্চিম সীমান্তে পাকিস্তানের একটি প্রদেশের নাম। বর্তমান নাম খাইবার পাখতুনখোয়া। পাকিস্তানের ৪টি প্রদেশের মধ্যে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়া বা সীমান্ত প্রদেশে বিশ্ব নন্দিত ক্রিকেটার টার্নড পলিটিশিয়ান ইমারান খানের পিটিআই সরকার ক্ষমতায় ছিলো। কিন্তু রবিবার দুপুর বেলা পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে দেখলাম, সেখানে অর্থাৎ পাখতুনখোয়াতে পাকিস্তানের শাসনতন্ত্রের ২৩২ অনুচ্ছেদ মোতাবেক জরুরি অবস্থা জারি করা হয়েছে। অতঃপর ২৩৪ অনুচ্ছেদ মোতাবেক সেখানে প্রাদেশিক গভর্নরের শাসন জারি করা হয়েছে। বর্তমান গভর্নর হলেন কেন্দ্র মনোনীত জনাব কুন্দি। গভর্নরের শাসন জারি হওয়ার পর স্বভাবতই মন্ত্রীসভা বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী ছিলেন সোহেল আফ্রিদি। এখন সরকার চালাবেন গভর্নরের নির্দেশনায় একজন চীফ সেক্রেটারি। ড. মোহাম্মদ ফখরে আলমকে চীফ সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে।

খবরটি পড়ে আমি স্তম্ভিত হয়ে যাই। ভাবি, দেশটিতে কি কোনো দিনই গণতন্ত্রকে বিকশিত হতে দেওয়া হবে না? গণতন্ত্রকে কোনো দিন পাকিস্তানে শিকড় গাড়তে দেওয়া হয়নি। সেখানে শাসনতন্ত্রই কোনো দিন ভালো ভাবে কাজ করতে পারেনি। সেকারণেই যারা পাকিস্তান ভাঙতে চেয়েছিল, তারা সেই ভাঙার সুযোগ পেয়েছিল এবং দেশটি দুই ভাগ হয়ে গেছে। পাকিস্তানের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো দেশটির পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হওয়া। আমার ধারণা ছিল, পাকিস্তানের শাসক গোষ্ঠী হয়তো এই গ্রেট ট্র্যাজেডি থেকে শিক্ষা নেবে। কিন্তু এখন দেখছি, সম্ভবত তারা কোনো শিক্ষা নেয়নি। শুধুমাত্র এক্সটার্নাল ফ্রন্টে সুনাম করলেই হবে না, দেশটির অভ্যন্তরেও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়ার দূতিয়ালীতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপনে চীন সফর করেন। এর প্রতিদান হিসাবে আমেরিকা মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে। আমেরিকা ও চীনের সমর্থনও পাকিস্তানকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারেনি। কারণ পূর্ব পাকিস্তানের প্রায় সমস্ত মানুষ পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

এখন ফিল্ড মার্শাল অসীম মুনীর ইরান যুদ্ধ নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে দূতিয়ালী করে যতোই নাম কামাই করুন না কেনো, পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল নয়। এক্সটার্নাল ফ্রন্টের সাথে সাথে ইন্টারনাল ফ্রন্টেও ফিল্ড মার্শাল অসীম মুনীরকে নজর দিতে হবে। আমি বারবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কথা না বলে অসীম মুনীরের কথা বলছি। কারণ, অতীতে আমার ৫ বার পাকিস্তান এবং কাশ্মীর সফর করার সৌভাগ্য হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আসলাম বেগ, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পীকার জেনারেল আইয়ূবের পুত্র গওহর আইয়ূব, মরহুমা প্রধানমন্ত্রী বেনজীর ভূট্টোসহ অনেকের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল। পাকিস্তানীদের সাইকি (Psyche) বা মনমানস আমার জানার সৌভাগ্য হয়েছে। সীমান্তের বাইরে পাকিস্তানের অন্তত ২টি প্রদেশকে ডিস্ট্যাবিলাইজ করার চক্রান্ত অভিজ্ঞ রাজনৈতিক মহলের কাছে পরিস্কার। ফিল্ড মার্শাল অসীম মুনীর যখন মধ্যপ্রাচ্যে বিশেষ করে সউদী আরব, ইয়েমেন ও ইরানে শান্তি স্থাপনে ব্যস্ত, তখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানে ভারত চরম অশান্তি ও রক্তপাত ঘটানোয় ব্যস্ত। তারা বেলুচিস্তান লিবারেশন আর্মিকে আশ্রয় দিয়ে, টাকা পয়সা দিয়ে এবং অস্ত্রশস্ত্র দিয়ে নিয়মিত অশান্তি সৃষ্টি করছে। আর খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র হামলা চালাচ্ছে টিটিপি বা তেহরিকে তালেবানে পাকিস্তান। তাদেরকে মদদ দিচ্ছে আফগাস্তিানের তালেবান সরকার। পাকিস্তানের বিমানবাহিনী টিটিপির ঘাটি গুলোর ওপর বোমা বর্ষণ করেছে। আর পাকিস্তান সেনাবাহিনী বিএলএ (বেলুচিস্তান লিবারেশন আর্মি) এর ওপর আঘাত হানছে।

॥দুই॥ বিএলএ এবং টিটিপির এসব সশস্ত্র হামলাকে আমি গুরুত্ব দিতাম না। কিন্তু ভুলে গেলে চলবে না যে, ওদের পেছনে রয়েছে ভারত সরকার এবং আফগান সরকার। তার পরেও তাদেরকে ততো গুরুত্ব দিতাম না যদি পাকিস্তানের জনগন শাহবাজ শরীফের সরকারের ওপর সন্তুষ্ট থাকতো। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বলা হয় যে, গত নির্বাচনে পাঞ্জাব, পাখতুনখোয়া এবং পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদে ইমরান খানের দল জয়লাভ করেছিল। কিন্তু সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র হস্তক্ষেপ করে ভোটের ফলাফল পাল্টে দেয় এবং ইমরান খানসহ পিটিআই নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে। কিছুদিন আগেও দেখা গেছে, ইমরান খান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। সেবারও পাকিস্তানে অতীতের মতো গণতন্ত্রকে বিকশিত হতে দেওয়া হয়নি।

সেনাবাহিনী তাকে ক্ষমতায় যেতে দেয়নি। প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান জেনারেল ফয়েজ হামিদকে সেনাপ্রধান করতে চেয়েছিলেন। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার সহায়তায় আমেরিকার তৎকালীন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইমরান সরকারের পতন ঘটান। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়ে অসীম মুনীরকে সেনাপ্রধান করেন। সেই থেকে অসীম মুনীর পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খানকে কারার অন্ধ প্রকোষ্ঠে বন্দী করে রেখেছেন।

॥তিন॥ আমি প্রথমে বলেছি এবং এখনো বলছি যে, পাকিস্তানে গণতন্ত্রকে কোনো দিন বিকশিত হতে দেওয়া হয়নি। ১৯৪৭ সালের ১৪ অগাস্ট স্বাধীন হয় পাকিস্তান, আর ১৫ অগাস্ট ভারত। ১৯৫২ সালে ভারত তার নিজস্ব শাসনতন্ত্র প্রণয়ন করে। কিন্তু পাকিস্তান সেটি করতে সক্ষম হয় ১৯৫৬ সালে। অর্থাৎ ততদিন পর্যন্ত পাকিস্তান ব্রিটিশদের তৈরি ১৯৩৫ সালের ভারত শাসন আইন দিয়ে পরিচালিত হয়। এই ৯ বছরে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী এম এ খুরোকে অপসারন করা হয়। গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে বরখাস্ত করেন। ’৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করলেও মুখ্যমন্ত্রী শেরে বাংলা ফজলুল হককে ১৯৫৪ সালের মে মাসে বরখাস্ত করে গভর্নরের শাসন জারি করা হয় এবং ভারত শাসন আইনের ৯২(ক) ধারা জারি করা হয়। সাবেক পূর্ব বাংলায় (৫৬ সালের পর পূর্ব পাকিস্তান) গভর্নর হিসাবে পাঠানো হয় মেজর জেনারেল ইস্কান্দার মির্জাকে। গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পাকিস্তানের প্রথম গনপরিষদ ভেঙে দেন। ১৯৫৬ সালে ৯ বছর পর পাকিস্তানের শাসনতন্ত্র চালু হলেও ১৯৫৮ সালে জেনারেল আইয়ূব খান সামরিক শাসন জারি করেন এবং শাসনতন্ত্র এবং জাতীয় পরিষদ বাতিল করেন। আইয়ূব খানের শাসনকালের শেষ দিকে পূর্ব ও পশ্চিম পাকিস্তান উভয় অঞ্চলে গনঅভ্যুত্থান ঘটে। গনঅভ্যুত্থানে আইয়ূব খানের পতন ঘটে, কিন্তু জনগণের হাতে ক্ষমতা আসেনি। আরেকটি মার্শাল ‘ল’ জারি করে ক্ষমতা গ্রহণ করেন জেনারেল ইয়াহিয়া খান। তার শাসনের সমাপ্তি ঘটে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের আলাদা হয়ে স্বাধীন হওয়ার মাধ্যমে।

এর বিপরীতে ১৯৫২ সালের পর থেকে ভারতে সংবিধান মোতাবেক নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতে রয়েছে ২৮টি প্রদেশ এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল। ২৮টি প্রদেশে ২৮টি ভাষা এবং ২৮টি জাতীয়তা। তা সত্ত্বেও ভারতে সাংবিধানিক শাসন কোনো দিন বিঘ্নিত হয়নি এবং সেনাশাসনও কোনো দিন আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতেও জাতীয় সংহতির প্রধান ফ্যাক্টর হলো হিন্দু ধর্ম। অর্থাৎ ২৮টি প্রদেশের ২৮টি উপজাতীয়তাবাদ থাকা সত্ত্বেও বৃহত্তর হিন্দু জাতীয়তাবাদ ভারতকে ঐক্যবদ্ধ রেখেছে। অবশ্য এই সংহতির পেছনে সাড়ে ৩ হাজার বছরের সিন্ধু সভ্যতাও রয়েছে।

॥চার॥ এই পটভূমিতে পাকিস্তানের ৪টি প্রদেশের মধ্যে একটি মাত্র প্রদেশে বিরোধীদলীয় সরকার ছিল। সেটিও বাতিল করা হলো। কথায় বলে, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়’। সীমান্ত প্রদেশ বা খাইবার পাখতুনখোয়ার জরুরী অবস্থা জারি ও গভর্নরের শাসন দেখে ঐ প্রবাদটি বারবার মনে পড়ছে। লেখার শেষ পর্যায়ে রাত সোয়া ৯টায় পাকিস্তানের ‘ডন’ পত্রিকার অনলাইন সংস্করনে দেখলাম, বেসামরিক প্রশাসনের সাহাযার্থে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একটি কথা এখানে না বললেই নয়। ২০২২ সালের ৫ নভেম্বর ইমরান খান বলেছিলেন, ‘What happened in East Pakistan? The military took action against the party which won the elections.’ বাংলা অনুবাদ— ‘পূর্ব পাকিস্তানে কি ঘটেছিল? নির্বাচনে বিজয়ী দলের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবস্থা নিয়েছিল।’ ২০২৩ সালের ১৮ মে ইমরান খানকে গ্রেফতার করা হয়। তখন থেকে আজ পর্যন্ত তিনি কারাগারের অন্ধ কুটিরে কাটাচ্ছেন। গ্রেফতারের ঠিক পূর্ব মুহুর্তে তিনি বলেছিলেন, ‘Pakistan could face an East Pakistan-like situation’. অর্থাৎ পাকিস্তান পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

বাংলাদেশের আপামর জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনার বিদেশের পদলেহী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচিয়েছে। পাকিস্তানের ভুলে যাওয়া উচিত নয় যে, ভারত পাকিস্তনের অস্তিত্ব বিনাশ করতে চায়। সুতরাং পাকিস্তানের সামরিক ও বেসামরিক প্রশাসনের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যার ফলে দেশটি শত্রুর পাতা ফাঁদে পা দেয়।

Email:journalist15@gmail.com