রাজনীতির আকাশে কালো মেঘ কেটে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পথে দেশ। ভোটের প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। মাঠ পর্যায়ের প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে। চলছে ডিসি-এসপি পদে বদলি। নির্বাচন কমিশনের তৎপরতা বেড়েছে অনেক। কমিশনের ওপর বাড়তি দায়িত্ব জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটের আয়োজন করা। নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোট আইন হওয়ার পর এ নিয়ে কমিশন কাজ শুরু করবে। কমিশন ইতোমধ্যে ডিসেম্বরের প্রথমদিকে তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে।
অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময় বলেছেন, নির্বাচন হবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে। কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিএনপি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানাতে থাকে। সময়ের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট ভূমিকার কারণে এক পর্যায়ে নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা ও সংশয় তৈরি হতে থাকে। অভিযোগ ওঠে, সরকার নির্বাচন প্রলম্বিত করতে চায়। অবশেষে নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে। গত ১৩ জুন অনুষ্ঠিত ঐ বৈঠক থেকেই আসে বহুল প্রত্যাশিত ঘোষণা।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যেসব দল আর পক্ষ এক হয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে; নির্বাচনের তারিখ নিয়ে তাদের মধ্যে দূরত্বও অনাকাঙ্ক্ষিত ছিল। বস্তুত শুধু নির্বাচন নয়; ছাত্র-জনতার রক্ত, আত্মত্যাগ উপেক্ষা করে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত ঐক্যের বাংলাদেশ গড়তে না পারলে তা হবে জাতির জন্য আশাহত হওয়ার কারণ। বিশেষত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি– এই তিনটি দলের নির্বাচন, গণভোট ও জুলাই সনদ বিষয়ে সুদৃঢ় ঐক্য ছাড়া জাতি গণতন্ত্রের সুবাতাস ফিরে পাবে না। ভোটের অধিকার নিশ্চিত করাই আসলে জুলাই চেতনার অঙ্গীকার। এই অঙ্গীকারেই উজ্জীবিত হতে হবে আসন্ন জাতীয় নির্বাচনকে।
বিএনপি এ পর্যন্ত ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই ৩০০ আসনে মনোনয়ন ঘোষণা করে। তাদের প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন সবার আগে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কয়েকটি আসনে দলের গুরুত্বপূর্ণ নেতাদের মনোনয়ন প্রকাশ করেছে। তারা অন্য দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার পথ খোলা রেখেছে। বিএনপি আন্দোলনে শরিকদের জন্য বেশ কিছু আসন ছাড়ের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। সম্ভাব্যদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে দলের বাকি আসন ও জোটের প্রার্থী তালিকা শিগগিরই ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে অনেক আগেই জানানো হয়েছে।
তারেক রহমান শুরু থেকেই বলে আসছেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দল ও শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। জামায়াতের নেতৃত্বাধীন আট দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। এনসিপি বিএনপি, নাকি জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করবে– এখনও স্পষ্ট করেনি। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আর তেমন বিভক্তি নেই।
নির্বাচনী ময়দানে আমরা একটি অনন্য দৃষ্টান্তও দেখতে পাচ্ছি। ঢাকা-১৪ আসনে বিএনপি সানজিদা ইসলাম তুলির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তুলি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমনসহ ছয়জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়। এরপর ১২ বছরেও সুমনের খোঁজ মেলেনি। ভাই সাজেদুল ইসলাম সুমনসহ গুম হওয়া ব্যক্তিদের জন্য বেশ সাহসী ও সক্রিয় ছিলেন সানজিদা ইসলাম তুলি।
আর জামায়াতে ইসলামী একই আসনে মনোনয়ন দিয়েছে মীর আহমদ বিন কাসেমকে। তিনি আরমান নামেও পরিচিত। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের শিকার হয়ে আট বছর আয়নাঘরে বন্দি ছিলেন। ব্যারিস্টার আরমান জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ও যুদ্ধাপরাধী হিসেবে আওয়ামী লীগ আমলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর পুত্র। আরমান অপহরণের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বাবার অন্যতম আইনজীবী ছিলেন। তাদের দুজনের নির্বাচনী মাঠে ভোটের লড়াই রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তারা একে অপরকে ‘ভাই-বোন’ আখ্যায়িত করছেন, যা আসন্ন নির্বাচনের পথ সুগম করছে।
এ পরিস্থিতিতে সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের আয়োজন করা। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে রাজনৈতিক-অরাজনৈতিক খুনোখুনি। সমকালে ১০ নভেম্বর প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধীদের হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক আগ্নেয়াস্ত্র রয়েছে। গণঅভ্যুত্থান চলাকালে এবং পরবর্তী সময়ে অনেক অস্ত্র-গুলি সন্ত্রাসীদের হাতে চলে গেছে। পুলিশের লুট হওয়া এক হাজার ৩৪২টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।
ওদিকে মানুষ অপেক্ষায় আছে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। পুরো দেশ এখন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায়। যার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক অঙ্গনে নানা মতভেদ থাকলেও আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না।
মনে রাখতে হবে, নির্বাচন বাধাগ্রস্ত বা বিলম্বিত হলে পরাজিত শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা রয়েছে। দেশও অস্থিতিশীল পরিস্থিতিতে পড়তে পারে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হবে। আইনশৃঙ্খলার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। হারিয়ে যাওয়া গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যে মন্দার শঙ্কা তৈরি হবে। সকল সংশয় কাটিয়ে নির্বাচনের পথে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ভোটের অপেক্ষায় মানুষ।
হাসান আহমেদ চৌধুরী কিরণ: চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি
