শিক্ষা হলো ব্যক্তির সর্বাঙ্গীন জীবনের সাথে সম্পর্কযুক্ত নিরবিচ্ছিন্ন জ্ঞানসাধনা, যা তাকে সমাজের সাথে খাপ খাইয়ে চলার আচরণিক পরিবর্তনসাধন করে। অন্যকথায় বলা যায়, শিক্ষা হলো প্রজন্মের নিকট বহমান অভিজ্ঞতালদ্ধ জ্ঞান। শিক্ষাকে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন, শিক্ষা মানুষকে আলোকিত জীবনের পথ দেখায় এবং নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করে এ ব্যাপারে সবাই একমত। আমরা সবাই শিক্ষা অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হতে চাই। এ আলো জ্ঞানের আলো, যা দ্বারা সমাজ থেকে দূরীভূত হয় অজ্ঞতা, কুসংস্কার মুক্ত হয় সমাজ।

প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরীর মতে, ‘জীবসত্ত্বার ঘর থেকে মানব সত্ত্বার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা’। তিনি শিক্ষাকে আমাদের জীব সত্ত্বার ঊর্ধেব উঠে মানব সত্ত্বা বা মনুষ্যত্ব অর্জনের প্রকৃত মাধ্যম বলেছেন। শিক্ষা মানুষের ভিতরের মনুষ্যত্বকে জাগ্রত করে পশুত্বকে নির্বাসন দেয়, আত্মার উন্নতি সাধন করে; শিক্ষার্থীর মন, হৃদয় ও মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করে, আচার-আচরণে ভদ্র ও বিনয়ী করে তোলে আধ্যাত্মিক উন্নতি ও উৎকর্ষ সাধনের মাধ্যমে কর্মে ও নেতৃত্ব দানে মানুষকে উপযোগী করে তোলে যে শিক্ষা সেটাই প্রকৃত শিক্ষা। The aim of education is to produce a good man. এ কথাটির সাথে সবাই একমত হলেও কোন শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এ ব্যাপারে মতের মিল পাওয়া কঠিন হবে।

জ্ঞানকে দুভাগে ভাগ করা যায়। যার একটি হলো দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান, যা প্রতিনিয়ত পরিবর্তনশীল। অন্যটি আদর্শিক বা ধর্মীয় জ্ঞান, যা অপরিবর্তনশীল। শিক্ষার মাধ্যমে একজন মানুষকে সত্যিকার মানুষরূপে গড়ে তুলতে হলে এ দ্বিবিধ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করে শিক্ষার্থীকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। বর্তমান সমাজে দ্বিবিধ শিক্ষা পদ্ধতি চালু আছে। প্রথমত আদর্শিক বা ধর্মীয় শিক্ষা। দ্বিতীয়ত সেক্যুলার তথা ধর্মহীন শিক্ষা। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতার বিকাশ ঘটাতে হলে ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একমুখী শিক্ষা ব্যবস্থাচালু করা আবশ্যক। কারণ, নৈতিকতা বিবর্জিত যে শিক্ষা তা একজন মানুষকে সমাজের জন্য নিস্বার্থ সেবক ও সুনাগরিক হিসেবে গড়ে না তোলে স্বার্থপর একটি শোষক শ্রেণি হিসেবেই তৈরি করছে। সমাজের নৈতিক চরিত্রহীন এ শিক্ষিত শ্রেণির মানুষেরাই কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ, দুর্নীতির শীর্ষ তালিকায় নাম লেখানো, দেশ ও সমাজের স্বার্থে কাজ না করে স্বার্থপরের মতো নিজের টাকার হিসাবের অংক বড় করাসহ দেশ ও জাতিকে কলংকিত ও পেছনে ঠেলে দিতে নেতৃত্ব দিচ্ছে। নৈতিকতা বিবর্জিত শিক্ষায় শিক্ষিত মানুষগুলোর মধ্যে দেশপ্রেম জাগ্রত না হয়ে স্বার্থপর হয়ে গড়ে উঠে। আমাদের দেশে স্বাধীনতা পরবর্তী যত টাকা পাচার হয়েছে তার সঠিক হিসাব জানা খুবই দুষ্কর। তথাপিও বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য থেকে জানা যায়, পাচারকৃত টাকার পরিমাণ এত বেশি যে, যা দ্বারা এদেশের সতের কোটি মানুষর আগামী ৫০ বছরের খাদ্যের চাহিদা পূরণ করা যেত। এই পাচারকারীগণ দেশের কোনো অশিক্ষিত বা সাধারণ জনগণ নয়, বরং তারা হলেন দেশের সর্বোচ্চ শিক্ষিতদের একটি অংশ।

ব্যাংক থেকে টাকা পাচার, মানি লন্ডারিং, কালো টাকা সাদা করা, নামে বেনামে প্রকল্প তৈরি করে আত্মসাৎসহ দুর্নীতির সাথে জড়িত প্রায়ই সবাই উচ্চ শিক্ষিত। ‘দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য’। শিক্ষার মাধ্যমে নৈতিকতা অর্জন করতে হলে প্রয়োজন ধর্মীয় নৈতিকতা সম্পন্ন আদর্শিক শিক্ষা ব্যবস্থা। মানুষ হিসেবে একজন শিক্ষার্থীকে জানতে হবে তার আসল পরিচয় কী? দুনিয়ায় তার আগমনের কারণ কী? দুনিয়ায় তার দায়িত্ব ও কর্তব্য কী? কার কাছে তার জবাবদিহি করতে হবে? এ সকল প্রশ্নের সঠিক জবাব যে শিক্ষা ব্যবস্থা দিতে পারে সেই শিক্ষায় আসল শিক্ষা আর সেই শিক্ষায় নৈতিকতা অর্জন সম্ভব। কেননা, জবাবদিহির দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের কাছে থাকলে আইন প্রণয়ন ও এর প্রয়োগের প্রয়োজন হয়; কিন্তু সৃষ্টিকর্তার কাছে থাকলে তাকে প্রতিনিয়ত তার ভিতরের যে আসল মানুষটি আছে (বিবেক) তার কাছে তাকে জবাবদিহি করতে হয় বলে তার দ্বারা নৈতিকতা বর্জিত কাজ করা সম্ভব হয় না।

শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নৈতিকতার উৎকর্ষ সাধন। এ প্রসঙ্গে আল্লামা ইকবাল বলেন, ‘শিক্ষার উদ্দেশ্যই হল খুদিবা আত্মার উন্নতি সাধন।’ দার্শনিক প্লেটোর মতে, প্রতিটি মানুষের ভেতরে আলো আছে, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই আলোকে প্রজ্বলিত করা। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে জন মিল্টন বলেন, Education is the harmonious development of body, mind and soul. চীনে একটা প্রবাদ আছে, তুমি যদি শত বছরের পরিকল্পনা কর তাহলে গাছ লাগাও, আর যদি হাজার বছরের পরিকল্পনা কর তাহলে মানুষ চাষ কর। শিক্ষায় মানুষকে ভালো-মন্দ, সুন্দর-অসুন্দর, ন্যায়-অন্যায় ও সত্য-অসত্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে সাহায্য করে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, মানুষের অভ্যন্তরের মানুষটিকে পরিচর্যা করে খাঁটি মানুষ বানানোর প্রচেষ্টাই শিক্ষা।

আমাদের বর্তমান আর্থ সামাজিক অবস্থা, মানবিক মূল্যবোধ ও ছাত্র সমাজের নৈতিক অবক্ষয় যে পর্যায়ে পৌঁছেছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শিক্ষায় নৈতিকতা ও আদর্শিক জ্ঞানের সমন্বয় সাধন একান্ত প্রয়োজন। এ প্রসঙ্গে বিজ্ঞানী আইন স্টাইনের একটি উক্তি উল্লেখ করা যায়। তার মতে, ‘একজন মানুষকে কোন বিদ্যায় বিশেষত্বের শিক্ষা দেয়াটাই যথেষ্ট নয়।’ এর ফলে সে একটি প্রয়োজনীয় যন্ত্রে পরিণত হতে পারে। কিন্তু, কখনোই পরিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হতে পারে না। মূল্যবোধ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা ও জীবনানুগ উপলদ্ধি অর্জন করা শিক্ষার্থীর জন্য অপরিহার্য। যা কিছু সুন্দর ও নৈতিক দিক থেকে কল্যাণকর, সে সম্পর্কে একটা সুস্পষ্ট উপলদ্ধি দিয়ে তাকে অবশ্যই গড়ে তুলতে হবে। তা না হলে তার বিশেষত্বের জ্ঞান নিয়ে সে একটি সুশিক্ষিত কুকুরের মতই বেড়ে উঠবে, সর্বাঙ্গ সুন্দর মানুষ হিসেবে নয়।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এ প্রযুক্তির যুগে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন নৈতিকতানির্ভর বিজ্ঞানভিত্তিক জাতীয় শিক্ষানীতির। তাই, আমাদেরকে বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো দূর করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বৈজ্ঞানিক ও বুদ্ধিভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করতে হবে, যাতে করে আমাদের বর্তমান ও আগামী প্রজন্ম নব নব চ্যালেঞ্জকে সাহসিকতার সাথে মোকাবিলা করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

লেখক: সিনিয়র শিক্ষক, রাংগামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়