আইনকানুন পরিবর্তন করা হচ্ছে, শাস্তির বিধান রাখা হচ্ছে, নানা রকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে; কিন্তু সড়কে মৃত্যুর হার কমছে না, বরং বেড়েই চলেছে। নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে একশ্রেণির পরিবহনচালক। তাঁদের বেপরোয়া আচরণ, যানবাহনের মাত্রাতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন এবং পথচারীদের অসচেতনতার কারণে প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ, বিনষ্ট হচ্ছে সম্পদ। একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। সড়কে অকালমৃত্যুর কারণে শত শত পরিবারের স্বপ্নও ঝরে পড়ছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণহানি ও সম্পদহানি ঘটলেও চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। শাস্তি না হওয়া, আইনের ফাঁক গলে জামিনে বেরিয়ে আসা কিংবা খালাস পেয়ে যাওয়ার কারণে চালকেরা আরও বেপরোয়া হয়ে উঠছেন। দেখা যায়, যানবাহন চালানোর যোগ্যতা না থাকলেও অনেকে লাইসেন্স পেয়ে যাচ্ছেন। আবার হালকা যানবাহন চালানোর লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালাচ্ছেন কেউ কেউ। গতিসীমা মেনে চলা, ওভারটেকিং, কাগজপত্র ও চালকের অন্যান্য অনিয়ম তদারক করার দায়িত্ব ট্রাফিক পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষের। কিন্তু তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন, এমনটা বলার সুযোগ নেই। দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছেন। এতে চালকেরা আরও বেপরোয়া হয়ে উঠছেন।

প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনার খবরের মাধ্যমে আমরা এর নানা দিক সম্পর্কে জানতে পারছি। কিন্তু যে বিষয়গুলো নিয়ে তুলনামূলক কম আলোচনা হয়েছে এবং যেগুলো তুলে ধরা একান্ত প্রয়োজন, তা হলো:এসব দুঃখজনক ঘটনার মূল কারণ কোথায় প্রোথিত, প্রকৃতপক্ষে সংঘটিত এসব দুর্ঘটনার জন্য কাকে বা কাদের দায়ী করা উচিত এবং বিষয়টি নিয়ে কীভাবে বিচার-বিশ্লেষণ করা দরকার। কাদের অনৈতিক কর্মকা- ও দায়িত্ব পালনে চরম উদাসীনতার কারণে এসব দুর্ঘটনা ঘটার সুযোগ সৃষ্টি হয়? অর্থাৎ এসব ঘটনার জন্য শেষ পর্যন্ত কাদের নির্দিষ্টভাবে দায়ী করা যায়? এসবই ভাবনার বিষয়।

বাজারজাতকরণে একটি কথা আছে, ‘বিক্রেতা যদি উত্তম বিক্রয়যোগ্য সামগ্রী কিনতে পারেন, তাহলে সেটাকে অর্ধেক বিক্রি বলে ধরে নেওয়া যায়।’ তেমনি যানবাহনের চালক দক্ষ হলে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারেও অনেকটা নিশ্চিত হওয়া যায়। এখন ভাবনার বিষয় হলো, চালকদের দক্ষতা যাচাই করেন কারা? কে বা কারা একজন অনভিজ্ঞ চালককে রাস্তায় গাড়ি চালানোর অনুমতিপত্র দিয়ে এসব জীবনসংহারী চালকের হাতে স্টিয়ারিং তুলে দেন? পরিবহনচালকদের লাইসেন্স দেওয়ার জন্য প্রত্যেক দেশেই একটি কর্তৃপক্ষ দায়িত্ব পালন করে থাকে। আমাদের দেশেও এ ধরনের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে।

এই কর্তৃপক্ষের কাজ হলো, একজন ব্যক্তি পরিবহন চালানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় খুঁটিনাটি বিষয়ে কতটা দক্ষ এবং এ-সংক্রান্ত সব ধরনের যোগ্যতা তার রয়েছে কি না, তা নিশ্চিত হয়ে তার নামে লাইসেন্স ইস্যু করা। কিন্তু আমাদের এখানে যা ঘটছে, তা হলোÑ কোনোভাবে স্টিয়ারিং ধরতে পারলেই হলো। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কর্তৃপক্ষ এটুকুও নিশ্চিত হয় না যে, যাকে লাইসেন্স দেওয়া হলো বা হবে, তিনি আদৌ গাড়ি চালাতে জানেন কি না। নকল ড্রাইভিং লাইসেন্স নিয়েও নানা আলোচনা রয়েছে। এ প্রসঙ্গে বলা যায়, রাস্তায় এত আইন প্রয়োগকারী কর্মকর্তা-কর্মচারী নিয়মিত দায়িত্ব পালন করার পরও কীভাবে এসব ব্যক্তি নকল ড্রাইভিং লাইসেন্স নিয়ে টিকে থাকতে পারেন বা গাড়ি চালিয়ে যেতে পারেন? অনেকের ড্রাইভিং লাইসেন্স জালÑ এটা কি কর্তৃপক্ষ জানে না?

এসব লাইসেন্স ইস্যু করে কারা? পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তই বা করেন কারা? তাই বলা যায়, গোড়ায় গলদ রেখে পরিবহন দুর্ঘটনা কমানোর চিন্তা করাটাই বৃথা। দেশে একবার আইন করা হলো, সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু হলে সংশ্লিষ্ট পরিবহনচালকের সুষ্ঠু বিচার হবে এবং শাস্তি হিসেবে মৃত্যুদ- দেওয়া হবে। কিন্তু পরিবহনশ্রমিকদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সরকারকে পিছু হটতে হলো। পরে যাবজ্জীবন কারাদ-ের বিধান করা হলে তাতেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এখন ভাবনার সময় এসেছে, পরিবহনচালক হিসেবে যাকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্স দিয়েছে, তাকে কি দক্ষতা যাচাই করে এবং সবকিছু জেনেশুনেই চালক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? বিষয়টি খতিয়ে দেখা দরকার। কেননা, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, চালকের অদক্ষতা দুর্ঘটনার অন্যতম কারণ।

কর্তৃপক্ষ এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনা কমে আসা একেবারেই স্বাভাবিক। রাস্তায় গাড়ি চললে দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু আমাদের দেশে যে হারে দুর্ঘটনা বাড়ছে, তাতে গোড়ায় হাত না দিলে পরিণতি আরও ভয়াবহ হতে বাধ্য। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আরও একটি বিষয় বিবেচনার দাবি রাখে। তা হলো পরিবহন বা যানবাহনের ত্রুটিমুক্ততা। যানবাহনের বিভিন্ন অংশ ও ইঞ্জিনে থাকা ত্রুটির কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। নির্দিষ্ট সময় পরপর যানবাহনের ফিটনেস পরীক্ষা করে সনদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানেও নানা অনিয়মের চিত্র দেখা যায়। যাদের এসব বিষয় দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বোধ হয় হাতের মুঠোয় কত টাকা গুঁজে দেওয়া হলো, সেটাই ভালো করে দেখেন; গাড়ির দিকে ততটা মনোযোগ দেওয়ার ফুরসত তাদের থাকে না।

যারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন, তাদের মধ্যেও নানা গাফিলতি ও অনিয়ম রয়েছে। এখন ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের দাবি, চালকদের শাস্তির বিধান প্রণয়নের পাশাপাশি অদক্ষ ও অনভিজ্ঞ চালক তৈরির জন্য দায়ী ব্যক্তি এবং যানবাহনের ত্রুটিমুক্ততা তদারককারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ব্যবস্থা করতে হবে। সবার মুখেই চালকের মৃত্যুদ-ের শাস্তির কথা বারবার উচ্চারিত হয়েছে। কিন্তু এসব চালক তৈরির হোতাদের শাস্তির কথা তেমন শোনা যায়নি। এখন সময় এসেছে, দুর্ঘটনার জন্য দায়ী চালকদের পাশাপাশি কর্তৃপক্ষের অবহেলা এবং বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শাস্তির আওতায় আনার। এর অর্থ এই নয় যে, চালকদের একেবারে ছেড়ে দেওয়া হবে। দুর্ঘটনা ঘটার পর তদন্তসাপেক্ষে চালক শাস্তি পাবেন কি না, তা নির্ধারণ করতে হবে দুর্ঘটনায় তার ভূমিকা পর্যালোচনা করে। আর ভুয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা সদর্পে গাড়ি চালাচ্ছেন, তাদের প্রসঙ্গে বলা যায়, দেশে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত নীতিমালা ও আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ বা অনুশীলন হচ্ছে বলে মনে হয় না। কারণ, ভুয়া, নকল বা জাল লাইসেন্স শনাক্ত করার দায়িত্বে থাকা যেসব ট্রাফিক কর্মকর্তা-কর্মচারী তথ্য সংগ্রহ ও তদন্ত করেন, তাদের অসততার কারণেও এ কাজ যথাযথভাবে সম্পন্ন হচ্ছে না। সুতরাং শেষ কথা হলো, এ সমস্যার কার্যকর প্রতিকারের জন্য সমস্যার উৎসেই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ সমস্যার অঙ্কুরেই বিনাশ ঘটানোর লক্ষ্যে সৎ ও কর্মনিষ্ঠ জনবল নিয়োগ করতে হবে এবং যথাযথভাবে তাদের কাজের মূল্যায়ন ও চাকরির কাঠামোগত প্রণোদনা নিশ্চিত করতে হবে। এসব পদক্ষেপের মাধ্যমেই নিরাপদ সড়কের দাবি পূরণ করতে হবে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।