বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন; সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। তাঁর মা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তারেক রহমান দেশে ফিরছেন রাজনৈতিক কারণেও। খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় না থাকলেও তাঁকে ফিরতে হতো।

বিমানবন্দর থেকে অভূতপূর্ব ভিড় ঠেলে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে বিপুল জনসমাগমের মধ্যে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেওয়া যাবে না। ১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল; ২০২৪ সালে যেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল, সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে (সমকাল অনলাইন, ২৫ ডিসেম্বর ২০২৫)।

কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশ ছেড়েছিলেন, তা সবার জানা। অতঃপর ১৭ বছরেরও বেশি সময় থাকতে হয় যুক্তরাজ্যে। তবে দল ও সমর্থকদের থেকে তিনি দূরে সরে যাননি। বরং নিকটবর্তী হন ক্রমে। ওয়ান ইলেভেন সরকারের আমলে ‘মুচলেকা’ দিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেও রাজনীতি ছাড়েননি। রাজনীতিও ছেড়ে যায়নি তাঁকে। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দল পরিচালনার পুরো দায়িত্ব বর্তায় তারেক রহমানের ওপর। তিনি সেটা পালন করেন একনিষ্ঠভাবে। এতে দক্ষও হয়ে ওঠেন। তাঁর নেতৃত্বে নতুন এক বিএনপি গড়ে ওঠে, যা এখনও ঐক্যবদ্ধ।

জুলাই গণঅভ্যুত্থানের পর মাঠে থাকা প্রধান রাজনৈতিক দল এখন বিএনপি। তার আগে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নজিরবিহীন নিপীড়নের শিকার হন নেতাকর্মীরা। সম্পদ হারান, পেশায় হন বিপর্যস্ত, ঘর ও এলাকা ছেড়ে অনেককেই হতে হয় অভিবাসী। এক পর্যায়ে তারেক রহমান দলটির নেতৃত্ব গ্রহণ করে এর সর্বস্তরের নেতাকর্মীর বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

তারেক রহমান তাঁর ওপর পরিচালিত নির্যাতনের স্মৃতি ও নির্বাসনের যাতনা ভুলেছেন যন্ত্রণাময় অভিজ্ঞতার শিকার নেতাকর্মীদের মুখের দিকে তাকিয়ে। তারা বাঁধা পড়েছেন একসূত্রে। এটি ছিন্ন হয়নি কখনও। ২০১৮ সালের চরম প্রতারণামূলক নির্বাচনের অভিজ্ঞতার পর শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন তারেক রহমান। গণআন্দোলনের পথেই সরকারটির পতন ঘটাতে হবে বলে দৃঢ়প্রতিজ্ঞ হন দলের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ ধারায় আন্দোলন-সংগ্রামে অটল থাকেন তারা তারেক রহমানের ‘ভার্চুয়াল’ নেতৃত্বে। নির্বাসিত জীবনে দল পরিচালনায় তিনি স্বভাবতই নির্ভরশীল হন প্রযুক্তির ওপর।

জুলাই গণঅভ্যুত্থানেও লন্ডন থেকে তারেক রহমান রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, তবে এর কৃতিত্ব দাবি করেননি। ‘মাস্টারমাইন্ড’ ধারণা নাকচ করে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এতে রেখেছে স্বতঃস্ফূর্ত ভূমিকা। হতাহতের মধ্যে বিএনপির নেতাকর্মী-সমর্থক সবচেয়ে বেশি হলেও তিনি গণঅভ্যুত্থানের ‘মালিকানা’ দাবি করেননি। নেতৃত্ব প্রদানে কৃতিত্বের দাবি থেকেই কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে কলহের সূত্রপাত। ‘কাদা ছোড়াছুড়ি’ বিষয়ে সতর্কবাণী তারা মনে রাখেনি; যার ফল সুখকর হয়নি। এ অবস্থায় তারেক রহমান ও বিএনপিকে সচেষ্ট দেখা গেছে এসব থেকে দূরে থাকতে। বিএনপির এক শ্রেণির নেতাকর্মী অবশ্য জড়িয়েছেন দখল, চাঁদাবাজি ও সংঘাতে। প্রবাস থেকে তারেক রহমানকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দেখা গেছে। সাত সহস্রাধিক অভিযুক্ত নেতাকর্মী শাস্তি পেয়েছেন। অবশ্য বদনাম থেকে রেহাই পায়নি বিএনপি। রাষ্ট্রক্ষমতায় এলে তারা না জানি আরও কী করবে– এমন ভীতি ছড়িয়ে পড়তেও সময় লাগেনি। অন্তর্বর্তী সরকার কেন দল-মত নির্বিশেষে এসব অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি, এর অবশ্য সদুত্তর নেই। সরকার সহিংসতা রোধেও উদ্যোগী হয়নি, বিবৃতি দেওয়া ছাড়া। এখন নির্বাচন সুষ্ঠুভাবে না হলেও কি বিবৃতি দিয়ে রেহাই পাওয়া যাবে?

রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোটও হতে যাচ্ছে সংসদ নির্বাচনের সঙ্গে। গণঅভ্যুত্থানের অনেক আগেই বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল নিজ থেকে। তাতে এমন অনেক কিছু ছিল, যা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার সামনে এনেছে। এসব প্রশ্নে ‘রাজনৈতিক ঐকমত্য’ প্রতিষ্ঠায় দীর্ঘ সময় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি কিন্তু চেয়েছিল কিছু ‘জরুরি সংস্কার’ সেরে নির্বাচনে যেতে। অন্যান্য পক্ষের আপত্তিতে তা অর্জন করা যায়নি। এতে সংস্কারে অগ্রগতি হয়নি; সামগ্রিক সংকটও বেড়ে উঠেছে। সবচেয়ে বেশি ঘটেছে আইনশৃঙ্খলার অবনতি। বিনিয়োগ পরিস্থিতি আরও নেতিবাচক হয়েছে। জনজীবনে ভোগান্তি। এ জন্য অন্তর্বর্তী সরকার হয়েছে সমালোচিত। দ্রুত নির্বাচন কিন্তু তাদের রেহাই দিত এর মুখোমুখি হওয়া থেকে।

গণঅভ্যুত্থানের তোড়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সারির অনেক নেতাকর্মীসহ এখন নির্বাসনে। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ কার্যত অনুপস্থিত। এ সুযোগ যাদের রয়েছে, তাদের মধ্যে বিএনপিরই জয়লাভের সম্ভাবনা বেশি। অন্তর্বর্তী সরকারের আমলেও তারা কিন্তু বিরোধী দল বলে প্রতিভাত। সরকারে জামায়াত ও তার মিত্রদের প্রভাব বেশি। সরকার কিংবা এর একাংশের প্রশ্রয়ে উগ্র দক্ষিণপন্থিদের উত্থান ঘটেছে– অনেকে প্রকাশ্যেই বলছেন। দুটি মিডিয়া প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলার পর এনসিপির ভেতর থেকেও এমনটি বলা হচ্ছে।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-তরুণদের দল এনসিপির অনেক আগেই অবশ্য বিএনপি প্রশ্ন তুলেছিল সরকারের ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ নিয়ে। বিরোধিতা করেছে মব ভায়োলেন্সের। ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতারও বিরোধিতা করেছে বিএনপি; যদিও মাঠে মোকাবিলা করেনি। কাজটা আদতে সরকারের। আওয়ামী লীগের পাল্টা বয়ান হাজির করতে গিয়ে যারা মুক্তিযুদ্ধকে হেয় করছে, তারেক রহমানের দল তাদেরও বিরোধিতা করছে। তাঁর মায়ের সময়কার বিএনপির চাইতেও দলটি এখন বেশি মধ্যপন্থি বলে অনেকের ধারণা। গণঅভ্যুত্থানের পর তারেক রহমানের বক্তব্য সংযত, দায়িত্বপূর্ণ। বৃহস্পতিবারের গণসংবর্ধনায়ও সে ধারা বজায় রেখেছেন। তাঁর মধ্যে উদার গণতন্ত্রী হওয়ার প্রবণতাও পরিলক্ষিত। এটাকে অবশ্য অনেকে ব্যাখ্যা করছেন আওয়ামী লীগ সমর্থকদের ভোট টানার কৌশল বলে। নির্বাচন সুষ্ঠুভাবে হলে আর বিএনপি জয়ী হলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। বিদেশি সংবাদমাধ্যমে অনেক আগেই তাঁকে বর্ণনা করা হয়েছে ‘ভাবি প্রধানমন্ত্রী’ বলে। গণঅভ্যুত্থানের পরপরই ফেরেননি কেন– এমন প্রশ্ন অবশ্য অনেকে তুলেছিলেন। ভবিষ্যতে হয়তো জানতে পারব এর প্রকৃত কারণ। নির্বাচিত হলে কতটা দক্ষতা ও ন্যায্যতার সঙ্গে দেশ পরিচালনা করবেন, সে প্রশ্নও আসবে সামনে। দীর্ঘ স্বৈরশাসনের পর গণঅভ্যুত্থান-পরবর্তী একটা সময়ে সবাই আছি। তারেক রহমানও ফিরেছেন পরিবর্তিত পরিস্থিতিতে। মাঝের ১৭ বছরে আমাদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারত নির্বাচনবিহীন একটি কর্তৃত্ববাদী শাসনের উত্থান না ঘটলে। এর অবসানের পর দেশ গণতন্ত্রের দিকে এগোলে অবশ্য সবকিছু ইতিবাচকভাবে বদলাতে থাকবে।

ক্ষমতায় গেলে তারেক রহমানকে তাকাতে হবে সামনে। নিজের বিষয়ে অতীতে ওঠা সমালোচনার জবাবও তিনি দিতে পারবেন গণতন্ত্র চর্চার প্রতি শ্রদ্ধা দেখিয়ে। সেটা দল পরিচালনার ক্ষেত্রেও। এখন তাঁকে নেতৃত্ব দিতে হবে দেশের মাটিতে দাঁড়িয়ে; নতুন প্রেক্ষাপটে। এসেই অবশ্য নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে তাঁকে। দলে সমস্যা আছে বৈ কি। আছে প্রস্তুতির ঘাটতিও। তবে তারেক রহমানের ফেরাও বড় অগ্রগতি। সেটা কেবল দলের না হয়ে দেশের হলে গণতন্ত্রের জন্য মঙ্গল। আর গণতন্ত্রকে ঝুঁকিমুক্ত করা গেলে বাকি কাজ সম্পন্ন করা সহজতর হবে।

হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক