আলোচনা-সমালোচনার মধ্যেই জামায়াতে ইসলামীসহ দক্ষিণপন্থি আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের একাংশের সমন্বয়ে গড়ে ওঠা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ‘শরিফ ওসমান হাদির শাহাদাতের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সমঝোতা করতে হয়েছে। বাংলাদেশে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তি এখনও কার্যকর। তারা জুলাই প্রজন্মকে নিঃশেষ করার চক্রান্ত করছে। এই মুহূর্তে বৃহত্তর ঐক্য প্রয়োজন। তাই জামায়াত ও সমমনা দলের সঙ্গে একত্রে নির্বাচন করব। তবে এটি একটি নির্বাচনী সমঝোতা; কোনো আদর্শিক ঐক্য নেই’ (সমকাল, ২৯ ডিসেম্বর ২০২৫)।

চব্বিশের গণঅভ্যুত্থানে গণতন্ত্র ও জবাবদিহির পক্ষে যূথবদ্ধ ও সুস্পষ্ট অবস্থান জানিয়েছিল সাধারণ মানুষ। গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির প্রতিও সব মহলের বিশেষ আগ্রহ শুরু থেকেই ছিল। মাত্র ১০ মাস বয়সী দলটিকে তাই সরকারও বিএনপি ও জামায়াতের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে আসছে। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারবিষয়ক দীর্ঘ ৯ মাসের সংলাপসহ বিভিন্ন উপলক্ষে তা দৃশ্যমান। যদিও এনসিপির ঘোষণাপত্র বা রাজনৈতিক দর্শন বা লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা এখনও অনুপস্থিত। ক্ষমতাবলয়ের সঙ্গে নেতাকর্মীর অতিঘনিষ্ঠতা ও বিভিন্ন দুর্নীতির খবর দলটির ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচন নিয়ে দলটির নেতাদের নানামুখী ছোটাছুটি আদর্শের চেয়ে ক্ষমতার প্রতি আগ্রহও স্পষ্ট করেছে। এনসিপি চলতি মাসেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে নির্বাচনী জোটের ঘোষণা দিয়েছিল। এক মাস না পেরোতেই জামায়াতের সঙ্গে নির্বাচনী গাঁটছড়া দলটির আদর্শ ও সমঝোতার রাজনীতি নিয়ে বিস্ময়কর সমীকরণ হাজির করেছে।

এনসিপি নেতৃত্বের পক্ষে বহুল উচ্চারিত ‘নতুন বন্দোবস্ত এবং দায় ও দরদের রাজনীতি’ জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার পর কোথায় পৌঁছাবে, তা ভাবলে একাধারে বেদনা ও কৌতুকের সৃষ্টি হয়। জামায়াতে ইসলামীর তাত্ত্বিক গুরু আবুল আ’লা মওদূদী স্পষ্ট বলেছেন, নারীরা সংসদে থাকলে তা অশুদ্ধ হবে। নারী প্রশ্নে জামায়াতের অবস্থান অনুরূপ; অন্তর্বর্তী সরকার নারী সংস্কার প্রস্তাবনা ঘোষণার পর ইসলামী দলগুলো যে কঠোর ও অশালীন ভাষায় বিষোদ্গার করেছে; নারীর প্রশ্নে দলগুলোর মনোভাব বুঝতে অসুবিধা হয় না। এ কারণেই সম্ভবত জামায়াতের সঙ্গে সমঝোতার পরপর এনসিপির শীর্ষ নারী নেত্রীদের অধিকাংশ দল থেকে পদত্যাগ করছে।

এনসিপির এই সমঝোতার উদ্যোগে দলের সহকর্মীদের প্রতি দলের নেতৃত্বের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন থেকে যায়। ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিয়ে এনসিপি তাদের রীতিমতো নির্বাচনের মাঠে নামিয়ে দেয়। এরপর জামায়াতের সঙ্গে ৩০ আসনে সমঝোতা করবার পর বাদবাকি প্রার্থীরা ‘পরিত্যক্ত!’ দায়িত্বহীনতার স্মারক নেতৃত্বের এই আচরণ; শেষ মুহূর্তের সিদ্ধান্তের কারণে এনসিপির প্রার্থীদের অধিকাংশ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থীও হতে পারবেন না।

২. সম্ভবত জন্মেই ক্ষমতার কেন্দ্রে থাকবার অভিজ্ঞতা এনসিপির অনিষ্টের মূল কারণ। ক্ষমতা আপেলসদৃশ আদিম স্বাদু বস্তু, একবার খেলে বারংবার খাওয়ার ইচ্ছা জাগে। জামায়াতের ভোটের অংশীভাগ হয়ে সংসদে উচ্চকক্ষের ভাগীদার হবার আকাঙ্ক্ষাতেই তাদের সঙ্গী হলো এনসিপি– এই যুক্তি হাজির করলে তা উড়িয়ে দেওয়ার সুযোগ কমই থাকে। বেশ– তবে এই অধৈর্য মানসিকতা তাদের চূড়ান্ত ক্ষতিগ্রস্তই করবে। রাজনীতি এক বছর, দুই বছরের দৌড় নয়; বছরের পর বছর আদর্শ ও নৈতিকতার চর্চার মাধ্যমেই গন্তব্য ঠিক করতে হয়। এনসিপি সে পথে গেলে হয়তো এবারের নির্বাচনে একটিও আসন পেত না; হয়তো ভোটও কম পেত। তারপরও জাতির সামনে আশা ও আগ্রহের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারত। এর বদলে এনসিপির সাততাড়াতাড়ি ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর মানসিকতাই সরাসরি প্রকাশ পেল।

যে কোনো প্রকারে ক্ষমতায় যেতে আগ্রহী অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে এরপর আর এনসিপির বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য অবশিষ্ট থাকল না; তারা যতই নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করুক। জামায়াতের সঙ্গে এনসিপির এই গাঁটছড়ায় আরও একটি ক্ষতি হলো। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর বড় অংশ জামায়াত-শিবির– এ ধরনের প্রচারণা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে ছিল। এটি অবশ্যই দোষের কিছু ছিল না, যখন নিজ পরিচয়ে শিবিরকর্মীরা রাজপথে হাজির হতেন। তা না করে পরিচয় গোপন করে নিজেকে উপস্থাপন কতখানি সততার পরিচায়ক– এই তর্ক থেকেই যায়। অবশ্য এতে আওয়ামী লীগের দুরাচার, স্বৈরাচারী শাসনের ক্লেদ ও গণহত্যার অভিযোগ বিন্দুমাত্র কমে না। তারপরও গণঅভ্যুত্থানের অগণিত ছাত্রছাত্রীসহ প্রগতিশীল তারুণ্যের যে অকুতোভয় অংশগ্রহণ ছিল; জামায়াতের কাছে এনসিপির অসহায় আত্মসমর্পণ মহান সেই প্রত্যয়ের সঙ্গে নিশ্চিতভাবে সাংঘর্ষিক।

কেন ‘অসহায়’ আত্মসমর্পণ? যে ৩০টি আসনে এনসিপির প্রার্থীরা লড়বেন, সেখানে জামায়াতসহ জোটের ডানপন্থি দলগুলো তাদের পক্ষে কাজ করবে। বাকি ২৭০টি আসনে এনসিপির নেতাকর্মীরা জামায়াতসহ বাকিদের হয়ে কাজ করবেন। কী দাঁড়াল তবে?

৩. এই পরিস্থিতিতে সবচেয়ে নাজুক অবস্থানে রাজনীতির আদর্শগত অবস্থান। এনসিপি বলছে, জামায়াতের সঙ্গে তাদের এই ঐক্য আদর্শগত নয়; সমঝোতাগত। এর মানে কী? একটি পাত্রে দুই গ্লাস জল ঢালবার পর তারা আবিষ্কারের চেষ্টা করবেন, কোন জল কোন গ্লাস থেকে এলো!

জামায়াতের অতীত বিতর্কিত কর্মকাণ্ড ও ধর্মকেন্দ্রিক মতাদর্শ যেভাবে দেশের মানুষের সামনে প্রকাশিত, তার সঙ্গে গণঅভ্যুত্থানের টগবগে রূপকারদের দল এনসিপির এই সমঝোতা সত্যিকার অর্থেই ‘হাঁসজারু’ পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছে। মুক্তিযুদ্ধে পুরো দেশ ও জাতির বিরুদ্ধে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে দাঁড়ানো জামায়াতের পাশে দাঁড়িয়ে এনসিপি যতই দায় ও দরদের রাজনীতির কথা বলুক, এই জোট দক্ষিণপন্থি সাম্প্রদায়িক শক্তির সম্প্রসারণ হয়েই থাকবে। হিসাবনিকাশে পটু জামায়াত নেতৃবৃন্দ সম্ভবত ভেবেছেন, রাজনীতির মাঠে চব্বিশের তারুণ্যকে সঙ্গে নিয়ে একাত্তরের অবস্থান ফিকে করে জাতির সামনে নতুন পরিচয়ে উদ্ভাসিত হবেন। একই সঙ্গে দক্ষিণপন্থিদের এই বড় জোট নির্বাচনে জয়ী হতে না পারলেও সংসদে বড় বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে সরকারকে চাপে ফেলে আরও বড় আকার ধারণ করবার চেষ্টা করতে পারে।

এসবই অনুমান অথবা ঘটনার পরম্পরায় ঘটতে পারে, এ রকম সম্ভাবনা। তবে বাস্তবতা এই– রাজনীতিতে বিলীয়মান আদর্শচর্চা রীতিমতো পরিত্যক্ত ও ব্রাত্য হতে বসেছে। যে ঐতিহাসিক অনিবার্যতায় এ দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, তার মূল স্তম্ভ ইতোমধ্যে বিসর্জনের সব উদ্যোগ সমাপ্ত। ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বিদায় দেওয়ার সব আয়োজন সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকারের পৌরোহিত্যে জাতীয় ঐকমত্য কমিশন। এই কাজে তাদের মূল সহযোদ্ধা দেশের ডানপন্থি সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো।

জুলাই সংস্কারে অবশ্যই ইতিবাচক উদ্যোগ রয়েছে। একই সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অবস্থান। এই প্রেক্ষিতে জামায়াতের নেতৃত্বে দক্ষিণপন্থিদের জোট সমঝোতার সীমানা পেরিয়ে আদর্শগত ঐক্যে বিকশিত হলে দেশের ইতিহাস- ঐতিহ্য ও আবহমানকালের সাংস্কৃতিক পরম্পরার কী হাল হয়; তা অবশ্যই ভেবে দেখবার মতো। আমরা তারপরও গণঅভ্যুত্থানের অমিত শক্তির তরুণ নেতৃত্বের প্রতি ভরসা ও আকাঙ্ক্ষা রাখতে চাই। চব্বিশের ২-৩-৪ আগস্ট তরুণ ছাত্রছাত্রীদের নেতৃত্বে লাখো মানুষের কণ্ঠে দেশমাতৃকাকে নিবেদিত অমিয় সংগীত আমরা শুনেছি। চাক্ষুষ করেছি অসীম সাহসে মানুষ পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিচ্ছে। এই আত্মদান ও নিরন্তর সংগ্রাম এককেন্দ্রিক ক্ষমতাকাঠামোর মরীচিকার পেছনে হারিয়ে যেতে পারে না।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com