সাম্প্রতিক সময়ে কিছু অনাকাক্সিক্ষত ঘটনায় রাজনীতিতে একটা অস্বস্তিকর ভাব পরিলক্ষিত হচ্ছে। ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের মেয়াদের প্রায় ছয় মাসের মাথায় এ ধরনের অস্বস্তি কাক্সিক্ষত নয়। অবশ্য বিএনপি এমন এক সময় ক্ষমতা লাভ করে, যখন দেশের অর্থনীতি তলানিতে। উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় শূন্য অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা যেকোনো নতুন সরকারের জন্য অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। এরমধ্যে ইরানযুদ্ধ বিশ^ অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। এর প্রভাব আমাদের মতো দেশে কতটা অভিঘাত সৃষ্টি করতে পারে, তা বুঝতে কষ্ট হয় না। ছয় মাস বা ১৮০ দিন একটি সরকারের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সরকার বাকি সাড়ে চার বছর কতটা ভালো পারফর্ম করতে পারবে, তা আন্দাজ করা যায়।

তবে এটা নির্ভর করে সরকার দেশের কোন পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছে। স্বাভাবিক রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে, নাকি বিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে। বলা বাহুল্য, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে দেশের ছাত্র-জনতাকে যুদ্ধ করতে হয়েছে। হাসিনার তৈরি রাষ্ট্রীয় বাহিনী এবং তার দল আওয়ামী লীগের ক্যাডারদের বিরুদ্ধে তারা নিরস্ত্র হাতে যুদ্ধ করেছে। এ জনযুদ্ধে শত শত মানুষ নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে। এ জনযুদ্ধে হাসিনা পরাজিত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। যুদ্ধ পরবর্তী সময়ে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, সেও একটি বিধ্বস্ত অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে। ধারণা করা হয়েছিল, এই সরকার দ্রুত দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারবে।

সে সময় বিভিন্ন দেশ ও সংস্থা যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, তাতে মনে হয়েছিল, দেশ অর্থনৈতিকভাবে দ্রুতই দাঁড়াবে। তবে এ আশা পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকার দেড় বছরে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে তো পারেইনি উল্টো আরও অবনতির দিকে নিয়ে গেছে। এমতাবস্থায়, সে সরকার বিদায় নিয়েছে। বিদায় নেয়ার আগে নতুন সরকারের হাতে একটি শূন্য থলে ধরিয়ে দিয়ে গেছে। দুই. গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের দেড় বছরে রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, তা বোধ করি নতুন করে বলার কিছু নেই। সে সময় অনাকাক্সিক্ষত এমন কিছু ঘটনা ঘটে যা, দেশের রীতিনীতি ও হাজার বছরের সংস্কৃতির পরিপন্থী ছিল। ইসলামের নামে একটি শ্রেণী এবং রাজনৈতিক দল উগ্র আচরণ শুরু করে। এর উপসর্গ হিসেবে ‘মব কালচার’ দেখা দেয়।

যেখানে সেখানে নানা উসিলায় মব তৈরি করে মানুষ হত্যা, মাজার ভাঙা, শিল্প-সংস্কৃতির পথ রুদ্ধ করে দেয়ার মতো ঘটনা ঘটে, যা ছিল অপ্রত্যাশিত। তাদের মুখের স্লোগান ছিল অশ্রাব্য ও অশ্লীল। তখন বুঝতে অসুবিধা হয়নি, এর পেছনে কোন রাজনেতিক শক্তির ইন্ধন রয়েছে। অন্তর্বর্তী সরকারও অনেকটা নির্বিকার ছিল। এর কারণ ছিল, অন্তর্বর্তী সরকারের ওপর একটি ইসলামী দল ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া কয়েকজন শিক্ষার্থীর ব্যাপক প্রভাব ছিল। বলা যায়, তাদের আঙ্গুলের হেলনিতে অন্তর্বর্তী সরকার চলত। ফলে এই চক্রটি যা খুশি তা করা শুরু করে। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছিল, মুক্তিযুদ্ধকে পতিত আওয়ামী লীগ যেমন তাদের সম্পত্তি মনে করে, তেমনি জুলাই আন্দোলনও ওই ইসলামী দল ও সমন্বয়করা তাদের সম্পত্তি মনে করা শুরু করে।

ফলে তাদের আচার-আচরণে এমন ভাব প্রকাশিত হয় যে, তারা যা ইচ্ছা তা করতে পারে। সে সময় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যেন অনেকটা কোনঠাসা হয়ে পড়ে। তাকে এসব কিছু সয়ে যেতে হয়েছে, শুধু নির্বাচনটি যাতে দ্রুত সময়ে হয়। এজন্য ছাত্ররা যা বলেছে, তা পছন্দ না হলেও তাতে হ্যাঁ বলেছে। এমনকি জুলাই সনদে দলটির নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত না করে প্রকাশ করলেও তেমন কিছু বলেনি। শুধু যথাসময়ে নির্বাচন হওয়ার স্বার্থে বিএনপি সব মুখবুঝে সহ্য করেছে। দায়িত্বশীল বৃহৎ দল হিসেবে দেশের স্পর্শকাতর সময়ে বিএনপির এ ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করা ছাড়া উপায়ও ছিল না। অন্যদিকে, জামায়াতে ইসলামি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া সমন্বয়করা এতটাই দাপট দেখাচ্ছিল যে, নির্বাচন হওয়া না হওয়ার বিষয়টি যেন তাদের কথার উপর নির্ভর করছে।

কিছু হলেই নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দিত। যখন-তখন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় গিয়ে হাজির হতো। বাসভবন ঘেরাও করে বসে থাকত। অন্তর্বর্তী সরকারও ক্ষমতায় থাকার জন্য এমন বয়ান তৈরি করে যে, তাদেরকে জনগণ পাঁচ, দশ এমনকি আজীবন ক্ষমতায় দেখতে চায়। এমন পরিস্থিতিতে নির্বাচনমুখী দল হিসেব বিএনপি ধৈর্য্য, সহনশীলতা ও কৌশলের পথ অবলম্বন করে। এক্ষেত্রে, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কথা না বললেই নয়। তিনি আগেই ডেট লাইন দিয়ে রেখেছিলেন, আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে। বিএনপিও এই ডেট লাইন অনুসরণ করে নানা কৌশলে নির্বাচনের পথে হাঁটে। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আঠারো মাসের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হয়। তিন.

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে অভাবনীয় জয় পেয়ে সরকার গঠন করেছে। নির্বাচনে জামায়াত ও ছাত্র সমন্বয়কদের নিয়ে গঠিত দল এনসিপি ও অন্যান্য দল মিলে ১১ দলীয় জোট অংশগ্রহণ করে। এর মধ্যে জামায়াত ৬৮টি এবং এনসিপি ৬টি আসনে বিজয়ী হয়। জামায়াত-এনসিপি এখন সংসদের বিরোধীদল। অথচ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হাইপ তুলেছিল যে, তারাই ক্ষমতায় আসছে। অনেকে তাদের এমন প্রচারণা দেখে দ্বিধায় পড়ে গিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন, ক্ষমতায় জামায়াত আসতেও পারে। নির্বাচনের পর বোঝা গেল, জাতীয় নির্বাচন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে হয় না। এজন্য, শক্ত জনভিত্তি লাগে। নির্বাচনের ফলাফলে এই চিরসত্যটাই প্রতিফলিত হয়েছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের নিশ্চিত বিজয়ের প্রচারণা, ফলাফল গণনার আগেই অনেক ব্যবধানে এগিয়ে থাকার ঘোষণা ইত্যাদি কাজে আসেনি। এখানেই রাজনৈতিক পরিপক্কতা ও অভিজ্ঞতার বিষয়টি এসে যায়। এনসিপির ৬টি আসন পাওয়াও কম কথা নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সমন্বয়কদের নিয়ে গড়া এনসিপি জামায়াতের সাথে জোট না করে আলাদা নির্বাচন করলে রাজনীতিতে তাদের জনভিত্তি দৃঢ় হতো। জামায়াতের সাথে জোট করায় দলটি তার ছায়ার নিচে চলে গেছে। ছায়ায় কখনো বৃক্ষ বেড়ে ওঠে না। এখন অনেকে বলছেন, এনসিপি জামায়াতের পরামর্শেই পরিচালিত হচ্ছে। জনমনে এমন একটা পারসেপশন গড়ে উঠেছে যে, জামায়াত যা নিজে করে না, তা এনসিপিকে দিয়ে করিয়ে নেয়। একটি নতুন দলের জন্য এ ধারণা তার সম্ভাবনাকে নষ্ট করে।

তার স্বতন্ত্র রাজনৈতিক বৈশিষ্ট্য ও দর্শন গড়ে উঠে না। দর্শন ছাড়া কোনো রাজনৈতিক দলই এগুতে পারে না। এখন পর্যন্ত এনসিপির রাজনৈতিক দর্শন কি, তা জনগণের কাছে স্পষ্ট নয়। তারা পরিচিতি পাচ্ছে, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সমন্বয়ক এবং জামায়াতের জোটসঙ্গী দল হিসেবে। এভাবে তারা রাজনীতিতে কতটা শেকড় গাড়তে পারবে তা সময়েই বলে দেবে। যদিও তাদের পুঁজি জুলাই অভ্যুত্থানে সমন্বয়কের ভূমিকা পালন করা। তবে মনে রাখা দরকার, এই অভ্যুত্থান একটি রেজিম চেঞ্জের অভ্যুত্থান এবং এতে ফ্যাসিবাদবিরোধী ভিন্ন ভিন্ন দর্শনের দল ও মানুষ সম্মিলিতভাবে অংশ নিয়েছে। ফলে এই অভ্যুত্থানের ফসল হিসেবে যে এনসিপির জন্ম হয়েছে, তার একক অবদান এখানে নেই। অন্যদিকে, দলটির সুনির্দিষ্ট রাজনৈতিক দর্শন ও চরিত্র কি, তা এখনো স্পষ্ট নয়।

রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদে গেলাম, আর সরকারের বিরোধিতা করলাম, এমন দর্শন হলে, তার গড়ে উঠার পথ কঠিন হয়ে পড়বে। তার মনে রাখা দরকার, অন্যের কাঁধে ভর দিয়ে কিছুদূর যাওয়া যায়, তবে ভবিষ্যত গড়ার লক্ষ্যপথ অতিক্রম করা যায় না। চার. নিবন্ধের শুরুতেই বলেছি, রাজনীতিতে এক ধরনের অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। এই অস্বস্তি বাড়িয়ে দিয়েছে সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে এনসিপির জুলাই পদযাত্রার উপর হামলার ঘটনা। এর জন্য এনসিপি দায়ী করেছে স্থানীয় ছাত্রদলকে। এ নিয়ে এনসিপি ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করেছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হলো কেন? বিএনপি ও এনসিপি তো শত্রুভাবাপন্ন দল নয়। বরং তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে রয়েছে। তাহলে সংঘাত হলো কেন?

অনেকে মনে করেন, পদযাত্রায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারীর অযাচিত আক্রমণাত্মক বক্তব্যই সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তার বক্তব্য দেখলে যে কারো মনে হবে, কোনো রাজনৈতিক দলের নেতার ভাষা এমন হওয়া কাম্য নয়। রাজনীতির ভাষা যদি এমন হয়, তাহলে সংঘাত তৈরি হওয়া স্বাভাবিক। অথচ জুলাই পদযাত্রার লক্ষ্য ও বক্তব্য হওয়া উচিৎ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের বিরুদ্ধে। তাদের ফিরে আসার আস্ফালনের বিরুদ্ধে। তা না করে, সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে বিভেদ তৈরির চেষ্টা কেন করা হবে? সরকারের সমালোচনা অবশ্যই করতে হবে। তবে তা হতে হবে, পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি, পারস্পরিক দোষারোপ ও বন্দোবস্তের বাইরে।

দেখা যাচ্ছে, যে জেন-জিরা পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে জীবন দিয়ে ফ্যাসিস্টমুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, সেই পরিবেশে এনসিপি যেন পুরণো বন্দোবস্তেরই রাজনীতি শুরু করেছে। জামায়াতের সমাবেশের বক্তব্যেও সেই একই ধারা পরিলক্ষিত হচ্ছে। এ যেন সেই পুরনো বিরোধিতার খাতিরে বিরোধিতার রাজনীতির পুনরাবৃত্তি। এতে লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে, হাসিনা ও আওয়ামী লীগের। তারা এ নিয়ে ট্রল করছে। হাসিনা যেমন রাজনীতিতে বিভাজন তৈরি করে সাড়ে পনের বছর দেশ শাসন করেছে, এখন সেই বিভাজনের অপসংস্কৃতি দেখা যাচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠে যেন হাসিনার মতো বক্তব্যের প্রতিধ্বনি।

নব্বইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর একান্নবইয়ের নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত বিজয়ের বিপরীতে যখন বিএনপি অভাবনীয় জয়লাভ করে ক্ষমতায় যায়, তখন হাসিনা বলেছিলেন, বিএনপি সরকারকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়া হবে না। হাসিনা তাই করেছিলেন। নাহিদ ইসলামও যেন একই বক্তব্যের প্রতিধ্বণি করে বলেছেন, এই সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেয়া হবে না। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নতুন গণতান্ত্রিক সরকারের ছয় মাস না যেতেই শুধু বিরোধিতা করতে গিয়ে এ ধরনের বক্তব্য দেয়া কতটা সমীচীন এবং কতটা রাজনৈতিক পরিপক্কতার পরিচায়ক, তা বিবেচনা করা উচিৎ।

বলার অপেক্ষা রাখে না, এনসিপির এখনো সেই রাজনৈতিক ভিত্তি ও জনসম্পৃক্ততা হয়নি যে, বিএনপির মতো পোড়খাওয়া, অভিজ্ঞ ও বিপুল জনসম্পৃক্ত রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য করা যাবে। বরং তাদের উচিৎ জনসম্পৃক্ত সমস্যা নিয়ে সোচ্চার হওয়া। এ নিয়ে জাতীয় সংসদে কথা বলা। তা পাশ কাটিয়ে পুরনো ধারায় শুধু সরকারের বিরোধিতা করার জন্য বিরোধিতার রাজনীতি করতে গেলে জনগণের বিরক্তি উৎপাদন করা ছাড়া কিছুই হবে না। মাঠে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আলোচনায় থাকার পুরনো রাজনীতি তাদের ভিত্তি দেবে না। এ রাজনীতি থেকে বের হয়ে তাদেরকে নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী নতুন ধারার রাজনীতি করতে হবে। অন্যদলের ছায়াতলে থেকে নয়, তার নিজস্ব স্বকীয় রাজনৈতিক ধারা তৈরি করে চলতে হবে। নিজেদের নিরাপত্তা ও বেড়ে উঠার জন্য জনসম্পৃক্ততার দেয়াল তৈরি করতে হবে। মনে রাখা দরকার দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। ভারত-যুক্তরাষ্ট্র-আওয়ামী লীগ এই অক্ষশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তার আলামত দেখা যাচ্ছে। এমতাবস্থায়, সরকারসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মধ্যকার বিভেদ তাদের ষড়যন্ত্রের পথ আরও প্রশস্ত করে দেবে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে এনসিপিই বেশি ক্ষতিগ্রস্ত হবে। জামায়াত তখন তাদের রক্ষা করবে না। কারণ, জামায়াত ও আওয়ামী লীগের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার সম্প্রতি এই ঐতিহাসিক যোগসূত্র উল্লেখ করে বলেছেন, যতদিন দেশে জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগও থাকবে। কাজেই, এনসিপিকে বুঝতে হবে, তারা জামায়াতের দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা, কিংবা তারা জমায়াতের বি-টিমে পরিণত হচ্ছে।

darpan.journalist@gmail.com