বাংলাদেশের মানচিত্রে মহেশখালী একটি ছোট্ট দ্বীপ। কিন্তু এই ছোট্ট দ্বীপের একটি ইউনিয়ন মাতারবাড়ীতে এখন লেখা হচ্ছে বাংলাদেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ। এখানে তৈরি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। ১৪ দশমিক ৩ কিলোমিটার চ্যানেল, ১৬ থেকে ১৮ মিটার গভীরতা এবং ৪৬০ মিটার দীর্ঘ কনটেইনার জেটি—যেখানে ৮,০০০ টিইইউস ধারণক্ষমতাসম্পন্ন মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারবে। এটি কেবল একটি বন্দর নয়, বরং দেশের অর্থনৈতিক মুক্তির দ্বিতীয় দরজা।
কেন গভীর সমুদ্রবন্দর দরকার?
বাংলাদেশের বহির্বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ সমুদ্রপথে চলে। অথচ আমাদের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের গভীরতা মাত্র ৯ দশমিক ৫ মিটার হওয়ায় বড় জাহাজ সেখানে ভিড়তে পারে না। ফলে আমাদের কনটেইনারের বড় অংশ সিঙ্গাপুর, কলম্বো বা পোর্ট ক্লাং হয়ে ছোট ফিডার জাহাজে আসে। এর মাশুল আমরা দিই তিনভাবে—বেশি খরচ, বেশি সময় এবং বেশি ঝুঁকি। একটি কনটেইনার দেশে আসতে ১০ থেকে ১২ দিন বেশি সময় লাগে এবং খরচ বাড়ে ১৫ থেকে ২০ শতাংশ। মোংলা ও পায়রা বন্দরেরও একই সীমাবদ্ধতা রয়েছে। তাই গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য কোনো বিলাসিতা নয়, এটি অর্থনৈতিকভাবে টিকে থাকার তাগিদ।
অর্থনীতিতে কী অবদান রাখবে?
রপ্তানি ও পরিবহন ব্যয় হ্রাস: মাদার ভেসেল সরাসরি ভিড়লে তৈরি পোশাক, চিংড়ি ও ওষুধের মতো পণ্য দ্রুত বিদেশে পৌঁছাবে এবং পরিবহন খরচ প্রায় ১৫ শতাংশ কমবে।
জিডিপি ও সক্ষমতা বৃদ্ধি: বিশ্লেষকদের মতে, এই বন্দর জিডিপিতে ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত অবদান রাখতে পারে। প্রথম পর্যায়ে বছরে ১১ লাখ টিইইউস এবং ২০৪১ সাল নাগাদ ৪২ লাখ টিইইউস কনটেইনার সামলানোর পরিকল্পনা রয়েছে।
আঞ্চলিক সংযোগ ও ট্রানজিট: মাতারবাড়ী কেবল বাংলাদেশের বন্দর হয়ে থাকবে না; নেপাল, ভুটান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য, এমনকি চীনের ইউনান ও মিয়ানমারের জন্যও এটি হবে সবচেয়ে কাছের বন্দর। ট্রানজিট কার্গো পরিবহনের মাধ্যমে বাংলাদেশ বিপুল ট্রানজিট ফি আয় করবে এবং আঞ্চলিক গুরুত্ব বৃদ্ধি পাবে।
জ্বালানি নিরাপত্তা: মাতারবাড়ীতে ইতোমধ্যে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে এবং সামনে এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা আছে। এই বন্দর দিয়ে কয়লা ও এলএনজি সরাসরি আমদানি করা সহজ হবে।
শিল্পায়ন ও কর্মসংস্থান: বন্দর ঘিরে লজিস্টিকস পার্ক, অর্থনৈতিক অঞ্চল ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে উঠবে। এর ফলে শুধু মহেশখালীতেই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
মহেশখালী-কক্সবাজার : দ্বিতীয় অর্থনৈতিক রাজধানী
একসময় মহেশখালী মানেই ছিল লবণ আর চিংড়ি। এখন মহেশখালী মানে বন্দর, বিদ্যুৎ, এলএনজি এবং পর্যটন। মাতারবাড়ী বন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও পর্যটন—এই তিনের সমন্বয়ে মহেশখালী-কক্সবাজার হয়ে উঠবে দেশের দ্বিতীয় অর্থনৈতিক রাজধানী। কল্পনা করুন, মহেশখালীর চিংড়ি সকালে প্রক্রিয়াজাত হয়ে বিকেলে কক্সবাজার বিমানবন্দর দিয়ে দুবাই-সিঙ্গাপুরে যাচ্ছে, আর ভারী পণ্য মাতারবাড়ী বন্দর দিয়ে সরাসরি ইউরোপ-আমেরিকায় যাচ্ছে। এটি আর স্বপ্ন নয়, আগামী পাঁচ বছরেই বাস্তবে রূপ নিতে পারে।
তবে এই উন্নয়নের সুফল যেন স্থানীয় মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। অধিগ্রহণকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণ, চিংড়ি ও লবণের মাঠ নষ্ট হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে বন্দরে চাকরির সুযোগ তৈরি করতে হবে। তা না হলে অবকাঠামোগত উন্নয়ন হলেও মহেশখালীর মানুষ পিছিয়ে থাকবে।
কৌশলগত ও নিরাপত্তার চ্যালেঞ্জ
মাতারবাড়ী কেবল অর্থনীতির প্রশ্ন নয়, এটি জাতীয় ও কৌশলগত নিরাপত্তারও বিষয়।
স্থানীয় ও পরিবেশগত চ্যালেঞ্জ: মাতারবাড়ী প্রাকৃতিক বন্দর নয়, বরং খনন করে তৈরি করা বন্দর। ২০২৩ সালে চ্যানেলটি ১৬ মিটার গভীর করা হলেও দুই বছরের মধ্যে পলি জমে কিছু অংশে তা ১০ মিটারে নেমে এসেছে। ফলে ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং এখন এককালীন খরচ নয়, বরং আজীবনের ব্যয়। পাশাপাশি ড্রেজড মাটি ব্যবস্থাপনা, ঘোলা পানির কারণে জেলেদের জীবিকা সংকট এবং ম্যানগ্রোভ বন ধ্বংস হওয়া বড় চ্যালেঞ্জ। ম্যানগ্রোভ মহেশখালীকে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে; এটি ধ্বংস হলে বন্দরও নিরাপদ থাকবে না।
জাতীয় ও সার্বভৌমত্বের চ্যালেঞ্জ: বন্দরের মালিকানা সম্পূর্ণভাবে বাংলাদেশের হাতে থাকতে হবে। বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলেও নিরাপত্তা, শুল্ক ও কাস্টমস বাংলাদেশের নিয়ন্ত্রণে রাখা জরুরি। ট্রানজিট দেওয়া হলে তা হতে হবে শর্তসাপেক্ষ এবং নির্দিষ্ট ফির বিনিময়ে—শর্তহীন ট্রানজিট সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এছাড়া কোনো এক দেশের ওপর অতিরিক্ত নির্ভরতাও কাম্য নয়। মাতারবাড়ীর ১৭,৭৭৭ কোটি টাকার প্রকল্পের মধ্যে ১২,৮৯২ কোটি টাকাই জাইকার ঋণ। জাপান আমাদের বৃহৎ উন্নয়ন অংশীদার হলেও কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে বহুমুখী অংশীদারিত্ব প্রয়োজন।
আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ: বিশ্বের এক-চতুর্থাংশ বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস এই বঙ্গোপসাগর দিয়ে পরিবাহিত হয়। এই অঞ্চলে চীন চায় ‘মেরিটাইম সিল্ক রোড’, ভারত চায় ‘অ্যাক্ট ইস্ট’ নীতির বাস্তবায়ন, আর জাপান-আমেরিকা চায় ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’। মাতারবাড়ী এই তিন পরাশক্তির স্বার্থের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। উল্লেখ্য, ২০০৯ সালে জাপানের সমীক্ষায় ১৪-১৬ মিটার প্রাকৃতিক গভীরতাসম্পন্ন সোনাদিয়াকে বন্দরের জন্য সবচেয়ে উপযুক্ত বলা হয়েছিল। চীন সেখানে বন্দর নির্মাণে আগ্রহী হলেও ভারতের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি; পরবর্তীতে জাপানের অর্থায়নে মাতারবাড়ী প্রকল্প নেওয়া হয়। তাই এই বন্দর নিছক কোনো প্রকৌশলগত স্থাপনা নয়, এটি একটি বড় ভূ-রাজনৈতিক সিদ্ধান্ত। এছাড়া পাশেই পেকুয়ায় নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি থাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বন্দর নিরাপত্তার মধ্যে নিবিড় সমন্বয় অপরিহার্য।
আমাদের করণীয়
১. স্পষ্ট নীতিমালা: বন্দর চালুর আগেই মালিকানা, পরিচালনা ও ট্রানজিট নীতিমালা স্পষ্ট ও জনবান্ধব করা। ২. স্থানীয়দের অগ্রাধিকার: চাকরি, কারিগরি প্রশিক্ষণ ও স্থানীয় ব্যবসায় মহেশখালীর অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া। ৩. পরিবেশবান্ধব উন্নয়ন: ম্যানগ্রোভ বন রক্ষা এবং ড্রেজিংয়ের ক্ষেত্রে টেকসই পরিবেশগত পরিকল্পনা গ্রহণ করা। ৪. ভারসাম্যের কূটনীতি: কোনো একক পরাশক্তির দিকে ঝুঁকে না পড়ে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা।
মাতারবাড়ী বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ হারালে আমাদের আরও ৫০ বছর পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে মনে রাখতে হবে—এই বন্দর আমরা নির্মাণ করছি দেশের স্বার্থে, কোনো বিদেশি শক্তির জন্য নয়। বন্দরের নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে, আর এর সুফল ভোগ করবে মহেশখালীর অধিবাসীদের পাশাপাশি সমগ্র দেশের মানুষ। মহেশখালীর মানুষ একসময় লবণ ও চিংড়ি দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন; এখন মাতারবাড়ী বন্দরের মাধ্যমে তারা আবারও দেশকে এগিয়ে নিতে প্রস্তুত।
লেখক: কৃষিবিদ ও ব্যাংকার
