বাংলাদেশ তার জনসংখ্যা, অর্থনীতি ও প্রশাসনিক বাস্তবতায় এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে কেন্দ্রকেন্দ্রিক শাসন কাঠামো আর দেশের জন্য কার্যকর নয়। রাজধানী ঢাকার ওপর অতিরিক্ত চাপ, জেলা ও উপজেলার কাঠামোগত দুর্বলতা, প্রশাসনিক সিদ্ধান্তে দীর্ঘসূত্রতা এবং অঞ্চলের উন্নয়ন বৈষম্য এখন চরম সংকটে রূপ নিয়েছে। বিশ্বের যেসব দেশ শাসনে সফল, অর্থনীতিতে শক্তিশালী এবং নাগরিক সেবায় উন্নত-তাদের সবার ক্ষেত্রেই একটি বৈশিষ্ট্য অভিন্ন- বিকেন্দ্রীকরণ। আজকের বৈশ্বিক অভিজ্ঞতা বলছে, রাষ্ট্র যত বিকেন্দ্রীকৃত হয়, মানুষ তত বেশি সেবা পায়,উন্নয়ন তত বেশি হয় এবং আর ক্ষমতা তত বেশি জবাবদিহি হয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে- বাংলাদেশ কি এখনো কেন্দ্রকেন্দ্রিক মডেলে আটকে থাকবে, নাকি পৃথিবীর সফল মডেলগুলোর অভিজ্ঞতায় নিজের পথ বদলাবে?

অনেক লেখালেখি হচ্ছে যে, বাংলাদেশ এখনো কেন কেন্দ্রকেন্দ্রিক শাসন ব্যবস্থায় চলছে।\r\nআমাদের প্রতিবেশী দেশ ভারতের কথায় আসি। ১৯৯২ সালে ভারতের সংবিধানে ৭৩তম ও ৭৪তম সংশোধনীর মাধ্যমে স্থানীয় সরকারকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়। এই পরিবর্তন ভারতকে করে তুলেছে বিশ্বের অন্যতম বিকেন্দ্রীকৃত গণতন্ত্র। আজ ভারতের প্রায় ৩০ লাখ স্থানীয় প্রতিনিধি সক্রিয়ভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। গ্রামপরিষদ থেকে পৌরসভা পর্যন্ত-প্রতিটিই বাজেট অনুমোদন, স্থানীয় কর, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিল্লিতে আটকে নেই। উন্নয়ন পরিকল্পনা শুরু হয় গ্রামেই। কিন্তু আমাদের ক্ষেত্রে সব ঢাকাকেন্দ্রিক।

ভারতের বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, স্থানীয় কর্মসংস্থান- সবখানেই ব্যাপক উন্নতি। কিন্তু বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচিত হলেও তাদের হাতে প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। ভারতের শিক্ষা হলো কাগজে ক্ষমতা নয়, কার্যকর ক্ষমতা দরকার। তাই আমাদের অন্যান্য দেশের মতো বিকেন্দ্রীকরণ নীতিতে এগিয়ে যাওয়া একান্ত দরকার। আর্থিক বিকেন্দ্রীকরণেই প্রশাসনের গতি বেড়েছে জাপানে অনেক বছরে ধরে। জাপান দেখিয়েছে কেন্দ্রীয় নির্দেশ নয়, বাজেটিক স্বাধীনতাই প্রশাসনকে দ্রুত করে তোলে। জাপানের ১৭০০টি স্থানীয় সরকার ইউনিট নিজস্ব কর সংগ্রহ করে এবং ব্যয় নির্ধারণ করে। কেন্দ্র কেবল কো-অর্ডিনেট করে। এগুলো বিকেন্দ্রীকরণ এর ভালো উদাহরণ।

এ কারণেই জাপানে একটি বিদ্যালয় বা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে বছরক্ষেপ হয় না। স্থানীয় সরকার নিজস্ব শিল্পবিস্তারের নীতি গ্রহণ করে। সেবা বৈষম্য কম উত্তর জাপান ও দক্ষিণ জাপান একই ধরনের উন্নয়ন ভোগ করে। যেজন্য বাংলাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে নিজস্ব রাজস্ব কাঠামো তৈরি করতে হবে। কেন্দ্রীয় বরাদ্দ ছাড়া স্থানীয় সরকার কার্যকর হয় না।\r\nদক্ষিণ কোরিয়াতে আঞ্চলিক উদ্ভাবনই জাতীয় উন্নয়নের চালিকাশক্তি। দক্ষিণ কোরিয়া তার উন্নয়ন-যা কোরিয়ান মিরাকল নামে পরিচিত ছিল শক্তিশালী আঞ্চলিক শাসনের ফল। প্রতিটি প্রদেশে রয়েছে- আঞ্চলিক উন্নয়ন বোর্ড, শিক্ষা, পরিবহন, শিল্পনীতি প্রণয়নের ক্ষমতা এবং কর সংগ্রহ ও ব্যয়ের স্বাধীনতা ইত্যাদি। এই আঞ্চলিক সিস্টেমের ফলেই সিউলের ওপর অস্বাভাবিক চাপ পড়েনি।

ফলে বুসান, দেগু, গওাংজু-প্রতিটি শহর স্বতন্ত্র উন্নয়ন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। যার অনুকরণে বাংলাদেশে রাজধানীকেন্দ্রিক উন্নয়ন টেকসই নয়; বিভাগীয় শহরগুলোকে নীতিনির্ধারণী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্র ব্যবস্থায় দ্বীপরাষ্ট্রকে রক্ষা করেছে বিকেন্দ্রীকরণ। ইন্দোনেশিয়া ১৯৯৯ সালে Big Bang Decentralization নামে একটি ঐতিহাসিক পদক্ষেপ নেয়। যেখানে জেলার হাতে হস্তান্তর করা হয়- স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্থানীয় অবকাঠামো, ভূমি ব্যবস্থাপনা, সেবাপ্রদান ব্যবস্থা এবং বাজেট ব্যয় প্রমুখ। মাত্র কয়েক বছরের মধ্যে সারা দেশে সেবাপ্রদান ব্যবস্থায় বিপ্লব ঘটে। দুর্নীতি কমে, সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।

বাংলাদেশও জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানে বড় রাষ্ট্র; কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দিয়ে এই বিশাল জনগোষ্ঠী পরিচালনা সম্ভব নয়। এছাড়া জার্মানিতে আঞ্চলিক ক্ষমতাই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বলা হয়। জার্মানির ফেডারেল কাঠামো আজ বিশ্বের অন্যতম সফল। ১৬টি রাজ্যের রয়েছে নিজস্ব-শিক্ষা নীতি, স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, বাজেট ক্ষমতা ইত্যাদি। জার্মানির উন্নয়ন স্কেলে বৈষম্য কম থাকার অন্যতম কারণ কেন্দ্রের ক্ষমতা সমন্বয়ের মধ্যে সীমিত। উন্নয়ন পরিকল্পনা করে রাজ্যগুলো। বাংলাদেশ দলীয় কেন্দ্রায়ন নয়, প্রশাসনিক ক্ষমতার আঞ্চলিক বণ্টনই সুশাসনের পথ ধরে জনগণের জন্য পরিকল্পনা করতে পারে। যুক্তরাষ্ট্রে গ্রাসরুটস ডেমোক্রেসিই সবচেয়ে বড় শক্তি।

যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য, হাজারো কাউন্টি, টাউন ও সিটি-প্রতিটিই শিক্ষা, স্বাস্থ্য, কর, পুলিশ, ব্যবসা লাইসেন্সিং- সবক্ষেত্রেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ফলে একেক অঞ্চলে একেক রকম নীতি নিয়ে অগ্রগতি হয়েছে। ক্যালিফোর্নিয়া প্রযুক্তি খাতে বিশ্বসেরা, টেক্সাস জ্বালানি ও কৃষিতে শক্তিশালী এবং নিউইয়র্ক আর্থিক খাতে প্রভাবশালী। এই বৈচিত্র্যের ভিত্তিও বিকেন্দ্রীকরণ। \r\nআর আমাদের দেশে প্রতিটি সংকটের মূলেই রয়েছে কেন্দ্রীকরণ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এখনো ঢাকাকেন্দ্রিক । এর ফলে তৈরি হয়েছে বেশকিছু দীর্ঘমেয়াদি সমস্যা যেমন- রাজপথ, হাসপাতাল, স্কুল-সব সেবাই ঢাকামুখী। ঢাকার বাইরে চিকিৎসা সমস্যা, শিক্ষার মানের বৈষম্য, অবকাঠামোর ঘাটতি- এসবের মূল কারণ স্থানীয় সরকারের অক্ষমতা।

ফাইল ঘোরাঘুরি ও ধীর সিদ্ধান্ত গ্রহণ বাংলাদেশের পুরানো ঐতিহ্য। একটি উপজেলা সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন পেতে ঢাকা পর্যন্ত বহু ধাপ পাড়ি দিতে হয়। সময় নষ্ট হয়, খরচ বাড়ে। জেলা বা বিভাগীয় প্রশাসন স্বাধীন ক্ষমতাবান ইউনিট হিসেবে পরিলক্ষিত হয় না অনেক সময়। ফলে তারা নিজের সমস্যা নিজে সমাধান করতে পারে না। মানুষ ঢাকাইকে একমাত্র সুযোগের কেন্দ্র মনে করে। শহর অকার্যকর হয়ে পড়ছে। স্থানীয় সরকার নির্বাচন হয়, কিন্তু তাদের হাতে কার্যকর ক্ষমতা নেই- এটি গণতন্ত্রকে দুর্বল করে। সঠিক গণতন্ত্রের জন্য বিকেন্দ্রীকরণ একান্ত জরুরি। \r\nবাংলাদেশের জন্য সংস্কার-পরিকল্পনায় বিশ্ব অভিজ্ঞতার আলোকে যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন- আর্থিক বিকেন্দ্রীকরণকে বাধ্যতামূলক করতে হবে।

জাপান, জার্মানি, কোরিয়ার মতো স্থানীয় বাজেট সংগ্রহ ও ব্যয়ের ক্ষমতা দিতে হবে জেলা ও পৌরসভাকে। কেন্দ্রীয় বরাদ্দের ওপর নির্ভরতা কমাতে হবে। দক্ষিণ কোরিয়ার মতো প্রতিটি বিভাগে বিভাগীয় উন্নয়ন বোর্ড গঠন গঠন করতে হবে। যেখানে শিল্পনীতি, পরিবহন, শহর পরিকল্পনা, কৃষি উন্নয়ন- সব বিষয়েই বিভাগ সিদ্ধান্ত নেবে। জেলা পর্যায়ে স্থায়ী জনবল, স্থানীয় ক্যাডার, নিজস্ব প্রকৌশলী, পরিকল্পনাবিদ নিয়োগ প্রয়োজন। কেন্দ্র থেকে বদলি করে পাঠানো কর্মকর্তার ওপর নির্ভরতা কমাতে হবে। ইউনিয়ন, পৌরসভা ও জেলা পরিষদের ক্ষমতা বাস্তবে প্রয়োগযোগ্য করতে হবে। তাদের নিয়োগ, বাজেট, প্রকল্প অনুমোদনে স্বাধীনতা থাকা জরুরি। অনলাইন সেবা জেলা পর্যন্ত সম্প্রসারণ করতে হবে- ফাইল অনুমোদন, নির্মাণ অনুমতি, কর আদায়- সবই ডিজিটাল করতে হবে, যা বাংলাদেশের অনেক ক্ষেত্রে কার্যকর রয়েছে। তবে এসব সেবার আরও উন্নয়ন করা এবং প্রযুক্তিগত ব্যাপক সংস্কার করতে হবে। ইন্দোনেশিয়ার সাফল্যের ভিত্তি ছিল এই প্রযুক্তিগত বিকেন্দ্রীকরণ। তাই আমাদের এরকম পলিসি গ্রহণ করতে হবে। \r\nবাংলাদেশের উন্নয়নের ভবিষ্যৎ নির্ভর করছে ক্ষমতার সুষম বণ্টনের ওপর। বাংলাদেশ একটি নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। অর্থনীতি বড় হয়েছে, জনসংখ্যা বেড়েছে, নগরায়ণ ত্বরান্বিত। কিন্তু প্রশাসনিক কাঠামো রয়ে গেছে ৬০ থেকে ৭০ বছরের পুরানো কেন্দ্রীভূত মডেলে। এখন সময় এসেছে বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের কাঠামো পুনর্গঠনের। বিশ্বের অনেক দেশ প্রমাণ করেছে-কেন্দ্রীকরণ উন্নয়নকে পিছিয়ে দেয়, আবার বিকেন্দ্রীকরণ উন্নয়নকে মানুষের হাতে তুলে দেয়। বাংলাদেশ যদি সমান সেবা, দ্রুত প্রশাসন, দৃঢ় অর্থনীতি এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র চায়-তবে বিকেন্দ্রীকরণ ছাড়া অন্য পথ নেই।