দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত পোশাক শিল্প। বৈশ্বিক মন্দা, ক্রয়াদেশ পিছিয়ে যাওয়া ও তারল্যসংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় বহু কারখানা সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে ঈদের আগে। এমন কঠিন বাস্তবতায় যুক্ত হয়েছে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ অসম যুদ্ধ। হরমুজ প্রণালি বন্ধ- যা আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক রুট। সে অবস্থায় বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী সচল পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে, যা সময়োপযোগী, প্রয়োজনীয় ও মানবিক উদ্যোগ বলে বিবেচিত হতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বেতন পরিশোধ করেছে এবং মোট উৎপাদনের অন্তত ৮০ শতাংশ রপ্তানি করে- এমন প্রতিষ্ঠানগুলোই এ সুবিধা পাবে। ঋণের অর্থ সরাসরি শ্রমিকদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠাতে হবে; যা অত্যন্ত ইতিবাচক। ফলে শিল্প মালিকরা সরকারের এ প্রণোদনা অন্য খাতে ব্যবহার করতে পারবেন না, কেবল সুবিধাভোগীরাই পাবে ন্যায্যতার ভিত্তিতে। নিয়মিত সুদ ছাড়া অতিরিক্ত কোনো ফি বা চার্জ আরোপ করা হবে না। তিন মাস গ্রেস পিরিয়ডসহ এক বছরের মধ্যে কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে। শ্রমিকদের প্রাপ্য বেতন নিশ্চিত করাই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য।

\r\nআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শ্রমিকদের বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে মালিক ও শ্রমিক পক্ষকে আলোচনার মাধ্যমে ঈদের ছুটি নির্ধারণের আহ্বানও জানানো হয়েছে। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা মার্চের অর্ধেক বেতন আগাম দেওয়ার দাবি জানিয়েছেন। তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ দীর্ঘদিন ধরেই সহজ শর্তে তহবিল সহায়তার দাবি জানিয়ে আসছিল সরকারের কাছে। তাদের হিসাবে, মাসিক বেতন-ভাতায় ৬-৭ হাজার কোটি টাকা প্রয়োজন হয় এবং ঈদের আগে দুই মাসের বেতন-বোনাস বাবদ ১৩-১৪ হাজার কোটি টাকার জোগান দরকার হতে পারে। মাঝারি ও সংকটাপন্ন কারখানাগুলোর জন্য এটি স্বস্তির বার্তা। কারণ, বেতন-বোনাসে অনিশ্চয়তা দেখা দিলে দ্রুত ছড়িয়ে পড়ে শ্রম অসন্তোষ। এতে সামাজিক অস্থিরতা বেড়ে যায়। \r\nশিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শতাধিক কারখানা ঝুঁঁকিতে রয়েছে। অতীতে ঈদের আগে বকেয়া বেতন ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে। সুতরাং আগাম প্রস্তুতি জরুরি। তবে এখানে একটি মৌলিক প্রশ্নও রয়েছে- বেতন পরিশোধ কেবল কি ঋণনির্ভর হবে? শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুদান বা দয়া নয়; এটি আইনগত মৌলিক অধিকার। বারবার বিশেষ ঋণ সুবিধা দিতে হলে বুঝতে হবে খাতটির আর্থিক কাঠামোতে রয়েছে গভীর সংকট। রপ্তানিনির্ভরতার ঝুঁকি, উৎপাদন ব্যয়ের চাপ, জ্বালানি-বিদ্যুতের মূল্য, আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতা এবং যুদ্ধের দামামা-এসব বিষয়ে দীর্ঘমেয়াদি নীতিসহায়তা ছাড়া কেবল ঋণ দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সুদূরপ্রসারি হবে না। ভুলে গেলে চলবে না, দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের আয়-রোজগারই এ খাতের হৃৎপিণ্ড। তাদের হাতে সময়মতো বেতন-ভাতা পৌঁছানো মানে শুধু সামাজিক স্থিতি রক্ষা নয়, অর্থনীতির চাকাও সচল রাখা।