গত ২২ জুলাই ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা করেন, সরকার দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ধাপে ধাপে বেসরকারি খাতের কাছে হস্তান্তর করতে চায়।

মন্ত্রীর ভাষায়, সরকার উৎপাদন করে পাইকারি পর্যায়ে বিক্রি করতে পারে, কিন্তু গ্রাহক পর্যায়ে বিতরণের কাজ বেসরকারি খাতেরই করা উচিত। কারণ সরকার ‘খুচরা ব্যবসা’ চালাতে পারে না। যুক্তির সমর্থনে তিনি প্রতিবেশী ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লির উদাহরণ টেনে প্রশ্ন তোলেন– বাংলাদেশি উদ্যোক্তারা কেন একই কাজ করতে পারবেন না। তিনি স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব আহ্বানও করেন এবং জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে নীতিগত সম্মতি দিয়েছেন।

প্রস্তাবটি শুনতে যুক্তিসংগত মনে হতে পারে– বিল আদায় বাড়বে, জবাবদিহি বাড়বে, রাষ্ট্রের ভর্তুকি-বোঝা কমবে। কিন্তু বিদ্যুৎ বিতরণ এমন একটি খাত, যাকে অর্থনীতিবিদরা ‘স্বাভাবিক একচেটিয়া’ ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেন। এখানে উৎপাদনের মতো প্রতিযোগিতামূলক বাজার স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় না। মন্ত্রী যে তিনটি ভারতীয় শহরের উদাহরণ দিয়েছেন, তার প্রতিটির ফলাফলই আসলে মিশ্র এবং বিশ্বজুড়ে অনুরূপ উদ্যোগের রেকর্ড অনেক ক্ষেত্রেই নেতিবাচক।

বিদ্যুৎ বিতরণ কোনো ‘সাধারণ ব্যবসা’ নয়। যেহেতু গ্রাহকের কোম্পানি বদলানোর সুযোগ নেই, তাই ব্যক্তিমালিকানাধীন বিতরণ সংস্থার মুনাফা-সর্বোচ্চীকরণ প্রবণতাকে সংযত রাখতে একটি স্বাধীন, ক্ষমতাসম্পন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজন হয়, যে শুল্কহার নির্ধারণ, বিনিয়োগ মান ও সেবার গুণমান তদারকি করবে। দ্বিতীয়ত, নিয়ন্ত্রক ও বেসরকারি অপারেটরের মধ্যে তথ্যের অসামঞ্জস্য থাকে– অপারেটর তার প্রকৃত ব্যয় ও ক্ষতি সম্পর্কে নিয়ন্ত্রকের চেয়ে বেশি জানে। ফলে ‘নিয়ন্ত্রকের দখল’ বা তথ্য কারসাজির ঝুঁকি তৈরি হয়। তৃতীয়ত, বিতরণ ব্যবসা মূলধন-নিবিড়; একবার সম্পদ হস্তান্তরিত হলে তা ফিরিয়ে নেওয়া রাজনৈতিক ও আইনিভাবে জটিল। ফলে চুক্তির শর্ত থেকে সরে আসার ক্ষমতা কার্যত একতরফা বেসরকারি অংশীদারের অনুকূলে চলে যায়।

২০০২ সালে দিল্লি সরকার তৎকালীন রাষ্ট্রায়ত্ত দিল্লি বিদ্যুৎ বোর্ড (ডিভিবি) ভেঙে তিনটি বিতরণ কোম্পানি গঠন করে এবং তাদের ৫১ শতাংশ শেয়ার টাটা ও বিএসইএস গোষ্ঠীর কাছে বিক্রি করে। কিন্তু কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে অন্তত আট হাজার কোটি রুপি অতিরিক্ত শুল্ক আদায় করেছে। ব্যয় ও রাজস্বের হিসাব বিকৃত করে দেখিয়েছে এবং তথ্য প্রকাশে গড়িমসি করেছে। দিল্লির মুখ্যমন্ত্রীও একাধিকবার বিতরণ কোম্পানিগুলোর ১৬ শতাংশ নিশ্চিত মুনাফার হার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। অর্থাৎ দিল্লি মডেল প্রযুক্তিগত সাফল্যের পাশাপাশি একটি ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল ভারসাম্যও তৈরি করেছে; যা কেবল ভারী রূপান্তরকালীন রাষ্ট্রীয় সহায়তা ও ধারাবাহিক নিয়ন্ত্রক নজরদারির কারণে টিকে আছে। দিল্লিরও আগে, নব্বইয়ের দশকে উড়িষ্যা রাজ্য প্রথম বিতরণ বেসরকারীকরণের পরীক্ষা চালায়। তা ছিল রূপান্তরকালীন সহায়তা ছাড়াই ব্যর্থতার প্রথম পাঠ।

২০০৫ সালে পাকিস্তানের করাচি ইলেকট্রিক সাপ্লাই করপোরেশন (কেইএসসি) বেসরকারীকরণ করে কে-ইলেকট্রিক নামকরণ করা হয়। দুই দশক পরও করাচির বাসিন্দারা দীর্ঘ লোডশেডিংয়ের শিকার উচ্চ লোকসান ও নিম্ন আয়ের এলাকাগুলোয়, যেখানে কোম্পানি লোকসান কমাতে ইচ্ছাকৃত দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখে। পাকিস্তানের নিয়ন্ত্রক সংস্থা নেপ্রার শুনানিতে বারবার অভিযোগ উঠেছে, কে-ইলেকট্রিকের প্রতি ইউনিট উৎপাদন ব্যয় দেশের অন্য বিতরণ কোম্পানিগুলোর গড়ের চেয়ে প্রায় ১৯ শতাংশ বেশি; শিল্প-বাণিজ্য এলাকায়ও ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় ঘটে এবং প্রতিষ্ঠানটি বিনিয়োগের চেয়ে মুনাফা সুরক্ষাতেই বেশি মনোযোগী।

২০১৩ সালে নাইজেরিয়া তার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কর্তৃপক্ষ ভেঙে ছয়টি উৎপাদন, একটি সঞ্চালন ও ১১টি বিতরণ কোম্পানিতে রূপান্তরিত করে সেগুলো বেসরকারি খাতের কাছে বিক্রি করে দেয়, যা আফ্রিকার অন্যতম বৃহৎ বিদ্যুৎ বেসরকারীকরণ। ১৩ বছর পর দেশটির সংসদীয় কমিটি এ উদ্যোগকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ বলে অভিহিত করেছে। ব্যর্থতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে দুর্বল আর্থিক ও কারিগরি যাচাই-বাছাই ছাড়াই বিডারদের নির্বাচন, তদারকি বোর্ডে সরকারের প্রতিনিধিত্বের কার্যকারিতাহীনতা এবং বেসরকারীকরণের পর বাধ্যতামূলক গ্রাহক গণনা ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশেও ব্যর্থতা।

এই চারটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের অভিজ্ঞতা পাশাপাশি রাখলে একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। যেখানে আংশিক ইতিবাচক ফল পাওয়া গেছে (দিল্লি, করাচি), সেখানে ছিল স্বচ্ছ প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়া, প্রমাণিত আর্থিক-কারিগরি সক্ষমতাসম্পন্ন অংশীদার, বিপুল রূপান্তরকালীন রাষ্ট্রীয় আর্থিক সহায়তা এবং একটি ক্রিয়াশীল; যদিও অসম্পূর্ণ নিয়ন্ত্রক কাঠামো। যেখানে ব্যর্থতা এসেছে (উড়িষ্যা, নাইজেরিয়া), সেখানে এ উপাদানগুলোর এক বা একাধিক অনুপস্থিত ছিল।

মন্ত্রী প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রের কথা বলেননি; বরং তিনি সরাসরি ‘স্থানীয় বিনিয়োগকারীদের’ কাছ থেকে প্রস্তাব চেয়েছেন, যা যাচাই করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। প্রতিযোগিতামূলক, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র ছাড়া অনাহূত প্রস্তাবভিত্তিক প্রক্রিয়া; বিশেষত যেখানে নির্দিষ্ট আর্থিক-কারিগরি যোগ্যতার মানদণ্ড আগেভাগে প্রকাশ করা হয়নি। নাইজেরিয়ার অভিজ্ঞতার সবচেয়ে কাছাকাছি ঝুঁকি তৈরি করে, যেখানে দুর্বল বিডার-যাচাই একটি মূল ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল। চারটি শহরের অভিজ্ঞতা বার্তা দেয়। ফলাফল নির্ধারণ করে মালিকানা পরিবর্তনের ঘোষণা নয়, বরং তার আগে ও পরে তৈরি প্রাতিষ্ঠানিক কাঠামোর স্বচ্ছতা ও প্রতিযোগিতা।

এম এম মুসা: উন্নয়নকর্মী ও গবেষক