বর্তমানে বাংলাদেশ এক ঐতিহাসিক ও অত্যন্ত সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যেখানে আমাদের গভীর উদ্বেগের সঙ্গে দেখতে হচ্ছে, গত এক দশকের গড় ৬ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির উজ্জ্বল বর্ণনা এখন এক ম্লান ভঙ্গুর পুনরুদ্ধার বা ইলিউশন অব রিকভারিতে পরিণত হয়েছে। অর্থনীতি এক চরম বিনিয়োগ সংকটের আবর্তে নিমজ্জিত, যা কেবল পরিসংখ্যানগত অবনমন নয়, বরং একটি গভীর কাঠামোগত ও নীতিগত ব্যর্থতারই প্রতিফলন। তথ্য ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণ বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন অস্বাভাবিকভাবে ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে, যা মূলত ২০১৮-১৯ অর্থবছরের পর থেকে দেশের ইতিহাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

এই বিনিয়োগ স্থবিরতার নেপথ্যে আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা, অনিয়ন্ত্রিত উচ্চ মূল্যস্ফীতি, সুদের উচ্চ হার এবং আর্থিক খাতের দীর্ঘমেয়াদি সুশাসনের অভাব এক বিরূপ চক্র তৈরি করেছে। বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে যে চিত্রটি ফুটে উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক, নতুন ইকুইটি ক্যাপিটাল প্রবাহ প্রায় ১৭ শতাংশ কমে বর্তমানে মাত্র ৫৫ কোটি ৪৭ লাখ ডলারে ঠেকেছে, যা মোট জিডিপির মাত্র শূন্য দশমিক ৩৩ শতাংশ।

এই সামগ্রিক পরিস্থিতি কেবল বর্তমানের সংকট নয়, বরং আগামী একদশকের জন্য এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও সামাজিক শঙ্কার মেঘ ঘনীভূত করছে।\r\nবাংলাদেশের সামষ্টিক অর্থনীতির প্রতিটি প্রধান সূচকই এখন চাপের মুখে রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। গত ডিসেম্বর তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশে স্থির থাকলেও খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের বাজারে এর প্রভাব আরও অনেক বেশি অনুভূত হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সঞ্চয়কে কার্যত শূন্যে নামিয়ে তাদের জীবনকে ধার-কর্যনির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে।

বিশ্বব্যাংকের চলতি জানুয়ারির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৬ শতাংশে সংশোধন করা হয়েছে, যা পূর্ববর্তী অনুমানের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম এবং এটি মূলত অভ্যন্তরীণ চাহিদা হ্রাস ও বেসরকারি খাতের ঋণ প্রবাহের চরম ধীরগতির ফল। যদিও চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৮ দশমিক ১২ বিলিয়ন ডলারের রেমিটেন্স প্রবাহ কিছুটা স্বস্তির জায়গা তৈরি করেছে, কিন্তু উৎপাদনশীল খাতে গতি না ফেরায় কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।

বিশেষ করে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি চার বছরের মধ্যে সর্বনিম্ন ৬ দশমিক ২৯ শতাংশে নেমে আসা নির্দেশ করে যে, উদ্যোক্তাদের মধ্যে নতুন কোনো কারখানা স্থাপন বা ব্যবসা সম্প্রসারণের জন্য বিন্দুমাত্র উৎসাহ নেই। এই স্থবিরতা যদি কাটিয়ে ওঠা না যায়, তবে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে।\r\nবাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গভীর ক্ষতটি এখন দৃশ্যমান হচ্ছে এর রুগ্ন ব্যাংক খাতে, যা মূলত সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক ধ্বংসযজ্ঞ ও অলিগার্কিক নিয়ন্ত্রণের এক করুণ ট্র্যাজেডি। গত সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার মোট বিতরিত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে, যা দক্ষিণ এশীয় অঞ্চলে সর্বোচ্চ।

এই বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের বড় অংশই নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী এবং তাদের সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলো থেকে স্রেফ ডাকাতি করে নিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি অতি দুর্বল ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং এতে করদাতাদের ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন হিসেবে জোগানের পরিকল্পনা করেছে। শঙ্কার বিষয় হলো, কেবল নাম পরিবর্তন বা একীভূতকরণ করে যদি প্রকৃত লুটেরাদের শাস্তি নিশ্চিত করা না হয়, তবে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ নতুন করে অপচয় হবে এবং সাধারণ আমানতকারীদের আস্থাহীনতা আরও বৃদ্ধি পাবে, যা ইতোমধ্যে পুঁজিবাজারে সাড়ে ৪ হাজার কোটি টাকার শেয়ার মূল্য নিশ্চিহ্ন করে দিয়েছে।

যা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি রক্তক্ষরণের মাধ্যমে অর্থনীতির আয়নাকে অত্যন্ত ঝাপসা ও হতাশাজনক করে তুলেছে এবং দেশের আর্থিক খাতের সামগ্রিক ভঙ্গুরতাকে বিশ্বদরবারে করেছে উন্মোচিত। এমএসসিআই বাংলাদেশ সূচকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত দুই-তিন দশক ধরে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীরা যে পরিমাণ মূলধন হারিয়েছেন, তা বিশে^ নজিরবিহীন। বর্তমানে এই সূচকের নিট রিটার্ন নেমে দাঁড়িয়েছে মাত্র ৪১.২৫ ডলারে। যার অর্থ হলো প্রতি ১০০ ডলার বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীরা ৫৯ ডলারের বেশি মূলধন হারিয়েছেন। এ ব্যাপক ক্ষয়ের পেছনে কেবল বাজার কারসাজি নয়, বরং ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক অবমূল্যায়ন এবং বিদেশী বিনিয়োগকারীদের বাজার থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা দায়ী।

অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী টোটকায় বর্তমানে পুঁজিবাজারে আস্থার সংকট এতটাই গভীর যে, স্কয়ার ফার্মা বা গ্রামীণফোনের মতো শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর সূচকে অবস্থানও বাজারকে স্থিতিশীল করতে পারছে না। যদি অবিলম্বে স্বচ্ছতা ফিরিয়ে আনা না হয় এবং বাজারকে অসাধু সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করা না যায়, তবে সাধারণ মানুষের সঞ্চয়ের এই অন্যতম মাধ্যমটি চিরতরে তার উপযোগিতা হারাবে, যা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে রুদ্ধ করবে।\r\nভবিষ্যৎ শঙ্কার অন্যতম প্রধান ক্ষেত্র হলো ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্তভাবে উত্তরণ, যা বর্তমানের ভঙ্গুর প্রস্তুতিতে অর্থনীতির জন্য এক অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়াবে।

এলডিসি উত্তরণের ফলে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বাজারে আমরা যে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধা বাংলাদেশ পেত, তা ধীরে ধীরে প্রত্যাহার হয়ে যাবে। এতে বাংলাদেশের মোট রপ্তানি ৭-১০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাত, যা বৈদেশিক মুদ্রার ৮৪ শতাংশের জোগানদাতা, তা বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে। কারণ, উৎপাদন খরচ ইতোমধ্যে উচ্চ জ্বালানি মূল্য ও মজুরি চাপের কারণে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক অস্থিরতা এবং ভিসা সংকটের কারণে দ্বিপক্ষীয় রপ্তানি ইতোমধ্যে ৬ দশমিক ৬৮ শতাংশ কমে গেছে, যা আঞ্চলিক বাণিজ্যিক নিরাপত্তার জন্য নতুন হুমকি।

এই বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার মতো প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কৌশলগত প্রস্তুতি এখনো দেশের নীতিনির্ধারণী পর্যায়ে অনুপস্থিত। যা ভবিষ্যতের জন্য এক ঘোর অন্ধকারের সংকেত দিচ্ছে।\r\nসামাজিক অস্থিরতা এবং ডিজিটাল যুগের নতুন ঝুঁকিগুলো বাংলাদেশের সংকটকে আরও বহুমাত্রিক ও জটিল করে তুলেছে, যা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য বড় শঙ্কা হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে আইনের শাসনের যে ঘাটতি তৈরি হয়েছে তা মব জাস্টিস বা গণপিটুনির মতো ভয়াবহ প্রবণতাকে উসকে দিয়েছে। যেখানে ফেসবুক ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো গুজব ও সামাজিক মেরুকরণ ছড়ানোর শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৬ সালের গ্লোবাল রিস্ক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জন্য সোশ্যাল পোলারাইজেশন বা সামাজিক বিভাজন এবং মিস-ইনফরমেশন বা ভুল তথ্যকে অন্যতম শীর্ষ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৈশি^ক একটি সংস্থার এই সতর্কবাণী কেবল সামাজিক শান্তি বিনষ্টের চিত্র তুলে ধরছে না, বরং বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি অনিরাপদ ও অস্থির গন্তব্য হিসেবে উপস্থাপন করছে, যা পুঁজি প্রবাহের গতিকে আরও শ্লথ করে দিচ্ছে। আস্থাহীনতার এই অপসংস্কৃতি যদি অবিলম্বে নিয়ন্ত্রণ করা না যায়, তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরবর্তী সরকারের জন্যও দেশ পরিচালনা করা প্রায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।\r\nএই বহুমুখী সংকট থেকে উত্তরণের পথ অত্যন্ত কঠিন হলেও অসম্ভব নয় এবং এর জন্য প্রয়োজন এক সাহসী ও স্বচ্ছ সংস্কারের রোডম্যাপ। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংককে প্রকৃত অর্থেই স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। ব্যাংক খাতের ক্ষত সারাতে কেবল ব্যাংক একীভূতকরণ যথেষ্ট নয়, বরং প্রতিটি অনিয়মের ফরেনসিক অডিট নিশ্চিত করে লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করার কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্যবসার খরচ কমানো, ওয়ান স্টপ সার্ভিসের কার্যকারিতা বৃদ্ধি এবং কর ব্যবস্থার সরলীকরণ করতে হবে, যাতে উদ্যোক্তারা তাদের এনিমেল স্পিরিটস ফিরে পান। শ্রমিকদের জন্য একটি নতুন সামাজিক চুক্তি বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। যেখানে জীবনধারণের উপযোগী ন্যূনতম মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। মনে রাখতে হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল ইটের ওপর ইটের ইমারত নয়, বরং এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা।\r\nলেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়