জাতির উদ্দেশে অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতি ব্যাপক আগ্রহ ছিল দেশবাসীর। তার ভাষণে সবচেয়ে বড় যে প্রাপ্তি ঘটেছে দেশবাসীর, সেটি হলো পূর্বঘোষিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা। সেইসঙ্গে নির্বাচনের দিনেই ঘোষিত হয়েছে হ্যাঁ বা না গণভোট আয়োজনের বিষয়টিও। রাজনৈতিক দলগুলোর ভেতরে এক অভিন্ন দিনে যৌথ ভোটের আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনার মধ্য দিয়ে সব পক্ষকে তুষ্ট করার নীতিই প্রতিফলিত হয়েছে। বাস্তবতা হলো, বিষয়টি নিয়ে এখন কোনো কোনো দল চূড়ান্ত প্রতিক্রিয়া জানায়নি।\r\nদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি একই দিনে এই যৌথ আয়োজনের ঘোষণার কঠোর সমালোচনা করে প্রধান উপদেষ্টার ভাষণ সমাপ্তির পর।

তবে কয়েক ঘণ্টা পরে রাতে দলটি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদই জানিয়েছে। জুলাই জাতীয় সনদ (নির্বাচনী সংস্কার) আদেশ জারি করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। আবার একদিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করে নিন্দাও জানিয়েছে তারা। শুক্রবার সংবাদ সম্মেলন করে জামায়াত তীব্র সমালোচনা করেছে একই দিনে গণভোট ও সংসদ নির্ভাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের। অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির। অন্যদিকে শুক্রবার এ সম্পাদকীয় লেখা পর্যন্ত এনসিপির জুলাই জাতীয় সনদ (নির্বাচনী সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ পর্যালোচনার জরুরি সভার চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যমে ঘোষিত হয়নি।

ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, গণভোটের দিন নিয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা এলেও এটি নিয়ে অস্বস্তি ও মতভেদ রয়েছে। তাই অচলাবস্থা ও সংকট এখুনি কেটে যাবে, এমনটি ধারণা করা যায় না। \r\nদ্বিমত প্রকাশের অবকাশ নেই যে, দেশের মানুষ শান্তি চায়। নির্বাচন চায়। নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত গ্রহণযোগ্য সরকার ক্ষমতায় আসুক এবং অর্থনীতিতে গতি ফিরুক- এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এর আগে মাত্র তিন মাসের ব্যবধানে সরকার পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে একাধিকবার। এবার পরিস্থিতি ভিন্ন। তাই প্রায় দেড় বছর পর নির্বাচিত সরকার পাওয়ার জন্য ভোটাভুটির আয়োজনটি হতে চলেছে। মানুষ রাজনীতির পুরানো ধারার প্রতি বীতশ্রদ্ধ। তারা সুষ্ঠু ও গঠনমূলক রাজনীতিই চায়। সংঘাত ও হানাহানি বোমাবাজির প্রতি কারও সমর্থন নেই। ফলে শুভবুদ্ধির উদয় হয়ে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে দেশ সামনের দিকে পথ চলুক, এটাই সর্বমহলের প্রত্যাশা। দেশে যত দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরি হবে ততই জাতির জন্য মঙ্গল।