আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এখন বিতর্কিত ডুরান্ড লাইনে প্রকাশ্য সংঘর্ষে রূপ নিয়েছে। অন্তত মুহূর্তের জন্য হলেও একসময় যা ছিল প্রক্সি কৌশলের মঞ্চ, তা সরাসরি দ্বিরাষ্ট্রীয় বৈরিতায় রূপ নিয়েছে।
২১ ফেব্রুয়ারি পাকিস্তান নাঙ্গারহার, পাকতিকা ও খোস্তে অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় বিমান হামলা শুরু করে। দেশটি দাবি করেছে যে, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আইএসআইএসকে সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। ২৬ ফেব্রুয়ারি কাবুল ছয়টি প্রদেশে পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে স্থল আক্রমণের মাধ্যমে পাল্টা জবাব দেয়। ইসলামাবাদ ‘অপারেশন গাজাব লিল হক’ অভিযান আরও জোরদার করে। তারা কাবুল ও কান্দাহারে হামলা চালায়, যখন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা করেন যে, পাকিস্তানের ‘ধৈর্যের সীমা অতিক্রম করেছে’।
হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাছাড়া যাচাই করারও সুযোগ নেই। ইসলামাবাদ দাবি করেছে, ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে এবং ১২ জন সৈন্য নিখোঁজ রয়েছে। অন্যদিকে কাবুল দাবি করেছে, ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তাদের নিজেদের যোদ্ধা নিহত হয়েছে ১৩ জন। তবুও, সংখ্যার বাইরে আরও একটি পরিণতিমূলক বাস্তবতা রয়েছে। সেটি হল কাঠামোগতভাবে অস্থিতিশীল সীমান্ত একটি নতুন ও সম্ভাব্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
ডুরান্ড লাইন এবং অসন্তোষ এই সংকটকে মাঝেমধ্যে সংঘটিত সহিংসতায় পরিণত করা যাবে না। এর মূলে রয়েছে ডুরান্ড লাইনের অমীমাংসিত কয়েকটি প্রশ্ন। যেমন, ১৮৯৩ সালে টানা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমানা, যা পরবর্তী আফগান সরকার কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এই রেখাটি পশতুন উপজাতিদের ভূমি দ্বিখণ্ডিত করে, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থার ভূগোলের মধ্যে ঐতিহাসিক অসন্তোষ যুক্ত হয়ে আছে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তান প্রাথমিকভাবে কৌশলগত লাভের প্রত্যাশা করেছিল। তারা আশা করেছিল, কাবুল টিটিপিকে দমন করবে, যাদের আফগান তালেবানদের সাথে আদর্শিক সম্পর্কের বিষয়টি সুপরিচিত। এর পরিবর্তে টিটিপি আক্রমণ জোরালো করে, শুধুমাত্র ২০২৫ সালেই ২ হাজার ৪০০ জনেরও বেশি পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। ইসলামাবাদের হতাশা কেবল নিরাপত্তা ক্ষতির কারণে নয়, বরং এই ধারণা থেকেও উদ্ভূত যে, তালেবানের উপর তাদের দীর্ঘস্থায়ী প্রভাব কমে এসেছে।
ইসলামাবাদ, বাজাউর ও বান্নুতে সাম্প্রতিক হামলা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি কঠিন করে তুলে। এ জন্য পাক-আফগানভিত্তিক জঙ্গিদের দায়ী করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে আঞ্চলিক শক্তিগুলির মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রচেষ্টা ক্রমাগত সংঘর্ষের মধ্যে সম্ভব হয়নি। টিটিপির মুখোমুখি হতে তালেবানদের অনীহা পশতুন সংহতি ও আইএসআইএস-কে দলত্যাগসহ অভ্যন্তরীণ ভাঙনের বাস্তব ভয় উভয়ই তুলে ধরে।
এই যুদ্ধে কেউ জিতবে না যুদ্ধের তাৎক্ষণিক পরিণতি একদিকে যেমন অর্থনৈতিক, তেমনি মানবিক। আফগানিস্তান ট্রানজিট বাণিজ্যের জন্য পাকিস্তানি বন্দরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, অন্যদিকে পাকিস্তান তার পশ্চিম করিডোর থেকে রাজস্ব এবং কৌশলগত শক্তিশালী ভিত্তি তৈরি করে। সীমান্ত বন্ধের ফলে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে অর্থনৈতিক কর্মকাণ্ড পঙ্গু হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। টিএপিআই গ্যাস পাইপলাইন থেকে শুরু করে বৃহত্তর ইউরেশিয়ান পরিবহন উদ্যোগ পর্যন্ত প্রধান সংযোগ প্রকল্পগুলি নতুন করে অনিশ্চয়তার মুখোমুখি। জঙ্গিবাদ ছড়িয়ে পড়লে পাকিস্তানে চীনের বিনিয়োগ, বিশেষ করে সিপিইসি-এর অধীনে নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে।
মানবিক দিকটিও সমানভাবে উল্লেখযোগ্য। সাধারণ মানুষের হতাহত, বাস্তুচ্যুতি ও সম্ভাব্য শরণার্থীর ঘটনা আফগানিস্তানে ইতিমধ্যেই ভয়াবহ আর্থ-সামাজিক সংকটকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বালুচ বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করতে পারে, আইএসআইএস-কে আরও শক্তিশালী করতে পারে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা আরও ভেঙে ফেলতে পারে। চীন, ইরান, রাশিয়া এবং তুরস্কের মতো বহিরাগত অংশীদারদের জন্য এই উত্তেজনা একটি অনিশ্চিত আঞ্চলিক ভারসাম্যকে বিপর্যস্ত করার হুমকি।
ভারতের অবস্থান ভারতের জন্য এই সংকট সুযোগ ও ঝুঁকি উভয়ই। নয়াদিল্লি থেকে সরকারি বার্তায় আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর জোর দেওয়া হয়েছে এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা বাইরে তুলে ধরার জন্য সমালোচনা করা হয়। এটি তালেবানদের প্রতি ভারতের সুনির্দিষ্ট যোগাযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা মানবিক সহায়তা, বাণিজ্য সুবিধা এবং চাবাহার করিডোরের মতো সংযোগ উদ্যোগের উপর নজর কাড়ে।
বিক্ষিপ্ত পাকিস্তান একদিকে ভারতের পশ্চিম সীমান্তে তাৎক্ষণিক চাপ কমাতে পারে এবং ইসলামাবাদের আঞ্চলিক কৌশলকে দুর্বল করে দিতে পারে। তবে, আফগানিস্তানে অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে। যেমন, চরমপন্থীদের সংগঠিত করা, ভারতীয় উন্নয়ন প্রকল্পের জন্য হুমকি ও ভারতকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করার উচ্চাকাঙ্ক্ষায় বাধাগ্রস্ত করা। পাকিস্তানের এই উত্তেজনা সম্ভবত নয়াদিল্লির সাথে কাবুলের জোরালো সম্পর্ক থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসাবে বিবেচনা করা যেতে পারে। এছাড়া সময়ের সাথে সাথে টেকসই ভারত-তালেবান সম্পর্ক পাকিস্তানের কূটনৈতিক বিকল্পগুলিকে সংকুচিত করতে পারে।
যদি পাকিস্তান তার পশ্চিম সীমান্তে স্থিতিশীলতা চায়, তাহলে তাকে মৌলিকভাবে তার মনোযোগ পুনর্বিবেচনা করতে হবে। যেমন, বেছে বেছে জঙ্গিবাদের কার্ড খেলা বন্ধ করা, কাবুলের সাথে টেকসই রাজনৈতিক সম্পৃক্ততায় বিনিয়োগ করা এবং নিজস্ব সীমান্তের মধ্যে উগ্রবাদের কাঠামোগত চালিকাশক্তি মোকাবেলা করা। টেকসই নিরাপত্তা প্রক্সি পরিচালনা বা প্রতিরোধমূলক বয়ান তৈরির মাধ্যমে উদ্ভূত হবে না, বরং বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে তৈরি হবে। অতএব, কেবল উত্তেজনা হ্রাস করাটাই অপরিহার্য নয়, বরং ইসলামাবাদে আত্মসমালোচনা ছাড়া কোনও অর্থপূর্ণ আঞ্চলিক ভারসাম্য গড়ে উঠতে পারে না।
হর্ষ ভি পন্ত: নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট; এনডিটিভি থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
