ঐতিহাসিক একটি সাধারণ নির্বাচনের ঠিক আগমুহূর্তে বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থাকে বিশ্লেষণ করলে এক চরম বৈপরীত্যের চিত্র ফুটে ওঠে, যা রাজনৈতিক অর্থনীতির ভাষায় এককথায় একটি অলিগার্কিক রূপান্তর । সাম্প্রতিক অর্থনৈতিক পথরেখা বিশ্লেষণ করলে প্রমাণ হয়, একদিকে আইন প্রণয়নের সংসদে জনপ্রতিনিধিদের বিপুল সম্পদের পাহাড় ও সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের উল্লম্ফন হচ্ছে, অন্যদিকে দেশের ভূখণ্ডজুড়ে দারিদ্র্য ও বৈষম্যের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিকে কেবল পরিসংখ্যান দিয়ে বিচার করলে এর গভীরতা বোঝা অসম্ভব। একে বুঝতে হবে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠিত ও পরীক্ষিত তত্ত্বের আলোতে।
বর্তমান প্রেক্ষাপটে সাইমন কুজনেৎসর প্রবর্তিত কুজনেৎস কার্ভ তত্ত্বটি অত্যন্ত প্রাসঙ্গিক, যা দেখায় যে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়বে এবং পরবর্তীতে তা কমবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, জনগণের মোট ব্যক্তিগত আয়ের গড় বা জিডিপির উচ্চ প্রবৃদ্ধির হার সত্ত্বেও এই কার্ভ বা রেখাটি আর নিচের দিকে নামছে না, বরং বৈষম্যের এক বিপজ্জনক চূড়ায় অবস্থান করছে। এর কারণ, বাংলাদেশে আসলে জিডিপির হিসাব অন্তঃসারশূন্য, তথাকথিত। এর প্রমাণ সর্বশেষ সরকারি তথ্যই (২০২২) বলছে, জাতীয় পর্যায়ে আয়ের গিনি সহগ ০.৪৯৯, যাকে সত্য ধরে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট-২০২৬ জানাচ্ছে, বাংলাদেশে আয় বৈষম্য স্থিতিশীল থাকলেও সম্পদের বৈষম্য প্রকট।
দেশের শীর্ষ ১০ শতাংশের হাতেই তো কুক্ষিগত আছে মোট জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশ এবং ১ শতাংশের কাছে ২৪ শতাংশ। তার ওপর অক্সফামের কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি-সিআরআই সূচক (২০২৪) -এ ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৪তম স্থানে, যা ২০২২ সালে ছিল ১০৭। সাধারণত কোনো দেশে গিনি সূচক ০.৫০০ স্পর্শ করলে, সেটি উচ্চ আয় বৈষম্যের দেশ। ধনীদের উল্লিখিত উত্থানই বলছে, বাংলাদেশ অনেক আগেই আয় বৈষম্যের চূড়ায় জমিয়ে বসেছে। একই সঙ্গে বহুমাত্রিক বৈষম্যকেও চূড়ায় নিতে মরিয়া হয়ে উঠেছে। \r\nবাংলাদেশের এই চিত্র আসলে এটাই নির্দেশ করে, দেশের উন্নয়ন প্রক্রিয়াটি একটি এক্সক্লুসিভ বা বর্জনমূলক মডেলে আটকে গেছে।
যেখানে প্রবৃদ্ধির সুফল কেবল একটি নির্দিষ্ট এলিট বা অলিগার্কিক গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য তা ট্রিকল-ডাউন বা নিচের দিকে চুইয়ে পড়ার পরিবর্তে ওপরের দিকেই জমা হচ্ছে। আর্থার ওকুন প্রবর্তিত ট্রিকল-ডাউন ইফেক্ট তত্ত্বটি দীর্ঘকাল ধরে নীতিনির্ধারকদের আশ্বস্ত করে এসেছে যে, সমাজের উপরিভাগের ধনীদের সম্পদ বৃদ্ধি পেলে তা বিনিয়োগ ও কর্মসংস্থানের মাধ্যমে শেষ পর্যন্ত দরিদ্রদের কাছে পৌঁছাবে। তবে ২০২৬ সালের প্রারাম্ভে দাঁড়িয়ে বাংলাদেশের বাস্তবতা এই তত্ত্বকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ পভার্টি অ্যাসেসমেন্ট ২০২৫ ও পিপিআরসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২২ সালে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ থাকলেও ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে তা ২১.২ শতাংশ থেকে ২৭.৯৩ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এই বিপরীতমুখী গতির প্রধান কারণ, পুঞ্জীভবন বাই ডিসপোজেশন , যা প্রখ্যাত তাত্ত্বিক ডেভিড হার্ভি বর্ণনা করেছেন। হার্ভির মতে, পুঁজিবাদের একটি পর্যায়ে প্রভাবশালী গোষ্ঠী সাধারণ মানুষের সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ ছিনিয়ে নিয়ে নিজেদের সম্পদ বাড়ায়। বাংলাদেশে ব্যাংকিং খাতের বিপুল ঋণখেলাপি (যা বর্তমানে ৬ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে), রাষ্ট্রীয় মেগা প্রকল্পের নামে অর্থ লোপাট এবং অর্থপাচার এই তত্ত্বেরই বাস্তব প্রতিফলন।
এ কারণেই সুদের হার বাড়িয়ে সাধারণ জনগণের কর ও কষ্টার্জিত আয়ের টাকা দিয়ে ধনীদের ব্যাংকের ঋণ আত্মসাতের লোকসান মেটানো হচ্ছে এবং ঋণ নিয়ে মেগা প্রকল্প করা হচ্ছে। প্রকৃত অর্থে এর মাধ্যমে সুকৌশলে বর্তমান ও ভবিষ্যতের সংখ্যাগরিষ্ঠ প্রজন্মের ওপর ভারী ভারী বৈষম্য-দারিদ্র্যের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ, সাধারণ মানুষের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনাকে ডিসপোজ বা হরণ করে একটি ক্ষুদ্র গোষ্ঠীর সম্পদ স্ফীতি নিশ্চিত করা হয়।\r\nরাষ্ট্রবিজ্ঞানের এলিট থিওরি এবং অলিগার্কি তত্ত্বের আলোকে সংসদীয় কাঠামোর দিকে তাকালে দেখা যায়, মোট ১৯৮১ প্রার্থীর ৮৯১ জনই কোটিপতি অর্থাৎ, প্রায় ৪৬.০৫ শতাংশ, যাদের মধ্যে আবার ২৭ জনই ১০০ কোটি বা তারও বেশি টাকার পতি । ৪৯ শতাংশের মূল পেশা ব্যবসা।
প্রায় ২৬ শতাংশের কোনো না কোনো ঋণ-দায় আছে, যারা শতাংশে অতীতের চেয়ে কম হলেও শেষ ৫ নির্বাচনের ঋণ বা দায়গ্রস্ত প্রার্থীর সবাইকে ছাড়িয়ে মোট ঋণ নিয়েছেন ১৭,৪৭১.৬৭ কোটি টাকা। এতে স্পষ্ট হয়, বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এখন পুরোপুরি অর্থনৈতিক ক্ষমতার অধীন। তত্ত্বীয় দৃষ্টিতে যখন রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতা একই বিন্দুতে মিলিত হয়, তখনই জন্ম নেয় ক্রোনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদ । এই ব্যবস্থায় বাজার প্রতিযোগিতা নয়, বরং রেন্ট-সিকিং বা বিশেষ রাজনৈতিক আনুকূল্যের মাধ্যমে পরজীবীদের আয় নিশ্চিত করা হয়। তিন-চার দশক ধরে অলিগার্করা সরকারি চুক্তি, ব্যাংক ঋণ ও একচেটিয়া ব্যবসার লাইসেন্স নিয়ন্ত্রণ করে এমন এক শক্ত কাঠামো তৈরি করেছে যে, এখন মেধা বা উদ্ভাবনের চেয়ে রাজনৈতিক সংযোগই সবচেয়ে বড় মূলধন।
এ কারণেই ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে। পাচারকৃত এই অর্থই এখন বিদেশের রিয়েল এস্টেট বাজার বা সুইস ব্যাংকের ভল্টকে জমজমাট করে তুলেছে। সুইস ন্যাশনাল ব্যাংকের ২০২৪-২৫ সালের তথ্যমতে, বাংলাদেশিদের আমানত প্রায় ৩৩ গুণ বৃদ্ধি পাওয়া ক্ল্যাসিক এক ক্যাপিটাল ফ্লাইট বা পুঁজি বহির্গমন তত্ত্বের প্রমাণ, যেখানে ব্যাংক-বাজার ও সরকারি কোষাগার লুটপাটে অর্জিত অর্থ-সম্পদ দেশে বিনিয়োগ না করে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের নামে ব্যবসায়ীদের করা সংসদীয় আইনের সহায়তায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।\r\nটমাস পিকেটির বিখ্যাত সূত্রে আছে, পুঁজির রিটার্ন হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি । বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি ভয়ঙ্করভাবে সত্য।
পিকেটির মতে, যখন পুঁজি থেকে অর্জিত মুনাফা অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে দ্রুত বাড়ে, তখন সমাজে বৈষম্য অসহনীয় এক পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশে গত কয়েক বছরে সাধারণ শ্রমিকের প্রকৃত মজুরি ২ শতাংশ হ্রাস পেয়েছে, অথচ শীর্ষ ১ শতাংশ ধনীর হাতে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ জমেছে। এই পরিস্থিতিতে অতি ধনীদের ব্যাংক আমানত বিমুখতা একটি নতুন তাত্ত্বিক প্রশ্নেরও জন্ম দিচ্ছে। ক্রেডিট সুইসের তথ্যমতে, বাংলাদেশে ৩৫ হাজার মিলিয়ন ডলার সম্পদের মালিক থাকলেও বাংলাদেশ ব্যাংকের জুন ২০২৫-এর হিসাব বলছে, ২৫ কোটি টাকার ওপর ব্যক্তিগত আমানত হিসাব আছে মাত্র ১০৪টি। এটি সরাসরি ট্যাক্স ইভেশন বা কর ফাঁকি এবং অপ্রদর্শিত আয় বা ব্ল্যাক মানি সঞ্চয়ের তত্ত্বকে সমর্থন করে।
এ জন্যই অলিগার্করা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণে নামে, যাতে করে আইন প্রণয়নের সংসদে বসে নিজেদের জন্য শক্ত ভিত্তির আইনি কাঠামো তৈরি হয়, কর ফাঁকি সহজ হয়, পাচারের পথ নিশ্চিত হয়। এর ফলে রাষ্ট্র তার কাক্সিক্ষত রাজস্ব পায় না, যার প্রভাব সরাসরি পড়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। \r\nঅমর্ত্য সেনের বহুমাত্রিক দারিদ্র্য তত্ত্ব অনুযায়ী, দারিদ্র্য কেবল আয়ের অভাব নয়, বরং সক্ষমতার বঞ্চনা। রাষ্ট্রের রাজস্ব ঘাটতির কারণে যখন জনকল্যাণমূলক বিনিয়োগ কমে যায়, তখন সাধারণ মানুষ শিক্ষা-স্বাস্থ্যে বঞ্চিত হয়, যা দারিদ্র্যের দুষ্টচক্রকে পুনঃপুনঃ চক্রীকরণে বাধ্য করে। সামাজিক বঞ্চনার এই প্রেক্ষাপটে জন রলসের ন্যায়বিচার তত্ত্ব বাংলাদেশের অর্থনৈতিক মডেলের নৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করে।
রলসের ডিফারেন্স প্রিন্সিপাল অনুযায়ী, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কেবল তখনই গ্রহণযোগ্য, যখন তা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সর্বোচ্চ সুবিধা বয়ে আনে। কিন্তু বাংলাদেশের উন্নয়ন মডেল দেখাচ্ছে, সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রায় ৩৫ শতাংশ সুবিধা ভোগ করছে অপেক্ষাকৃত সচ্ছল পরিবারগুলো, যেখানে অতিদরিদ্রদের একটি বিশাল অংশ কোনো সরকারি সহায়তাই পাচ্ছে না। এটি সোশ্যাল এক্সক্লুশন বা সামাজিক বহিষ্কার তত্ত্বের চরম উদাহরণ। এর সঙ্গে আবার সাধারণ মানুষ ৮-৯ শতাংশের মূল্যস্ফীতির কষাঘাতে পিষ্ট হচ্ছে, যা মজুরি বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে এবং তারা অপুষ্টি ও ঋণের জালে আটকা পড়ছে। ফলে দীর্ঘমেয়াদি জাতীয় উৎপাদনশীলতা গুরুতর ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একই সঙ্গে রাষ্ট্রও ব্যালেন্স অব পেমেন্টস ও ক্যাপিটাল অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের তাত্ত্বিক দিকগুলোর অপব্যবহারে অলিগার্কদের প্রণোদনা দিচ্ছে। এ জন্যই ২০২৪ সালে সুইস ব্যাংকে আমানতের পরিমাণ ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছানো কেবল সাধারণ আমানত নয়, এটি রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক দুর্নীতির এক সম্মিলিত ফল। \r\nবাংলাদেশে আর্থ-সামাজিক-রাজনৈতিক দীনতা ও দারিদ্র্য-বৈষম্যের মূলে রয়েছে উৎপাদন ও বণ্টন প্রক্রিয়ার গভীর কাঠামোগত অসাম্য। মার্কসীয় শ্রমমূল্য তত্ত্বানুসারে, বাংলাদেশে শ্রমিক-কৃষক প্রকৃত মূল্য সৃষ্টি করলেও খাজনা ও মুনাফার নামে তা অ-উৎপাদনশীল এলিটরা আত্মসাৎ করছে।
এই প্রক্রিয়ায় সৃষ্ট অদৃশ্য রোগ ক্ষুধা ও বঞ্চনার জন্ম দিলেও রাষ্ট্র আজ পুঁজিপতিদের স্বার্থরক্ষক হিসেবে কেবল উপসর্গের চিকিৎসা দিচ্ছে। রাষ্ট্র নিজে উৎপাদন না করেও নীতি ও কর ব্যবস্থার মাধ্যমে অলিগার্কদের পক্ষ নিচ্ছে, যা শ্রেণিচালিত রাষ্ট্র তত্ত্বের প্রমাণ। ২০২৬ সালের নির্বাচনী প্রেক্ষাপটেও দেখা যাচ্ছে, অর্থপাচার ও রেন্ট-সিকিং ব্যবস্থার কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। ফলে প্রবৃদ্ধির সুফল কেবল সমাজকাঠামোর উপরিভাগে পুঞ্জীভূত হচ্ছে, যা ডেভিড হার্ভির পুঞ্জীভবন বাই ডিসপোজেশন তত্ত্বকে সত্য প্রমাণ করে। এই শোষনমূলক উৎপাদন সম্পর্ক ও অলিগার্কিক কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া বৈষম্যের স্থায়ী উপশম অসম্ভব কারণ, বর্তমান ব্যবস্থা মূলত দরিদ্রের শ্রমকে ধনীর সম্পদে রূপান্তরের এক নিগূঢ় যান্ত্রিক হাতিয়ার মাত্র। একদিকে সংসদের প্রভাবশালী সদস্য ও সুইস ব্যাংকের আমানতকারীদের সম্পদের পাহাড়, অন্যদিকে দেশের দুই-তৃতীয়াংশ মানুষের দারিদ্র্য ও না পাওয়ার হাহাকার- এই দুই বিপরীতমুখী স্রোত সমাজকে এক চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তাত্ত্বিকভাবে এটি দিনের আলোর মতো স্পষ্ট, বাংলাদেশে চলমান উন্নয়ন মডেল এক্সট্রাক্টিভ বা শোষণমূলক এবং এটি রেন্ট-সিকিং সৃষ্ট পরজীবী-ফাউ খাওয়া এলিটদের স্বার্থ রক্ষায় লিপ্ত। \r\nলেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ^বিদ্যালয়
