স্বাধীনতা যুদ্ধের পরপরই আওয়ামী লীগের একচেটিয়া রাজনৈতিক প্রভাবের অবসান ঘটে। অপেক্ষাকৃত তরুণ নেতারা যারা ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে ছিলেন, তারাই জাসদ গঠন করেন। এর সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর কয়েক কর্মকর্তা ও তৎকালীন মার্কিন প্রভাবের বিরোধী অনেক বুদ্ধিজীবী। আওয়ামী লীগের শাসনতান্ত্রিক ব্যর্থতা এবং কমিউনিস্টদের জনপ্রিয় প্রভাব বিস্তারকারী কথাবার্তাই দলটির মূল এজেন্ডা ছিল। পরে অবশ্য সরকারের দমনপীড়ন মোকাবিলা করতে না পারা এবং অন্যান্য কমিউনিস্ট দল ও অন্যদের সঙ্গে রাজনৈতিক মোর্চা বা রাজনৈতিক বোঝাপড়া গড়ে তুলতে পারেনি জাসদ। ফলটা কালের গর্ভে বিলীন হওয়া।

মসনদ দখলের রক্তাক্ত লড়াই এর পর ঢাকার মসনদ দখলে স্বাধীনতা যুদ্ধফেরত সেনা কর্মকর্তাদের মধ্যে চলে ক্যু-পাল্টা ক্যুর মতো রক্তক্ষয়ী কর্মকাণ্ড। ট্র্যাজিক পরিণতি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কয়েকজন সেনাসদস্য হত্যা করে তাঁকে ও পরিবারের অধিকাংশ সদস্যকে। লাইমলাইটে আসেন জিয়াউর রহমান বীরউত্তম। খন্দকার মোশতাকের পর সিপাহি-জনতার বিপ্লবের মোড়কে ক্ষমতা নেন তিনি। আপাতভাবে বিপ্লবের কথা বলা হলেও একাডেমিকভাবে এটিকে সামরিক বাহিনীর ক্ষমতা দখলই বলা চলে। ফলে শুরু থেকেই এর বেসামরিকীকরণের প্রয়োজনীয়তা দেখা যায়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলের অনুসারী, আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট নেতা, ডানপন্থি অনেককে এই যাত্রায় শামিল হতে দেখা যায়। বাংলাদেশি জাতীয়তাবাদ সামনে এনে রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান। ভারতের প্রভাব এবং অভ্যন্তরীণ ভারসাম্যের কারণে জিয়াউর রহমানের পাশ্চাত্যমুখী চিন্তার ফলে বাকশালে বিলীন হওয়া আওয়ামী লীগও রাজনীতিতে ফিরে আসে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে শুরু হয় দুই ধারার। আওয়ামী লীগ শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, শেখ মুজিব হত্যাকাণ্ড, ধর্মনিরপেক্ষতা বা সেক্যুলারিজম এবং বাঙালি সংস্কৃতি সামনে নিয়ে আসে। বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব রক্ষা, আওয়ামী লীগ শাসনামলের ব্যর্থতা, ভারত বিরোধিতার মতো বিষয়গুলো সামনে নিয়ে আসে জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি। আশির দশক থেকে এই দুই পক্ষের প্রভাবে চলতে থাকে বাংলাদেশের রাজনীতি।

নানা অপশাসন আর কুশাসনের পরও এ দুই আবর্তেই ঘুরপাক খেয়েছে রাজনীতি। জুলাই গণঅভ্যুত্থানের কারণে এক পক্ষ এখন নীরব অথবা রাজনীতির মাঠছাড়া। তাহলে ফেব্রুয়ারির নির্বাচন বলা চলে ডান ও মধ্য ডানপন্থি ধারার মধ্যকার লড়াই। একদিকে বিএনপি; অন্যদিকে দলটির একসময়ের ঘনিষ্ঠ বন্ধু আর এই সময়ে অপরিচিত জামায়াতে ইসলামী। সক্রিয় অন্য দলগুলো এই দুই শিবিরেই বিভক্ত হয়ে লড়বে।

বিএনপি ও জামায়াতের ভোট জুলাই অভ্যুত্থান আসলে ধূমকেতুর মতো আবির্ভূত হয়নি। রাজনীতিতে এর বেশ প্রভাব রয়েছে। রাজনৈতিক, প্রশাসনিক ও বুদ্ধিবৃত্তিক এলিটদের মধ্যে এর প্রভাব প্রশ্নসাপেক্ষ। আর আওয়ামী ধারার বাইরে বেশ শক্ত। এখানেই ফাঁদ তৈরি হয়েছে বিএনপির জন্য। রাজনীতি সচেতন বাঙালি মুসলিম জনগোষ্ঠী কোন দিকে হেলে পড়েছে? জামায়াত-এনসিপি আর ইসলামী আন্দোলনের ভোটব্যাংক যৌথভাবে বেশ বেড়েছে বলেই অনেকে মনে করেন। সঙ্গে ‘সুইং’ ভোটাররাও কোন দিকে যায়, সেটা দেখার বিষয়। ভোটের মাধ্যমেই দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এখন জামায়াত-শিবিরের দখলে। আওয়ামী লীগের বিরুদ্ধে জানপ্রাণ দিয়ে লড়াই করা মাদ্রাসা শিক্ষার্থীদের নিশ্চয় এর বাইরে যাওয়ার কথা নয়। ডানপন্থিদের নিজেদের মধ্যে লড়াইয়ে এই লড়াকুরা ভোটের মাঠে প্রভাব তো রাখবেই। আগের জাতীয় নির্বাচনগুলোতে তারা সবাই বিএনপি-জামায়াত জোটের মধ্যে ছিল। এবার কতটা বিভক্ত হবে বিএনপি আর জামায়াতে– সেটার দিকেই সবার চোখ।

বেশির ভাগ ভোটার কোন পক্ষে শিক্ষার্থীদের বিপরীতে সাধারণ ভোটার– খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী-উদ্যোক্তা, ছোট চাকরিজীবী; সব মিলিয়ে তারাই সংখ্যাগরিষ্ঠ। জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি ভুক্তভোগী তারা। বেশির ভাগ জায়গায় বিএনপি নেতাকর্মীর খবরদারি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে তারা বিরক্ত। আর ধর্মের নামেও সন্ত্রাসে প্রাণহানি ঘটেছে সংখ্যালঘু থেকে সাধারণ মানুষের, যাদের রক্ষায় বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী কোনো পদক্ষেপ নেয়নি। বিপরীতে গ্রামগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশলে পাশে থাকার চেষ্টা করেছে জামায়াত। এগুলোর প্রভাব দেখা যেতে পারে জাতীয় নির্বাচনে।

পরিচিত মুখের প্রভাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। মুক্তিযুদ্ধ আর ধর্মীয় উদারতাবাদের মিশেলে ‘সফট ন্যারেটিভ’ আপাতত সতর্কভাবে আঁকড়ে ধরেছে তাঁর দল। চ্যালেঞ্জ হচ্ছে, দলের বাইরের মানুষের মনে জায়গা করে নিতে হবে তাঁকে। দীর্ঘদিনের রাজনীতির ন্যারেটিভের বাইরে আসতে হবে। ট্র্যাডিশনালি আগের বিএনপি-জামায়াত জোটের সমন্বিত ভোটব্যাংক ভাগ হয়ে যাবে ফেব্রুয়ারির নির্বাচনে। সেক্যুলার, উদারমনা ও খেটেখাওয়া বাঙালি মুসলমান ভোট কোন দিকে যাবে, সেটা বিএনপির মাথাব্যথা হতে পারে। তারা যদি উৎসাহভরে ভোটকেন্দ্রে না আসে তাহলে নিজেদের মধ্যকার লড়াইয়ে হোঁচট খাওয়ার আশঙ্কা তো থাকেই।

তরুণ প্রজন্মের চার কোটির বেশি ভোটের বড় অংশের মন জয় করার বিকল্প নেই তারেক রহমানের সামনে। বিরুদ্ধ শক্তি যদি সবকিছু টক্সিক করার কৌশল নেয়, তার বিরুদ্ধে মিনমিনে কৌশল মার খাওয়ার আশঙ্কা বেশ প্রবল।

গণতন্ত্র আর শক্তিশালী নেতৃত্ব চায় মানুষ। বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর কথা নেতৃত্ব মন দিয়ে শুনছে আর সব পক্ষই কিছু পাচ্ছে, এ রকম আবহ তৈরি করা নির্বাচনে জেতার পূর্বশর্ত। সব মিলিয়ে বলা যায়, খেটেখাওয়া মানুষের আস্থা অর্জন করা আর রাজনীতির মাঠছাড়া আওয়ামী লীগের সাধারণের সমর্থনও দরকার বিএনপির। ধর্মীয় রাজনীতির উন্মাদনা আর অর্থনীতির বাজে অবস্থার সঠিক বিশ্লেষণ করে মানুষের মনে জায়গা নিতে হবে; শহুরে এলিট আর পেশাজীবীদের ‘ত্রাণকর্তা’ হওয়াই শেষ কথা নয়। কার্পেটের নিচে ধুলাময়লা জমিয়ে রাখা যায়, কোনো দৈত্যকে নয়।

আরিফুল সাজ্জাত: সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক swzibt.du@gmail.com