আমরা বাঙালি। আমাদের মাতৃভাষা বাংলা। মা ডাকের মতো সুমিষ্ট শব্দ আর মাতৃভাষার মতো খাঁটি অমৃত পৃথিবীর আর কোথাও নেই। জন্মের পর থেকে মায়ের মুখের বোল শিশুর কাছে হয়ে ওঠে সবচেয়ে মধুর, সব থেকে দামী। তাই মা ও মাতৃভাষার কোনো বিকল্প হতে পারে না। মানুষের আত্মপরিচয়ের মূল ভিত্তি হচ্ছে তার মাতৃভাষা। মাতৃভাষা হচ্ছে একটি জাতির সাংস্কৃতিক ভাণ্ডার, ঐতিহ্যের ধারক ও বাহক। মাতৃভাষার মাধ্যমে নিজের চিন্তা, চেতনা, অনুভূতি যত সহজে প্রকাশ করা যায় অন্য কোনো ভাষায় তা কখনোই সম্ভব নয়।\r\nজাতির ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি সবকিছুই টিকে থাকে মাতৃভাষার মাধ্যমে। ভাষার মাধ্যমেই খুঁজে পাওয়া যায় মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, স্বপ্ন ও সংগ্রামের গল্প। ভাষা বিলুপ্ত হলে বিলুপ্ত হতে থাকে জাতির অস্তিত্ব, ইতিহাস ও সংস্কৃতি।

সুতরাং মাতৃভাষাকে রক্ষা করার মাধ্যমে জাতিকে রক্ষা করার অর্থই হলো জাতিকে রক্ষা করা। স্বকীয়তাকে বাঁচানো, ইতিহাসকে বাঁচানো।\r\n১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন এর মাধ্যমে শহিদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। অসংখ্য মানুষ এ ভাষার জন্য লড়েছেন। এ ভাষা তাই আমাদের অহংকার। আমাদের গর্ব। আমাদের অস্তিত্বের প্রতীক। শুধু তাই নয়, বাংলাভাষা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। তাই এ ভাষা আজ সকল মানুষের অধিকারের প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার উজ্জ্বল দৃষ্টান্ত। \r\nভাষা আন্দোলন কিন্তু রাজনৈতিক আন্দোলন ছিল না বরং এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয়ের সংগ্রাম। মাতৃভাষাকে তাই যথাযথভাবে শিক্ষা করা এবং শুদ্ধভাবে প্রয়োগ করার গুরুত্ব অপরিসীম।

কেননা নিজ ভাষাকে গুরুত্ব দিলে ও যত্নের সঙ্গে ব্যবহার করলে এর ইতিহাস সমৃদ্ধ হয়।\r\nবিশ্বায়নের যুগে নিজেদের টিকে থাকার প্রয়োজনে কিংবা কাজের সূত্রে বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষ হতে হয় যা অবশ্যই প্রয়োজন। তবে মাতৃভাষাকে অবহেলা করে কোনো ভাষাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যেন এর বিকৃতি না ঘটাই। এতে মাতৃভাষার মর্যাদা বিঘ্নিত হয়। মাতৃভাষা সৌন্দর্য হারিয়ে ফেলে। ভুল উচ্চারণ, ভুল বানান, বিভিন্ন ধরনের আঞ্চলিকতা, ইংরেজি, হিন্দি ও বিদেশি ভাষার অপ্রয়োজনীয় ব্যবহারকে অনেকেই আধুনিকতা মনে করেন। কিন্তু ভাষার সংমিশ্রণে তৈরি হয় খিচুড়ি ভাষা এটা হয়তো তারা জানেন না। হাই, হ্যালো, হ্যালো ভিউয়ার্স, এরকম কিছু শব্দ ছাড়া এখন যেন কেউ কথাই বলতে পারেন না। \r\nঅথচ এ ধরনের অভ্যস্ততা ভাষাকে ভেঙে দেয় এবং সৌন্দর্যহানি করে। ভাষা মৌলিকত্ব হারিয়ে ফেলে। বর্তমানে মানুষের মধ্যে অপসংস্কৃতি ও অপচর্চা বাড়ছে এবং এগুলোই তারা অহরহ গলাধঃকরণ করছে। ভাষার এই অবক্ষয় ঠেকানো এখন সময়ের দাবি। কেননা, ভাষার শুদ্ধতা বা সঠিক চর্চা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। \r\nকারণ মাতৃভাষায় জ্ঞানচর্চার ক্ষেত্র মজবুত হলে এবং বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, দর্শন সর্বক্ষেত্রে মাতৃভাষা চর্চা অব্যাহত রাখতে পারলে বুদ্ধিবৃত্তিক জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। বাঙালি হিসেবে এ দায়িত্ব আমাদের সবার। আসুন, আমরা সচেতন হই, মাতৃভাষাকে ভালোবাসি ও শুদ্ধরূপে ব্যবহার করি।\r\nমধুখালী, ফরিদপুর থেকে