২০২৬ সালের ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের রায়টি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পক্ষে গাম্বিয়া কর্তৃক উত্থাপিত এবং যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও মালদ্বীপসহ ১১টি পশ্চিমা ও উন্নয়নশীল দেশের সমর্থনে পরিচালিত এ মামলা কূটনীতির ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর সবচেয়ে বড় তাৎপর্য হলো, এটি রোহিঙ্গা সংকটকে কেবল অভিযোগ বা আন্তর্জাতিক নিন্দার গণ্ডি থেকে বের করে এনে একটি আনুষ্ঠানিক বিচারিক সিদ্ধান্তে উপনীত করেছে, যেখানে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ঐতিহাসিক আইনি ও কূটনৈতিক বিজয় হলেও এটি মিয়ানমার সংকটের তাৎক্ষণিক কোনো সমাধান নয়। যুগান্তকারী এ রায়ের পর আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের ওপর বাধ্যবাধকতা আরোপের পাশাপাশি ক্ষতিপূরণের জন্য একটি দ্বিমুখী প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছেন। যেহেতু আইসিজের নিজস্ব কোনো পুলিশ বাহিনী বা সরাসরি রায় কার্যকরের কোনো ব্যবস্থা নেই, তাই এ আইনি বিজয়কে কার্যকর বাস্তবে রূপান্তর করার বিষয়টি জাতিসংঘের আনুষ্ঠানিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের ওপর নির্ভর করে।

মিয়ানমারের ওপর এর প্রকৃত প্রভাব নির্ভর করবে দেশটির সামরিক সরকার এ রায়কে একটি বাধ্যবাধকতা হিসেবে গ্রহণ করে কিনা তার ওপর। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে এ রায়কে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর দীর্ঘস্থায়ী কূটনৈতিক, আর্থিক ও রাজনৈতিক প্রভাব নিশ্চিত করতে হবে।

বাস্তব পরিস্থিতি

এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এখনো বাংলাদেশে অবস্থান করছে। অন্যদিকে রাখাইন রাজ্যে বসবাসরত অনেক রোহিঙ্গাকে চলমান সংঘাত এবং মানবিক সহায়তা পাওয়ার সীমিত সুযোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আদালতের আদেশ স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ প্রত্যাবর্তন, নাগরিকত্ব, ক্ষতিপূরণ বা সুরক্ষা প্রদান করবে না। পুনরুদ্ধার ও নিরাপদ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যবহারিক বাধা হলো আঞ্চলিক নিয়ন্ত্রণ। মিয়ানমারের কেন্দ্রীয় সামরিক জান্তা রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব এলাকার নিয়ন্ত্রণ এখন মূলত আরাকান আর্মির হাতে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ রয়েছে জাতিগত সশস্ত্র এ গোষ্ঠীর বিরুদ্ধে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যের কিছু অংশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হারানোর কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন আরো জটিল হয়ে পড়েছে। রোহিঙ্গারা যেসব এলাকা থেকে পালিয়ে এসেছে, তার বেশির ভাগই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি একদিকে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং অন্যদিকে মিয়ানমার সরকারের ওপর নির্ভরশীল।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকর করার উপায়

আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত, আইনত বাধ্যতামূলক এবং আপিলযোগ্য নয়। তবে আদালত নিজে এটি বাস্তবায়নে বাধ্য করতে পারে না। রায় কার্যকর করার প্রক্রিয়াটি মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করে:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন: জাতিসংঘের সনদের ৯৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যদি মিয়ানমার রায় মেনে চলতে অস্বীকার করে, তবে গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যেতে পারে। নিরাপত্তা পরিষদের আইনি কর্তৃত্ব রয়েছে বাধ্যতামূলক প্রস্তাব পাস করার, বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করার অথবা রায় কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেয়ার।

জাতিসংঘ সাধারণ পরিষদের চাপ: নিরাপত্তা পরিষদে অচলাবস্থা দেখা দিলে রাষ্ট্রগুলো বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করতে পারে। সাধারণ পরিষদের প্রস্তাবগুলো আইনত বাধ্যতামূলক নয়। তবে এগুলোর বড় ধরনের কূটনৈতিক গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ মিয়ানমারকে বিচ্ছিন্ন করতে পারে, জাতিসংঘের বিভিন্ন সংস্থায় দেশটির অংশগ্রহণ স্থগিত করতে পারে এবং রোহিঙ্গা ভুক্তভোগীদের সহায়তার জন্য আন্তর্জাতিক ট্রাস্ট ফান্ড গঠন করতে পারে।

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা- বিভিন্ন দেশ এবং জোট (যেমন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড) এ রায়কে একটি আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করে অর্থনৈতিক বিধিনিষেধ আরো কঠোর করতে পারে। রায় ঘোষণার পর যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ এরই মধ্যে নতুন পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে। বিভিন্ন রাষ্ট্র বিদেশে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় সম্পদ জব্দ করতে পারে এবং প্রয়োজনে এ জব্দকৃত অর্থ ভবিষ্যতে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া জান্তাসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করা সম্ভব।

আঞ্চলিক অংশীদারদের ওপর দায়বদ্ধতার চাপ: ‘জেনোসাইড কনভেনশন’ বা গণহত্যাবিষয়ক সনদের আওতায় তৃতীয় কোনো রাষ্ট্রেরও গণহত্যা প্রতিরোধ ও শাস্তির আইনি দায়িত্ব রয়েছে। যেহেতু এখন গণহত্যা একটি প্রতিষ্ঠিত আইনি সত্য, তাই যেসব দেশ মিয়ানমার জান্তার সঙ্গে বাণিজ্যিক, কূটনৈতিক বা সামরিক সম্পর্ক বজায় রেখেছে (যার মধ্যে আসিয়ানভুক্ত প্রতিবেশী দেশগুলো এবং বড় বিনিয়োগকারীরাও অন্তর্ভুক্ত), তারা এখন একটি বড় ধরনের আইনি ও সুনামগত ঝুঁকির মুখে পড়েছে। কারণ তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অন্যায় কোনো কর্মকাণ্ডে সহায়তা বা মদদ দেয়ার অভিযোগ উঠতে পারে।

তবে মূল চ্যালেঞ্জ হলো, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিজস্ব কোনো পুলিশি ব্যবস্থা নেই। এ রায়ের বাস্তব সাফল্য নির্ভর করবে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায় আদালতের সিদ্ধান্তটিকে কতটা কার্যকর পদক্ষেপের রূপ দেয় তার ওপর। মিয়ানমার হয়তো জাতিসংঘ এবং অন্যান্য দেশের প্রতি আরো রক্ষণাত্মক হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন দেশটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। মিয়ানমার যদি রায় মানতে অস্বীকার করে, তবে তা দেশটির বিচ্ছিন্নতাকে আরো গভীর করবে এবং তাদের ওপর কূটনৈতিক ও আইনি চাপ আরো বাড়িয়ে তুলবে। তার পরও আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত মিয়ানমার সংকটের তাৎক্ষণিক সমাধান নয়; এ রায় শরণার্থীদের অবিলম্বে ফিরে যাওয়ার নিশ্চয়তা দেয় না। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রকৃতপক্ষে ফিরিয়ে নেয়া অনেকাংশেই আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে।

ড. সাজ্জাদ মোহাম্মদ জসীমউদ্দীন : ফ্রান্সের কেজ বিজনেস স্কুলের সিনিয়র অধ্যাপক এবং ‘জিওপলিটিকস স্ট্র্যাটেজি ল্যাব’-এর প্রধান