নির্বাচনের আগে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে ইশতেহার বা অঙ্গীকারনামা দেশবাসীর সামনে তুলে ধরে। এটি প্রতিষ্ঠিত রীতি। এ থেকে দলের লক্ষ্য, নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রকাশ পায়। দেশবাসী তথা ভোটাররা একটি ধারণা পান ইশতেহার প্রকাশকারী দলটি জয়ী হয়ে সরকার গঠন করলে কী ধরনের জনকল্যাণমূলক ও যুগোপযোগী পদক্ষেপ নেবে। \r\nশুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহার প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হবে সবার আগে বাংলাদেশ । দীর্ঘ সময় নিয়ে ইশতেহারের বিভিন্ন বিষয় তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শেষে তিনি বলেন, তিনি যত পরিকল্পনা উপস্থাপন করেছেন, তার কিছুই বাস্তবায়ন করা সম্ভব হবে না, যদি তিনটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার না দেওয়া যায়। এগুলো হলো দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি। \r\nদেশের একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় অপর বড় দল বিএনপি সংগত কারণেই ভোটারদের বিশেষ পর্যালোচনায় রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক দল অংশ নিচ্ছে সেগুলোর ভেতর এ দলটির একাধিকবার সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।

বিএনপির ইশতেহারে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতিসংক্রান্ত মোট ৫১টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে।\r\nদেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাকারী আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৬ অগ্রাধিকারের বিপরীতে মোটা দাগে বিএনপির ৯ প্রতিশ্রুতি রয়েছে। জামায়াত ইশতেহার ঘোষণা করে বুধবার। স্বল্প সময়ের ভেতর প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দুটি দলের ইশতেহার প্রকাশের পর ভোটারদের সামনে সুযোগ এসেছে ওই দুই ইশতেহারের তুলনামূলক বিচার-বিশ্লেষণের।

তবে আওয়ামী লীগ সরকারের কয়েকটি একপেশে ও বিতর্কিত নির্বাচনের দিকটি বাইরে রেখে সাধারণভাবে বলা যায় যে, রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহার নিয়ে শহরাঞ্চলের শিক্ষিত শ্রেণির ভেতরেই আলোচনা-সমালোচনা হয় বেশি। তার মানে এই নয় যে ইশতেহারের গুরুত্ব কম। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। দেশের সচেতন নাগরিক, জনমত গঠনকারী অংশ এবং নীতির্নিধারণ বিষয়ে বিশ্লেষণকারী গোষ্ঠী, সর্বোপরি আন্তর্জাতিক সমাজ রাজনৈতিক দলসমূহের ইশতেহার নিবিড়ভাবে পাঠ করেন ও কখনো কখনো কম-বেশি প্রতিক্রিয়া জানান। \r\nঅতীত পর্যালোচনা করলে দেখা যায় সরকার গঠনের পর কোনো দলই ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি শতভাগ পূরণ করতে সমর্থ হয় না। দলগুলোর প্রতিশ্রুতির ফুলঝুরি ভালো লাগে বটে, কেউই মন্দ অঙ্গীকার করেন না। সব দলই ভালো ভালো প্রতিশ্রুতি দেন। প্রশ্ন হচ্ছে সেগুলো বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা এবং সরকারে গেলে তারই আলোকে দেশ পরিচালনা করা। সেখানে বারবার ব্যত্যয় ঘটার বাস্তবতা দেশবাসীর অভিজ্ঞতাতেই রয়েছে। তাই ভোটারদের সব সময়েই প্রত্যাশা থাকে দলগুলো বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবে এবং একইসঙ্গে সেইসব প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখাও তুলে ধরবে।